রাশেদ আহমেদের আঠারো ঘণ্টা
হাসপাতালের আই সি ইউটা ঠিক কোনদিকে বুঝতে পারছিল না রাশেদ। এমনিতেই হাসপাতালে ঢুকলে খানিকটা বিভ্রান্ত বোধ করে সে। আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তো যেতেই পারতো না। রোগীর ভিড়, নোংরা, ওষুধের আর ফিনাইলের গন্ধের মিলিত প্রভাবে সে নিজেই অসুস্থ হযে পড়তো। অতি ঘনিষ্টদের দেখতে খুব কষ্ট করেই হাসপাতালে যেতে হতো তাকে।
তার প্রথম সন্তানটির জন্মও হয়েছে ঢাকা মেডিকেলে। সেসময়ের কথা ভাবলে দুঃস্বপ্নের মতো লাগে। যদিও স্ত্রী আর সন্তান সুস্থই ছিল। তবু প্রথম সন্তান জন্মের সেই সময়টাকে আতংক ছাড়া ভাবতে পারে না সে। হাতে টাকা পয়সা ছিল না, সরকারি চিকিৎসা সেবাই ছিল ভরসা। নাহলে কোনদিনও সে ঢাকা মেডিকেলে স্ত্রীকে ভর্তি করাতো না। দ্বিতীয় সন্তানটা দামি প্রাইভেট হাসপাতালে হয়েছে। কারণ মাত্র ছয় বছরের ব্যবধানেই তার হাতে তখন অনেক টাকা । তারপর গত বিশ বছরে তার অর্থনৈতিক অবস্থায় কেবলি চড়াই। উৎরাইয়ের অভিজ্ঞতা হয়নি। মতিঝিলের কলোনি থেকে ইসকাটন, লালমাটিয়া, নিকেতন এবং এখন বারিধারায় নিজস্ব অ্যাপার্টমেন্ট।
আর টাকা আসার পরপরই ধীরে ধীরে ছোটবেলার বন্ধুরা ফিরে এসেছে তার জীবনে। নতুন অনেক বন্ধুও হয়েছে বৈকি। তবে নতুন বন্ধুদের টাকা দেখিয়ে সুখ নেই। এরা তো তাকে পয়সাওয়ালা মানুষ জেনেই বন্ধুত্বের হাত বাড়িয়েছে। বরং শৈশবের বন্ধুদের কাছে হালকা পাতলা টাকা পয়সার গল্প শুনিয়ে সাফল্যের মৌতাত উপভোগ করে সে। সেই রাশেদ যে থাকতো মতিঝিল টি এন টি কলোনির চতুর্থ শ্রেণীর কর্মচারিদের কোয়ার্টারে। যার বাবা ছিলেন অফিস সহকারী। যে পুরনো বইয়ের ঝুলি কাঁধে, রং জ্বলা ইউনিফর্ম পরে স্কুলে আসতো, সেই রাশেদ্যার এখন অনেক টাকা। থাকে বারিধারায়, দামি গাড়ি চড়ে, দেশ বিদেশ ঘোরে, বন্ধুদের চোখের বিষ্ময়, ঈর্ষা, অবিশ্বাস, তোষামোদ সবকিছুই তাকে তৃপ্তি দেয়। তার বেঁচে থাকাকে সার্থক করে।
এই হাসপাতালেও তার আসা সেই সূত্রেই। আজকাল এসব বিলাসী হাসপাতালে ঢুকলে দামি হোটেলের কথা মনে হয়। পরিষ্কার, পরিচ্ছন্ন। দুর্গন্ধ থাকার প্রশ্নই ওঠে না। তবু আছে, মৃত্যুর গন্ধ। আইসিইউর সামনে পৌছেই সে গন্ধটা টের পেয়েছে রাশেদ।
আইসিইউর সামনে কয়েকজন বন্ধু থাকবে এটা জানা ছিল ওর। কিন্তু তিথিকে এখানে দেখবে সেটা আশা করেনি রাশেদ। ওতো শুনেছিল গত বছর নাকি তিথির সঙ্গে শুভর ডিভোর্স হয়ে গেছে। শুনে বুকের ভিতর একটু যে জ্বালা ধরেনি তাও নয়। সেই তো শুভকে ছাড়লো তবে এমন সময় যখন আর পিছনে তাকানোর কোন সুযোগ নেই।
একই স্কুলে পড়লেও রাশেদের সঙ্গে বন্ধুদের আর্থিক অবস্থায় বিস্তর ফারাক ছিল। তিথির বাবা ছিলেন টিএনটির অফিসার। শুভর বাবার আর্থিক অবস্থাও ভালো ছিল। রাজারবাগে নিজেদের বাড়ি, জোনাকির পাশে একটা কনফেকশনারি। সিনেমা হলের পাশে কনফেকশনারি মানে লালে লাল অবস্থা। শুভ অনেকদিন বন্ধুবান্ধবকে প্যাটিস, পেস্ট্রি আর কোল্ড ড্রিংকস খাইয়েছে।
স্কুলের প্রথম শ্রেণী থেকে তিথিকে ভালো লাগতো রাশেদের। ছয় সাত বছর বয়সে যৌন চেতনা থাকে না বটে তবে টিভিতে দেখা বাংলা সিনেমার কল্যাণে প্রেম বিষয়ে জ্ঞানলাভ ঠিকই ঘটে গিয়েছিল। রাশেদ তখন ভাবতো প্রেম মানে দুই ফুলের ঠোকাঠুকি। টিভি স্ক্রিনে ছায়াছন্দ গানের অনুষ্ঠানে তো সেরকমটাই দেখা যায়। তা তিথি সত্যিই সুন্দর, টিভিতে দেখা মেয়েদের মতোই। ফর্সা, মাথার দুইপাশে ঝুঁটি করা লক্ষ্মী মেয়ে। একটা রঙিন টিফিন বক্স থেকে রঙিন চামচ দিয়ে নুডুলস খেত প্রতিদিন। অন্যদিকে রাশেদ একটা টিনের টিফিন বাক্সে করে আটার রুটি আর আলুভাজি ছাড়া কিছুই আনতে পারতো না। শিশুদের শ্রেণী চেতনাও থাকে বৈকি। মধ্যবিত্ত তিথি গরীব রাশেদকে কোনদিন তেমন পাত্তা দেয়নি। ক্লাস থ্রি ফোর পর্যন্ত টিফিন টাইমে তারা সবাই একসঙ্গে খেলতো। এরমধ্যে তিথি একদিন রাশেদের ময়লা রংচটা শার্টের দিকে তাকিয়ে বলেছিল 'তোর সঙ্গে খেলব না। তুই ডার্টি বয়'। বাংলা মিডিয়ামে পড়লেও এইটুকু ইংরেজি সকলেই জানে। রাশেদ সেদিন বাড়ি ফিরে তার ইউনিফর্মটা তিব্বত সাবান দিয়ে নিজে হাতে কেচে ময়লা দূর করেও রং ফেরাতে পারেনি। কাপড় কাচার সময় অনেকক্ষণ তার চোখ দিয়ে জল গড়িয়েছিল।
সেই তিথি ক্লাস সেভেনে উঠতে না উঠতে শুভর প্রেমিকা হয়ে গেল। নিশ্চয়ই শুভ ওকে কনফেকশনারি থেকে আনা চকলেট পেস্ট্রি খাওয়ায়। এটা রাশেদের বদ্ধমূল ধারণা এখনও যে, শুভর বাবার যদি কনফেকশনারি না থাকতো তাহলে তিথির সঙ্গে ওর প্রেম হতো না।
টিভিতে তখন ডালাস বলে একটা সিরিজ দেখাতো। রাশেদদের বাড়িতে টিভি ছিল না। ওরা টিভি দেখতো অন্য বাড়িতে গিয়ে। ডালাস দেখাতো অনেক রাতে। অত রাতে ওই বাড়িতে গিয়ে টিভি দেখা সম্ভব ছিল না। এজন্য ক্লাসের বেশিরভাগ বন্ধু যখন ডালাস নিয়ে আলোচনা করতো তখন রাশেদকে চুপ করে থাকতে হতো। ডালাস না দেখলেও ওটার গল্প টল্প মোটামুটি জানা হয়ে গিয়েছিল রাশেদের। তিথি আর শুভ নিজেদের প্যামেলা আর ববি ভেবে নিয়ে ছুটির পরে স্কুলের বাইরে গিয়ে হাত ধরাধরি করে হাঁটতো। ডালাসের গল্প শুনে শুনে রাশেদ বুঝতো ওই সিরিজে কারও সঙ্গে কারও প্রেম বেশিদিন টেকে না। এতো আর বাংলা সিনেমা না। বাংলা সিনেমায় নায়ক নায়িকার যদি একবার প্রেম হয় তো হয় শেষে বিয়ে হবে অথবা দুইজনে একসঙ্গে মরবে। ছাড়ান টারান নেই। কিন্তু ডালাসে ববি আর প্যামেলার বিয়ে ডিভোর্স সবই হয়। আজ এর সঙ্গে তো কাল তার সঙ্গে। রাশেদের বুকে আশা জেগে উঠতো। মনে মনে ভাবতো তিথি আর শুভর প্রেমটা ভাঙলেই সে একটা সুযোগ পাবে। ধরো, যদি একদিন শুভর আনা পেস্ট্রিতে পচা ক্রিম থাকে, তাহলেই তো তিথি শুভকে সাথে সাথে ছাড়বে।
স্কুল জীবনে সেই সুযোগ অবশ্য আর আসেনি। স্কুল পাশ করে রাশেদ চলে যায় অন্য কলেজে। তবে কাছাকাছি পাড়া হওয়াতে যোগাযোগটা তখনও বন্ধ হয়নি। ছাত্র হিসেবে সে শুভর চেয়ে ভালোই ছিল। ইউনিভারসিটিতেও সুযোগ পেয়েছিল তিথির চেয়ে ভালো সাবজেক্টে। শুভ ঢাকা ইউনিভারসিটিতে ভর্তিই হতে পারেনি। জগন্নাথে পড়তো। রাশেদ ভেবেছিল এবার তিথির সঙ্গে তার প্রেমটা হয়ে যেতে পারে। কয়েকদিন তিথিদের ডিপার্টমেন্টের সামনে গিয়ে ওর সঙ্গে কথাও বলেছে। দুজনে একসঙ্গে টিএসসির সামনে চটপটিও খেয়েছে।
কিন্তু ফার্স্ট ইয়ারেই পালিয়ে বিয়ে করে ফেলেছিল তিথি ও শুভ। খবরটা হিরোশিমায় ফেলা লিটল বয়ের মতোই রাশেদের সারা শরীরে তেজষ্ক্রিয় বিকীরণ ছড়িয়ে দিয়েছিল। কত বড় গাধা হলে ফার্স্ট ইয়ারে মানুষ বিয়ে করে। কেক-পেস্ট্রির এত লোভ। পরবর্তি কয়েক বছর স্কুলের বন্ধুবান্ধবের সঙ্গে কোন যোগাযোগই রাখেনি সে। তবে তিথির খবরাখবর কিভাবে যেন টুকটাক তার কানে ঠিকই পৌঁছে যেত। সে শুনেছিল এক বান্ধবী নাকি তিথিকে বলেছিল 'এত বছর ধরে এক ছেলের সঙ্গে প্রেম চালাতে তোর একঘেয়ে লাগে না?' তিথি জবাবে বলেছে, 'নিজের হাত পা কি কারও কাছে কোনদিন পুরনো হয় না একঘেয়ে লাগে।' শুভ নাকি ওর শরীরের অবিচ্ছেদ্য অংশ। শুনে পিত্তি জ্বলে গিয়েছিল রাশেদের। কত ঢংই যে জানে মেয়েরা। তিথিকে মন থেকে একদম মুছে ফেলতেই রাশেদ রীতিমতো জোর করে প্রেমে পড়েছিল তার ক্লাসমেট রিজওয়ানার। রিজওয়ানা তিথির পুরো বিপরীত। সব দিক থেকে।
আইসিইউর সামনে বসে থাকা তিথির দিকে তাকিয়ে রাশেদ ভাবছিল ও আবার এখানে কেন। শুভ অসুস্থ। গুরুতর অসুস্থ এ খবরটি বন্ধুবান্ধবরা জানিয়েছে। শুভকে দেখতেই এসেছে সে। নতুন করে ঘনিষ্ট হওয়া পুরনো বন্ধুরা শুভ সম্পর্কে আরও অনেক কথা জানিয়েছে তাকে। শুভর ভাইবোনরা সবাই অস্ট্রেলিয়াতে থাকে। কিন্তু শুভ নিজে নাকি তেমন কিছুই করতে পারেনি জীবনে। চাকরি পায়নি। ব্যবসা করতে গিয়ে প্রথমে একটু লাভ করলেও শেয়ার মার্কেটে ধরা খেয়ে সব কিছু হারিয়েছে। কনফেকশনারির সেই দোকানটাও আর নেই। বাড়িটা ব্যাংকের কাছে মর্টগেজ রাখা। পৈতৃক সম্পত্তির এই বেহাল দশার জন্য তার প্রবাসী ভাইবোনরা ওকে আজকাল দুচক্ষে দেখতে পারে না। তিথি ভালো চাকরি করে বলে এতদিন তবু ঠাঁট বজায় ছিল। কিন্তু এই 'ভাদাইম্যা'পনায় তিতবিরক্ত তিথি ছত্রিশ বছরের সম্পর্কের ইতি টেনে এক বছর হলো ওকে ডিভোর্স দিয়েছে। এসব কথাই আরেক স্কুলফ্রেন্ড তৌহিদের কাছে শোনা। তৌহিদ ফিসফিস করে আরও জানিয়েছিল বাজারে জোর গুজব তিথি গোপনে আরেকজনকে বিয়েও করেছে। সে লোকটি বেশ শাঁসালো, একটি টিভি চ্যানেলের মালিক। তিথির এলেম আছে বলতে হবে। এই বয়সে দুই ছেলেমেয়ের মা হয়ে এমন পাবলিককে বাগালো কিভাবে।
রাশেদ স্ক্যান্ডালের এই শেষ অংশটা তখন আধা বিশ্বাস করেছিল। কিন্তু এখন আইসিইউর সামনে তিথিকে চুপ করে বসে থাকতে দেখে তার মনে হলো অন্য কাউকে বিয়ে করার কথাটা নিছক গুজব। আরেকজনকে যদি বিয়েই করবে তাহলে প্রাক্তন স্বামীর জন্য হাসপাতালে বসে থাকবে কেন।
রাশেদ ধীর পায়ে তিথির সামনে গিয়ে দাঁড়ালো। তিথি নীরবে একবার ওর দিকে তাকিয়ে ইংগিতে পাশের খালি জায়গাটা দেখিয়ে দিল। রাশেদ চুপচাপ বসে পড়লো সেখানে। এই বায়ান্নো বছর বয়সেও বুকের ভিতরে একটু ঢিপ ঢিপ করে উঠলো। তিথির পাশে বসার বিরল সৌভাগ্য বিশ্বাস হতে চাচ্ছিল না। রাশেদ আড়চোখে তিথির দিকে তাকিয়ে দেখলো ওর হাতে তসবি। নিঃশব্দে বিড়বিড় করে তসবি পড়ছে। বয়সের কারণে সামান্য একটু পরিবর্তন হয়েছে বটে তবে এখনও বেশ স্লিম। রংটা আগের চেয়েও ফর্সা হয়ে গেছে, মুখের ত্বকে তেমন কোন ভাঁজও পড়েনি। গলার নিচে কোন ঝুলে পড়া ভাব নেই। গালের চামড়া মসৃণ। একটুও বুড়ি লাগছে না ওকে। নাকি মেকআপ? হাসপাতালে কি তিথি মেকআপ করে আসবে? বিষয়টা ঠিক মেলাতে পারছিল না রাশেদ। তাই মাথা ঝাঁকিয়ে চিন্তাটা ঝেড়ে ফেলে তাকালো কোনের বেঞ্চে বসা আরিফের দিকে। আরিফও ওদের স্কুলেরই বন্ধু। আরিফের কাছ থেকে খবর পেয়েই রাশেদ এসেছে। ফেসবুকে ওদের বন্ধুদের একটা গ্রুপ আছে। সেখানে অনেক খবর পাওয়া যায়। নতুনভাবে ওদের বন্ধুত্বও এই ফেসবুকের কারণেই আজকাল বেশ জমাট হয়েছে।
এই হাসপাতালের আইসিইউর সামনে স্টিলের বেঞ্চ পাতা আছে। বড়লোক রোগীর আত্মীয়রা যেন বসতে পারে। আশপাশে কফি মেশিনও আছে। রাশেদ আরিফকে চোখের ইশারায় কফি মেশিনের দিকে যেতে বলে নিজেও উঠে দাঁড়ালো। ফিসফিস করে কথা বলতে হবে এমন কোন নিয়ম নেই। তবু মৃত্যুর সান্নিধ্যেই কেমন একটা অস্বস্তিকর ব্যাপার আছে। জোরে কথা বলতে সংকোচ হয়। মনে হয় নীরবতা ভাঙলে কি যেন একটা ভেঙে যাবে।
কফি মেশিনের সামনে দাঁড়িয়ে আরিফ জানালো শুভর অবস্থা বেশ খারাপ। লাংগসে নাকি পানি জমে গেছে। রক্তে অক্সিজেনের মাত্রাও ক্রমশ কমছে। লিভারেও সমস্যা। দুটো কিডনি অকেজো। গত কয়েক বছরে শুভ শরীরের উপর প্রবল অত্যাচার করেছে । কেন? কারণটা আরিফ জানে না। হয়তো তিথির উপরে অভিমানে। তবে কথাটা দুজনেরই মনে এলেও অনুচ্চারিত থেকে গেল। মৃত্যুর সন্নিকটে পরনিন্দাও কেমন যেন অশ্লীল বলে মনে হয়। ওদের ছেলে মেয়ে দুজনেই অস্ট্রেলিয়ায়, শুভর বোনের কাছে। ওরা ওখানেই থাকে। ভাইয়েরা শুভকে একরকম ত্যাগ করলেও বোন তার ভাইয়ের সন্তানদের ত্যাগ করেনি। ওরাও ফুপুর কাছে দিব্যি আছে। বাবার অসুখের খবর পেয়েও আসেনি। এখন আসলে কাগজপত্রে কিসব সমস্যা হবে।
'এত দামি হাসপাতাল। খরচ দিচ্ছে কে?' প্রশ্নটা একটু দ্বিধা করে শেষ পর্যন্ত করেই ফেললো রাশেদ।
-'শুভর শেষ সঞ্চয় কিছু ছিল, ভাই বোনরা কিছু কিছু পাঠিয়েছে, বাকিটা তিথি। আর আমরাও সবাই দিচ্ছি যে যেমন পারি'।
– 'আমিও কিছু দিব। ধর তিন চার লাখ।' টাকার অংকটা উচ্চারণ করতে পেরে রীতিমতো শারিরীক তৃপ্তি বোধ করলো রাশেদ। মনে মনে ভাবলো টাকাটা যখন তিথির হাতে তুলে দিব, ওর মুখের অবস্থাটা কেমন হবে।
-'তাহলে আর বোধহয় লাগবে না। ও আর বেশি সময় বাঁচবে না দেখিস। বড় জোর আজকের রাতটা টিকতে পারে।'
-'অবস্থা কি এতটাই খারাপ?'
-'খুব। ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে সকালে। এতক্ষণ যে টিকে আছে এটাই মিরাকেল। লাইফ সাপোর্টও নাকি আর বেশিক্ষণ চালানোর কোন মানে হয় না।'
রাশেদের মুখের ভিতরটা কেমন যেন বিস্বাদ লাগলো। একেবারে ছোটবেলার বন্ধু। শুভর শিশু চেহারাটা চোখে ভেসে উঠলো। হাফপ্যান্ট পরা। সরু লম্বা পা। শুভটা একটু রোগা ছিল ছোটবেলা থেকেই। তিথির সঙ্গে সম্পর্কের অংশটা বাদ দিলে শুভর উপরে রাগ করার আর কোন কারণ ছিল না রাশেদের। অনেকদিন টিফিন টাইমে রাশেদকেও কেক খাওয়াতো শুভ। বেকারির বিস্কুটও। দূরে বসা তিথির দিকে তাকালো রাশেদ। বেশ দামি একটা সালোয়ার কামিজ পরে আছে। সবুজ রংয়ের। ওড়নাটা হালকাভাবে মাথায় তোলা। কেন? তিথিকে কোনদিন মাথায় কাপড় দেয়া অবস্থায় দেখেছে বলে মনে করতে পারছিল না ও। সম্ভবত তসবি পড়ছে বলে মাথায় ওড়নাটা ফেলে রেখেছে। তিথির চুলগুলো এখনও কালো আছে তো । তার নিজেরটা তো রং হারিয়েছে অনেক আগেই এমনকি রিজওয়ানাকেও এখন নিয়মিত চুল কালার করতে হয়। হয়তো তিথিও করে। কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। আসলে তিথির সঙ্গে বুড়ি হওয়ার বিষয়টা মেলানো যায় না। শুভর সঙ্গেই কি মৃত্যুকে মেলানো যায়?
শুভর কিশোরবেলার চেহারাটা এবার ভেসে উঠলো চোখে। রাশেদ প্রথম লুকিয়ে সিনেমা দেখতে গিয়েছিল শুভর সঙ্গে। জোনাকি হলে। টিকেটের টাকাটাও শুভই দিয়েছিল। শুভর গায়ের রঙে ছিল শ্যামল দুর্বাঘাসের সবটুকু সজীবতা। সেই শুভ শুয়ে আছে আইসিইউর বেডে। নাকে অক্সিজেনের নল। রাশেদ কি দেখা করতে পারে একটু?
– 'শুভর সঙ্গে দেখা করা যাবে?'
-'মনে হয় না। দাঁড়া তিথিকে বলে দেখি'।
কফির কাপটা ট্র্যাশক্যানে ফেলে দিয়ে রাশেদ আবার তিথির পাশে গিয়ে বসে পড়লো। তিথির গা থেকে পারফিউমের হালকা গন্ধ আসছে। মৃত্যুর প্রবল গন্ধের মধ্যে এই সৌরভ জীবনের ভোরবেলাকে মনে পড়িয়ে দিচ্ছে।
আইসিইউর সামনে একটি ছোট উইনডো। এখান থেকে মাঝে মাঝে ঘোষণা দেয়া হয়। কোনো কোনো রোগীর আত্মীয়দের ডাকা হয়। যে লোকটি সেখানে বসে আছে তার কপালে মৃত্যুর ভাঁজ। চোখের তারায় মৃত্যুর অন্ধকার ঝলক।
লোকটার দিকে তাকিয়ে রাশেদের বুকের ভিতরটা ছমছম করে উঠলো। এই লোকটাই কি স্বয়ং মৃত্যু? ও একটার পর একটা নম্বর ডাকছে। পুলসিরাতের যাত্রীদের নম্বর।
রাশেদ এখানে এসেছে বেলা তিনটায়। হাসপাতালে সময় ধীরে বয়। আবার কখনও চোখের পলকেও।
রাত আটটা বেজে গেছে। বাড়ি যাওয়া দরকার। রিজওয়ানা এর মধ্যেই একবার ফোন করেছে। কিন্তু রাশেদ জানিয়ে দিয়েছে আজ তার ফিরতে দেরি হবে। এমনকি রাতে নাও ফিরতে পারে। আরিফও রয়েছে। অফিস শেষ করে সন্ধ্যায় চলে এসেছে মকবুল, চঞ্চল, তৌহিদ ও রেজা। শুভকে মৃত্যু শয্যায় রেখে ওরা অপেক্ষা করছে আইসিইউর সামনে। ঝড়-বৃষ্টির দিনগুলোতে ওরা এইভাবেই বসে থাকতো স্কুলের বারান্দায় অপেক্ষা করতো বৃষ্টি থামার। এখন ওরা অপেক্ষা করছে শুভর জীবন প্রবাহ স্তব্ধ হওয়ার।
এর মধ্যে একবার ভিতরে ঘুরেও এসেছে রাশেদ। অনেক কাকুতি মিনতি করে ডিউটি ডাক্তারের অনুমতি নিয়ে তবে ভিতরে যেতে পেরেছে সে। রাশেদ বুঝতে পারে না কেন এত নিষেধাজ্ঞা। এর চেয়ে তো আগেকার দিনগুলোই ভালো ছিল। রাশেদের মনে পড়ে গ্রামের বাড়িতে তার দাদীর মৃত্যুর প্রহর। বড় ঘরের বিছানায় দাদী শুয়ে আছেন জীবনের সবটুকু আকাঙ্ক্ষা নিয়ে। মাথার উপরে মৃত্যুর কুয়াশা। চারপাশে তাকে ঘিরে আছেন ছেলে মেয়ে নাতি নাতনিরা। রাশেদের বড় চাচা ক্রমাগত সুরা ইয়াসিন পড়ছেন। ছোটফুপুর হাতে পিতলের গ্লাস। তাতে জমজমের পানি। একটু একটু করে দাদীর মুখে জমজমের পানি দেয়ার চেষ্টা করছেন ফুপু। বাবা দাদীর পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। ঘরের মেঝেতে বসে কাঁদছেন মা ও চাচীরা। দাদীর জবান বন্ধ হয়ে গেছে। তিনি শুধু চোখের দৃষ্টিতে বিদায় নিচ্ছেন প্রিয়জনদের কাছ থেকে। সেই মৃত্যুর মধ্যে তবু কিছু শোক, মাধুর্য, ভালোবাসা ছিল। অথচ এখন? একজন মানুষ জীবন থেকে বিদায় নিচ্ছে। অথচ তার পাশে প্রিয়জনদের যেতে দেয়া হচ্ছে না। তার চারপাশে শুধু কতগুলো নির্জীব যন্ত্র। কয়েকজন অনাত্মীয়, নির্লিপ্ত ডাক্তার আর নার্স। যারা তার কথা মোটেও ভাবছেন না, শুধু ভাবছেন ডিউটি কখন শেষ হবে। একা একা নিঃসঙ্গভাবে মৃত্যুর মুখোমুখি হওয়া কি ভয়ংকর।
শুভর দীর্ঘ শরীরটা শুকিয়ে ছোট হয়ে গেছে। যেন কিশোর বেলার সেই বন্ধু। রাশেদের পরনে পাতলা ডিসপোজেবল কাপড়ের অ্যাপ্রোন। মুখে মাস্ক। মাথায় আবরণ। এ অবস্থায় শুভ কি ওকে চিনতে পারবে? রাশেদ শুভর নাম ধরে ডাকলেও কোন সাড়া পেল না। শুভ এখন জীবন ও মৃত্যুর মাঝখানে নো ম্যানস ল্যান্ডে। মুখের ভিতরে একটা নল। পৃথিবীর স্বাভাবিক আলো হাওয়ায় ওর আর কোন প্রবেশাধিকার নেই। বুকের অবিরাম ঘন্টাধ্বনিটা চলছে এখনও। আর কতক্ষণ চলবে কে জানে? ওর ব্যাটারি ফুরিয়ে এলো। প্রায়। রাশেদ কিছুক্ষণ ওর বিছানার পাশে দাঁড়িয়ে থেকে বেরিয়ে এসেছিল। তার কোন শোক হয়নি। শুধু অদ্ভুত একটা শিরশির অনুভূতি হচ্ছিল মাথার ভিতর। শুভ শুধু নিজের জীবন নয়, রাশেদের শৈশব আর কিশোরবেলাটাকেও সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে। রাশেদ নিজের মৃত্যুর পদধ্বনিও শুনতে পাচ্ছে।
শুভ ছিল খুব সৌখিন ছেলে। ওর ইউনিফর্ম সবসময় পরিষ্কার, আয়রন করা। ওদের রাজার বাগের বাড়িতে রাশেদ অন্যবন্ধুদের সঙ্গে যখনি গেছে, দেখেছে শুভর পরনে ঘরোয়া হলেও পরিচ্ছন্ন পোশাক। শুভ ঘরেও কোনদিন লুঙ্গি পরতো না। সেটা নাকি আনকালচার্ড। ও পরতো পায়জামা। আর বাইরে তো জিন্সের প্যান্ট। ফরমাল প্যান্ট শার্ট বানাতো পলওয়েল মার্কেটের কয়েকটা দরজির দোকান থেকে। জ্যাকেট, ব্লেজারও কিনতো পলওয়েল মার্কেট থেকে বেশ দাম দিয়ে। ক্লাস টেনেই একবার শেভ করে ক্লাসে এসেছিল। গাল থেকে বের হচ্ছিল আফটার শেভের গন্ধ। ওর হাত পাগুলো সব সময় পরিষ্কার থাকতো। নখ কাটা। গোড়ালি কখনও ফাটা থাকতো না। এমনকি শীতেও ঠোঁট ফাটতো না। নিশ্চয়ই লিপজেল লাগাতো।
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই শুভর হাত পায়ের দিকে তাকিয়ে শিউড়ে উঠেছিল রাশেদ। চামড়া শুকিয়ে মৃত মানুষের মতো হয়ে গেছে। ঠোঁট কালো হয়ে ফুলে গেছে। সেই ঠোঁটের ভিতর দিয়ে নল ঢোকানো। সে বাধ্য হয়ে চোখ সরিয়ে নিয়েছিল। হঠাৎ মনে পড়েছিল তিথির সেই উক্তি 'ডার্টি বয়'।
রাত দশটা। এরই মধ্যে তিথিকে নিয়ে গিয়ে ওরা নিচ তলার ক্যাফে থেকে রাতের খাবার খেয়ে এসেছে। দামি হাসপাতাল। ভালোই খাবার দাবার পাওয়া যায় এখানে। তিথি অবশ্য একবাটি স্যুপ ছাড়া আর কিছুই মুখে দিতে পারেনি। অন্যদের ফ্রাইড রাইস আর চিকেন খাবারের বিল রাশেদেই দিয়ে দিল। খাবারের শেলফে কয়েক রকম কেকও আছে। তিথির প্রিয় চকলেট পেস্ট্রি কেকও। এখন নিশ্চয়ই তিথি আর আগের মতো কেক খায় না। নিশ্চয়ই কিছুটা ডায়েট কন্ট্রোল করে। নইলে এত স্লিম আছে কি করে।
তিথির শরীরের দিকে একটু চোরা চোখেই তাকালো রাশেদ। নিভাঁজ পেটের উপর আটসাঁট কামিজটা শরীরের সৌন্দর্যকে এখনও প্রকট করে ঘোষণা করছে।
রাত বাড়ছে ক্রমশ। তিথিকে এত রাতে কোনদিন দেখেনি রাশেদ। মৃত্যু আর রাত্রি দুটোই সেতু হয়ে অন্তরঙ্গতাকে বাড়িয়ে দিয়েছে শৈশবের মতো। ছোটবেলায় যেমন অনায়সে বন্ধুর হাত ধরা যেত। কোন সংকোচের বালাই ছিল না। এখন মৃত্যুর ঘনিষ্ট সান্নিধ্যে ঠিক তেমনি আন্তরিকতায় রাশেদের কাঁধে মাথা রেখে মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছিল ক্লান্ত তিথি। অবিস্মরণীয় সে সব মুহূর্ত। রাশেদের ঘুম আসেনি। তিথি তার কাঁধে মাথা রেখে আছে সেসময় তার সমস্ত স্নায়ু তন্ত্রী টান টান হয়ে উঠছিল। এ অবস্থায় তার ঘুমের প্রশ্নই ওঠে না।
শুভর সঙ্গে তিথির ছত্রিশ বছরের ভালোবাসা অথবা ঘৃণার চলাচল। আর যদি শৈশবের বন্ধুত্বের বছরগুলোকে ধরা যায় তাহলে ছেচল্লিশ বছরের সম্পর্ক। তিথি কি শুভকে সত্যিই ত্যাগ করেছিল? সেজন্য কি সে এখন অনুতপ্ত? কেমন ছিল শুভ তিথির দাম্পত্য? ওরা কতটা সুখী হতে পেরেছিল? তিথির পাশে বসে ঘুরে ঘুরে এই চিন্তাগুলো হাঁটছিল রাশেদের মাথার ভিতরে।
এখানে তিথির পাশে কোন নারী আত্মীয় বা বন্ধুর থাকাটা দরকার ছিল। বান্ধবীরা আসতে পারেনি সেটা যুক্তিযুক্ত। বিবাহিত, সংসারী মধ্যবয়স্ক নারীরা রাতের বেলায় বন্ধুর জন্য হাসপাতালে এসে বসে থাকতে পারে না। তারা ছুটিই নিতে পারে না সংসার থেকে। হয়তো কাল সকালে আসবে। কিন্তু শুভর কি কোন মহিলা আত্মীয় নেই? কিংবা তিথির? তারা এ সময় যদি এসে অন্তত একটু ওর পাশে বসতো তাও তো সে অতটা অসহায় বোধ করতো না। তিথি আর শুভ কি নির্বাসিত কোন দ্বীপের বাসিন্দা? অথবা হয়তো কোন আত্মীয় এসেছিল দিনের বেলায়। তিথির সঙ্গে দেখা করে দায় সারা কর্তব্য পালন করে চলে গেছে। কিংবা দরিদ্র হয়ে পড়া, স্ত্রীর সঙ্গে বিচ্ছিন্ন শুভ আত্মীয় স্বজনের কাছেও অচ্ছুত। গরীবের কোন আত্মীয় নেই, বন্ধুও নেই। তবু তো তারা ক'জন এখানে আছে। নয়তো তিথিকে হয়তো একাই এখানে বসে থাকতে হতো। কথাটা মনে হতেই তিথির প্রতি এক ভীষণ মায়ায় রাশেদের বুকটা ভরে উঠলো। আলগোছে তিথির মাথায় হাত বুলিয়ে দিল সে। সেইটুকু স্পর্শেই জেগে উঠে রাশেদের দিকে এক পলক তাকিয়ে আবার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল তিথি। একটু যেন সরেও বসলো। রাশেদ তিথির দৃষ্টির কোন অর্থ খুঁজে পেল না। হয়তো অর্থ নেইও সেই দৃষ্টির। ঘুম ভাঙার পর একটা ফাঁকা চাহনি মাত্র।
১৭ নম্বর। তিথির কেঁপে ওঠা দেখেই রাশেদ বুঝলো এটা শুভর জীবনের শেষ ঘন্টাধ্বনি। তিথি উঠে দাঁড়িয়ে অ্যাপ্রোন আর মাস্ক পরে আইসিইউর ভিতরে ঢোকার প্রস্ততি নিল। রাশেদও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। মৃত্যুর মুখোমুখি একা তিথিকে সে যেতে দিতে পারে না। আরিফও উঠে দাঁড়িয়েছিল। কিন্তু আই সি ইউর জানালায় বসা সেই লোকটি নাছোড়বান্দা। ডাক্তার নাকি শুধু একজনকেই ভিতরে যাবার অনুমতি দিচ্ছে। রাশেদ রীতিমতো জোর করেই ঢুকে পড়লো তিথির সঙ্গে। বোঝাই যাচ্ছে শুভ শেষ বিদায় নিচ্ছে কিংবা ইতিমধ্যেই মৃত। এখন আর অত নিয়ম কানুনের তোয়াক্কা কে করে।
শুভ নিঃস্পন্দ। ১৭ নম্বর বেডের পাশে তিথি আর রাশেদ ওর মৃতপ্রায় অথবা মৃত মুখের দিকে তাকিয়ে ছিল। ডিউটি ডাক্তার ওদের পাশে এসে দাঁড়ালেন। রাশেদকেই নিকট আত্মীয় মনে করে ক্লিনিকালি ডেড শব্দটা উচ্চারণ করে কিছু ফর্মালিটির কথা বোঝাতে লাগলেন। ডেথ সার্টিফিকেট ও আরও কয়েকটা করণীয়। ক্লিনিকালি ডেথ চমৎকার একটা শব্দ। মৃত্যু কথাটাকে বেশ খানিকটা নরম করে আনে। কত সহজে একটি মানুষের বায়ান্ন বছরের জীবনের সমাপ্তি ঘোষণা করে দিচ্ছে শব্দটা। রাশেদ ভয় পাচ্ছিল তিথি হয়তো কান্নায় ভেঙে পড়বে। কিন্তু তিথির তেমন কোন ভাবান্তর ওর চোখে পড়লো না। স্বপ্নচালিত মানুষের মতো ও শুধু তাকিয়ে ছিল শুভর দিকে। বলা ভালো শুভর মৃতদেহের দিকে। নার্স এসে বিছানার চারদিকে পর্দা টেনে দিলেন। হয়তো ভেন্টিলেটর খোলার করুণ ও ভয়াবহ দৃশ্যটা সদ্য বিধবাকে দেখতে দিতে চান না। রাশেদের আরেকবার মনে হলো তিথি কি শুভকে সত্যিই ডিভোর্স করেছিল?
পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ও ফেসবুকে ম্যাসেজটা পোস্ট করে দিল। 'শুভ চলে গেল এইমাত্র।' সময়টায় চোখ পড়লো। দুটো ত্রিশ। এত রাতে কি লাশবাহী গাড়ি পাওয়া যাবে?
শুভর কোন পুরুষ আত্মীয়কে এ সময় খুব দরকার ছিল। কিন্তু তিথি নির্লিপ্ত মুখে জানালো তেমন কেউ নেই। নিকটজনেরা সবাই বিদেশে। তিথির কোন আত্মীয় কেন আসেনি সেটাও ও এড়িয়ে গেল।
এরপরের কয়েক ঘন্টা যেন জ্ঞান অর্জনের ধারাবাহিক পর্ব। অ্যাম্বুলেন্স শুধু জীবিতদেরই বহণ করে হাসপাতালে আনে। মৃত মানুষ নিয়ে তাদের কোন দায় নেই। আর লাশবাহী গাড়ি হাসপাতালের নয়। এটা পাশের এক ভবনের প্রতিষ্ঠান থেকে দেয়া সার্ভিস। আবার লাশ ধোয়াতে হয় বারডেম থেকে। আরও কয়েকটি মাদ্রাসাও মৃতদেহকে শেষ বারের মতো পৃথিবীর জলে স্নাত করে। মৃত্যুর পরও কত ক্রিয়া কর্ম। কত দায় মিটিয়ে তবে মুক্তি।
রাশেদ পুরো সময়টা তিথির পাশেই ছিল। অন্য বন্ধুরা যখন শুভকে নিয়ে এদিক ওদিক কাজ কর্ম মিটাচ্ছে সে ঠায় দাঁড়িয়ে ছিল তিথির পাশে। তিথিকে এত করুণ, অসহায় আর এত আপন ওর কোনদিনও মনে হয়নি। অথচ গত বিশ বছরে তিথির কোন অস্তিত্বই তো ছিল না ওর কাছে। ওকে না পাওয়ার দুঃখ বোধটাও মনেই পড়েনি।
মৃতদেহ নিয়ে যাওয়া হলো রাজারবাগের বাড়িতে। মানুষের মতো বাড়িরও ক্যান্সার হয়। এ বাড়িটারও হয়েছে। কলেজ জীবনের পর আর কখনও এ বাড়িতে আসেনি রাশেদ। শেষ এসেছিল শুভর জন্মদিনের অনুষ্ঠানে। শুভই রাশেদের কলেজে গিয়ে ওকে ধরে এনেছিল। আজ ওরাই নিয়ে এসেছে শুভকে। বাড়িটা তালাবন্ধ। একটা দারোয়ান আছে । সে এসে দরজা খুলে দিল। ভিতরের ঘরের চাবি তিথির ব্যাগে ছিল। পনের দিন আগে তিথিই এ বাড়ি থেকে শুভকে হাসপাতালে নিয়ে যায়।
বিশাল ড্রইংরুম। সেই আগের ফার্নিচারগুলোই আছে। সবকিছুর উপরে শুধু ধুলো আর বিষণ্নতার আবরণ। আগে এ বাড়িটা যেন স্বাস্থ্যে সুখে ঝলমল করতো। এখন মৃত্যুপথযাত্রী।
শুভকে মেঝেতে শুইয়ে রেখে তার চারপাশেই বসে ছিল ওরা। এই বাড়িতে শুভর নিজস্ব ঘরটা ছিল তাদের বন্ধুদের আড্ডার প্রিয় জায়গা। কলোনির আড়াই রুমের বাড়িতে রাশেদের নিজস্ব ঘর থাকার তো প্রশ্ন ছিল না। অন্য অনেক বন্ধুবান্ধবের বাড়িতেও তেমন প্রাইভেসি ছিল না। একমাত্র শুভর বাড়িতেই ছিল ওদের অবাধ স্বাধীনতা। শুভর খাটে সে যুগেই ফোমের গদি ছিল। আজকে শুভ সেই খাটে নয়, শুয়ে আছে ড্রইং রুমের মেঝেতে।
এই বাড়িতেই তিথি ও শুভর যৌথ জীবন প্রবাহিত হয়েছে। ওদের বিয়ের পর একবারও আর এখানে আসেনি রাশেদ। কোন ঝগড়া হয়নি ওদের সঙ্গে। কিন্তু সে নিজেই তখন অন্য বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল।
বনানীতে শুভর বাবা মাযের কবর। আজকাল তো কবরেও নিরিবিলি থাকবার জো নেই। একের কবরের মধ্যে পরিবারের অন্য কারও কবর হয়। বাবার কবরেই ওকেও রাখা হবে এমনটাই নাকি শেষ ইচ্ছা ছিল শুভর । তিথিই জানালো। কবরের দলিলপত্রও সেই বের করে আনলো ভিতরের ঘর থেকে। বাদ জোহর জানাজা শেষে কবর হবে। এখন মাত্র সকাল নয়টা। আরিফ ও তৌহিদ সোফার উপরেই শুয়ে পড়েছিল। তিথি আর রাশেদ মেঝেতে কার্পেটের উপর শুভর পাশে বসে ছিল। মকবুল, চঞ্চল, রেজা গেছে চিরবিদায়ের কেনাকাটা করতে।
দারোয়ান বেরিয়েছে মসজিদে খবর দিতে।
তিথি হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর একগোছা চাবি রাশেদের হাতে দিয়ে বললো, 'তোরা শুভকে নিয়ে যাবার সময় দারোয়ানের হাতে দিয়ে যাস। বলবি, ঘর বন্ধ করে রাখে যেন।'
-তুই কোথায় যাচ্ছিস?
তিথি ততোক্ষণে মেঝে থেকে উঠে পড়েছে। সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। রাশেদও ওর পিছু পিছু বারান্দায় এসে আবার প্রশ্নটা একটু জোরেই ছুঁড়ে দিল। তিথি এবার ঠিক ঘুম থেকে জাগার চোখ নিয়ে রাশেদের দিকে তাকিয়ে অনেকটা স্বগত সংলাপের ভঙ্গিতে বললো, 'আমি আর কবরস্থান পর্যন্ত যাবো না। তোরা তো আছিস। আমাকে এখন যেতে হবে। আজকে সকাল এগারোটার ফ্লাইটে আমার হাজবেন্ড ফিরছে কানাডা থেকে।'
