তাহমিনা শাম্মী’র নাকফুল
পূবের মেয়ে পশ্চিমে গিয়ে মানিয়ে নিতে পারবে কি পারবেনা সেই সমাধানের ধারে কাছেও না গিয়ে কুদ্দুস মণ্ডল মেয়ের বিয়ে পাকা করে ফিরে এসে বাড়িতে শান্ত স্মরে বিয়ের তারিখটা জানিয়ে দিয়ে ক্ষ্যান্ত হয়ে বসল।
নরম বেলে মাটির দেশের মানুষ বরেন্দ্রর খটখটে লাল মাটিতে পা ফেললে নিজের রক্তবর্ণ পায়ের ছাপের দিকে তাকিয়ে নিজেই চমকেও উঠতে পারে এ ভাবনাকে প্রশ্রয় দেবার মত মানুষ কুদ্দুস মণ্ডল নয়। হ্যাঁ মেয়ের ইচ্ছা ছিল পড়ার, মেয়েকে কলেজে পড়তে পাঠিয়েছে, সেটাই তো ছিল স্নেহের চরম বহিঃপ্রকাশ। কিন্তু মেয়েমানুষ মেয়েমানুষই। সে কোথায় ভালো থাকবে কোথায় খারাপ থাকবে এ বিবেচনা কি পিতার চেয়ে আর কেউ ভালো বুঝবে?
বহুফসলী দেশের মানুষ একফসলী দেশের মানুষের কাঙ্গালপনার সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে পারবে কিনা, নাকি প্রতিনিয়ত হোঁচট খেয়ে খেয়ে জীবনবিমূখ হয়ে কোনমতে বেঁচে থাকায় নিজেকে অভ্যস্ত করে নেবে সেটাও কুদ্দুস মণ্ডলের ভাবনার সিলেবাসের মধ্যে পড়েনা। তার বিবেচনায় ছেলের বাপের বিশ বিঘা সম্পত্তি এই বিয়েকে ত্বরান্বিত করার জন্য যথেষ্ঠ। কিন্তু বিশ বিঘা সম্পত্তি যখন সাতজন ভাই-বোনের মধ্যে বন্টন হয়ে যাবে তখন কুদ্দুস মণ্ডলের জামাইয়ের ভাগ্যে কতটুকু অংশ বহাল থাকবে সেটাও হিসাব করতে বললে বিরক্ত হয় মুরুব্বি। তার কথা ছেলে আর মেয়ের মধ্যে তো আর সমান বন্টন হবেনা, শরীয়ত মতে তারা তিনজন ভাই বোনদের চেয়ে তিন আনা করে বেশী পাবে। আর সে তার হবু বিয়াই সাহেবের কাছে শুনেছে বাড়ির ভিটার অংশে মেয়েদের কোন স্থান তারা দেবেনা। তারা পাবে দূর দূরান্তের ফসলী জমির অংশ। বাড়ির ভিটা তিন ছেলের নামে সমান করা। এখানে বোনদের দাবী করেও লাভ নেই, সে তারা পাবেনা। আর কুদ্দুস মণ্ডলের নিজ চোখে দেখে আসা সে ভিটা নাকি এত বড় যে ভ্রুর একইঞ্চি উপরে হাত ঠেকিয়ে চোখদুটো কুঁচকে সীমানা দেখতে হয়।
কিন্তু বিয়ের পর যখন জেসমিন জানতে পারল কিসের বিশ বিঘা আর কিসের আদিগন্ত ভিটা! তার শ্বশুরের আছেই বারো বিঘার মত নিষ্কণ্টক ফসলী জমি আর ভিটার খুলির মধ্যে চাচাতো-ফুফাতো ভাইরা মিলে আরো সাতজন ভাগ-ভাগীর অধিকার বিদ্যমান, তখন তো আর কুদ্দুস মণ্ডলের বড় গলা ছোট করে দেওয়ার মত মনের অবস্থা জেসমিনের আর জাগেনা। বরং দূর থেকে বুড়ো মানুষটার প্রতি মায়াই লাগে।
তবে যখন সব শুনলো কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে কুদ্দুস মণ্ডল শুধু বলল 'সবই ভাগ্য রে মা।'
অবশ্য বিয়ের দিন ছেলে পক্ষের কিছু কিছু আচরণে সে মনে মনে হতাশ হলেও বউ ছেলেমেয়েকে তার এক বিন্দুও টের পেতে দেয়নি।
বর আসার আগেই বরের বাপ ফোন করে মধুর সুরে ডাকে, 'বিয়াই সাহেব।' ডাক শুনে মন ভরে যায় জেসমিনের বাপের। যাক মেয়ের শ্বশুর তো মনে হচ্ছে বড়ই মিশুক।
মধুর সম্ভাষণের পরে হবু বেয়াই বলেন, 'বেয়াই সাহেব একটা কথা বলার ছিল, বিয়ে পড়ানোর কাজির টাকাটা কিন্তু আপনাকেই দিতে হবে। এটা আমি দিতে পারবনা। ছেলের বিয়েতে আমার অনেক খরচা যাচ্ছে। জমানো টাকায় হাত পড়ে গেছে। আমার মন-মেজাজ ভালো নেই।'
কুদ্দুস মণ্ডল কম কথার মানুষ, বেশ অভিমান নিয়ে ভদ্রলোকের কথায় রাজি হলেন ঠিকই কিন্তু মনে তার সেই যে কাঁটা বিঁধলো সে কাঁটা আর কোনদিন সরেনি। রাজি হতে হতে বুকের ভেতর এক বলক গরম হাওয়া মনটাকে গ্রাস করল, বিয়েটা না হলে গরম হাওয়ার দলাটা হয়ত বেরিয়ে যেত কিন্তু এখন আর পিছিয়ে আসার পথ নেই, সে জানে আগামী দুইদিনও এটা তাকে নিস্তার দেবেনা, যথাস্থানে বলক পাড়বে।
হাওয়াটা বদহাওয়ায় পরিণত হলো মেয়ে বিদায়ের সময় ছেলের বাপ যখন স্মরে আরো মধু ঢেলে বলে, 'বেয়াই দানের জিনিসগুলো গাড়ির পেছনে তুলে দেন।'
জেসমিনের ছোট ভাই একটু আপত্তি করার চেষ্টা করেছিল এই বলে যে, 'আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশীরা কে কি দিল খুলে একটু দেখে মনের হাউস মিটিয়ে না হয় পরে পাঠিয়ে দেব, আমাদেরও দেখতে তো ইচ্ছা হয়।'
শ্বশুর বলেন, 'কালকে তো তোমরা আমাদের বাড়িতে আসছো তখনই না হয় সবাই একসাথে খুলব। এখন গাড়িতে উঠিয়ে দাও।'
কুদ্দুস মণ্ডল তখন ছেলেকে বলে তাকে একটা গ্যাসের বড়ি এনে দিতে তার নাকি বুকের ভেতর ব্যথা ধাক্কাচ্ছে।
যমুনার তীরে ছিল জেসমিনদের বাড়ি। নদীভাঙ্গা মানুষ তারা। জেসমিন যখন তৃতীয় শ্রেনীতে পড়ে সেবার প্রথম ভিটা বাড়ি-ঘর-দোর নিয়ে হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল নদীর বুকে। কত শখের জিনিস, সাধের জিনিস, প্রয়োজনের-অপ্রয়োজনের কিছুই রইলনা। এমনভাবে যমুনার ঘোলা জলে মিলিয়ে গেল যে ওগুলো যেন কোনদিন ছিলইনা তাদের কাছে।
তিন মাইল উজানে উঠে এসে জেসমিনের নানীর বাড়িতে বাস নিয়েছিল তারা। কয়েক বছরের মধ্যে এবাড়িও হজম হয়ে গেল নদীর পেটে।
প্রথম বউয়ের জন্য যে মায়া-দয়া থাকে পরের বউয়েরা কি আর সেই মায়া-দয়ার পরিচয় পায়? পায়না। এদেরও তাই হয়েছে, সে কুদ্দুস ম-ল হোক জেসমিন বা তার মা-ভাই যেই হোক জাগতিক জিনিসপত্রের উপর থেকে এদের মায়া কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। কী খাট-আলমারি, কী কড়ি-কাঁসা, কী ফসল-সব্জী সবটাতেই এদের উদাসিন মনোভাব। ঠকতে ঠকতে মায়া নামের প্রতি জন্মেছে একরাশ ক্লান্তি। ওরা ভেবেই নিয়েছে জীবনে যা হাতের মুঠোয় থাকার জন্য আসেনা তার প্রতি মানুষের মায়াও গভীর হয়না।
বিয়ের রাতে শ্বশুর জেসমিনকে নিজের ঘরে ডাকলেন, একটা চেয়ার টেনে সামনে বসালেন। লাল কাতান পড়া বউকে আপাদমস্তক পর্যবেক্ষণ করেন। দেখা সম্পন্ন হলে বলেন, 'এখানে সব মিলিয়ে ক ভরি গহনা আছে মা।'
কলেজের বিদ্যে পেটে পরাতে জেসমিন আগের চেয়ে কিছুটা অবাধ্য হয়েছে। গহনার হিসাব দিতে গোয়ার্তূমি জাগে মনে, বলে, 'জানিনা আম্মাকে জিজ্ঞেস করতে হবে।'
এ উত্তরে শ্বশুর যে তুষ্ট হননি তা তার চোখের দৃষ্টি দেখেই পষ্ট বোঝা গেল।
পরের দিন ফের বউকে ডেকে সামনে বসায়, 'তা মা তোমার বাবা কী কী দিচ্ছেন?'
এবার আর এড়িয়ে যাওয়া যায়না, মাথাটা কাত করে জানালার দিকে তাকিয়ে উত্তর দেয় জেসমিন, 'আলমারি, খাট, ফ্রিজ, সোফা এইতো।' হাড়ি ডেকচির কথা আর বলতে ইচ্ছে করেনা। কেন যেন ভেতর থেকে জেদ ঠেলে ওঠে, মনে হয় কেন এসব জিজ্ঞেস করা? নতুন সংসার গুছিয়ে নিলে কি তখন স্বচক্ষে দেখা যাবেনা?
তিনিও ছাড়বার পাত্র নন, বলেন, 'সোফা দিল ড্রেসিং টেবিল দিল খাট কে দেবে? তোমরা শোবে কোথায়? আর ফ্যান? ফ্যান দিবেনা?এই গরমে থাকবা কেমন করে?'
জেসমিনের মুখে চলে এলো, 'সবই যদি আমার বাবা দেয় তাহলে আপনার ছেলে কী দেবে? সে কি কাঙাল? তার কিছুই নাই?'
বউয়ের এমন হড়হড়ে উত্তর শুনে বুদ্ধিমান ভদ্রলোক আর কথা না বাড়িয়ে চুপ হয়ে যায়। যত যাই হোক নদীভাঙ্গা মানুষ হলেও কুদ্দুস সাহেবের অবস্থা তার চেয়ে দ্বিগুন ভালো। এই মেয়ে পিতার কাছ থেকে যে সয়-সম্পত্তি পাবে তার উপরেই নির্ভর করছে ছেলে সবুজের ভবিষ্যৎ। শহরে মেয়ের নামে জায়গা কেনা আছে নয় কাঠা। সেখানকার দাম অনুসারে সে জমির বর্তমান মূল্য হবে পঞ্চাশ লক্ষ টাকার বেশি।
বিয়ের ঘুরানি ফিরানি হয়ে গেল, কিছু কিছু এয়ো তখনো বাড়িতে বসে পান চিবুচ্ছে আর নিজেদেরই ভাই বউদের নামে নিন্দা করে যাচ্ছে। লাল টকটকে রসের মত রঙিন তোদের সসব গল্প।
বড় খালাশ্বাশুড়ি গল্প থামিয়ে তীক্ষ্ণ চোখে জেসমিনের নাকের দিকে তাকিয়ে নাভির ভেতর থেকে জলদগম্ভীর এক আওয়াজ তুলে এনে নালিশ জানায়, 'ওমা ওমা আগে তো জানিনি বউয়ের নাক ফোড়ানো নেই? বউয়ের বাপ মায়ে কি শরিয়ত জানেনা?'
শ্বাশুড়ি ছুটে আসে। তার ছুটে আসা দেখে বোঝা যায় এই নালিশ কেউ তুলুক সেই সুযোগের জন্য তক্কে তক্কে ছিলেন তিনি।
জেসমিনের ইচ্ছা ছিলনা নাক ফোঁড়াবার কিন্তু হার মানতে হলো যখন দেখল তার স্বামীরও এতে প্রছন্ন মত রয়েছে। শিক্ষিত ছেলের বউয়ের নাকফুল নিয়ে ততটা গরজ ছিলনা কিন্তু বউয়ের নাকফুলের মধ্যে স্বামীর হায়াত নিহিত একথা মা তাকে গোপনে ডেকে জানানোর পরেই ইচ্ছেটা তার পোক্ত হয়েছে।
ঠিক হলো পরের দিন সবাই মিলে গ্রামে গিয়ে বেড়িয়েও আসা হবে জেসমিনের নাকও ফুটো করানো হবে।
অনেক আকুতি-মিনতি করেছিল জেসমিন। শেষে পেরে না উঠে বলেছিল, 'ঠিক আছে তাহলে কোন পার্লারে যাই শুনেছি ওরা অবশ করে ফুটো করে একবারে ফুল পরিয়ে দেয়।'
'তাতে কত খরচ?' সবুজ জানতে চায়।
এর ওর মুখে খোঁজ নিয়ে জানা গেল পার্লারে খরচ একশ টাকা।
শুনে চিড়বিড়িয়ে উঠলো শ্বাশুড়ি জুবাইদা। হোক সে ছেলের হায়াত-মউতের টিকিট কিন্তু এর জন্য একটি পয়সাও খরচ করা যাবেনা। কেউ তা করেনা। গ্রামে তার খুিপ খালা এমন সুন্দর নাক ফোঁড়ায়! ঘরে ঘরে মেয়েদের নাকে তার হাতের কাজ আছে। বাঁকা হবেনা, রগের মধ্যে দিয়ে সুঁচ ফুঁড়বেনা, কোন চিন্তা নাই।
বউকে নিয়ে শ্বাশুড়িরা তিন নাচুনি বোন নিজেদের গ্রামের বাড়ি চলল। চারজন মিলে এক সিএনজি রিজার্ভ নিল। গাড়ি এসে থামল বাড়ির উঠোনে। বড় খালা অনেক সময় নিয়ে নেমে দাঁড়ালো মাটিতে তার হাত থেকে পান-জর্দ্দা-টাকা-চুন রাখার ব্যাগটা ঠক করে রাস্তার উপর পড়ে গেল। খালা উপুড় হয়ে অনেক সময় নিয়ে তুলছেন সেটা। ছোট খালা কপালে হাত ঠেকিয়ে ভাইয়ের বাড়ির গেটের দিকে তাকিয়ে সেখানে সবুজ শাড়ি পরে ও কার মা দাঁড়ানো তা চিনবার চেষ্টা করছে আর বিড়বিড় করছে, 'সলেমানের মা মনে হচ্ছে, তাই তো নাকি?'
আর শ্বাশুড়ি কোমড়ে হাত দিয়ে বাঁকা হয়ে খানিক জিরোতে লাগলেন যেন এই পনের মিনিটের জার্নিতে তার কোমড় অসাড় হয়ে গেছে। মুহূর্তের প্রেক্ষাপটে সিএনজিওয়ালা ভাড়ার জন্য জেসমিনের দিকেই তাকিয়ে রয়েছে। টাকা বের করতে দেরি হওয়ায় লজ্জাই পেল জেসমিন, সে দ্রুত চারজনের ভাড়া মিটিয়ে দিল। ভাড়াগুলো মেটাতেই ওরা হা হা করে ছুটে আসে, 'আরে আরে কী কেলেংকারী, বউ টাকা দিবে কিসক, হামরা থাকতে? হামরা দিচ্ছি মা হামরা দিচ্ছি!'
তা হম্বিতম্বি তেনারা যতই করুক টাকা আর বেরিয়ে আসেনা কারো হাতে কিন্তু নতুন বউ ভাড়া মিটিয়েছে বলে ক্ষণে ক্ষণে আফসোস বেরিয়ে আসতে থাকে যা কিছুক্ষণ পরে জাবরের মত বিরক্তিকর হয়ে উঠল।
গ্রামে এসে শোনা গেল খুপি খালা গেছে মেয়ের বাড়ি বেড়াতে।
তবে আসুক সে, কালকে এলেই বউয়ের নাক ফোঁড়ানো হবে।
জেসমিনের নানী শ্বাশুড়ি এখনো জীবিত। নব্বই বছরের বৃদ্ধা। স্বামী মারা যাবার পর বড় ছেলের কৃপায় বেঁচে আছে। এখন ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। মায়ের অসুস্থতার খবর পেলেই দল বেধে মেয়েরা ছুটে এসে হাজির হয়। কলকাকলিতে ভরিয়ে তোলে মৃত্যূপথযাত্রী বৃদ্ধার ঘরখানা।
আজ তিন ননদ আর ননদের বউ দেখে জেসমিনের শ্বাশুড়ি জুবাইদার ভাই বউয়ের মুখ শুকিয়ে গেল। ধানের কাজ চলছে এর মধ্যে এত মানুষের দুপুরের খাবারের আয়োজন করা! মুখে জেগে ওঠা বিরক্তি এতটুকু লুকানোর চেষ্টাও করেনা ভাইবউ।
জুবাইদা বড় বোনকে গুঁতোগুঁতি করে, 'দেখ মুখ কালো হয়ে গেছে ক্যাংকা মনে হওছে এ্যকুনি লাটি লিয়ে ধাবার দিবে।'
ছোট খালা যোগ করে, 'হয় হয় অংকাই, ভাই হামার আজ বাড়িত থাকলে ঝাঁটা কোবান খালোহিনী। বাড়িত লতুন বউ আ্যছে একটা তাও অংকারা করোছে।'
জুবাইদা তবু এগিয়ে যায় ভাই বউয়ের ঘরের দিকে, 'লতুন বউ আ্যছে কি খিলাবিন ভাবী? কিছু না থাকলে দ্যান সোগলি লাগে পরে রান্ধে দেই। হামরাও খামো তো, কতপা বেলা হলো খিদা লাগেনি ক্যা সবাক?'
ভাই বউ আলু পটল আর এঁটে কলা বের করে আনে। বটি ফেলে দিয়ে বলে, 'আঁটাডা কোটেন আর পকুরত তেলাপুইয়া মাছ আছে মারা দিচ্ছি আলু পটল দিয়ে রান্ধেন।'
কাজের কথা শুনে জুবাইদার মুখ শুকিয়ে গেল। তার অকর্মণ্য অলস শরীর হেলেদুলে মায়ের ঘরের দিকে চলে যায়। সেখানে গিয়ে বড় ও ছোট দুই বোনকে চুলার পারে পাঠিয়ে দিয়ে নিজে পুকুর পাড়ে মাচার উপর গিয়ে বসে। বসে বসে পা ঝোলায়। এখানে এসে বসার উদ্দেশ্য ভাই বউয়ের মাছ ধরা দেখা। ক'টা মাছ ধরবে আর ক'টা রান্না করবে সে হিসাব চিকন চোখে মাপার জন্যে এক তিলও নড়েনা। কিন্তু কোথায় কী, ভাই বউ তো পুকুরের সীমানাতেই নেই।
জুবাইদা তখন ভাই ঝিকে ডাকে, 'ক্যারো পুনি তোর মা কোনটে, ক'লো মাছ ধরবে তরকারি আন্দনের জন্যে, এটি আসা দেকি পগারপার হ'ছে ক্যাম্বা।'
ভাইঝি জানায়, 'মা গেছে পূব পাড়া, আতপ ফুবুর কাছে পঞ্চাশটা ট্যাকা পায়, দিবা চাছে বলে আজ। তাই গেল।'
জুবাইদা মুখ ঝামটায়, 'হ বুজিছি তোর মায়ের চাল, পগারপার হোছে। পকুরের মাছ কুমে যাবে? হামরা কি কুত্তা, বেমাক মাছ খাবা আছি? ক্যারো মাগি পকুর কি হামার বাপের লয়? এই যে তোমরা খাছিন তামান বছ্ছর ভরা হামরা ভাগ লিবা আছি? আজ লতুন বউয়ের নামে দুডা মাছ মারবা আসে তোর মাও পগারপার হছে!'
এক কথা বারবার বলা শ্বাশুড়ির অভ্যাস বুঝলো জেসমিন। সে নানী শ্বাশুড়ির ঘরে আসে। বৃদ্ধা একা একা শুয়ে আছে। মুখটা শুকিয়ে এতটুকু হয়ে রয়েছে। জেসমিন তার কাছে বসে মাথায় হাত বোলায়।
নাতবউয়ের আদরে বৃদ্ধার ঘোলা চোখের কোল পানিতে ভরে ওঠে। সে খুব আস্তে আস্তে বলে, 'ডাব খাবি বউ? খাটের নিচে একট ডাব আছে ব্যার কর, ক্যাটে খা।'
জেসমিন খাটের নিচ থেকে বৃদ্ধার একমাত্র সম্বল ডাবখানা বের করে টেবিলে রাখল। জেসমিন জানেনা যেই কৃপা করে বুড়িকে দেখতে আসে তাকেই এরকম একটা ডাব অথবা খোলা বিস্কিটের প্যাকেট থেকে একটা বিস্কিট সাধে বুড়ি। যখন কিছুই থাকেনা তখন ফ্যালফ্যাল করে জানালা দিয়ে উঠোনের ডাবগাছগুলোর দিকে তাকিয়ে থাকে, চোখের সমস্ত ইচ্ছেশক্তি দিয়ে একটি ডাব পারতে চায় মেহমানের জন্য। কিন্তু তার সে আশ কখনও মেটেনা। নানী মাচার কোনাটা দেখিয়ে বলে, 'ওখানে একটা দা আছে, চুপচুপ করে ডাবটা ক্যাটে খা মা। অরা চলে আলে আর খাবা দিবেনা। কাড়ে লিবে।'
জেসমিন হাসে, 'না নানী আমার খেতে হবেনা। এটা আপনার দরকার, কেটে দিই আপনি খান।'
'তুই খালে হামি শান্তি পামো হীনি, খা দিনি। হামি দেকি ও লাত বউ, ছোট থাকতে তোর সোয়ামীক হামিই মানুষ করিছি মা, তোর শাউড়ি তকন ছোট ছিল, নয়/দশ বচ্ছর বয়স, বাচ্চা পেটত আসিছে কি কী তাও কবা পায়না। বাচ্চার গু ধোয়া, মুত ধোয়া, হাঁটা শিকানা সবই করিছি আজ সে লাতিন হামাক একবার দেখপাও আসেনা। ভুলে গেছে মা। বড় হলে সোগলি ছোটকালের কতা ভুলে যায়।'
জুবাইদা তখনই হড়হড় করে ঘরে ঢুকে ডাবটা দেখে উৎফুল্ল হয়ে ঘোড়ার মত একটা হ্রেষা ধ্বনি ছাড়ে, 'ওমা ডাব পাড়ে দিছে? ডাবটার মদে শাঁস হছে মনে হয়! মা ডাবটা হামি বাড়িত লে যামু, যাই?'
জেসমিন অবাক হয়ে চেয়ে থাকে শ্বশুড়ির দিকে। বৃদ্ধা অসহায় চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে, মেয়ে একটা ছালার বস্তার মধ্যে ডাবটা ঢুকানোর জন্য কুস্তি শুরু করল। ডাব চালান হয়ে গেলে হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায়, 'বাপের হাতের গাছ, লাগে থুয়ে গেছে ছোলপোল সোগলে খাবে এই ইচ্চায়, খালি বড়ব্যাটার গুষ্টির জন্য তো আর লয়। তা সে গুষ্টি খালেও না হয় এক কতা আছলো মাগির ভাই বুন মাও তামান আসে, তুরুদ্দুম করে খায় আবা বান্দে।' সে ভাইবউয়ের জ্ঞাতি-গোষ্ঠির কথা বলছে।
মেজো খালা ঘরে ঢুকে ফ্যানের নিচে বসে মাথার কাপড় ফেলে ঘাড়ে বাতাস নেয়। আগুনের পাড় থেকে উঠে আসা মানুষটার হাত-মুখ তেল চকচকে। অন্যের নামে কুটনামীতে ফার্স্ট এই খালার চোখ-মুখ সর্বসময় লালচে আর কুঁচকে থাকে, যেন ভেতরে তার সবসময় একটা দহন চলে। আর এই দহন ছাড়া তার ঠিক সুখও আসেনা। ওনাকে দেখে জেসমিনের মনে পড়ে তাদের গ্রামের ইলেকট্রিশিয়ান তবিবর চাচার কথা। তবিবর চাচার নেশা ছিল নিয়ম করে কারেণ্ট শক খাওয়া। মাঝে মাঝেই দেখা যেত কাজ করতে গিয়ে হঠাৎ ছিটকে পড়ে গিয়ে সে কাঁপছে। সবাই বকাবকি করত, ধুর মিঞা যে কাম পারোনা সেই কামকেই বানাইছো পেশা, ছাড়ো এই পেশা, ছেড়ে অন্য কাম ধরো!
এসব শুনে তবিবর চাচা মুচকি মুচকি হাসতো কিন্তু কিছু বলতনা।
একবার এত সিরিয়াস হয়ে গেল যে হসপিটালে নিতে হলো। সেদিন বেডে শুয়ে শুয়ে কুদ্দুস ম-লের হাত ধরে কাঁদতে কাঁদতে চাচা যা বয়ান দিয়েছিল তা শুনে তো সবাই বিষ্মিত! সে বলে কিনা, 'ভাই হামাক বাঁচান গো, হামি যে কি করমু। শরীলের মোদে কারেন্টের এই শট না খালে হামার মাতা-টাতা খারাপ হয়ে যাবার ধরে। এই ঝাঁকির পতি হামার লিশা হয়ে গেছে।'
রান্না শেষ হলে তবে যে বাড়ির বউ বাড়িতে ফিরল। তখন দুপুরের খাওয়ার সময়, সবাই বারান্দায় মাদুর পেতে থালা নিয়ে বসেছে।
ছোট খালা গজর গজর করে, 'বড় বু কুটে বাছে দিছে হামি রানদিছি আর তিনি পাড়া বেড়াবা গেলেন, কী সুখ!'
জেসমিন অবাক হয়। এক পাতিল ভাত, এক বাটি এঁচে কলা ভাজি আর মাছ ছাড়া একবাটি আলু-পটলের ঝোলের আয়োজনে এখানে বিয়ে বাড়ির আড়ম্বর বয়ে যাচ্ছে।
হঠাৎ মামা শ্বশুর বাড়িতে এসে হাজির। সবাই অবাক। তিনি শহরে যান চাকরি করতে রাতে ফেরেন। এই ভরদুপুরে বাড়িতে আসার কথাই না তার। জানালেন সবুজ ফোন করেছিল মামাকে, তার কাছেই জেনেছে বাড়িতে নতুন ভাগনা বউ বেড়াতে এসেছে, শুনে ছুটি নিয়ে চলে এসেছেন।
খুব খুশি হলো জুবাইদা। গুতো মেরে জেসমিনকে জানায় তার এই মামা শ্বশুর খুব আমুদে মানুষ। আনন্দ তার পছন্দ। আর খুব দিলদরিয়ার।
মামা জুতা ছাড়তে ছাড়তে বলে, 'কী দিয়ে ভাত খাছিন সব?'
ভাইয়ের এই কথার সঙ্গে সঙ্গে তিন বোনের মুখ হয়ে উঠল সোমালিয়া-মোগাদিসুর দূর্ভিক্ষ পীড়িত অসহায় মানুষের প্রতিরূপ। প্রয়োজনের চেয়ে একটু বেশী সামনে এগিয়ে ধরল ভাতের থালাগুলো যেন ভাই দেখতে পায় মাছ ছাড়া শুদা তরকারির ভাত নতুন বউকে কোন জাহেল খেতে দেয়!
বড়খালা নিচুস্মরে বলে, 'বাপের বাড়িত আস্যা লিজেবাজে করে ধরে খাওয়া লাগে, এই হলো হামাকেরে অভাগা বুনেগেরে কপাল। বাপের সয়-সম্পত্তি তো কিছু চাইনিকো, পাইওনাকো। গাছের ফল, পকুরের মাছ, ক্ষেতের ফসল সব বারোভুতে লুটেপুটে খাছে। ভাইয়েরা সব বাটোয়ারা করে দিক হামরা এদিকে আর পাও দিবার চাইনাকো বাবা। এক বাপে তো মরেও গেছে মারেও গেছে।'
বোনেদের এসব আক্ষেপে তাও আবার নতুন বউয়ের সামনে মামা শ্বশুরের ঘুমন্ত পৌরুষ জেগে ওঠে, ভারী গলায় বউকে ডাকে, 'ক্যা বারে মুন্নার মাও এদিকে একটু অ্যাসো ত।'
মুন্নার মা ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে, তার শঙ্কিত অবনত মস্তকে স্বামীর দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য তিন ননদের মনে শান্তির বাতাস বইয়ে দিচ্ছে, 'লে এবার বোজ, মাগী মানষের এত ঝাল ক্যা? মনে তো হয় যে ভাতার বিইয়ে বিয়া বইছিলিন!'
কিন্তু বড় বোন মুখে বলে, 'থাক বাদ দে ভাই, বাদ দে। এগলা সবই হামাকেরে কপাল। বাপ মরিছে এতিম হয়ে গেছি। বাপের বাড়িত একথাল ভাতও যে জুটপেনা এইদিনের সে হিসাব হামরা আগেই জানি।'
ভীতু কিন্তু অপমানিত মামী শ্বাশুড়ি খেঁকিয়ে ওঠে, 'আপনেরা গুষ্টিশুদ্দা আসেন, চারিভরে খায়া খায়া যে চলে যান সেগলা কি আকাশত থেকে পড়ে না আপনেগেরে বাপে পাটায়?'
জুবাইদা আরো উচ্চকিত চিৎকারে গগন বিদীর্ণ করে দেয়, 'হামরা একলাই খালি খাই তুই খাসনা, তোর ছোলপোলে খায়না? বুড়ির জন্যে যাই আনি মাছ, গোস্ত, তরকারি, খালি গোন্দ পালে হ'ছে থাল লিয়ে আসা সাড়া হয়ে যায়, দেন আপা কি আনছেন? মুছে খায়ে আবার থাল পাতে দিস না? খিলাইনা, কম খিলাই? সব তো তোরাই খাস, দুদিন পরে মরবে বুড়ি সে আর কয়ডা খাবা পারে?'
মামী এক সেকে- সময় নষ্ট করেনা, 'হ হ আপা কত যে খিলান তা আজ কমো আপনের ভাইয়ের সামনে, বউওকও কই,' বলে জেসমিনকে সাক্ষী মানে, 'শোনো বউমা তোমাদের বাড়িত একটু বেড়াতে যদি যাই তোমার শাউড়ি কি খাবা দিবে জানো তিনদিন আগেকার কাটা বাসি আমের চক, বিশ-পঁচিশ দিন আগেকার ফিরিজের মিষ্টি। দুনিয়ার বাসি তরকারি যেগলা খাওয়ার পরে বাঁচে না সেগলা, তাও মনে করেন পাঁচ-ছয় দিন অ্যাগলা, বিয়া তো হছে ধীরে ধীরে সবই বুজবিন।'
দুইপক্ষের মাঝখানে পড়ে জেসমিন বেড়ালের মত চেয়ে থাকে। মামা শ্বশুর এদিকে বোনদের কিছু বলতেও পারছেনা কিন্তু উভয় পক্ষের রাগ গিয়ে পড়ে একজনেরই উপর। যথারীতি মোটা একটা লাঠি এনে শুরু করল বউ পিটানো।
জুবাইদা তবুও থামেনা সে বকেই যাচ্ছে, 'বড় বোনকে সরিয়ে দিতে দিতে বকে দেকলি বু কত বড় মিছা কতাগুলান ক'লো। মারুক, মারবেনা তো কি করবে, ভাই হামার সব সহ্য করবে বুনেকেরে অপমান সহ্য করবেনা। না মারলে তো শিক্ষা হ'বেনা।'
মারতে মারতে মামী শ্বাশুড়িকে মাটিতে শুইয়ে দিয়ে মামা হাঁফাতে লাগল। তার বুকে ব্যথা উঠে গেছে।
ছোট খালা মামার মারের পক্ষে কিছু বলে তা বুকের ব্যথাটা একটু লাঘব করতে তৎপর হয়, 'আগে মার তারপরে যত ঔষধ-তেল-পানি যা লাগে খরচ কর। মেয়েমানুষক সিদা রাখাতে মারের উপর ওষুদ আছে? নাই। হামার দাদীর লাকান মাটির মানুষ হয়না তাক পর্যন্ত দাদায় রেহাই দেয়নি, হামার বাপে হামার মাওক কম মারিছে ক্যা? হামরা মার খাইনি?' বলে ভাবীর দিকে আঙ্গুল তুলে দেখায়, 'ওই দেখো সিদা হয়ে গেছে।' কিন্তু জেসমিন দেখল মামী জিলাপির মত বাঁকা হয়ে ধুলি-মাটিতে কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে।
কিছুক্ষণ কেঁদে কেটে মামী সংসারের কাজে ফিরে গেল। মামা বাজারে লোক পাঠালো দুই কেজি গরুর মাংস কিনতে। রাতে গরুর মাংস রান্না হবে।
জুবাইদা খুশিতে তাদের সবার ছোট বোনকে ফোন লাগায়, গলা নামিয়ে ফিসফিস করে কথা বলে, 'হালিমা শোন হামরা তিনজন বাড়িত আছি। তুই চলে আয়। চাকরে গোস্ত কিনবা গেছে বাজারত, রাতে গোস্ত রান্না হ'বে। আরো মেলা কতা আছে, আয়। মুন্নার মাওক আজ খুব পিটাছে ভাই। আলে সব কমোহীনি আয়। আজ চার বুনে এক হই, আয়।'
কাঁদতে কাঁদতে গরুর মাংস রান্না করছে মামী। তার সমানে নাক টানার শব্দকে ছাপিয়ে ধীরে ধীরে ভেসে উঠছে গরুর মাংসের লোভনীয় মসলাদার ঘ্রাণ।
মেজোখালা কিছুক্ষণ পরে রান্নাঘরের দিক থেকে এলো এক ভয়ঙ্কর খবর নিয়ে, রান্না করা মাংস এক বাটি সরিয়ে রেখেছে মুন্নার মা, কোথায় রেখেছে কেউ দেখেনিকো।
কিন্তু সন্ধ্যার আবছায়ায় জেসমিন কিন্তু ষ্পষ্ট দেখল তার শ্বাশুড়ি নিস্তব্ধ বারান্দায় আড়ে ঝুলিয়ে রাখা মামার শার্টের মানিব্যাগের ভেতর থেকে কিছু টাকা সরিয়ে দ্রুত চলে গেল।
জেসমিন নানীর পাশে এসে বসে থাকে চুপচাপ। নানী ভয়ে চুপসে আছে। সে চলৎশক্তিবিহীন। পায়খানা-প্রশ্রাবের জন্য তাকে ছেলের বউয়ের উপর নির্ভর করতে হয়। কিন্তু মাঝে মাঝেই তার মেয়েরা এসে ছেলের বউয়ের সাথে ঝগড়াঝাটি করে চলে যায়, পরে ছেলের বউ পুরো প্রতিশোধটা তোলে বুড়ির প্রতি চরম অবহেলায়। সে চায়না মেয়েরা এখানে আসুক, ছেলের বউকে চটিয়ে যাক। কিন্তু সে কথা সে কাউকে বলতে পারেনা, বোঝাতে পারেনা। এদের সমান উচ্চ স্মরে বোঝানোর শক্তি তার ফুরিয়ে গেছে। সে বোঝাতে পারেনা নব্বই বছর বয়সেও তার একটু শান্তিতে বেঁচে থাকতে ইচ্ছে করে। কিন্তু সে এও শুনতে পেয়েছে এই মেয়েরা নাকি তার মৃত্যূকে তরান্বিত করার দোয়া পড়িয়ে নিতে চায় মৌলবির কাছ থেকে।
এমন একটা পরিবেশে জেসমিনের খুব আমোদ হচ্ছে। এখানে পক্ষ-বিপক্ষের এক লড়াই চলছে। চার বোন একটা বৃত্তে মাথা গুঁজে ঘন্টার পর ঘন্টা ফিসফিস করেই চলেছে। তারা চারজন কখনও পুকরপাড়ে, কখনও হাটখোলার কাঁতির উপর কখনও সলেমানের মায়ের উঠানে দাঁড়িয়ে প্রবল নিন্দা আর অপবাদের মধ্যে দিয়ে এটাই প্রসিদ্ধ করার চেষ্টা করছে যে আজকের মারটা কতটা যৌক্তিক ছিল।
জেসমিন নানীর পাশে বসে থাকতে থাকতেই গুয়ের গন্ধ পেল। সেই গিয়ে খবর দিল খালাদের যে নানীকে পরিষ্কার করাতে হবে।
এই মুখরোচক মিটিং এর মধ্যে হেগে কতবড় অপরাধ যে করে ফেলেছে বুড়ি তা তার মেয়েদের দূর্ব্যবহারের মধ্যে দিয়ে তাকে পরিষ্কার করার ঘটনায় বেশ টের পাওয়া গেল।
কলের পাড়ে নানী শ্বাশুড়িকে ধোয়ার মচ্ছব চলছে, ইশারা করে জেসমিনকে বাড়ির পেছনে সরিয়ে আনে মামী শ্বাশুড়ি। তার মুখটা ফুলে আছে। মারের চোটে নাকের ফুল ভেঙ্গে উধাও, নাকের উপর একফোঁটা রক্ত শুকিয়ে খয়েরী হয়ে আছে। সে আবার চোখ মোছা শুরু করে, হিক্কা তুলতে তুলতে বলে, 'শোনো মা তুমি লতুন মানুষ, কটা কতা কমু। তোমার শাউড়ি উটতে বসতে মিত্যা কথা বলে, চোদ্দ গুষ্টির কেউই তাক পছন্দ করেনাকো। মাঝে মাঝেই তোমার শ্বউরর হাতত ম্যার খায়। দেকো তার ডান হাত ব্যাঁকা। তোমার শউর ম্যারা হাত ভ্যাঙ্গা দিছে, আর এরা সব বুনেরা কি করে জানো মাঝে মদ্যেই তোমার মামার ট্যাকা চুরি করে মা। আজও পকেটত থিনি পাঁচশডা ট্যাকা নাই, কি কমো মা, কাক কমো এলা দুঃক্কের কতা। তোমার শাউড়ি আর ছোট খালা শাউড়ির চুরির অভ্যাস আছে মা সেকথা তোমার স্বামীও জানেন তোমার শ্বউরও জানেন।' এসব বলার সময় মামী শাশুড়ির অশ্রুশিক্ত চোখদুটোর মধ্যে যে প্রতিশোধের সুক্ষè আনন্দের আলো-ছায়ার খেলা চলছিল তা দেখতে দেখতে জেসমিন বলতে ভুলে গেল যে সন্ধ্যায় সেও এরকম একটা কিছু দেখেছিল।
পরেরদিন খুপি খালা ফিরে এলে জেসমিনকে ঘিরে নিয়ে বসল সবাই। ভয়ে নাকের চারটা পাশ সিরসির করছে। কত ব্যথা লাগবে কে জানে! চারপাশে জেঁকে বসা এই বুড়ির দলকে কারাগার বলে মনে হচ্ছে।
খুপি খালা মাথাটা চেপে ধরে কটাক্ষ করে, 'এত ভয় করোছিন ক্যা বারে, যে লড়োছে, মুই তো সুঁই বসাবারই পারোছিনা। মাগীমানুষ এ্যত ভয় প্যাদরা ক্যা। ছোল বিয়াবিন ক্যাঙ্কারে বা?'
ছোট খালা পাশ থেকে শুধরে দেয়, 'মনে হওছে নাক ফোঁড়াবার ইচ্চাই নাই বউয়ের, সিঙ্কারাই ঠ্যাকে।'
শ্বাশুড়ি বলে ওঠে, 'ফোঁড়াবেনা তে আবার স্বামীর মঙ্গল হোবে কোনটে থিনি?'
মাথার উপর থেকে অল্পবয়সী এক বধু বলে চিকন স্বরে, 'নাকের ফুল হলো যে নাকের ঢাল, বিবির বদ নিশ্বাস, দীর্ঘ নিশ্বাস আটকাবে নাকের ফুল, যেন তা স্বামীর উপর যায়ে না পরে।'
কুট করে নাকের পাতায় সূঁচটা ঢুকে গেল, ব্যথায় চোখ থেকে কয়েক ফোঁটা পানি ঝড়ে গেল জেসমিনের। রক্তাক্ত ছিদ্রে সুতো পেঁচিয়ে গিঁট দিতে দিতে খুিপ খালা বলে দেয়, 'শুকে গেলে সুতাডা কাটে বিয়ার সোনার ফুলডা পরিস মা, নাক খালি রাখিস না তাহলে কোল এই ছিদ্রি ফির মুনজে য্যাবে।'
একমাস পর পর বাড়িতে আসে সবুজ। বাবা মায়ের কাছে কিছুদিন থাকুক জেসমিন তারপর মেস ছেড়ে দিয়ে বাড়ি ভাড়া করে বউকে নিয়ে যাবে।
প্রথম মাসে বাড়িতে এসে বুঝল বাড়ির আবহাওয়া থমথমে। একদিন পরে বুঝল এঘরে তৈরি হয়েছে পক্ষ-বিপক্ষ।
একদিন বাবা-মায়ের চাপে বউকে নিয়ে শালিস বসাতে বাধ্য হলো সবুজ।
শালিসে বাবার প্রথম উচ্চারণ, 'এ্যাঙ্কা বউ হামরা চাইনি। এমন দেমাগি বউ হামাকেরে বাড়িত চলবেনা বাবা। সেবা যতœ করে এমন কোন গ্রামের মেয়ে হামাকেরে দরকার। ই মেয়ে তো দুপুর বারোডায় ঘুমত থেকে ওটে।'
জুবাইদা মুখ ঝামটায়, 'মেলা বয়স তো হলো আর আন্দে খিলাবা পারমোনা বাবা, লবাবের বেটি আসিছে ঘরত। মুখ ঝামটে কয় রানবা পারবেনা।'
জেসমিন খুব শান্ত স্বভাবের মেয়ে কোনদিনই না, সেও মুখে মুখে উত্তর দেয়, 'আপনারা লোভী, কিপটে। আপনাদের চালের ড্রামে হাত দিতে পারমিশন লাগে, ভাতের প্লেট নিতে গেলে অনুমতি লাগে। শুইতে-খাইতে মাথার উপর চার চোখের সিসি ক্যামেরা সেট করে রাখছেন। পাতিল থেকে মাংস বেছে নিতে গেলে ধমক দেন বেশী ঘাটাঘাটি করলে গন্ধ হয়ে যাবে। রান্না করতে বসলে হাজার ভুল ধরেন। আমাকে তো রাখছেন মাগনা পয়সার বাদির মত, যে নীরবে সব কাজ করে দেবে আর আপনাদের সেবা করবে। কিন্তু আমি যে একটা শিক্ষিত মেয়ে তা ভুলে গেছেন আপনারা।'
সবুজ ক্ষেপে ওঠে, 'আমার বাবা মাকে শিক্ষার দেমাগ দেখাও? তাহলে তো এবাড়িতে থাকা চলবেনা। সেক্ষেত্রে চলে যেতে পারো তুমি। দুনিয়ায় মেয়ের অভাব নাই। টাকা ছিটালে তোমার মত কতো মেয়ে এসে হুমড়ি খাবে এই পায়ের উপর।'
জেসমিন কান্না চাপতে খুব চেষ্টা করে। তবে সে এটাও বুঝে ফেলেছে এদের চোখের জল দেখানো যাবেনা। এই দুর্বলতা একবার দেখিয়ে ফেললে পরে ভুগতে হবে।
বাবার নালিশ আজ ফুরায়না, 'একদিন ভালো মনত জিজ্ঞাস করিছি তা কয় ভরি গহনা দিছে তোমার আব্বা, বেয়াদব মেয়ে মুকের উপর কয় কি আপনে কয় ভরি গহনা দিয়ে বউ ঘরত তুলিছেন? মানুষ তো ছেলের বউকে কত কি দেয় আপনে কি দিছেন?'
একথা শুনে সবুজ তেড়ে মারতে আসে, জেসমিনের ঘাড়ে মাথায় মুখে চড়-থাপ্পড় মারতে মারতে বলে, 'আমার বাবা মাকে এসব বলিস তুই? এই কি দিতে হবে রে তোকে? তোর বাপ কী এমন দিছে? দুই বেলা খাবার পাবি? বুয়ার মত কাজ করবি, আব্বা আম্মার সেবা করবি। করতে না পারলে বেরিয়ে যা বাড়ি থেকে।'
সে রাতটা থেকে পরেরদিন এবাড়ি থেকে চলে গেল জেসমিন। যখন চলে যাচ্ছিল একবারও পেছনে ফিরে তাকায়নি জেসমিন। তাকালে দেখত অথর্ব আর অসহায়ের মত চেয়ে আছে সবুজ।
একটি চাকরির জন্য যখন খুব চেষ্টা করছে জেসমিন তখন অনেক চেষ্টা-তদবির তোষামদ করে সবুজ তাকে ফিরিয়ে আনলো। যে শহরে চাকরি করে সেখানে নিয়ে চলে এলো। বেশ ভালো একটা বাড়ি ভাড়া করলো। সব গুছিয়ে বসতে বসতে প্রথম তিন চার মাস তাদের নির্বিঘেœই কেটে গেল। দুজনার সংসারে সবুজ কিন্তু নিজেকে বেশ রোমান্টিক প্রমানিত করলো। হাসি-গল্প-আবেগ-খুনসুটির কমতি নেই। ছেলেটাকে ধীরে ধীরে ভালবেসে ফেলল জেসমিন। সবুজ কিছু টাকা জমিয়েছে হানিমুনে যাবে বলে। ফোনে কথাটা সবুজ মুখ ফস্কে বাবাকে বলতেই চটে আগুন হয়ে গেল বাবা, 'বাউদা এইসব পয়সা খরচ করার বুদ্দি কে দিল শুনি? এটা বয়স পয়সা জমানার, ফূর্তি করে উড়ানার নয়। কে দিছে বুদ্দি ওই মেয়ে না?'
কিন্তু বাবা যা বলে বলুক হানিমুনে যাওয়ার শখটা সবুজেরই বেশী তাই সে ভাবলো তাদেরকে না জানিয়ে ঘুরে আসবে। এসি বাসের টিকিট কাটা হয়ে গেছে, হোটেলের রুম বুক করা হয়েছে। আশ্চর্য যেদিন তারা যাবে তার ঠিক আগের দিন শ্বশুড়-শ্বাশুড়ি এসে হাজির। মিষ্টি করে বাবা বলে, 'বৌমা এলাম, দিন পনের থাকব তোমাদের বাসায় একটু বুড়ো বুড়ির সেবা করো দেখি, কেমন পারো। একা একা থাকতে আমাদের আর ভালো লাগেনা।'
বাবা-মা বাড়িতে পা দেবার পরপরই সবুজের আচরণ পাল্টে গেল। মিষ্টি অমায়িক ছেলেটা পুরোদস্তুর পুরুষ হয়ে উঠলো। কথায় কথায় ধমক দিয়ে জেসমিনকে কাজের ফরমায়েশ করে, ভালো কথা রুঢ় করে বলে। নানা কারণে সারাদিন কাজ কর্মের পর অবিরাম মেজাজ খারাপ থাকে জেসমিনের। ভুলেও বউয়ের কাছে ঘেরেনা সবুজ। যেন অন্য কোন মেয়ে সে। বাবা মা বেডরুমের দরোজা লাগানো পছন্দ করেনা তাই শোবার ঘরের দরোজা দিনরাত হাট করে খুলে রাখে সবুজ।
একদিন মিনস্ট্রেশনের ব্যাথায় কোমড়টা নিয়ে খুব ভুগছে জেসমিন, সবুজকে বলে একটু ঠেসে দাওতো, তুমি শক্ত হাতে দুইটা মোচর দিলে অনেকটা ভালো হয়ে যায়। সবুজ ভয়ে ভয়ে দরোজার দিকে তাকিয়ে বউয়ের কোমড়ে দুটো চাপ দিয়েছে কি দেয়নি জুবাইদা ঝড়ের গতিতে ছুটে এলো, 'বউয়ের এতই ভাউরা হছিন ক্যা বা, যে বউয়ের পা টেপোছিন, এই মেয়ে পাপে তোমার নরকেও জাগা হোবেনা জি। ক্যা বাবা এত কষ্ট করে মানুষ করিছি তোমাক, জীবনে পাছার একটা কাপড় ধুয়ে লেইনি সেই তুমি কাল নিজের প্যান্ট নিজেই ধুলিন দ্যাকনু। ক্যা বউ কেংকা মেয়েমানুষ তুমি স্বামীর হাতে আদা-রসুন-জিরা সবই বাটে লেও?' বলে সে কাঁদতে লাগলো, 'অ বাবা কি বিয়া দিনু তোমাক হামরা, এতই কাম করছিন, বুক যে ফাটোছে হামার। চাকরি করিন আবার সংসারের মাগ্যা কামও করিন? হামরা মাও-বাপ কেম্বা করে সহ্য করমু রে বা?'
বাবা-মা একদিন ফিরে গেল। তাদের কাপড়-চোপড় দেয়া হলো, জুতো তারা চেয়ে নিলেন।
জেসমিন নিজেকে চালাকই জানত কিন্তু খুব একটা বোকামি করে বসল, তা না হলে ওরা চলে যাওয়ার পর ছুটে এসে কেন সবুজকে বলবে, 'এই জানো বাথরুমের তাকে না নতুন লাক্স সাবানটা নেই, শ্যাম্পুর বোতল অর্ধেক খালি, আমার ভ্যাসলিনের কৌটা অর্ধেক শুন্য কে যেন খাবলা দিয়ে তুলে নিয়ে গেছে, আমার হাতব্যাগে দুশ টাকা ছিল একশ আছে আর একশ নেই। এ কেমন চোর যে হিসেব করে চুরি করে?'
জেসমিনের কথা শেষই হয়নি ক্রুদ্ধ কণ্ঠে চেঁচিয়ে ওঠে সবুজ। হঠাৎ কেন যেন জেসমিনের অনেকদিন আগে দেখা লাঠি হাতে মামা শ্বশুড়ের কথা মনে পড়ে।
'তুই কি বলতে চাস মাগি, আমার মা চোর? ফকিন্নি, আমার মা তোর দু পয়সার জিনিস চুরি করে নিয়ে গেছে?'
জেসমিন একটু অবাক হবার ভান করে, 'আমি আবার কখন তোমার মায়ের নাম বললাম, আমি তো কারো কথাই বলিনি!'
নিজেই নিজের ফাঁদে ধরা পড়েছে বুঝে আরো ক্ষিপ্ত হয়ে যায় সবুজ, 'এই নদী ভাঙ্গা ফকিন্নির গুষ্টি যা কিছু গেছে আমার গেছে তোর বাপে এমন কি দিছে যে বড় বড় কথা বলছিস?'
জেসমিন এবার ভালোমানুষের খোলশটা ঝেড়ে বেরিয়ে আসে, 'ফকিন্নি আমি না ফকিন্নি তোমরা, খিয়ারের ফকির। আছে দুই বিঘা বিয়ার সময় ফিরিস্তি দিছিলা বিশ বিঘার। মিথ্যূকের গুষ্টি।'
'আরে আমার রুপের রানিরে মহারাজা স¤্রাট পাত্র বইস্যে ছিল তোকে ঘরে তোলার জন্যে।'
'মহারাজা না হলেও শিক্ষাগত যোগ্যতায় তোমার চেয়ে অধিক কাউকে পেতাম আমি। গ্রামে গিয়ে শুনছি তো, তোমার মামীই বলছে তুমি আই.এ পাশ, আর বিয়ার সময় ঠকবাজি করে বলেছো মাস্টার্স পাশ।'
আর পেরে ওঠেনা সবুজ, বিকারগ্রস্থ হয়ে মাকে ফোন লাগায়, চিৎকার করে, 'মা কি কি চুরি করে নিয়ে গেছো এক্ষুনি ফিরিয়ে দিয়ে যাও। এই খানকিরে এখুনি তালাক দিমু আমি। মা তোমারে কয় চোর!'
মা মিনমিন করছে ওপার থেকে। ফোন কেড়ে নিয়ে বাবা ধরল, কড়া গলায় ছেলেকে বলে, 'বাবা কোন প্রশ্রয় দিবিনা। শুরুতেই কাঁটা মুড়ো করে ভেঙ্গে দিতে হ'বে, যদি ভাঙ্গতে না পারো সারা জীবন খোঁচা খেতে হবে। এধরনের মেয়েদের সিধা করার একটাই পথ…..।'
কিন্তু এক্ষেত্রে বাবার দর্শন সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। মারের পরিবর্তে বিষয়টা মারামারিতে রূপান্তরিত হয়ে গেল। বউয়ের হাতে মার খেতে কাউকে কোনদিন দেখেনি সবুজ। আজ নিজে খেল।
মার খেয়ে রাগের পারদ নেমে গেল সবুজের। সেটা অভিমানে পরিণত হলো। তাকে এভাবে খামচে খুবলে রক্ত বের করে দিতে পারলো জেসমিন? সে কী বউকে ভালোবাসেনা? আড়ালে গিয়ে মেলা কাঁদল সবুজ।
প্রাণপণে প্রতিহত করলেও তুলনায় অনেক বেশী মার খেয়েছে জেসমিন। কিন্তু শেষ পর্যন্তও সে এটা ভেবে গেছে শুরুতেই প্রতিঘাত না করলে সারাজীবন পেয়ে বসবে।
সারা শরীরে ব্যথা। মুখে কালশীটে দাগ। জখম। নাকে হাত দিয়ে টের পেল নাকফুলটা নেই। সে ওটা আর খোঁজার চেষ্টাও করলোনা। নাকফুলটা হারিয়ে গেল।
কয়েক মাস পরে ঈদ করতে বাড়িতে গেলে শ্বাশুড়ি বউকে দেখে আঁতকে ওঠে, বলে, 'মদ্দা মানষের লাকান হাতত চুরি নাই, নাকত ফুল নাই, কেমন লাগোছে রে বা?'
জেসমিন স্বল্প কথায় উত্তর দেয়, 'ফুল নাই মা কিন্তু নাকের ছিদ্রটা তো দেখা যাচ্ছে, যাচ্ছেনা?'
'হয়, দেখা যাচ্ছে, কিন্তু ফুল না পরে থাকলে যে ছিদ্রি বন্দো হোয়ে যাবে রে মা। তকন আবার লতুন করে ফোঁড়ানা লাগবে।'
'ছিদ্র তো বন্ধ হয়ে গেছে মা, সেই কবেই। এটা এখন মৃত একটা গহ্বর যা শ্রেফ একবিন্দু স্মৃতিফলকের মত একটা চিহ্ন বহন করছে। আর আমার দীর্ঘশ্বাস ঠেকানোর জন্য যে সোনার ঢালটা দিয়েছিলেন সেটা হারিয়ে গেছে। তবে ভয় নেই মা, এখানে কোন দীর্ঘশ্বাস নেই। এখানে আসলে নিঃশ্বাসেরই কোন অস্তিত্ত্ব নেই। সেটা আপনার চেয়ে আর ভালো কে বুঝবে!'
