নিভৃতে নিরন্তর
চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি
ইয়াকুব আলী সন্ধ্যার পর হোটেলে এসে সুটকেস গোছাগাছ করছিল। আগামীকাল সকাল সাড়ে দশটায় ফ্লাইট। হোটেল থেকে সকাল সাতটার দিকে রওনা দিতে হবে। বেশ ক'সপ্তাহ বিদেশে থেকে দেশে ফেরার পালা এবার। এতদিন পর দেশের জন্য মনটা কেমন যেন উতলা হয়ে আছে তার।
এবারকার ভ্রমণটা বেশ লম্বাই ছিল বলা যায়। ইপসওইচে মেয়ের বাসা থেকে ট্রেনে করে মানচেস্টার। সেটাও বেশ লম্বা জার্নি। তবে এসব দেশের ট্রেন জার্নি ইয়াকুব আলী খুব উপভোগ করে। মানচেস্টার থেকে প্লেনে করে ব্যাংকক সুবর্ণভূমি। সে অনুযায়ী প্লেনের টিকিটও করে রেখেছিল আগেই। মানচেস্টার-ব্যাংকক দিয়ে গেলে অন্য রুটের চেয়ে প্লেন ফেয়ারও বেশ কম পড়ে। কুসুম সেই কবে থেকে বায়না ধরে ছিল তার বাসায় গিয়ে মাসখানেক থাকার জন্য।
পনের দিনের মতো সে ইউকে-তে ছিল। কিন্তু যখন তখন বের হতে পারেনি। মাঝে মাঝে সকাল বেলা নাততি ঈষিকাকে নিয়ে ডে-কেয়ার সেন্টারে গিয়েছে বাসে করে। দু'একবার ডোভারকোর্ট বিচে গিয়েছে। কিন্তু তেমন সুবিধা করতে পারেনি।নর্থ সি'র কনকনে ঠাণ্ডা বাতাসটা তার একেবারেই সহ্য হয় না। সেই সাথে আবার গুড়ি গুড়ি বৃষ্টি।
ভোরের দিকে কুসুমের বর রূপন তাকে ইপস্উইচ স্টেশনে নামিয়ে দিয়ে যায়। এদেশের ট্রেনগুলো কাটায় কাটায় সময় ধরে চলে। পথে পিটারবুরো গিয়ে ট্রেন বদলাতে হলো একবার। সেখান থেকে আবার লিড্স্ অভিমুখে যাত্রা। গন্তব্য মানচেস্টার পিকাডেলি স্টেশন। শহর ছেড়ে ট্রেন মাঠ-ঘাট-পাহাড়-বনের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে। দিগন্ত জোড়া মাঠের পর মাঠ বিরান পড়ে আছে। বনের গাছগুলোও বেশীর ভাগই ন্যাড়া। নর্থ সি থেকে বয়ে আসা অর্ধগলিত মেঘমালা পশ্চিমাভিমুখে ধেয়ে এসে শুভ্রতার সামিয়ানায় ঢেকে দিয়ে যাচ্ছে সবকিছু। একঘেয়ে ধোঁয়াশায় ছেয়ে যাচ্ছে পৃথিবী। মাঝে মাঝে পিট পিট বৃষ্টিও হচ্ছে। মেঘের ফাঁকে কখনো কখনো তুলতুলে সূর্যের দেখা মেলে। আলোকিত হয়ে উঠে নির্জীব পড়ে থাকা ফসলের মাঠ। পরক্ষণেই আবার ধেয়ে আসা মেঘ তার ঘোলাটে আবেশের ভেতর যেন গিলে ফেলে সূর্যকে। তখন আবার ধোঁয়াশার বিষণœœতা ছড়িয়ে পড়ে চতুর্দিক। যেন এই অপরূপ পৃথিবী বার্ধক্যের বিমর্ষতায় আচ্ছন্ন। সেক্সপিয়ারের কথা মনে পড়ে ইয়াকুব আলীর, 'এইজ লাইক উইন্টার বেয়ার'। ব্রিটিশরা তাই হয়তো এদেশের শীতকে দুর্জন হিসেবেই দেখে এসেছে। আর মাস খানেক পর এপ্রিল এলেই সে বিরান মাঠ-বন-বৃক্ষরাজি নবপল্লব আর পুষ্পরাজিতে সজ্জিত হয়ে অপরূপ রমণীয় সৌন্দর্য্য নিয়ে জেগে উঠবে।তখন কত যে সুন্দর লাগবে দেখতে!মানুষ পশু পাখি-সর্বত্র উল্লাসের নিনাদ বেজে উঠবে।ইয়াকুব আলী নিবিষ্ট হয়ে ভাবেন,এই মায়াময় প্রকৃতি পৃথিবীজুড়ে কতযে বিচিত্র লীলা বিস্তার করে রেখেছে!
কুসুম অবশ্য বলেছিল এপ্রিল পর্যন্ত থেকে যেতে, ইউরোপের আরো কয়েকটা দেশ ঘুরে যেতে। কিন্তু এতদিন দেশের বাইরে থাকতে মন সায় দিচ্ছিল না এবার।
মানচেস্টার থেকে জুরিখ হয়ে ব্যাংকক সুবর্ণভূমি। জুরিখে ঘন্টা তিনেকের স্টপওভার। কনকর্সে বসে বসে মানুষের আনাগোনা দেখা ছাড়া কোন কাজ নেই তখন। কত যে বিচিত্র রকমের মানুষ! কেউ সাদা, কেউবা কাল; কারো গায়ের রং তামাটে, মাথায় কুকরা চুল। কিছু কিছু আছে তার মতো, ভারতবর্ষীয় চেহারা, পশ্চিমারা যাদের 'কালার পিপুল' বলে। সকলেই যেন প্রচণ্ড কর্মব্যস্ত। কারো যেন এতটুকু ফুরসৎ নেই। সভ্যতার অগ্রযাত্রায় খেই ধরতে গিয়ে মানুষগুলো কেমন যেন যন্ত্রের মতো ছুটেই যাচ্ছে !
আঠার ঘন্টার জার্নি শেষে বিকালে ব্যাংকক সুবর্ণভূমি এসে পৌঁছাল ইয়াকুব আলী। ব্যাংককে দুইদিন থাকল। প্রথম দিন বাসে করে আইয়ুত্থায়া গেল। ব্যাংকক শহর পার হয়ে উত্তর দিকে ছুটে চলে বাস। দুই পাশে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। মাঝে মাঝেই নলখাগড়ার জঙ্গল, সবুজ গাছ-পালা, ছেড়া ছেড়া বসতি। ব্রিটেনের ঠিক উল্টো চিত্র এখানে। আকাশভেদী সূর্যের দুর্দান্ত কিরণে চতুর্দিক যেন আলোর বন্যায় ভেসে যাচ্ছে। ইয়াকুব আলী তন্ময় হয়ে দেখে আর ভাবে, এই প্রতাপশালী সূর্যইতো আমাদের গ্রহ জগতের অস্তিত্বের উৎস। অসীম ব্রহ্মাণ্ডের কোন এক প্রান্তে আমাদের পৃথিবী আর জীবকূলকে জ্বালানী আর শক্তি দিয়ে বাঁচিয়ে রেখেছে সে। এ সূর্যই আমাদের কাছে অসীমের প্রতিনিধি নয়কি? তার পরশে কি অপূর্বই না হয়ে উঠে প্রকৃতি!
আইয়ুত্থায়ার কয়েকটি টেম্পল আর লোকালয় ঘুরে দেখল ইয়াকুব আলী। এককালে এটিই থাই রাজত্বের রাজধানী ছিল। পুরাকীর্তিগুলোর আপাদমস্তক প্রাচীন ভারতবর্ষীয় সংস্কৃতির ছোঁয়া লেগে আছে যেন।
রাত ন'টার দিকে ঢাকা থেকে বড় ছেলে আদনানের ফোন এল।
-হ্যালো আব্বা, কেমন আছ?
-ভাল আছি। আইয়ুত্থায়া দেখে এসেছি কাল। ভিজিটটা বেশ ভাল ছিল। এসব এলাকা সেই পুরাকালে ভারতবর্ষেরই ঘনিষ্ট ছিলতো। এখানকার সংস্কৃতি-ঐতিহ্যে সেটার আলামত পাওয়া যায়। বিভিন্ন শহরের নোমেনক্লেচার দেখলেও সেটার প্রমাণ মিলে। যেমন ধরো আইয়ুত্থায়া, সেই নামটি এসেছে ভারতবর্ষের অযোধ্যা থেকে। থাই রাজাদেরও তারা রামা বলে সম্বোধন করে। বহুদিন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার এ অঞ্চলটা সময় নিয়ে দেখার আমার ইচ্ছা। পরে সময় করে ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া এসব এলাকাও দেখাব। অবসর জীবনেতো আর কিছু করার নেই। যতদিন পারি ঘুরে ফিরে পৃথিবীটা দেখি।
আদনান তৎক্ষণাৎ কোন জবাব দিল না। ইয়াকুব আলীও ফোনটা ধরে থাকল।
-হ্যালো আদনান, শুনতে পাচ্ছ?
-জ্বী আব্বা শুনতে পাচ্ছি।
-আজ আবার নৌকা করে সাও ফ্রায়া নদী আর কয়েকটি খাল ঘুরে এলাম। ফ্লোটিং মার্কেটও দেখলাম।
আদনান বলল, 'আব্বা, কুসুমের খবর কিছু শুনেছো?'
-গত দুদিন যোগাযোগ হয় নাই। কেন কি হয়েছে?
-ওর কোভিড নাইটিন পজেটিভ ধরা পড়েছে। তারা এখন হোম কোয়ারেন্টিনে আছে। কোথাও বের হতে দিচ্ছে না।
ইয়াকুব আলী হঠাৎ অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা। কুসুম সেখানকার স্ট্যাটিসটিক্স ডিপার্টমেন্টে জব করে। সেখানে নানান মানুষের আনাগোনা। সেভাবেই এলো কি ভাইরাসটা?পরে সামলে নিয়ে বলল, 'আরে, ওসব কিছু না। চৌদ্দ দিনেরইতো ব্যাপার। আর এটা এমন কোন সিরিয়াস রোগ না। এমনি এমনিই ভাল হয়ে যায়। ডন্ট ওরি।'
-তোমার শরীর কেমন? মানে বডি টেম্পারেচার ঠিক আছেতো?
-আমার কোন সমস্যা নাই। সব ঠিক আছে। আর কালইতো চলে আসতেছি। এখন লাগেজ গুছাইতেছি। কালকে এয়ারপোর্ট রওনা করার আগে ফোন দিব, কেমন? এখন রাখি।
ইয়াকুব আলী কুসুমের সংবাদটাশুনে চিন্তিত হল। তাকে একটা ফোন দেয়া দরকার।
-হ্যালো, মা কুসুম, কেমন আছ তুমি?
-আব্বা, তুমি কেমন আছ। সব ঠিক ঠাকতো? গত দুদিন খুব ধকল গেল। তুমি যেদিন গেলা, তার পরের দিন আমার শুকনা কাশি হচ্ছিল, একটু জ্বরও জ্বরও লাগছিল। জিপি'র সাথে যোগাযোগ করলাম। ব্লাড টেস্ট হলো।
কুসুম কিছুটা হাপাচ্ছে আর কাশছে।
-কুসুম, মা কোন টেনশন করবা না। এগুলোতে কিছু হয় না। এমনিই ভাল হয়ে যায়। আর ব্রিটেনের চিকিৎসাওতো ভাল।
কুসুম ধরা গলায় বলল, 'আব্বা, তোমার শরীরটা ভালতো?মানে বলছিলাম কাশি-টাশি বা টেমপারেচার নাইতো?'
ইয়াকুব সাহেব বিষয়টা হালকাভাবে উড়িয়ে দিতে চাইল। খানিকটা হেসে দিয়ে বলল, 'না না, আমি ঠিক আছি ইনশাল্লাহ্। আর কালকেতো চলেই যাচ্ছি।'
কুসুম কিছুক্ষণ চুপ থেকে বলল, 'আদনান ভাইয়ার সাথে কথা হয়েছে তোমার?'
-হ্যা, এইতো, কিছুক্ষণ আগেইতো কথা হল।'
কুসুম আবারো কিছুক্ষণ চুপ করে থাকল। কাঁপা কাঁপা কন্ঠে বলল, 'ভাইয়া কি বলেছে?'
-তেমন কিছু না। এই আমি কেমন আছি, কি করছি এসব।'
-অ, আচ্ছা।
কুসুমের সাথে এরপর তার চিকিৎসা, হোম কোয়ারেন্টিন- এসব বিষয়ে খানিক্ষণ কথা হলো। ফোন ছেড়ে ইয়াকুব আলী তার লাগেজ গুছানোর কাজে মনোযোগী হল আবার। কুসুমের জন্য দুশ্চিন্তাটা মাথায় চিন চিন করে জানান দিচ্ছিল। আবার আশ^স্ত হচ্ছিল এই ভেবে যে, তার বয়স কম, এখনো ত্রিশ পার হয়নি। তার বর রূপনের বয়সও তার চেয়ে অল্প একটু বেশী হবে। আর বাচ্চাদেরতো এ ভাইরাসে তেমন কিছু হয় না, এমপিরিকেল স্টাডিতো তাই বলে।
লাগেজ টাগেজ গুছিয়ে বিছানার পাশের সিঙ্গেল তুলতুলে সোফাটায় বসে ওয়ার্ল্ড নিউজ দেখার জন্য রিমোটটা হাতে নিল। এমন সময় আবার ফোন এল।
-হ্যালো, আদনান বলছ?
-জ্বী, আব্বা। বলেই আদনান কিছুক্ষণ চুপ করে থাকল। ইয়াকুব সাহেবও ধরে থাকলেন।
-হ্যা, আদনান। তুমি কি কিছু বলতে চাচ্ছ?
-'জ্বী, না মানে।' আদনান আমতা আমতা করতে লাগল। ইয়াকুব সাহেব কিছুটা বিরক্ত হলেন। বললেন, 'আদনান, শুনতে পাচ্ছ?কিছু বলবে?'
আদনান আমতা আমতা করে বলল, 'না মানে,তুমিতো কুসুমের বাসা থেকে দুদিন আগে আসছ, তাই না? তাই তোমাকে নিয়ে আমরা দুশ্চিন্তা করছি আরকি।'
ইয়াকুব আলী কিছুটা যেন হোঁচট খেল। আস্তে করে বলল, 'কিন্তু আমার শরীরে তো কোন সিম্পটম নাই। আর কালতো আমি চলেই আসছি।'
-তুমি সেখান থেকে মাত্র দুদিন আগেইতো এলে। আর যেটা বলা হচ্ছে,সিম্পটম অনেক সময় একটু দেরীতেও ধরা পড়ে। ভাইরাসটাতো মারাত্মক ছোঁয়াছে। তোমার হয়তোইনকিউবেশন পিরিয়ড চলছে। এ অবস্থায় বাসায় এলে অন্যদের মধ্যেও সেটা ছড়ানোর চান্স আছে।
আদনান এরপর আর কিছু না বলে ফোনটা ধরে রইল। ইয়াকুব আলী এবার একটু উদ্বিগ্ন হলেন। তার মুখ থেকে অস্ফুট বের হয়ে এলো, 'আই সি।'
আদনান মৃদু স্বরে বলতে লাগল, 'এসব শুনে রিতু আমাদের সবাইকে তাদের বাসায় চলে যেতে বলছে। তোমাকে হয়ত এসে খালি বাসায় উঠতে হবে। আর এখানকার সকলে কাজের বুয়াদের ছাড়িয়ে দিচ্ছে। ইভেন ড্রাইভারদেরও আসতে নিষেধ করছে। আমাদেরও হয়তো তাই করতে হবে।'
ইয়াকুব আলী একটা ধাক্কা খেল যেন। সে বিষয়টা এভাবে ভেবেই দেখে নাই। সে ভেবেছে, সে একা একা বিদেশ বিভুঁইয়ে ঘুরে বেড়াচ্ছে, স্ত্রী ছেলে মেয়ে সংসারের সকলে মিলে তাকে নিয়ে কতইনা দুশ্চিন্তায় আছে। কিন্তু আদনানের এই ফোনটা তার ভাবনাটা কেমন যেন এলোমেলো করে দিল।
-তোমরা কি আমাকে নিয়ে খুবই স্কেয়ার্ড?
-আমি স্কেয়ার্ড না। কিন্তু রিতু আর আম্মা খুবই স্কেয়ার্ড হয়ে পড়েছে। তাছাড়া আম্মার বয়স হয়েছেতো, তার শরীরওতো ভাল না। অসুবিধা নাই। ড্রাইভার তোমাকে বাসায় নামিয়ে দিয়ে যাবে। তোমার প্রতিদিনকার খাবার টিফিন ক্যারিয়ারে করে চলে আসবে। আর মাত্র সাত আট দিন গেলেই তোমার অবস্থাটা বুঝা যাবে।
ইয়াকুব আলী কিছুক্ষণ চুপ করে থাকল। পরিস্থিতিটা যেন এখনো ঠিক বুঝতে পারছে না।
-আব্বা, আম্মা তোমার সাথে কথা বলতে চাচ্ছে। নাও।
তার স্ত্রী সাহেলা ফোন ধরল।
-হ্যালো। কেমন আছ? কুসুম বলল, সেখানে নাকি ভালই ছিলা। তুমি সেখান থেকে চলে আসার পরই কুসুমের সেইটা ধরা পড়ল। দেখছ কি বিপদ। আল্লাহ্র রহমতে তোমার কিচ্ছু হবে না। বাসায় তুমি একা থাকবা। খাবার দাবাড় কেউ এসে দিয়ে যাবে।
একটু থেমে সাহেলা আস্তে করে বলল, 'তোমারতো একা থাকতে তেমন সমস্যাও হয় না। ইনশাল্লাহ্ অসুবিধা হবে না।'
ইয়াকুব আলীর মুখ দিয়ে তার অজান্তেই যেন বের হয়ে এল, 'আচ্ছা, ঠিক আছে।'
বিছানায় এসে বালিশ দুটো স্তুপ করে হেলান দিয়ে বসল সে। চোখ দুটো বুজে এলো তার। কিছুক্ষণ মাথায় আর কোন ভাবনা আসছে না। ইয়াকুব আলী ঝানু আমলা ছিল। চাকুরি জীবনে অনেক কঠিন পরিস্থিতিও তাকে একা একাই সামলাতে হয়েছে।সুক্ষ্ম পরিকল্পনা আর কর্মতৎপরতার মধ্য দিয়ে চাকুরি আর সংসার এমন ভাবে ব্যবস্থাপনা করেছে যে, এর কোথাও তেমন কোন ছন্দ পতন ঘটে নি। সেই ছোটবেলা থেকেই ছেলে মেয়েরা একটা নির্ঝঞ্জাট সচ্ছল পরিবেশে মানুষ হয়েছে। জীবনে অভাব আর বিরূপ পরিস্থিতি তাদের কখনো ছুঁতে পারেনি। পিতার উপর তাদের অগাধ নির্ভরতা।
ব্যবহারিক জীবনের বাস্তববাদিতার নিরিখে এই সংকটটিও সে বুঝার চেষ্টা করল। আদনান যেটা বলেছে, তার মধ্যে যথেষ্ট যুক্তি আছে। কোরোনার যে চরিত্র, তাতে তার যদি সত্যি সত্যিই ইনফেকশন থেকে থাকে, তাহলে পরিবারের অন্যদের মধ্যে ছড়ানোর একটা চান্স থাকবে। কাজেই সে একা কিছুদিন পৃথক থাকলে বাকিরা যদি নিরাপদে থাকে, তাহলে তার সেটাই করা উচিত। এভাবে ভাবতে পারলে আর কোন সমস্যাই থাকে না। তেমন একটা ভাবনা থেকেই নিজেকে কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করল ইয়াকুব আলী।
কিন্তু ভাবনা তাও ঘুরে ঘুরে আসে। ইয়াকুব আলী পেছনে ফিরে তাকায়। দেখতে পায়, সংসারের রসদ জোগানোর কাজে যেমন দক্ষতার পরিচয় দিয়েছে, নিজের মতো করে সন্তানদের গড়ে তোলার কাজে সে তেমন সফলতা দেখাতে পারেনি। তারা গড়ে উঠেছে তাদের মতো করে, সময় যেভাবে তাদের অবয়ব দিয়েছে, তার মতো করে। মা-বাবার মধ্যে প্রাধাণ্য পেয়েছে মা সাহেলার আদল। বৈষয়িক নিশ্চয়তার ভেতর দিয়ে বেড়ে উঠা সাহেলা তার মতো করে সন্তানদের গড়ে তোলেছে। এ ক্ষেত্রে যথেষ্ট কৃতিত্বও আছে তার। পরীক্ষায় ভাল ফল অর্জন করে জীবনে সফল হয়েছে তারা। ইয়াকুব আলী মফস্বলের পরিবেশে মানুষ হয়েছে। নানা ঘাত প্রতিঘাত আর অনিশ্চয়তার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। সফল হওয়া আর টিকে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছে। সেই জীবন সংগ্রাম তাকে সংসার আর কর্মজীবনের চড়াই-উৎড়াই, সংকট-সম্ভাবনাকে অনুধাবনের পথ প্রদর্শন করে গেছে। সে চেয়েছিল নিজের সন্তানরাও জীবন সংগ্রাম কিছুটা হলেও বুঝুক, নিজের সংকট-সমস্যাগুলো নিজে নিজে সুরাহা করতে শিখুক।
হয়ত দেখা গেল, সকালবেলা ইয়াকুব আলীকে কোনরকমে নাস্তা রেডি করে দিয়ে ছেলেমেয়ের স্কুলের ব্যাগ গুছাতে লেগে গেছে সাহেলা। এক্ষুণি দুইজনকে দুই স্কুলে নামিয়ে দিয়ে আসতে হবে। ইয়াকুব আলী মাঝে মাঝে বিরক্ত হয়ে বলেছে, 'আদনানের স্কুলতো খুব দূরে না, এক কিলোমিটারও হবে না। সেতো এইটুক রাস্তা হেটেই যেতে পারে। এতে একটু এক্সারসাইজও হয়, শরীরটাও ফিট থাকে।'
সাহেলা প্রথম প্রথম বিস্ময়ভরা চোখে ইয়াকুবের দিকে তাকিয়ে বলেছে, 'ছেলে হেটে যাবে? রাস্তায় কত রিক্সা-গাড়ী!'
-সমস্যা কি? মানুষ চলাচল করছে না?
-আমার ছেলে আর মানুষ কি এক হইল? বাচ্চা ছেলে, সে কদ্দুর বুঝে?
-সেতো এখন আর বাচ্চা ছেলে না, ক্লাশ এইটে পড়ে। আমরা ক্লাশ সিক্সে পড়ার সময়ই রোদ বৃষ্টির মধ্যে তিন কিলোমিটার হেটে স্কুলে গেছি। ছেলেকে এভাবে কতদিন তুমি আগলে রাখবা?নিজের কাজ নিজে নিজে করার অভ্যাস করাও।
সাহেলা পরে ইয়াকুবের এসব কথায় আর প্রতিক্রিয়া দেখাত না। দু'একবার দৃঢ় স্বরে বলেছে, 'শোন, তোমরা গ্রামে মানুষ হইছ। তখন তোমাদের সামনে কোন বেটার অপশন ছিল না। তাই তোমাদের বাধ্য হয়েই কষ্ট সহ্য করতে হয়েছে। তোমার ছেলেমেয়েরা গ্রামে জন্মায় নাই। তাদেরতো কষ্ট করার প্রয়োজন নাই। গ্রামের মতো করে কষ্ট করে মানুষ হবে, এরকম বিলাসী চিন্তা মন থেকে মুছে ফেল।'
ইয়াকুব আলী তখন ভেবেছে, তার এরকম ভাবনাটাকি আসলেই বিলাসী চিন্তা? হতে পারে। দুঃখের বিলাসিতা কথাটা সে দু'একবার কোথায় যেন শুনেছে। হাতের কাছে খাবার থাকার পরও ক্ষিদের অনুভুতি পাওয়ার জন্য অভুক্ত থাকার বিষয়টাই দুঃখের বিলাসিতা। সত্যিকারের দুঃখ তখনই জীবন ছুয়ে যায়, যখন অভাব, দারিদ্র্যে মানুষ হাহাকার করে। শীতলপাটির জীবন সে ফেলে এসেছে। সেই সাথে অভাব দারিদ্র্য সব। এখন আর শুধু শুধু দুঃখের বিলাসিতা করে লাভ কি? জীবন চলুক যখন যেমন।
এসব নানাকিছু ভাবতে ভাবতে ঝিমুনি এসে গেল তার। এয়ারটাইট শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সুন সান নিরবতা। শুধুমাত্র টেবিল ঘড়িটার টক টক শব্দ। ইয়াকুব আলীর কানে রাফসানের কন্ঠস্বর যেন ভেসে এলো।
-কাকা, আমি মিঠা আলুর গাছ ওঘরাই, আর তুমি কোদাল দিয়া কুপ দেও।
ইয়াকুব চারা উৎপাটিত আলগা মাটিতে কোপ দেয় আর হালকা লালচে মিষ্টি আলু বের হয়ে আসে। রাফসান সেগুলো মহানন্দে ঝুড়িতে রাখে আর বলে, 'কাকা, এই লাল আলু গুলা হিদ্ধ করলে বেশী মিষ্টি অয়। কি মজা লাগে!'
ইয়াকুব তার আনন্দোজ্জ্বল চেহারার দিকে তাকিয়ে আছে। এরি মধ্যে আদনানও ছুটে আসে। রাফসান চিৎকার করে বলে, 'আদনান, আস, মিঠা আলু টোকাও। আস, তাড়াতাড়ি আস। দেখ কত্ত আলু।'
আদনানও দৌড়ে আসে, চারা উপরানো ক্ষেতের উপর বিছিয়ে পড়ে থাকা মিষ্টি আলু কুড়াতে থাকে। বাংলা ঘরের পাশ থেকে সাহেলার ডাক শুনা যায় এবার -'আদনান, খালি পায়ে গেলি সেখানে? আয়, উঠে আয়। উঠে আয় বলছি।'
ইয়াকুব সাহেলাকে বলে, 'থাকুক না। ছেলেটা কত মজা পাচ্ছে।'
-'মজার দরকার নাই। উঠে আয়। মাটির মধ্যে কত্ত কেঁচো-মেছো থাকে।' সাহেলা বিরক্ত হয় খুব।
ঝিমুনির মধ্যেও ইয়াকুব আলী ঘড়িটার টিক টিক শব্দ শুনতে পাচ্ছে। আবার ইউনুছের গলাও যেন শুনা যাচ্ছে।
-ইকুব, জালিডা কাত কইরা ধইরা থাক। আমি টানতাছি।
ইয়াকুব ঠেলা জালটা ধরে রাখে, ইউনুছ একটা লম্বা রশি দিয়ে টানতে থাকে। এক সময় টানতে টানতে কাছে এসে হেচকা টানে জালটা পানির উপর তোলে আনে। দুজনে মিলে উঁিচয়ে ধরে সেটা। সেখানে দুটো মাঝারি লাউয়া বাইন, কয়েকটা ভেটকি আর কিছু ছোট চিংড়ি লাফালাফি করছে। আনন্দে উদ্বেলিত হয় দুজনই। মাছ ভর্তি পাতিল নিয়ে বাড়ি গেল দুজন। মা আগ্রহভরে পাতিলটা উঁিচয়ে ধরে দেখতে থাকে আর তার মুখ আনন্দে উজ্জ¦ল হয়ে উঠে।
-ভালা মাছ পাইছস বাপ। আজ-কালের খাওয়া চলব। যা কাপড় চোপড় বদলা গিয়ে তোরা।
সে আর ইউনুছ দৌড় দেয়। শীতলপাটি বিলে গিয়ে সাঁতরাতে থাকে। এক ফাঁকে কখন যেন ক্লান্ত হয়ে সে পানিতে ডুবে যেতে থাকে। পা দিয়ে মাটি ছুঁয়ার চেষ্টা করে, কিন্তু নাগাল পায় না। চিৎকার করে ডাকে, 'ইনুছ ভাই, ডুইব্বা গেলাম, আমারে ধর।'
ইউনুছ কোথা থেকে যেন ছুটে এসে তাকে পিঠে করে নিয়ে সাঁতরাতে থাকে। ইয়াকুবের ভয়টা যেন কাটেই না। বলে, 'ভাই চল বাড়ী যাই, চল যাইগ্যা।'
ইউনুছ তার কথা যেন শুনতেই পায় না। তাকে পিঠে নিয়ে সাঁতরে চলে অবিরাম। ইয়াকুব চিৎকার করে, 'ভাই, আচ্ছে সাতড়াও, আমি পইড়া যামুতো। আস্তে যাও, আস্তে।' ইউনুছ সাঁতড়েই চলে দ্রুত, অবিরাম। ইয়াকুবও তার গলা জড়িয়ে ধরে থাকে। এক সময় হঠাৎ ইউনুছের গলা থেকে তার হাত ছুটে যায়। হাতড়াতে থাকে সে।
হঠাৎ টক করে শব্দ হয়। ইয়াকুব চোখ মেলে তাকায়। তার হাত থেকে রিমোটটা ফ্লোরে পড়ে গেছে। আস্তে করে উঠে গিয়ে এক গ্লাস পানি খেল সে। আবার সোফাটায় বসে গাটা এলিয়ে দিল। জীবনের পেছনের স্মৃতি যেন মস্তিষ্কে ঘোরাঘুরি করেই যাচ্ছে।
ইউনুছ আর ইয়াকুব পিঠাপিঠি। তাদের মধ্যে খুব ঘনিষ্টতা ছিল। সম্পর্কটা ছিল অনেকটা সমবয়সী বন্ধুত্বের পর্যায়ের। প্রাইমারী থেকে হাই স্কুল পর্যন্ত নিজ উপজেলা শহরের একই স্কুলে পড়েছে তারা। দুই ক্লাশ উপরে নীচে। উচ্চ মাধ্যমিকে উঠে ইয়াকুব আলী চলে আসে জেলা শহরের কলেজে। টেলেন্টপুলে বৃত্তি আর পিতারপাঠানো টাকায় মোটামুটি চলে যেতো। অতপর বিশ^বিদ্যালয়ে পড়াশোনা, যা মোটামুটি টিউশনির টাকা দিয়েই চলে গেছে। ইউনুছ আলীও ছাত্র হিসেবে খুব খারাপ ছিল না। কিন্তু তার পিতা মনছুর আলীর পক্ষে একসাথে দুজনের খরচ চালানো সম্ভব ছিল না। তাছাড়া বাবা-মার তখন বয়সও হয়েছে। দুই ভাই-ই বাইরে চলে গেলে তাদের দেখারও কেউ থাকবে না।ফলে ইউনুছ বাড়িতে থেকেই কলেজে পড়েছে, পাসকোর্সে বিএসসি পাশ করে নিজ স্কুলেই শিক্ষকতায় ঢুকেছে।ইয়াকুব আলীবিশ^বিদ্যালয়ে পড়াকালীনই পিতা মনছুর আলী মারা গেলেন। সুস্থ অবস্থায়ই হঠাৎ করে মারা গেলেন তিনি। মা শামসুন্নাহারের শরীরের অবস্থা তখন ভাল না।সংসারের দায়িত্ব পড়লো ইউনুছের উপর। এরি মধ্যে নিজ চাচাত ভাইঝি সাফিয়াকে ইউনুছের বউ করে নিয়ে আসেন মা শামসুন্নাহার। এর দুই বছর পর মা শামসুন্নাহারও মারা যান।
মায়ের মৃত্যুর পরের বছরই ইয়াকুব আলী সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার এই সাফল্যের সংবাদে যেন তার চেয়েও বেশী আনন্দিত হয় ইউনুছ আলী। তার পরিচিতির মধ্যে সকলকেই আনন্দের সংবাদটা দিতে দেরী করে না। আশে পাশের সবাইকে জিলিপি কিনে খাওয়ায়। সে কত্ত বছর আগের কথা!
চাকুরিতে যোগ দেয়ার দুবছর পর ইয়াকুব আলী বিবাহ করলো শহরের প্রতিষ্ঠিত এক পরিবারে। নুতন চাকুরি, নুতন সংসার, নুতন পরিবেশ- সবই যেন নতুন। সেই সকল নতুনের সাথে তাল মিলাতে তখন জীবনের পরতে পরতে ভাঙ্গা-গড়ার পালা চলে। সে ভাঙ্গা-গড়ার ঢেউ বয়েই চলে যেন একটা ভোঁ দৌড়ের মতো। দৌড় যেন আর থামেই না। সে দৌড়ে পেছনে পড়ে থাকে শীতলপাটি,সেই শৈশবের রমনীয় স্মৃতি, ইউনুছ আলী, তার পরিবার- সবকিছু। সেসবের কোন স্থান যেন এই নতুন জীবনে আর নেই।
মনে পড়ে, রাফসান তখন এসএসসি পাশ করেছে। ইয়াকুব আলীর পোস্টিং তখন ময়মনসিংহে। ব্রক্ষ্মপুত্রের কোল ঘেঁষে তার বেশ বড় বাসা। ইউনুছ আলী ছেলেকে পাঠিয়ে দিল ইয়াকুব আলীর বাসায় একটা ভাল কলেজে ভর্তি করে দেবার জন্য। সাহেলা এতে আপত্তি করে নাই। কিন্তু সে কদিন বাসায় থাকার পর ইয়াকুব বুঝেছে, রাফসান তার সংসারের আপন কেউ নয়, যেন বহিরাগত কেউ। সাহেলা তাকে দিয়ে ফুট ফরমাস খাটাতে যতটা আগ্রহী, তার পড়াশোনার ব্যাপারে ততটাই অনাগ্রহী। আদনান আর রাফসান- যেন সমাজের দুই স্তরের দুই প্রতিনিধি। ইয়াকুব আলীর কাছে ব্যাপারটা অনুকূল ঠেকে নাই। তাই রাফসানকে নিয়ে গিয়ে নিজ উপজেলার কলেজে ভর্তি করে দিল। ইউনুছকে বাস্তব পরিস্থিতিটা বুঝিয়ে বলল। বাড়ীর জমি জমা যা ছিল, ভাই ইউনুছই ভোগ করতে থাকল। সাহেলা জিজ্ঞেস করতো মাঝে মাঝে। সে বলেছে যে, জমি জমা তেমন বেশী কিছু নাই তাদের। যা আছে, তা লোক দিয়ে চাষাবাদ করাতে গেলে খাজনার চেয়ে বাজনা বেশী হয়ে যায়। তার চেয়ে সেগুলো ইউনুছ ভাই-ই চাষ বাস করুক।
পরে মোহাম্মদপুরে ফ্ল্যাটটি যখন কেনা হয়, তখনো সাহেলা দেশের জমি জমা বিক্রি করে দিতে চাপ দেয়। ইয়াকুব তখনো এটা সেটা বলে তাকে নিবৃত্ত করেছে। সাহেলার বাবার কাছ থেকে কিছু টাকা ধার এনে সাহেলার নামে সে ফ্ল্যাটটি কেনা হয় তখন।
বড় ভাই ইউনুছের পরিবারকে টুকটাক সাহায্য করতে গিয়ে সাহেলার কাছে দিনের পর দিন সে মিথ্যা গল্প বানিয়ে গেছে। সাহেলার যেহেতু গ্রামীন জীবন সম্পর্কে তেমন ধারণা নাই, বাধ্য হয়ে সে সেসব গল্পের কিছু কিছু বিশ্বাস করেছ। বাকিটা থেকেছে সন্দেহের দোলাচলে। মাঝে মাঝে ইয়াকুবের উপর বিরক্ত হয়েছে। হালকা ঝগড়া-ঝাটিও হয়েছে।বিশেষ করে বাড়ীর বাংলা ঘরটা যখন পাকা করার উদ্যোগ নেয়, তখন সাহেলা বেশ হৈচৈ জুড়ে দেয়। ইয়াকুব তাকে বুঝিয়েছে, তারা বাড়ী গেলে থাকার ভাল পরিবেশ পাওয়া যায় না। তাই এই ঘরটা পাকা করা জরুরী। সাহেলা রেগে গিয়ে বলেছে, 'বছরে কয়বার যাও তুমি? আর তোমার ছেলে মেয়েরা কোনদিনও যাবে সেখানে? এতগুলো টাকা সেখানে ঢালার দরকারটা কি তোমার? তুমি যে কবার যাও, গিয়ে ডাকবাংলোতে উঠলেইতো পারো।'
ইয়াকুব আলী সাহেলার এসব প্রশ্নের প্রতিক্রিয়া দেখায়নি। সে ঘরটা পাকা করে সেখানে বেশ বড়সরো দুটো কক্ষ করেছে। সাথে একটা বেশ বড়ো টয়লেট। সামনে প্রশস্ত বারান্দা।
ঢাকা থেকে আদনান আর সাহেলার ফোন পাবার পর তার গন্ডিবদ্ধ ভাবনারাশি কেমন যেন এলোমেলো হয়ে গেল। এতকাল চাকুরি আর সংসার বাস্তবতার নিরিখে সমন্বয় করে গেছে সে। স্ত্রী-সন্তানেরও ধারণা হয়েছে যে, সে পার্থিব সকল সমস্যারই সমাধান দক্ষ হাতে করতে পারে। পেরেছেও তা। এসব করতে গিয়ে জীবনটা ক্রমেই যেন যান্ত্রিক হয়ে পড়েছে। এক ধরণের ক্লান্তিকর একাকিত্ব যেন গ্রাস করেছে তাকে। একান্তে-নিভৃতে নিজের কাছে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে যেন। অন্তরের নিগূঢ় প্রান্তে নিজেকে নিজে প্রশ্ন করে সে,এই অসহায়ত্ব কি নিজের কাছে নিজের পরাজয়?
পরক্ষণেই বুকের ভেতরে লুকানো প্রাণশক্তিটা যেন ঝাকুনি দেয় তাকে। জীবনের এ পর্যায়ে এসে পরিস্থিতির কাছে হার মানবে সে? না, এভাবে হার মানার মানুষতো সে নয়। একটা দীর্ঘ প্রশ্বাস বুকে টেনে নিল ইয়াকুব আলী। তা ফুসফুসে ধরে রাখল কিছুক্ষণ। অতপর তা আস্তে করে ছেড়ে দিল। দৃঢ় হাতে মোবাইলটা হাতে নিল।
-হ্যালো, আদনান। শুনতে পাচ্ছ?
-জ্বী, আব্বা, শুনতে পাচ্ছি।
-কালকে ড্রাইভার লিটনকে এয়ারপোর্টে পাঠিয়ে দিও। আর আমি তোমাকে একটা লিস্ট মেসেজ করে দিচ্ছি। সেগুলো গাড়িতে দিয়ে দিও। এয়ারপোর্ট থেকে সরাসরি শীতলপাটি যাব। আমি রাফসানকে ফোন করে জানিয়ে দিচ্ছি।
আদনান কিছুটা থতমতো খেয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থাকল।
-আব্বা, আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি বাসায় আসবানা?
-না, বাসায় আসব না। তোমরা বাসাতেই থাক। এতগুলো লোক তোমার শ^শুরবাড়ী গিয়ে কমফোরটেবলি থাকতে পারবা না। আর নিজের বাসা থাকতে অপরের বাসায় থাকবাইবা কেন? তোমরা ভাল থাক। আমি মেসেজটা এখনি পাঠিয়ে দিচ্ছি।
-দেশের বাড়ীতে গিয়ে থাকতে পারবা? মানে বহু দিনতো সেখানে যাওয়া হয় না। সেখানে কি না কি অবস্থা।
সাহেলাও হয়ত পাশে দাঁড়িয়ে শুনছিল। সে ফোনটা টেনে নিয়ে বলল, 'এই, তুমি কি রাগ করলা? মাত্রতো চার পাঁচ দিনের ব্যাপার। তাহলে, আমি বাসায় থেকে যাই। তারা চলে যাক। রাগ করো না প্লিজ।'
-সাহেলা শোন, আমি রাগ করি নাই। তোমরা বাসাতেই থাক। এতগুলো মানুষ সেখানে গিয়ে থাকবা কই? তাছাড়া অপরের গলগ্রহ-ইবা হইতে যাইবা কেন? আর তোমার শরীরওতো ভাল না। ইমোউন সিস্টেম ভাল না থাকলে এইসব ভাইরাস খুব বিপদজনক হয়ে উঠতে পারে, এইটাওতো ঠিক, তাই না? আর আমারওতো বহুদিন দেশে যাওয়া হয় না। এই সুযাগে ঘুরেও আসি। ভালইতো হলো।
এরপর আদনান আর সাহেলার সাথে টুকটাক কিছু কথা হলো।
ইয়াকুব আলী ব্যবহার্যপোষাক, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় কিছু বইয়ের তালিকা মেসেজ করে আদনানকে পাঠিয়ে দিল। মাথাটা এখন কেমন যেন হালকা লাগছে তার।
থাই এয়ারওয়েজের ফ্লাইটটা অন টাইম ছিল। দুটো লাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে এসে ড্রাইভার লিটনকে পেয়ে গেল। বের হবার সময় এয়ারপোর্ট থেকে তার হাতে হোম কোয়ারেনটিন সিল মেরে দিয়েছে। ব্যাংকক থেকে ভাল দেখে ডজন খানেক মাস্ক আর হ্যান্ড গ্লাভ্স্ কিনে এনেছিল। তার এক সেট ভাল করে মুখে হাতে পরে নিল সে। পকেটে একটা পোর্টেবল সেনিটাইজারও রেখে দিয়েছে।
টার্মিনালের বাইরে এসেই লিটনকে জিজ্ঞেস করল, 'লিটন, কেমন আছ? একটু দূরে থাক। সবার কাছ থেকেই সবাই দূরে থাকবা। হাতটা বাড়াও সেনিটাইজার দিয়ে দেই। আর গাড়ীতে মাস্ক আর হাতমোজা সারাক্ষণ লাগায়ে রাখবা, বুঝতে পেরেছ?'
লিটনের মুখে সরলতার হাসি। হাতে সেনিটাইজার ঘষতে ঘষতে বলল, 'মানুষ বড় ভয়ে ভয়ে আছে স্যার। সবাই আল্লা আল্লা করতাছে। কয়েক লাখ মানুষ নাকি মইরা যাইব। স্যার কথাডা কি ঠিক।'
-আরে নাহ্। এটা এমন কোন কঠিন রোগ না। নেও সটকেস দুইটা উঠাও। রাস্তাতো মনে হয় ফাঁকাই আছে। আশা করি ঘন্টা তিনেকের মধ্যেই শীতলপাটি পৌঁছে যাব। চল, দেখে শুনে চালাও।
গাড়ী চলতে লাগল পূর্বাচলের পথ ধরে। আকাশটা আজ বেশ পরিষ্কার, দুপুরের সূর্যের কিরণ চিক চিকে বল্লমের মতো সোজাসুজি ঝরে পড়ছে যেন। ফাঁকে ফাঁকে ধাবমান অজস্ত্র সাদা মেঘের খন্ড ছায়ার মমতা বিছিয়ে দিয়ে যাচ্ছে মাঠে প্রান্তরে লোকালয়ে। ইয়াকুব আলী মুগ্ধ দৃষ্টিতে দেখে আর ভাবে, এইতো আমার দেশ। পৃথিবীর বুকে আমার হৃদয়ের মূর্ছনা আমার মতো করে উপলদ্ধি করার একমাত্র দেশ, বাংলাদেশ।
রাস্তার পাশে আনাচে কানাচে মানুষের আনাগোনা, বসতির পর বসতি, সবুজ বৃক্ষরাজি বেষ্টিত ছোবা ছোবা গ্রাম, ফাঁকে ফাঁকে ফসলের মাঠ। বিপুল ঘন বসতির ছোট্ট এই দেশে মানুষ যেন জড়াজড়ি করে বসবাস করছে। উর্বর মাটির সবুজের ঘনত্বের মধ্যে মানুষও যেন অনাবিল মিতালী গড়ে তোলেছে।মানুষ যেনপ্রকৃতির অপরূপ সৌন্দর্য্যরে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। পৃথিবীজোড়া কোটি কোটি মানুষ, আকারে-বর্ণে-আচারে বৈচিত্র্যময়। আবার অরূপ স্রষ্টার অলৌকিক মহিমার স্পর্শেমমতা, প্রেম আর ভালবাসা তাদের সবাইকে এক করে তুলেছে। পৃথিবীর যেকোন প্রান্তের সম্ভাবনা সমৃদ্ধি যেমন সকল মানুষকেই কমবেশী ছুয়ে যায়, যে-কোন প্রান্তের দুর্গতিও তেমনি সমস্ত পৃথিবীকেই নাড়া দিয়ে যায়। কোথাকার সেই ওহান থেকে কোভিড নাইনটিন আজ সারা পৃথিবীর মানুষের জন্য কি এক বিপর্যয়ই না নিয়ে এলো! আচ্ছা, কেন এমনটি হলো? এটা কি বিধাতার পক্ষ থেকে কোন পরীক্ষা? নাকি প্রতিশোধ? প্রশ্নটা তার মাথায় ঘুরতে থাকে।
ইতোমধ্যে খানিকটা ঝিমুনি এসে যায় ইয়াকুব আলীর। শরীরে কিছুটা কম্পন অনুভব করল। গা যেন শির শির করে উঠছে। চোখ মেলে তাকায় সে। রাস্তার দুপাশে সবুজ শ্যামল বৃক্ষরাজি যেন পেছন পানে ধাবিত হচ্ছে। গাড়ী তখন নরসিংদীর গড় এলাকা পার হচ্ছে। বা হাতের পেছনটা উঁচিয়ে ললাটে চেপে ধরল ইয়াকুব আলী। কিছুটা তপ্ত অনুভুত হচ্ছে কি? মনে সংশয় জাগে তার।মাস্কটা আরেকটু ভাল করে এটে দিল। লিটনকে পরখ করল একবার। তারও মাস্ক আর গ্লাভ্স পড়াই আছে।
শীতলপাটি পৌঁছাতে বেলা প্রায় শেষ হয়ে আসে। সূর্য পশ্চিমাকাশে ছনছাড়া গ্রামের বাঁশঝাড়ের আড়ালে ডুব দেবার প্রস্তুতি নিচ্ছে তখন। বাটির পূর্বপাশে বাংলাঘরের পাশে গাড়ী থামল গিয়ে। ইউনুছ ভাই আর রাফসান সেখানে দাঁড়িয়ে আছে। সাথে রাফসানের ছয়-সাত বছরের কন্যাপুষ্পিতা। নামটা ইয়াকুব আলীরই দেয়া। দেখতে অনেকটা তার মা শামসুন্নাহারের মতো হয়েছে মেয়েটা। গাড়ীর দরজা খোলে নেমে দাঁড়াল ইয়াকুব আলী। বলল, 'রাফসান, তোমরা একটু দূরে দাঁড়াও। শুনতেছ না টিভিতে বলতেছে?'
রাফসান মুদু হেসে বলল, 'জ্বী, কাকা, তিন ফুট দূরত্ব মেনইনেইন করতে বলতেছে।'
-হ্যা, দূরে থাকবা। আর আমি বিদেশ থেকে আসছিতো। কয়েকদিন আমার পৃথক থাকতে হবে। তোমাদের কারোরই আমার কাছে আসার দরকার নাই। আমার খাবার দাবার বারান্দার টেবিলে এনে রাইখা যাইবা। আমি নিয়া নিব। আর ইউনুছ ভাই কেমন আছ? সকলেই ভালতো?
ইউনুছ আলী রীতিমতো বৃদ্ধ হয়ে গেছে। উজ্জল শ্যাম বর্ণের লম্বাটে মুখে চাপ দাড়িতে তাকে অনেকটা তার মৃত পিতার মতো দেখাচ্ছে।
ইউনুছ আলী বলল, 'তুই আসবি বলে তারা কত পদের পিঠা টিঠা যে বানাইছে।'
ইয়াকুব আলী বাংলা ঘরের বাইরে দাঁড়াল। লিটন গাড়ী থেকে তার বাক্স পেটরা নামিয়ে ঘরে নিয়ে রাখছে। সেগুলো রাফসান গুছিয়ে রাখছে। ইয়াকুব আলী বলল, 'ভাই শোন, কয়েকদিন আমি এখানে থাকব। আমার সাথে কেউ যেন দেখা না করে। কেউ আসলে বলবা, এইবার দেখা হবে না। তোমরাও আমার খুব কাছে আসবানা। প্রয়োজনে বারান্দার দূর থেকে কথা বলবা। তোমরা নিজেরাও একটু দূরে দূরে থাকবা। রোগটা খুব সিরিয়াস না। তবে খুব ছোঁয়াছে। সাবধান থাকা দরকার। সাত-আট দিন গেলেই সব ঠিক হয়ে যাবে।'
ইউনছ আলি মনোযোগ দিয়ে শুনল তার কথাগুলো। তার পেছনে ইউনুছের বউ শাড়ির আঁচল কামড়ে ধরে দাঁড়িয়ে আছে। ইয়াকুব আলী তার দিকে তাকিয়ে বললেন, 'কি সাফু ভাবী, ভাল আছ? একটু সাবধানে থাক। কেমন? পরে কথা হবে।'
সবকিছু গোছগাজ হবার পর ইয়াকুব আলী ঘরে ঢুকল। বারান্দার পরেই পাশাপাশি দুটো বড় বড় কক্ষ। রাফসানরা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। বসার ঘরে দুটো বড় বড় আলমিরা পুস্তকে ভর্তি। ইয়াকুব আলীর বিভিন্ন সময়ে সংগ্রহ করা বইগুলো ঢাকার বাসায় রাখার জায়গা হচ্ছিল না। সেগুলো সময়ে সময়ে এখানে এসে ঠাঁয় পেয়েছে।
কাপড়-চোপড় ছেড়ে সেগুলো বালতিতে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে রেখে দিল। টয়লেটে গিয়ে হাত মুখ ধুল। বিছানায় এসে বসল। সন্ধা হয়ে এসেছে প্রায়। ফাল্গুনের শেষ, হালকা ঠান্ডা বাতাস শির শির করে শীতলপাটি বিলের আশৈশব পরিচিতভেজা গন্ধটা বয়ে নিয়ে আসছে। ঘরের চারপাশে নানান পদের ছোট ছোট গাছ পালা। ইয়াকুব আলীর পরামর্শমতো সেখানে আতা, লেবু, সাজনা, পেয়ারা, কামরাঙ্গা আর বীরুৎ জাতীয় নানান গাছ লাগানো হয়েছে। বৃক্ষ জাতীয় কোন গাছ তিনি সেখানে লাগাতে দেননি। খোলা আকাশ তার খুব পছন্দ। বারান্দার সম্মুখটা ফাঁকারাখা হয়েছেপ্রত্যুষের অরুণোদয়ের প্রথম দীপ্তিটা যেন বিফলে না যায় সেই জন্য। পূর্বদিকে তাকালে শীতলপাটি বিলের পর জলেশ্বরী পাথার পেরিয়ে এক অজানা পৃথিবী যেন হাতছানি দেয়।
ইয়াকুব আলী একটু আগে ভাগেই রাতের আহার সারল। তার নির্দেশনামতো আয়োজন খুবই সাধারণ। কালিজিরা দিয়ে বাদাম ভর্তা, ঢেরশ ভাজি, শোলমাছ দিয়ে মাশের ডাল, সাথে লেবুর শরবৎ। ক্ষিধেটা ভালই লেগেছিল।
খাবার পর থালা-বাসনগুলো বারান্দার ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখল। ইয়াকুব আলীর পরামর্শমতো সাফু সেভাবেই ডিটারজেন্ট মেশানো পানি বালতিতে করে রেখে যায়। সময়মতো সেগুলো নিয়ে গিয়ে ধুয়ে ফেলে।
রাতে খাবার পর শরীরটা ভারী ভারী লাগছিল। কিছুক্ষণ বারান্দার ইজিচেয়ারটায় বসে থাকল। বহুদিন এমন নিকষ অন্ধকার আকাশ দেখা হয়ে উঠে না। দূরে শীতল পাটি বিলে মিট মিটে আলো দেখা যাচ্ছে। জেলেরা হয়ত হ্যারিকেন জ্বালিয়ে নিশিকালীন মৎস্য শিকার করছে।
সে রাতে বেশ ভাল ঘুম হলো তার। ভোর বেলা-ই ঘুম ভেঙ্গে গেল। বারান্দার ইজি চেয়ারটায় বসে পূর্বাকাশটায় কুসুম কুসুম লালিমা ভেদ করে সূর্য উঠার দৃশ্যটা বেশ সময় নিয়ে উপভোগ করল সে।
সারাদিন গায়ের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসল নানান সমস্যা নিয়ে। জমি-জমা, দেনা-পাওনা সহ নানাবিধ বিষয়ে বিরোধ সংক্রান্ত পরামর্শ নিতে আসে তারা। সে বাড়িতে এলে এটা নৈমিত্তিক দৃশ্য। এবার করোনা পরিস্থিতির কথা বলে তাদের ফিরিয়ে দিয়েছে ইয়াকুব। তার পক্ষ থেকে রাফসানও তাদেরকে বর্তমান পরিস্থিতিটা বুঝিয়ে বলেছে।
ইয়াকুব আলী সারাদিন তার ঘর, বারান্দা আর সম্মুখের বাগানের মধ্যেই তার বিচরণ সীমাবদ্ধ রাখল।
রাতে খাবার পর ইয়াকুব আলী বারান্দার বাতিটা নিভিয়ে দিল। সেখানে ইজি চেয়ারটাতে গিয়ে বসল। ফাল্গুন শেষ প্রায়। হালকা ঠান্ডা ফুরফুরে বাতাস গা ছুঁয়ে যাচ্ছে। সূর্য ডোবার সাথে সাথেই নিকষ অন্ধকার যেন গিলে খেলো চতুর্দিক। চাঁদ উঠার ঢের বাকি এখনো।গা-টা এলিয়ে দিয়ে পূর্বাকাশে তাকাল ইয়াকুব আলী। মিটির মিটির অজস্ত্র তারা ফুটে উঠছে যেন। ইজি চেয়ারটা ছেড়ে বারান্দার সামনে প্রসস্ত সিঁড়িতে একটা পাটি বিছিয়ে শুয়ে পড়ল সে। এবার খোলা আকাশটা যেন অনেক কাছে চলে এসেছে। চোখ বরাবর কালপুরুষ পুঞ্জটা দেখা যাচ্ছে। আশে আশে অসংখ্য তারা মিট মিট করে ঠোকাঠুকি করছে যেন। ঐতো খানিকটা উত্তর দিকে সপ্তর্ষিমন্ডল জেগে উঠেছে। তার প্রান্তের দুটো তারার সংযোগ রেখা সোজা নিচে প্রসারিত করার পর ধ্রুবতারাটি সহজেই খুঁজে পাওয়া গেল। তারার রাজ্যে হারিয়ে গেল ইয়াকুব আলী।
তার পিতা মনসুর আলীরও তারা দেখার শখ ছিল। তিনি সেই সময়ের মেট্রিকুলেশন পাশ। গ্রামের প্রাইমারি স্কুলেই স্বল্প বেতনে শিক্ষকতা করেছেন সারাজীবন। সহজ সরল নির্মোহ নিরুপোদ্রব মানুষ ছিলেন তিনি। গরমের সময় মাঝে মাঝে উঠানে পাটি বিছিয়ে শুয়ে পড়তেন আর তারা দেখতেন তন্ময় হয়ে। ইয়াকুব আলী এক্ষেত্রে পিতার নিত্যসঙ্গী। ইয়াকুব আলী শুনতে পেল পিতা যেন বলছেন, 'দেখ ইকুব, কত্ত তারা, হাজার হাজার, কোটি কোটি। কেউ কি কোনদিন গুণতে পারব এগুলা? পারব না।'
ইয়াকুব তখন গুণার চেষ্টা করে। কিন্তু ক্রমেই তার দৃষ্টি বিভ্রম হয়ে যায়। মনে মনে বলে, নাহ্, এগুলো গুইণা শেষ করা যাইব না। কোনদিনও শেষ করা যাইব না। পিতাকে প্রশ্ন করে, 'আব্বা, এইসব তারার পরে কি আছে? ঐযে দেহা যায় আলোর মেঘ, ঐযে তারার ফাঁক দিয়া।'
-সেইহানে আল্লাহ্র আরশরে বাপ। আল্লাহর আরশ। সেই দিকে তাকাইয়া আল্লার কাছে যা চাইবি, তাই পাইবি। তবে চাওয়ার মতো কইরা চাইতে হইব। সেইদিকে তাকাইবি, আর সুরা ফাতিহা পড়বি, আল্লাহ্ খুশি হইবো, যা চাইবি, তাই পাইবি।
পরক্ষণেই মনসুর আলী সুরে সুরে আবৃত্তি করেন, ইয়াকুবও তার সাথে সুর মেলানোর চেষ্টা করে-
অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী
যত গুণগান, হে চির মহান, তোমারি অন্তর্যামী।
দ্যুলোক ভূলোক সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণাকামী।
ইয়াকুব তখন বলে, 'আব্বা, যা চামু, তাই পামু?'
-'তাই পাইবি। কিন্তু টাকা পয়সা পাইবি না। কি পাইবি জানস?পাইবি বিদ্যা, আর পাইবিশান্তি, আনন্দ, জান্নাতের পথ—-' । মনসুর আলী তন্ময় হয়ে যান।
ইয়াকুব ভাবে, 'টাকা পয়সা ছাড়া এসব আবার কি?' তবে বিদ্যার কদর কিছুটা বুঝতে পারে সে। পাশের গ্রামের মোশারফ ডাক্তারের কথা ভাবে। সে কত্তবড় ডাক্তার! আশে পাশে কত নাম ডাক তার, কত্ত টাকা পয়সা! তারও সেইরকম বিদ্যা দরকার। যে বিদ্যা দিয়া সবাইরে ছাড়ায়ে যাবে। চোখ বন্ধ করে উচ্চারণ করে সে, 'অনন্ত অসীম প্রেমময় তুমি—–'
আল্লাহ্ কি তার কথা শুনেছে? ইয়াকুব ভাবে। অবশ্যই শুনেছে।না শুনলে এত বড় হতে পারত? বিদ্যা অর্জন করে কত বড় অফিসার হলো সে! কত যশ, কত প্রতিপত্তি!
শরীরটা আবারো কাঁপনি দিয়ে উঠে তার। অলক্ষ্যে কপালে বা হাত চেপে ধরে। কিছুটা তপ্ত অনুভুত হচ্ছে কি? গলাটা খোশ খোশ করে উঠে। খক খক করে কেশে উঠে। গলায় একটু ব্যথাও জানান দেয়। আবার আকাশের দিকে তাকায় সে। লক্ষ কোটি তারা মিটি মিটি চোখে তাকে দেখছে যেন। ভাবে, এই ধাক্কাটা কি পার হতে পারবে সে? অনন্ত অসীম কি সে দয়া করবেন এবার?
তারার ফাঁকে অনন্ত অসীমকে খুঁজে বেড়ায় ইয়াকুব আলী। কিছুটা ক্লান্ত লাগে। ঝিমুনি আসে। ঝির ঝিরে ভেজা বাতাসটা শরীর ছুয়ে যায়। শীত শীত লাগে। পাটি ছেড়ে ঘরে এসে বিছানায় শুয়ে পড়ে সে। পাতলা কাঁথাটা বুকে টেনে নেয়। চোখ দুটি বুজে আসে। করোনার দুশ্চিন্তাটা ফিরে ফিরে আসছে। ভাইরাসটাকি শেষ মেষ তাকে গ্রাস করেই ফেলল? তার মনোযোগ অন্তর্মুখী হয়। শরীরের লক্ষ কোটি অণু পরমাণুকে ব্যবচ্ছেদ করতে থাকে সে। নিগূঢ় অস্তস্থল থেকে গভীর নিনাদ যেন বেজে উঠে। একটা গম্ভীর কন্ঠ শুনতে পায় সেই ফাঁকে, 'তুমি কি ভয় পেয়েছ ইয়াকুব? ভয় পেয়ো না। তুমিতো জান, ভয়ই ধ্বংসের সূচনা করে, জান না?'
ইয়াকুবের ঠোট কেঁপে উঠে। মনের ভেতর থেকে প্রতিধ্বনি যেন শুনতে পায়, 'ভয় কিসের, ভয় আমাকে ছুঁতে পারবে না। জীবনের কত কঠিন সময় আর প্রতিবন্ধকতাএকাকী পার করে এলাম! ভয়ের কাছে হার মানছি না আমি।'
তার মনের গহীনে দৃঢ় আস্থার নিগড়ে বাঁধা নির্ভীক প্রাণের অস্তিত্ব জানান দেয় যেন।
পরদিন ঘুম ভাঙ্গলো একটু দেরীতে। ইতোমধ্যে সূর্য ঊষার কোমলতা ভেদ করে খানিকটা তেজোদ্দীপ্ত হয়ে উঠেছে। চিক চিকে রোদে প্রকৃতি জেগে উঠেছে। বিছানা ছেড়ে উঠে বসল ইয়াকুব আলী। হাতে পায়ে বুকে পিন পিনে ব্যথা। গায়ে হালকা জ্বরও আছে। মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছে।
বারান্দার টেবিলে কখন যেননাস্তা রেখে গেছে সাফু। দুধ দিয়ে ওটস্, সাথে মটরশুটি দিয়ে খিচুরি আর কয়েক ফালি আনারস কাচা লংকা আর হালকা লবণ দিয়ে মাখানো। মুখটা বেশ তেতো হয়ে আছে। বেশ কষ্টে নাস্তা সারল সে। শরীরটা দুর্বল লাগছে। আবার শুয়ে পড়ল। আলস্যে বেশ কয়েক ঘন্টা কেটে গেল। ফাঁকে ফাঁকে মধু দিয়ে গ্রীন টি খেল কয়েকবার।
বিছানা ঘেষে উত্তর পাশের জানালাটা দিয়ে তাকালে ছোট ছোট গাছের ফাঁকে নীল আকাশটা যেন চুইয়ে পড়ছে। মুগ্ধ চিত্তে সে দিকে তাকিয়ে থাকল বেশ খানিক্ষণ। হঠাৎ ছিপ ছিপ শব্দে পাশের পেপে গাছটার দিকে তাকাল সে। সেখানে একটা বুলবুলি মনের সুখে একটা পাকা পেঁপে ঠোকর দিয়ে খেয়ে যাচ্ছে। ফাঁকে ফাঁকে সতর্ক দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছে সে। গাছটা একেবারে জানালাটার গা ঘেষে। তাই পাখিটাকেও খুব কাছ থেকে দেখার সুযোগ হলো। কী অপূর্ব সুন্দর পাখিটা। কী সুগঠিত তার দেহ। বাদামী পেটের শেষাংশে লেজের নীচের টকটকে লাল রংটা কী যে দীপ্যমান হয়ে আছে! কালচে নীল ঠোট দিয়ে থেমে থেমে পেপেটার উপর ঠোকর মারছে সে। সৃষ্টির কি অপার মহিমা! অনেকটা অলক্ষ্যে প্রকৃতির বুকে বিচরণ করে বেড়ানো এই পাখিটাকেও কত অপূর্ব করে সৃষ্টি করা হয়েছে। যতক্ষণ পাখিটা পেপেটা খাচ্ছিল, ততক্ষণই ইয়াকুব আলী সেটি মুগ্ধ দৃষ্টিতে দেখছিল।
সেদিন হাত-পা আর গলার ব্যথাাটা সেরকমই আছে। জ্বরের মাত্রাটাও তেমন বাড়ে নাই। সারাদিনে দুবার প্যারাসিটামল খেয়েছে। এতে সাময়িক আরাম পেয়েছে। রাতে খাবার খেয়েআবার বারান্দার ইজি চেয়ারটায় এসে বসল। মনে হলো যেন বুকটা ভারী ভারী লাগছে। শ্বাস নিতেও খানিকটা কষ্ট হচ্ছে। কোভিড নাইনটিনের সংক্রমণটা বোধ হয় পরিণতির দিকে যাচ্ছে। সেটা ভাবতেই শরীরটা যেন কাপুনি দিয়ে উঠল। হৃৎপিন্ডের গতি যেন খানিকটা বেড়ে গেল। উঠে গিয়ে লেবুর সরবৎ খেল খানিকটা। শরীরের অস্বস্তিটা ভুলে থাকার চেষ্টা করলো। বেশ দুর্বল লাগছে তখন। দরজাটা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। জানালা দিয়ে উত্তর দিকের অন্ধকার তারকাময় আকাশটা গাছের পাতার ফাঁক দিয়ে যেন উঁকি মারছে। সেদিকে তাকিয়ে ধ্রুব তারাটা খোঁজার চেষ্টা করলো। জানালার পাশ দিয়ে কয়েকটা জোনাকি পেটে আলোর কণিকা আঁকড়ে ধরে মনের আনন্দে এদিক ওদিক ছুটাছুটি করছে। সে মুগ্ধ হয়ে দেখছে দৃশ্যটা। শরীরের কষ্টটা এখন যেন আর অনুভূত হচ্ছে না।পরক্ষণেই শরীরে একটা ঝাঁকুনি অনুভব করল। সেই তন্ময়তাটাও কেটে গেল। শ্বাস কষ্টটা আবার যেন ফিরে এসেছে। সেই সাথে বুকের ব্যথাটাও। শরীরটা ক্লান্ত লাগছে। চোখ বন্ধ করে শরীরের রন্দ্রে রন্দ্রে ভাইরাসটার সংক্রমণ বুঝার চেষ্টা করল। গলনালী হয়ে ফুসফুসের ভেতরটায় ভারী কিছু একটার অস্তিত্ব বুঝা যাচ্ছে যেন। ভেতরে সাহস সঞ্চয় করে জোরে শ্বাস নিতে লাগল। কিছুক্ষণের মধ্যে শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে আসছে। ইয়াকুব আলী প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবিষ্ট অক্সিজেনের শক্তিটা শরীরে চালিত করার চেষ্টা করছে। এভাবে বেশ কিছুক্ষণ গেল। কখন যেন তন্দ্রা এসে গেল তার। মনের গহীনে যেন শুনতে পেল গভীর একটা ধ্বনি, 'ইয়াকুব আলী, তুমি কি খুবই ভীত? করোনা তোমার কিছুই করতে পারবে না। কিন্তু ভীতি তোমাকে ছিড়ে ছিড়ে খাবে। তুমি ভয় মোচন কর, ইয়াকুব আলী তুমি ভয় মোচন কর।'
-তুমি কে, বন্ধু?
-আমি তোমার প্রাণশক্তি। তোমার শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে, কোষের ভেতরে, অণুতে পরমাণুতে অনুভূতির ঝংকার তুলি আমি। বিশ্বব্রম্মান্ডের দান এই অগণিত অণু-পরমাণু, ইলেক্ট্রন-প্রোটন-নিউট্রন-পজিট্রন সমন্বয়ে গড়ে তোলা তোমার দেহে তোমার পরিচয় আমি উন্মোচন করি। আমাকেতো তুমি চেন ইয়াকুব। বিশ্বব্রম্মান্ডের অসীমশক্তির ক্ষুদ্রাতিক্ষুদ্র লীলা দেখে তুমি যখন তন্ময় হয়ে যাও, এই চেনা পৃথিবীর আকাশ-বাতাস-প্রকৃতির সৌন্দর্য্য তোমাকে যখন বিমোহিত করে, নিশির অন্ধকারে এই অগণিত তারকা ভেদ করে তুমি যখন অসীমের উৎস খোঁজায় নিবৃত্ত হও, তখন তোমাকে কে তোমার অন্তরাত্মার গভীরে নিয়ে যায়?বাহির থেকে অন্তরে নিয়ে যায় কে? কে তোমাকে বলে, তুমিও সে অসীমেরই অংশ, তোমার মাঝেও অসীমের সুর এসে অনুরণিত হয়? সেইতো আমি। শত বিপত্তি-সংকটে আমিই তোমার ভেতর থেকে সংশয় দূর করি। তুমি ভয় পেয়ো না ইয়াকুব। সাহসে উদ্দীপ্ত হও।
এই কথোপকথন যেন চলতেই থাকে। লক্ষ কোটি শব্দ যেন কোথা থেকে উচ্চারিত হয়, আর ইয়াকুব আলী নির্বাক শ্রোতা হয়ে শুনেই যায়, শুনেই যায়।
রাতে কোন এক সময় ঘুম ভেঙ্গে যায় তার। এরপর আর ভাল ঘুম হলো না। বেশ শীত লাগছে। পাশের কম্বলটা গায়ে দিয়ে শুয়ে থাকল। শ্বাস কষ্ট আর বুকের ব্যথাটা আগের মতোই আছে। তবে জ¦রটা একটু বেড়েছে বলে মনে হচ্ছে।
পরদিন শ্বাস কষ্টটা আরো বাড়ল। জ্বরটাও বেড়েছে। থার্মোমিটারে মেপে দেখল হানড্রেড থ্রি ডিগ্রী ফারেনহাইট। দুপুরে ঠিকমতো খেতে পারল না। মধু দিয়ে লেবুর পানিটা একরকম জোর করেই খেয়ে যেতে থাকল। এরি মধ্যে একবার টয়লেটে গিয়ে বমি করল। শরীরটা আরো দুর্বল হয়ে পড়ল। বেশ কবার খাবার সেলাইন খেল।
বিকেল বেলা ইয়াকুব বারান্দায় ইজি চেয়ারটায় বসে বসে কয়েকটা বই ঘাটাঘাটি করছিল। মাঝেই মাঝেই কাশছিল আর টিস্যু দিয়ে নাকের সর্দি মুছছিল। ইউনুছ এসে গ্রীলের ওপাশে দাঁড়াল। বলল, 'ইকুব, তোর মুখটাতো ফ্যাকাশে হয়ে গেছে। শরীরডাকি বেশী খারাপ তোর?'
ইয়াকুব ইউনুছকে এভাবে আসতে দেখে বেশ রেগে গেল, 'ভাই, তোমাকে আমি মানা করছি না এখানে আসতে? কেন আসলা? যাও এখান থেকে, এক্ষুনি যাও। পরিস্থিতি বুঝতেছ না? সময় হলে আমিই তোমাদের ডেকে নিয়ে আসব। আমি কোয়ারেন্টিনে আছি। সরকার বলে দিয়েছে আমাকে, বুঝেছ?'
ইউনুছ যেন অপ্রস্তুত হয়ে গেল। বলল, 'ভাবলাম ডাক্তার টাক্তার আনব কিনা।'
-করোনা হচ্ছে গিয়া এক ধরণের সর্দি কাশির অসুখ, বুঝলা? এটার কোন চিকিৎসা নাই। কোয়ারেন্টিনই সবচেয়ে বড় চিকিৎসা। আর আমার কাছে টুকটাক কিছু ওষুধ আছে, সেগুলো খাইতেছি। তোমাদের আমি না ডাকলে এদিকে আসবানা। আমি যেভাবে বলে দিয়েছি, সেভাবে চলবে সব। এখন যাও।
ইউনুছ কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে চলে গেল। ইয়াকুবও হাফাতে লাগল। বার বার কাশতে লাগল। নাক দিয়ে ঘন ঘন সর্দি বের হতে লাগল। টিসু পেপার দিয়ে মুছে সেগুলো মাটির একটা পাত্রে রাখছিল। দিন শেষে সেগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে সে।
দুই দিন এভাবেই গেল। অতপর শ্বাসকষ্ট আর জ¦র আরো বাড়ল। খাবার রুচি একেবারেই নেই।
সেদিন সন্ধ্যার পর থেকেই শ্বাসকষ্টটা আরো বাড়ল। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন দম আটকে আসছে। সেই সাথে বুকে ব্যথা। ডায়েরিয়াও দেখা দিয়েছে এর মধ্যে। কম্বলমুড়ি দিয়ে বিছানায় শুয়ে থাকল। চতুর্দিকে ঝিঁঝি পোকার একটানা শব্দ। এরি মধ্যে দেয়াল ঘড়িটার মৃদু টিক টিক ছন্দোবদ্ধ শব্দ রাত্রির নিস্তব্ধতাকে যেন আরো বাড়িয়ে তুলেছে।শীতলপাটির এই নীরব নিঝুম নিকষ রাত্রি ইয়াকুব আলীর কাছে যেন হাজার বছরের পরিচিত। সেই নিস্তব্ধতারও একটা নিজস্ব সুর আছে যা ইয়াকুরের কানে ছন ছন বেজে চলে। দুর্বল-নিস্তেজ শরীরের ভেতরের হাহাকার যেন নিস্তদ্ধতার সেই সুর ভেদ করে মিশে যাচ্ছে আকাশ মহাকাশ পেরিয়ে কোন এক অসীমে। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ-কোষগুলো যেন আরো ক্ষুদ্রাতিক্ষুদ্র কণিকায় বিভাজিত হয়েমহাশূণ্যে মিলিয়ে যাচ্ছে । একটা থম থমে আতংকে কেঁপে উঠে তার শরীর। সমস্ত প্রাণশক্তি দিয়ে সে দেহটাকে তুলে ধরতে চাইল। কিন্তু দেহটাকে সে কোনভাবেই নাড়াতে পারল না।
এভাবে কতক্ষণ গেল তার কোন ইয়ত্তা নাই। তার শরীর এখন যেন তার নিজের নিয়ন্ত্রণের অতীত। এরি মাঝে সেই গম্ভীর ধ্বনিটা আবারো যেন সে শুনতে পেল, 'তুমি ভীত সন্ত্রস্থ, তোমার আর রক্ষা নেই ইয়াকুব।'
অস্ফুট স্বরে তার কন্ঠ থেকে যেন বের হয়ে এল, 'আমার দেহের উপর আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি কেন?লক্ষ-কোটি কণায় বিভক্ত হয়ে আমার দেহ যেন কোথায় মিলিয়ে যাচ্ছে। তাদের সাথে আমার চৈতন্যও যেন অগণিত তারকামন্ডলি, ছায়াপথ পেরিয়ে অসীমের রাজ্যে হারিয়ে যাচ্ছে। আমি এখন কি করতে পারি?'
-পৃথিবী, সৌরজগৎ, ছায়াপথ পেরিয়ে তুমি আরো দূরে চলে যাও ইয়াকুব। সেখান থেকে শীতলপাটির এই গৃহে পড়ে থাকা তোমার দেহটাকে দেখার চেষ্টা করো। এই দেহটার যন্ত্রণা এখন আর তোমার সাথে নেই। তোমার চৈতন্য এখন অসীমের রাজ্যে বিহার করতে উন্মত্ত হয়েছে। সেটাকে বাঁধা দিওনা ইয়াকুব। চৈতন্য তোমার দেহ থেকে যোজন যোজন দূরে।
-আমি কি মৃত্যু বরণ করছি?
-ত্রাসের ছলনা যদি বিশ্বাস করে থাক, তাহলে তাই।
-কিন্তু আমি যে এই পৃথিবীকে খুবই ভালবাসি। এর মমতাতো আমি ত্যাগ করতে পারছি না। এই শীতলপাটিতে আমি বেঁচে থাকতে চাই। এই পৃথিবীতে, এই বাংলায় আমি বেঁচে থাকতে চাই। এখানকার আলো বাতাস আমি ছাড়তে চাই না। অসীম গগনতলে রবির করোজ্জ্বল দিগন্ত বিস্তৃত অপরূপ প্রকৃতির সৌন্দর্য্যরে সুধা প্রাণভরে আস্বাদন করতে চাই। নিশির নিকষ আঁধারে গণনাতীত তারকারাশির মিটমিটে আলোয় অনন্ত অসীম প্রেমময় অরূপের নাগাল পেতে চাই। চন্দ্রালোকিত তুলতুলে জ্যোস্নায় অলক্ষ্যে লুকানো স্বপ্ন-রাজ্যে বিচরণ করতে চাই। মৃত্যুতো আমি চাই না।
-আতঙ্ক চৈতন্য থেকে মুছে ফেল।তুমি মন থেকে যা চাইবে, তাই হবে ইয়াকুব। অনন্ত প্রেমময় অরূপ তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। অসীম থেকে নির্ভীক তোমার দেহটি তুমি পরখ কর। দেখসেখানে ক্ষুদ্রাতিক্ষুদ্র গণনাতীত কণারাশি পুঞ্জিভূত হচ্ছে আবার। তুমি যে কাল পড়ছিলে না কবিতাটি? মনে পড়ে?
-হ্যাঁ, মনে পড়ে-
একমাত্র অস্ত্র তার দেখেছিনু
কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত-
অন্ধকারে ছলনার ভূমিকা তাহার।
যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস
ততবার হয়েছে অনর্থ পরাজয়।
ইয়াকুব যেন চিৎকার করে বলতে চায়, 'কোন ছলনাময় ভীতি আর ত্রাসকে পরোয়া করি না আমি। আমি বাঁচতে চাই। হে অনন্ত অসীম প্রেমময়, আমার দেহের লক্ষ-কোটি কণিকাকে তুমি এক চৈতন্যে আবদ্ধ করো আবার। সেই চৈতন্য নিয়ে আমি আবার জেগে উঠতে চাই। হে অনন্ত অসীম প্রেমময়—'
একটা ঝাকুনিতে যেন ইয়াকুবের ঘুম ভেঙ্গে গেল। চোখ মেলে তাকাল সে। আলমিরার উপর টানিয়ে রাখা রবীন্দ্রনাথের বৃদ্ধ বয়সের ছবিটা যেন সৌম্য জ্যোতিতে জ্বল জ্বল করছে।অন্ধকারে এত আলো পেল কোথায় ছবিটা! জানালার বাইরে তাকাল সে। শুক্লপক্ষের চাঁদের আলোতেও গুটিকয়েক জোনাকির আলোর কণিকা যেন এদিক সেদিক ছুটে চলেছে অবিরাম। সেই সাথে একটানা বেজে চলেছে ঝি ঝি পোকার সঙ্গীত-লহরী। শরীরটা বেশ দুর্বল লাগছে তার। নাড়া চাড়া করতে কষ্ট হচ্ছে। চোখ বন্ধ করে আরো কিছুক্ষণ শুয়ে থাকল। কিছুক্ষণ পরআস্তে আস্তে উঠে বসল ইয়াকুব। গলাটা যেন শুকিয়ে গেছে। খানিকটা সেলাইন পানি খেল। শ্বাসকষ্টটা কিছু কমেছে মনে হলো। কিন্তু ডায়েরিয়ার প্রকোপটা আগের মতোই রয়ে গেছে। দুর্বল শরীর নিয়ে আবারো শুয়ে পড়ল সে।
ইয়াকুব আলীর যখন ঘুম ভাঙ্গলো তখন পূবাকাশে হালকা মেঘের আড়াল থেকে উদীয়মান সূর্যের দীপ্তি যেন ছড়িয়ে পড়ছে চতুর্দিক। শ্বাস কষ্টটা তার এখনো আছে। তবে আগের চেয়ে বেশ কম। মাথাটাও যেন বেশ হালকা লাগছে। বিছানা ছেড়ে বারান্দার ইজি চেয়ারটায় গিয়ে বসল সে। সম্মুখে শীতলপাটি বিল, তার পর জলেশ^রী পাথার। শীতলপাটি আবার পশ্চিমপাশে গিয়ে মিশেছে ছনছাড়ার টেকের সাথে। এসবই আশৈশব তার স্বপ্নের বিচরণভূমি। সূর্যের কিরণের তেজ যেন বেড়েই চলেছে। আলোর বন্যায় প্রকৃতি যেন আড়মোড়া ভেঙ্গে জেগে উঠছে। আকাশ আর বাতাসের মিতালী যেন স্বর্গীয় ঐকতান সৃষ্টি করেছে। মোহনীয় এই আকাশ-বাতাস ছাড়তে চায়না ইয়াকুব আলী। এখন আর চাকুরি নয়, সংসার নয়। প্রাণভরে পান করে যাবে তার চিরচেনা প্রকৃতির অমৃত সুধা। অলক্ষ্যে তার হৃদয়তন্ত্রীতে বেজে উঠল যেন,
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে
ওমা আমার প্রাণে বাজায় বাঁশি—-
ইয়াকুব আলী ভাবে, এই বিশাল পৃথিবীতে নানান প্রাণী আর উদ্ভিদ, তাদের সকলেরই জলবায়ু-আবহাওয়া ভেদে নিজস্ব দেশ আছে। তেমনটি মানুষেরও আছে। পৃথিবীর কত দেশ ঘুরেছে ইয়াকুব আলী। কিন্তু বাংলাদেশে এলেই মনটা কেমন যেন উচাটন হয়ে যায়। বাংলার আকাশ-বাতাস-প্রকৃতিতে যেন টান টান বিছানো আছে সেতারের তার, হৃদয়ের অভিঘাতে সেখানে যেন সুরের মূর্ছনা জেগে উঠে। সেই মূর্ছনায় মুছে যায় সকল শূণ্যতা-হাহাকার-বিষন্নতা। এমন একটা দেশ একান্ত আপন করে পেয়েছে সে, যেখানে যুগ-যুগান্তর বেঁচে থাকতে পারে। চোখের কোণে অলক্ষ্যে আনন্দাশ্রু জমে উঠে যেন। বঙ্গবন্ধুর কথা মনে পড়ে। অপার বিস্ময়ে ভাবে সে, পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে বঙ্গবন্ধুর মতো একজন পরিত্রাণকর্তার অঙ্গুলির ইশারায় স্বাধীন সত্তা নিয়ে বাংলাদেশের যে অভ্যুদয় ঘটবে সেটি কি কবিগুরু তখনই বুঝতে পেরেছিলেন? তাই তখনি কি লিখে গিয়েছেন সেই জাতীয় সঙ্গীত?
দুর্বল শরীর নিয়ে ইজি চেয়ারটায় গিয়ে বসল সে। সূর্য তখন বেশ তেজস্বী হয়ে উঠেছে। গ্রীলের ফাঁক দিয়ে হাতটা বাড়িয়ে দিল সে। এক চিলতে রোদ এসে উঞ্চতার পরশবুলিয়ে দিল সেখানে। সূর্যের অভ্যন্তরে হাইড্রোজেন পরমাণু থেকে ফিউসন প্রক্রিয়ায় হিলিয়ামে রূপান্তরের ফলে উৎপন্ন বিপুল শক্তির ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ বিশেষ তার দেহে উঞ্চতার শিহরণ জাগিয়েছে যেন। সূর্যের সেই শক্তিইতো এই সৌরজগতকে চালিত করছে, যার শক্তি পেয়ে বেঁচে থাকছে, বেড়ে উঠছে সকল জীব, উদ্ভিদ, প্রাণী। চোখ বন্ধ করে ইয়াকুব আলী। তার শরীর বেশ দুর্বল। সেই শক্তির একটা ঝাকুনি তার বড় প্রয়োজন। জোরে প্রশ্বাস গ্রহণ করল সে। কোটি কোটি অক্সিজেন অণু তার ফুসফুসে প্রবেশ করে সেগুলো ইলেক্ট্রণ-প্রোটন-নিউট্রন-পজিট্রন-কোয়ার্ক কণায় বিভাজিত হয়ে শক্তি উৎপাদন করছে যেন। সেই শক্তিটা দেহের নানা প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। সেই শক্তির অভিঘাতে শরীরটা কেঁপে উঠল কয়েকবার। এভাবে সে একটার পর একটা প্রশ্বাস নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে, সেই সাথে শরীরটাও যেন সজীব হয়ে উঠছে। সূর্যের দিকে বাড়ানো হাতেটাতেও যেন সূর্যের আলোর কোটি কোটি ফোটন কণা বৃষ্টির মতো ঝরে পড়ছে। দেহের ভেতরের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণারাশিতে সেই ফোটন কণাও যেন ঝংকার তুলে যাচ্ছে।
ইজি চেয়ারটায় এভাবেই তন্ময় হয়ে রইল ইয়াকুব আলী। এরি মধ্যে ভেসে উঠল পিতা মনসুর আলীর মুখ। অগণিত তারকারাশির অপর প্রান্তে তিনি যেন আল্লাহ্র আরশের সন্ধান করেই যাচ্ছেন। ইয়াকুব আলী ভাবে, সেই তারকারাশির পরে কি আছে, তাকি আমরা জানি? আমাদের যে তারকাপুঞ্জ, যাকে আমরা মিল্কিওয়ে বলি, তার কেন্দ্রেইবা কি আছে? অনুমান করে বলা হচ্ছে, সেখানে আছে বিশাল ব্ল্যাকহোল, যাকে কেন্দ্র করে বিলিয়ন বিলিয়ন তারকার ন্যায় সূর্যওআবর্তিত হচ্ছে। চুড়ান্ত পরিণতিতে সূর্যও হয়তো আমাদের সৌরজগৎ, আমাদের এত সুন্দর মমতাময় পৃথিবীসমেত ঝাঁপিয়ে পড়বে সেই ব্ল্যাকহোলে। পৃথিবীর এমন পরিণতি ইয়াকুব আলী যেন মেনে নিতে পারে না। আবার ভাবে, বিজ্ঞান এযাবৎ যা জানতে পেরেছে, এই বিশ^ব্রম্মান্ডে কণা ছাড়া আর কিছুইতো নেই। আকাশ-বাতাস-আলো-জীব-প্রাণী, সবই ক্ষুদ্রাতিক্ষুদ্র অগণিত ফার্মিওন আর বোজন কণার সমাহার। আর সেই সব কণারাশির কোন একটিকে ভাঙ্গতে ভাঙ্গতে কতদূর যাওয়া যায়, তার সুরাহা বিজ্ঞান এখনো করতে পারেনি। এই যেমন আমি, মানুষ হিসেবে আমার একটা স্বতন্ত্র পরিচিতি আছে, যা কিনা যার যার নিজস্ব অবয়ব, আবেগ আর রুচির সমাহার। এই আমাকে ব্যবচ্ছেদ করতে থাকলেও সেই কণাতে গিয়েই ঠেকতে হবে। এই যে কণারাশির সমন্বয়, তার কোন একটা পর্যায়ে এসেতো কোন একটা একক গড়ে উঠার কথা, যে কিনা জানান দিবে যে এটা আমার একক। সেই চৈতন্য পর্যায়টা কোথা থেকে শুরু হয়? শুধুইকি ডিএনএ থেকে? ডিএনএ-র আগেওতো কণা আছে। তার আগে কি? আর ডিএনএ-র ডিজাইনটাইবা করছে কে? ইয়াকুব আলী বহুদিন থেকে সেই প্রশ্নটার উত্তর খুজছে, কিন্তু পাচ্ছে না। এসব প্রশ্নের উত্তর হয়তো মানুষ কোনদিনই জানতে পারবে না।
ক্রমে সুস্থ হয়ে উঠে ইয়াকুব আলী। ইতোমধ্যে কুসুমের খবর নেয়া হয়েছে। হালকা জ¦র আর শ্বাসকষ্ট ছাড়া তেমন কিছু হয়নি তার। রূপন আর ঈষিকারও তেমন কিছু হয়নি। ঢাকায় আদনান ওরাও বেশ ভালই আছে। তবে এরি মধ্যে শহর-গঞ্জ-গ্রামে জনজীবন কেমন যেন স্তদ্ধ হয়ে পড়ে। ইয়াকুব আলী ভাবে, সৃষ্টির অসীম লীলায় এই স্তদ্ধতাটারও হয়ত প্রয়োজন ছিল। মানুষ হিসেবে পৃথিবীর প্রতি আমাদের যে দায়িত্ববোধ ছিল, তা প্রতিপালনে হয়ত আমরা ব্যর্থ হয়েছি। হয়তবা সমুদয় উদ্ভিদ আর প্রাণীকূলের মর্মভেদী আর্তনাদ প্রেমময় সৃষ্টিকর্তাকে বিচলিত করেছে। এই স্তদ্ধতা হয়তবা তারই প্রতিফলন। লাগামহীন অবিমৃষ্যকারিতার একটা প্রায়শ্চিত্যওতো দরকার।
উত্তরের জানালাটা দিয়ে দিগন্ত বিস্তৃত নীলিমার দিকে চোখ যায় ইয়াকুব আলীর। সবুজ ফসলের মাঠ পেরিয়ে নীল আকাশটা যেন দূরে কোথাও মাটির পৃথিবীকে পরম মমতায় চুমো খাচ্ছে। সে তন্ময় হয়ে ভাবে, প্রকৃতির নিত্য অকিঞ্চিৎকর মুহূর্তগুলোও কি অপরূপ ছন্দময়! এখানে কি অনাবিল প্রশান্তিইনা বিরাজ করে নিভৃতে নিরন্তর! মনে মনে প্রার্থনা করে সে, হে মঙ্গলময়, পৃথিবীর বুক থেকে এই প্রশান্তিটুকু যেন কখনো হারিয়ে না যায়।
এরি মধ্যে ছপ ছপ শব্দে পাশের পেঁপে গাছটার দিকে চোখ গেল ইয়াকুব আলীর। আজ দুটো বুলবুলি এসে আরেকটা পাকা পেঁপে ঠুকরে ঠুকরে খাচ্ছে। সে রাফসানকে বলে দিয়েছে, এই গাছে দুই একটা পাকা পেঁপে যেন সবসময়ই রেখে দেয়া হয়। মনের আনন্দে বুলবুলির আহার গ্রহণের এই দৃশ্যটি বড় মূল্যবান মনে হয় তার কাছে।
