দেবব্রত মুখোপাধ্যায়-এর ‘লতা’
'প্যারাগ্রাফ' মুখস্থ করতে গিয়ে শিখেছি, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষরা 'গাইড' হয়ে জন্মান। এরা ভ্রমনের পথে নাকি মারাত্মক প্রয়োজনীয়। গ্যাট গ্যাট করে ইংরেজীতে কথা বলেন আর এই বাংলাদেশে বসে আপনাকে চেঙ্গিস খানের কবরতক চিনিয়ে দিতে পারেন!
কিন্তু এই পান্ডববর্জিত পাহাড়ের মাথায় আবার গাইড কেন?
কয়েক ঘন্টা ধরে এ কথাটাই বোঝানোর চেষ্টা করছি আমরা দু জন। কে বোঝে কার কথা। যে পাহাড়ের উপরে এই ক্যাম্প, তা খুচলে পানি বের হতে পারে। কিন্তু কর্মকর্তার মুখ নরম হওয়ার কোন লক্ষন নেই। একই কথা বলে চলেছেন,
'শোনেন, গাইড বাদে এখান থেকে আপনারা রওনা হতে পারবেন না।'
এ কেমন কথা! এই বাংলাদেশে চলতে আমাদের আবার ক্যাট ক্যাট করা গাইড লাগবে কেন? কর্মকর্তা বললেন,
'পথ চিনবেন না। শেষে হারিয়ে গেলে জবাব আমাদেরই দিতে হবে। আপনাদের জীবন নিয়ে ঝুঁকি নিতে পারব না।'
আমি একটা বিষয় এতদিনে বেশ বুঝতে পেরেছি, বস আর কোন কর্মকর্তা, এরা আগে থেকে সিদ্ধান্ত নেন। পরে আলোচনা করেন। পুলক এতকিছুর পরও আরেকবার বোঝানোর চেষ্টা করল। আমার আর বোঝানোর শক্তি নেই। ওই পাহাড় ঠেঙ্গিয়ে আবার নেমে আসতে হলই।
নেমে আসলেই কী গাইড পাওয়া গেল? গাইড কী কাওরান বাজারের পচা তরকারী? যখন যাবেন ঝুড়ি ভরে নিয়ে আসবেন! কোথায় কার গাইড? স্থানীয় আদিবাসী গাইডরা সব কয়জন 'পার্টি' নিয়ে সকালেই রওনা হয়ে গেছেন। আছেন জনা তিনেক বাঙ্গালী। তারা কেউ যাবেন না। পরদিন ঈদ।
আমি জানতাম, এরকম একটা কিছুই হবে।
নিজের মাথায় হাত রেখে বলছি, এই ঝামেলার জন্য আমাকে দায়ী করা যাবে না। আমার দোষের মধ্যে বলেছিলাম,
'এবার ঈদের ছুটির দিন কয়টা একটু ঘুরে এলে ভাল হয় না?'
অকাজের কাজে উৎসাহী পুলক সঙ্গে সঙ্গে নেচে বললো,
'তাহলে ঈদের ছুটির আগের দিন কমলাপুর গিয়ে যে ট্রেন আগে পাবো উঠে পড়ব। কোথায় যাবো আগে থেকে ঠিক করে লাভ নেই।'
হা ঈশ্বর! ইহজগতে কত প্রকার পাগল জন্ম দিয়েছ তুমি? কোনক্রমে বোঝান গেল, ঈদের আগে যেমন খুশী ট্রেনে উঠে পড়ার চেয়ে মাস দুয়েকে নুতন চাকরি খুঁজে বের করাও সোজা।
এরপর বসকে মিথ্যে-সত্যি বলে ছুটি একদিন বাড়িয়ে নেওয়া বা ঈদের আগে ট্রেনের টিকিট কাটা-এসব জাগতিক প্রয়োজনীয় অভিজ্ঞতা আপনাদের বেশিরভাগেরই আছে। যাদের এসব অভিজ্ঞতা নেই তারা বললেও মর্ম টের পাবেন না। সেই দিল্লীর মেঠাই খাওয়ার মত হবে।
চট্টগ্রামগামী ট্রেনে যেদিন উঠব সেদিনই মুল সর্বনাশটা করলেন আমার এক সহকর্মী। ভদ্রলোককে খুব শ্রদ্ধা করতাম। আসলে মানুষ চেনা দায়। পুলকের সামনেই বললেন,
'বান্দরবনে চলে যান। খুব ভাল জায়গা। বগা লেকটা দেখে আসবেন। অমন সুন্দর জায়গা এই দেশে আর নেই।'
শুধু এক জুনিয়র সহকর্মী মুখ টিপে বলল,
'দাদা কী বান্দরবনে পূর্বপুরুষের সন্ধানে যাচ্ছেন?'
তখন হে হে করেছিলাম। রাতে কথাটা বুঝতে পেরে আবারও চেষ্টা করলাম এই বান্দরবন ভ্রমন বাতিল করতে। পুলককে নিবারন করা আমার কাজ না। ফলে নিজেকে যখন চাঁদের গাড়ীতে আবিষ্কার করলাম তখন আর বিষ্মিত হলাম না।
বান্দরবন শহরে পৌছেই শুরু হল একের পর এক বায়নাÑমেঘলা দেখতে যাই চলো, স্বর্নমন্দিরটা দেখা হল না। যেন যুদ্ধে বের হয়েছি। ওরে বাবা একটু ঘুমিয়ে নিলে কী হয়? পরদিন সকালেই চিৎকার চেচামেচি,
'ওঠো ওঠো। রুমা যাওয়ার গাড়ী ছেড়ে দেবে।'
গাড়ী কী পরে গেলে পাওয়া যাবে না? কোত্থেকে শুনে এসেছে এগারোটার গাড়ি ধরতে না পারলে সেদিন আর রুমা থেকে বগা লেকে রওনা দেওয়া যাবে না। গাড়ি হল সেই আদি ও অকৃত্রিম চাঁদের গাড়ি।
অন্তত তিনটি কারন আছে, যা শুনলে আপনিও বলবেন, এর নাম চাঁদের গাড়ি ছাড়া আর যাই রাখা হোক অন্যায় হত। প্রথমত, এই গাড়িতে চড়ে আপনি যখনই বাইরে চাইবেন, মাটি দেখতে পাবেন না। হয় দেখবেন সামনে পেছনে আকাশ, না হয় নিচের দিকে গাছপালা। পরের কারন, এই গাড়িতে বসে আপনি বেশিরভাগ সময়ই ওজনশুন্য থাকবেন। মাঝে মাঝে শুধু প্রবল ধাক্কায় টের পাবেন, আবার মাটিতে নেমেছে গাড়ি; চাকার দরকার হয় না মনে হয়। সবচেয়ে বড় কারন, মহাকাশযান আর থিম পার্কের রাইড ছাড়া আর একমাত্র এই গাড়ি থেকেই বের হয়ে আপনি মনে-প্রানে বিষ্মিত হবেন, এখনও বেঁচে আছি!
চাঁদের গাড়িতে উঠে প্রথম দিকে ভয় পাচ্ছিলাম। মাঝে মাঝেই প্রায় একশ আশি ডিগ্রী বাঁক। বাঁকের মুখেই এখনই ভেঙে পড়বে বলে দাড়িয়ে থাকা দুই পাহাড়ের সংযোগ সেতু। একবার চোখ বুজে কল্পনা করুন তো, ওই বাঁক ঘোরার সময় দেখছেন, সামনে পেছনে কিছু নেই, মেঘ আর মেঘ। চালক নির্বিকারভাবে গাড়ি ঘোরাচ্ছেন গতি এক চুলও না কমিয়ে। এরপরও ভয় না পেলে এই আবেগটার আবিষ্কার হয়েছে কোন মহাভারত উদ্ধার করতে?
বিষ্ময় মেনে দেখি, বিশ্ববিদ্যালয় পড়–য়া কয়েকটি ছেলের সঙ্গে মিলে দিব্যি 'চিত্ত হেথা ভয়শুন্য' জাতীয় গান ধরেছে পুলক। ওদের কথা বুঝতে পারি। বিশ্ববিদ্যালয়ে পড়ে পুলিশ আর নেতাদের দেখে দেখে ওদের 'চিত্তে'র ভয় পালানোরই কথা।
শত দোষের মধ্যে পুলকের একটা মহাগুন, কিভাবে যেন সব সমস্যার একটা সমাধান করে ফেলে; সমাধান দেখে অবশ্য মনে হয়, এর চেয়ে সমস্যাটাই ভাল ছিল। যেমন রুমা বাজারে আসার পথে যে ঘন্টা খানেক নৌকায় থাকতে হল, তার মধ্যেও একবার ক্যাম্পে রিপোর্টিং করতে হল। সেখানে গিয়ে কিসব বলে ছাড়পত্র পেয়ে গেল। তেমনই কী করে এক গাইডও জোগাড় করে ফেললো। ছেলেটির বয়স নিতান্ত কম। পুলকের অদ্ভুত কথাবার্তা শুনে পটে গেছে। কথা বলে কম। জিজ্ঞেস করলে বললো,
'আজ সন্ধ্যার ভেতরে পৌছে যাবো। কাল সকালে বগা ক্যাম্পে নামাজ পড়বো।'
এই আমাদের গাইড। লাজুক মুখে নাম জানাল–বাবর।
গাইডের কি সহকারী হয়? কে জানে? গ্যাট গ্যাট করে কথা বলা গাইডদের সহকারী থাকলেও থাকতে পারে। তবে আমাদের লাজুক গাইডের সহকারী ছিল না। সহকারীর কথাটা মাথায় এল যখন দেখলাম বাবরের পেছন পেছন আর একটি ছেলে। বয়স কত হবে? বারো-তেরো। এই আপনার ঘরের ছেলেটি বা ছোট ভাইটার মত। কিন্তু পোষাকটিই আসল আকর্ষন তার। ঘরের ছেলে বা স্কুল পড়–য়া ভাইটি তো দুরে থাক এমন পোষাক 'বাঘাদা'ও পরতে রাজী হতেন কি না জোর দিয়ে বলা যায় না। নিচের দিকে লুঙ্গির মত করে পেঁচানো এক টুকরো মিশ মিশে কালো কাপড়। পরনে পা পর্যন্ত ঝোলানো বিশাল লাল একটা জোব্বা; রাশিয়ান বিপ্লবের ছবিতে এমন জোব্বা দেখা যায়। মাথায় একটা ক্যাট কেটে হলুদ কাপড় বাধা। সবচেয়ে বড় চমক এর ওপর চোখে কালো চশমা। আহা মরি মরি!
জোব্বাটার মত মুখ করে একটা হাসি দিয়ে আগমনের উদ্দেশ্য জানাল,
'আমারে টাকা পয়সা দিতি হবে না। আমি এমনিই যাবো। গান শোনাবানে।'
এই পোষাকের পর গানও আছে! পুলক বেশ মেতে উঠল। নাম নাকি হুমায়ুন! স্বাক্ষাত দুই মোগল সম্রাট। মুখে বলতে পারি না, মনে মনে বলি,
'এ আবার কোন উৎপাত?'
একটু মনের ভাব প্রকাশ করতেই পুলক চটে উঠল,
'তোমার তো রস-কষ নেই। শুনলে না গান শোনাবে।'
গান শোনানোতে দু জনের কারও জুড়ি নেই। হুমায়নের স্টকে আছে শুধু ভান্ডারী গান। সে নাকি কোন মাজারের মুরীদ। সে খনে খনে 'বাবারে' বলে আশে পাশের পাখি-পালা উড়িয়ে দিচ্ছে। হুমায়ুনের গান আমাকে অবশ্য আক্ষরিক অর্থেই আর খুব ছুয়ে যেতে পারছে না। পুলকের সঙ্গে চড়াই ভাংছে একেবারে সেপাইদের মত মার্চ করে। ওদের দেখে যত না লজ্জা পাচ্ছি, তার চেয়ে বেশি রাগ হচ্ছে-হারামজাদাদের শরীরের কষ্ট নেই!
তবু ভাবছিলাম হুমায়ুনের গানের হাত থেকে তো মুক্তি পেলাম। কিন্তু তস্য পিতা বাবরও যে কম যান না। বাবরের মজুদ অসীম মান্না দে থেকে আসিফ, মায় মমতাজ পর্যন্ত। সব গেয়ে চলেছে। মাঝে মাঝে আমাকে সাহস দিচ্ছে,
'এই তো এসে গেছি স্যার। আর মাত্র ১৫ কিলোমিটার।'
মনে পড়ল, ক্যাম্প থেকে বলা হয়েছিল, দুরত্ব ১৬ কিলোমিটার।
বাবরকে জিজ্ঞেস করলাম,
'মানুষ বগা লেক যায় কেনো? কী আছে?'
'স্যার, বড়ই সুন্দর সে লেক। তবে একটা ভয় আছে।'
'কী ভয়?
ভয় শুনলেই আমার ভয় হয়। বাবর মুখটা একটু গম্ভীর করে বললো,
'লেকের নিচে আছে হাজার হাজার লতা। রাতে সব লতা জ্যান্ত হয়ে যায়।'
এর মধ্যেই হঠাৎ বৃষ্টি।
আসলেই হঠাৎ বৃষ্টির আক্রমন। সে কী বৃষ্টি। একেবারে সাহেবী ভাষায় 'বিড়াল কুকুর' অবস্থা। লাঠিতে ভর দিয়ে দু হাত দুরে হাটতে থাকা বাবরকেই চোখে দেখতে পাচ্ছি না। পুলক আর হুমায়ুন বোধহয় ততক্ষনে পৌছে গেছে বগা ক্যাম্পে। বৃষ্টি মানুষের বুদ্ধি হরন করে বোধহয়। বাবরের মত নীরিহ ছেলে বললো,
'দৌড় দেন। পাহাড়ের এই পাশটায় ধ্বস হয়।'
আরে দৌড় দেব কি! হাটতেও তো পারছিনে। একে তো চড়াই ভাঙ্গার প্রবল কষ্ট, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ বুজে আসছে বৃষ্টির ছাটে। তার ওপর আবার ঢাল গড়িয়ে নামা পানি পায়ে এত জোরে ধাক্কা দিচ্ছে যে, দাড়িয়ে থাকলে পেছনে চলা শুরু করব। মোড় ঘুরতে দেখি 'বীর বাহাদুর'রাও কাবু হয়েছে। রাস্তার পাশে কলা পাতা কেটে মাথায় দিতে ঠক ঠক করে কাপছে ঠান্ডায়।
বাবর বললো,
'এই অবস্থায় পথ চলা যাবে না।'
তাহলে উপায়? একটু হাটলেই নাকি জুমঘর আছে। বৃষ্টি না থামা পর্যন্ত সেখানেই থাকতে হবে। তাই হোক।
জুমঘর। হায়! এর চেয়ে অনেক সহজে ব্রাজিলে সোনার শহর খুজে পাওয়া যেত। কোথাও কিছু দেখা যায় না। শুধু ধোয়া আর ধোয়া। বছর খানেক বা মিনিট পনেরো এই বৃষ্টি আর ঢলের সঙ্গে লড়ার পর অদৃশ্য এক চুড়ায় ইঙ্গিত করে বাবর বললো,
'দাদা, ঘর পাওয়া গেছে।'
এমনিতে পাহাড়ের রাস্তা গেছে পাহাড়গুলোর কার্নিশ বেয়ে। আর জুমঘর গুলো রাস্তা থেকে হয় বেশ নিচে বা বেশ উচুতে নুতন চুড়ায়। আমাদের ভাগে যেটা জুটল সেটা নুন্যতম শ দুয়েক গজ ওপরে। এবার আবার ওই পিছল হয়ে যাওয়া ওই খাড়া পথ বেয়ে জুম ঘরে উঠতে হবে।
ঘরটা বিরাট। খুঁজে পেতে একটা মাদুরও পাওয়া গেল। মানে বসা যাবে। কিন্তু মাদুর হলেই তো জীবন চলে না। কিছু পরতে হয়, খেতে হয়। প্রথম সমস্যা, আমাদের পরার মত শুকনো আর কিছু নেই। সব ভিজে গেছে। সঙ্গে থাকা সম্বল টর্চ লাইট জ্বালিয়ে হুমায়ুন কতগুলো ছেড়া লুঙ্গি আর জামা খুজে বের করল। এগুলো পরে আদিবাসীরা নিজেদের জমিতে চাষে যায়। সেগুলোই পরে ফেললাম ভাগাভাগি করে।
প্রচন্ড ঠান্ডা। বৃষ্টি কমার লক্ষন নেই। সঙ্গে হুহু করে বাতাস আর বিজলী চমকানো শুরু হয়েছে। নস্ট্রাডামুসের মত ঘোষনা এল বাবরের তরফ থেকে,
'দাদা আজ রাতে আর রওনা দেওয়া যাবে না।'
আমার মাথায় প্রথম যে কথাটা এল, রাতে খাব কী? খাবার বলতে সঙ্গে আছে ২৪টা বিস্কুট। গুনে দেখেছি প্যাকেটটাতে ওই কয়টাই ছিল। খাবারের হাত ধরে এল পানি সংকট। হুমায়ুন আবিষ্কার করল ১৩ বোতল পানি। ঝর্নার পানি। তাই চলুক।
কিন্তু ঠান্ডা যে কমে না। বাবর তো আর্বিমিডিসের মত মানুষ। বুদ্ধি দিল, আগুন জ্বালালে কেমন হয়। আরে কোথায় জ্বালাবি আগুন, জ্বালাবি কিসে আর সবচেয়ে বড় কথা জ্বালাবি কি দিয়ে? ম্যাচ-সিগারেট কিছু আস্ত থাকলে তো। সব ভিজে একসারা। বাগদানের সময় যেভাবে পাত্র আংটি বের করে সেই ভঙ্গিতে একটা পলিথিনের প্যাকেট থেকে একটা ম্যাচ বের করল হুমায়ুন। টর্চের ছেড়া আলোতে আবিষ্কার করা গেল, এই জুমঘরে একটা ফায়ারপ্লেসও আছে। কোথায় এলাম। সব তো প্রস্তুত।
সারারাত আগুন জ্বললো। ফায়ার প্লেসে ভাঙ্গা ছুরি দিয়ে কাঠের টুকরো বের করে দেওয়া, সেই আগুন থেকে সেকে সিগারেট পানউপযোগী করে ধরানো, কিংবা লালচে আলোতে 'শুধু জাগিতে এসেছি রাতি' গান-এসবের রস বর্ননার সাধ্য আমার নেই। আমি ওতে মজা পাইনে। শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়লাম।
ঘুম ভেঙ্গে গেল চিৎকারে। তারস্বরে চিৎকার করছে পুলকরা। বুঝলাম, তিনজনের একজনের নিশ্চয়ই এই 'স্বর্গ' থেকে পতন হয়েছে। রাতেই বুঝেছিলাম এই যাত্রার ফল ভাল না। হন্ত দন্ত হয়ে বাইরে বের হয়ে দেখি সামনে মাচানের মত একটা অংশে তিনটেই দিব্যি দাড়িয়ে আছে। তা হলে চেচায় কেন? ওদের চোখ অনুসরন করতে গেলাম। আমার চোখে রস কম। তাই ঠিক ধরতে পারলাম না উৎসাহের কারন।
এদিকে কী? শুধু মেঘ আর মেঘ, আমাদের ছুয়ে ছুয়ে মেঘ দাড়িয়ে আছে। ওদিকে পাহাড়ের গা বেয়ে সূর্য উঠছে। কুয়াশা আর মেঘের সঙ্গে তার খুব লড়াই। হাজারটা রং চোখ ধাধিয়ে দেয়। হীম ঠান্ডা। পায়ের দিকে চেয়ে চমকে উঠলাম। এ কোন অলক্ষুনে পুরী? পায়ের দিকেও মেঘ জমেছে!
সকাল বেলায় আবেগটা একটু কমে এলে বলাম,
'শোনো পুলক। আর সামনে এগিয়ে কাজ নেই বাবা। মিথ্যে কথা বলে এসেছি। পরশু অফিস করতে হবে। এখন ফিরি চল। বেছে থাকলে বগা দেখতে পাব'।
ইচ্ছে, একবার ফিরতে পারলে আর এখানে আসে কোন হারামজাদা? পুলক হতভম্বের মত চেয়ে রইল। জুলিয়াস সিজারও এমন করে ব্রুটাসের দিকে চেয়েছেন বলে মনে হয় না। মুখে শুধু 'ছিঃ' বলে কাপড় চোপড় গোছাতে লেগে গেল। ওই 'ছিঃ'র দাপটে চললাম। আর পথের বর্ননা দিয়ে বিরক্ত তৈরি করে কাজ নেই। সে বগা লেক গেলে নিজেরাই টের পাবেন।
আমি কাতরাতে কাতরাতে ওদের পিছু পিছু চললাম। লাঠি আগের দিন একটা নিয়েছিলাম। এদিন দুটো।
বারে বারে শুধোই,
'আর কতদূর, বাবা বাবর?'
এই বাবরকে দেখলে মহামতি বাবরের অধ্যাবসায় বোঝা যায়। শুধু বলে,
'ওই তো।'
দেখিয়ে দেয় ধোয়ার মধ্যে একটা পাহাড়। এবার দেখাল মাথার ওপরের কি যেন। বললাম, আর কতদুর? বাবার জানাল, এই শেষ চড়াই। আর নাকি মোটে দেড় কিলোমিটার। এটা হলেই ব্যাস। এত পেরেছি আর এটুকু পারব না?
ওখানেই ভুলটা হল। এই সেই তালগাছের আড়াই হাত। আমাদের এলাকায় কত পাকা গাছীকে আড়াই হাত থেকে পড়ে মরতে দেখেছি।
এতক্ষন যত চড়াই ভেঙ্গেছি তিন-চারশ গজ বাদে বাদে খানিকটা সোজা পথ, একটু জিরোনোর জায়গা। এ তো সরল রেখা। পা সোজা করে জিরোনোরও উপায় নেই। শুধু খাড়াই আর খাড়াই। ওরা আগে আগে। আমি সবার পেছনে। স্বর্গারোহনের সময় একে একে বন্ধন মুক্ত হতে হয়। আমি একে একে ব্যাগ, জামা, টুপি, পানির বোতল, এমনকি লাঠিও; সব বন্ধন তুলে দিলাম বাবরের হাতে। তাও পারি না। মাঝে মাঝে বাবর ধরে। আর পারব না। বসে পড়লাম। বসারও উপায় নেই।
বাবর বলল,
'দাদা জিরোতে চইলে শুয়ে পড়েন।'
পড়লাম। সারা শরীর থেকে পানি ঝরছে ধান কাটা কিষেনের মত। পানির বোতল শেষ। আক্ষরিক অর্থেই চোখ ঝাপসা হয়ে এল। বললাম,
'আমি আর যাব না'।
বাবর নিচু হয়ে আমাকে দেখল। তারপর কী যেন বলে চলে গেল।
চোখ মেলে দেখি পানির বোতল। মাথায় ঢালছে কে যেন? বাবর। জলপাই ছাপা পোষাক পরা কে যেন পাশে দাড়িয়ে। বুঝলাম না রহস্যটা। হাত বাড়িয়ে দিলেন। হাতে একটা কমলা, 'এটা খেয়ে নিন। খুব কষ্ট হয়েছে? আসুন।'
বলে অনেকটা ধরেই নিয়ে গেলেন। শ দুয়েক পা হাটলাম। ধরে তোলার মত করে একটা ছোট চুড়ার পরে তুললেন,
'ওদিকে দেখুন। কষ্টটা কমে যাবে।'
একরাশ মেঘ। মেঘের তলায় কী? পানি। বগা লেক?
লেকের পাড়ে সারি বেধে স্থানীয় বাসিন্দাদের বানানো কটেজ মতো আছে। ওরই একটাতে চার জন ঠাই নিয়ে নিলাম। এখানে আর যাই থাক, আমাদের মতো পর্যটকদের অভাব নেই। ফলে খাওয়ারও দিব্যি ব্যবস্থা আছে।
গোসলটা সেরে নিতে হয় খাওয়ার আগে। ব্যাগ খুলে গামছা বের করে চললাম লেকেই।
বাবর বললো,
'স্যার, লতা থেকে সাবধান।'
পুলক হেসে বলে,
'আমি রাতে নেমে দেখবো, তোমার লতা কেমন জ্যান্ত হয়।'
'এসব কথা বলবেন না।'
বাবরের বলার ভঙ্গিতে আমিও ভয় পেয়ে যাই।
বিকেল বেলায় দারুন একটা ঘুম হলো। সন্ধে মিলিয়ে যাওয়ার পর ঘুম ভাঙলো। চোখ মেলে কাউকে দেখি না। বের হয়ে দেখি বাবর আর হুমায়ুন পাহাড়ের উপরে উঠে মোবাইল নেটওয়ার্ক খুজছে। আর পুলক?
সে লেকের পাড়ে বসে অর্থহীন দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে। অন্ধকারে চেহারাটাও পরিষ্কার দেখা যায় না। পুলকে ডাকলাম; ডাক শুনলো না। কাছে গিয়ে আবার ডাকলাম,
'কী হয়েছে?'
'লেকের লতা আসলে জ্যান্ত। বাবরই ঠিক।'
'ধুর, ঘরে আসো। মাথা গেছে।'
'নাহ। এই সব লতা আসলে মানুষ ছিলো। সব লতা হয়ে গেছে।'
বোঝা গেলো লম্বা এই ভ্রমণ মাথাটা এলোমেলো করে দিয়েছে পুলকের। ধরে এনে বাশের মাচায় শোয়ালাম। রাতে খাওয়া হলো নামকা ওয়াস্তে। খেতে না খেতেই পুলক ঘুমিয়ে পড়লো। পরদিন সকালেই ফিরতে হবে। তাই আমিও দেরী করলাম না।
উঠলাম ভোর রাতে। উঠে আবারও খোঁজ নেই পুলকের। সবসময় খামখেয়ালী করে। গেলো কোথায়?
তিন জন মানুষ তন্ন তন্ন করে খুজে ফেললাম পাহাড়টার ওপর। কোথাও চিহ্ন নেই পুলকের। আর্মি ক্যাম্পে গেলাম। কোথাও নেই। লেকের পাড়ে এলাম, কোনো দূর্ঘটনা ঘটেনি তো?
বাবর আমার হাত চেপে ধরলো,
'পুলক স্যারকে আর পাওয়া যাবে না।'
'মানে!'
'ওই দ্যাখেন।'
আমাদের কটেজটার পিছনেই লেকের পাড় ঘেসে একেবারে তরতর করে বেয়ে উঠেছে নতুন একটা লতা।
