২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদিন আনিস নামের কেউ তার খোঁজে আসেননি

এম এল গনি

Published : 30 Mar 2020, 11:58 AM

Updated : 23 Jun 2022, 03:59 PM


টানা তিনদিন অঝোর ধারায় বৃষ্টি হয়ে আকাশটা ফর্সা হলো শেষতক। তাই, শ্রাবণ দিন হলেও লাবনী সেনগুপ্তা ছাতা না নিয়েই বাসা থেকে বেরিয়েছেন ভার্সিটির উদ্দেশ্যে। কলা ভবন হতে ক্যাফেটেরিয়া মিনিট তিনেকের হাঁটাপথ। ক্লাসরুম হতে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমেই থমকে দাঁড়ান লাবনী। বিনা মেঘে বজ্রপাতের মতোই মুষলধারায় বৃষ্টি নেমেছে আবার। তাঁর মতো ছাতাহীন আরো ক'জন ভবনটির নিচতলার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি বন্ধ বা লঘু হওয়ার অপেক্ষায়। হঠাৎই সহপাঠী আনিস ছাতা উঁচিয়ে ভিড় ঠেলে যেতে লাবনীকে দেখে বললেন: 'আমি ক্যান্টিনে যাচ্ছি; লাবনী, তুমি যাবে?'

আচমকা পাওয়া এ সুযোগ হাতছাড়া করেন না লাবনী। 'হুঁম' বলেই পা বাড়ালেন আনিসের সাথে। এক ছাতার নিচে প্রায় গা ঘেঁষে বৃষ্টির তালে তালে কোমর দুলিয়ে হাঁটছেন লাবনীরা। আহ, কি সুন্দর সে দৃশ্য! বৃষ্টি বন্ধের অপেক্ষায় পেছনে দাঁড়িয়ে থাকা অন্য ছেলেমেয়েরা মন ভরে সে দৃশ্য উপভোগ করছে।

সহপাঠী হলেও এর আগে তাঁরা দুজন কখনো পরস্পরের সাথে কথা বলেছেন বলে লাবনীর মনে পরে না। মুখোমুখি হলেও এড়িয়ে গেছেন একে অন্যকে। ওই সংক্ষিপ্ত হাঁটাপথে আনিসের সাথে তাঁর তেমন কথা না হলেও তাঁর বন্ধুবাৎসল্য আর ভদ্রতায় লাবনী মুগ্ধ হন। বিশেষতঃ এক ছাতার নিচে হাঁটলেও আনিস যেভাবে তাঁর দেহস্পর্শ এড়ানোর চেষ্টা করেছেন, এবং তিনি নিজে ভিজেও যেভাবে লাবনীর গায়ে বৃষ্টির পানি পড়া রোধ করেছেন তা ভেবে বেশ পুলকিত হন লাবনী।

গড়পড়তা পুরুষের সাথে আনিসের এক বিশেষ পার্থক্য আবিষ্কার করেন লাবনী সেদিন। এর আগে পুরুষ মানেই মনে হতো কামুক, অসভ্য। তাঁর মনে পরে শহর এলাকা বাস বা ট্রেনে চড়ার অভিজ্ঞতা, যেখানে পুরুষেরা মেয়েদের বুকে পিঠে সুযোগ পেলেই নিজেদের শরীর লাগিয়ে আলতো স্পর্শ করে দিতে চায়, বা সুযোগ পেলেই মেয়েদের ওড়নার ফাঁকে বক্ষদেশে লোলুপ দৃষ্টি ফেলে। অথচ, এই আনিস নামের ছেলেটা একেবারেই ব্যতিক্রম। একটা তরতাজা যুবতীর বুক-বাহু ছুঁয়ে দেয়ার মোক্ষম সুযোগ পেয়েও তা এড়িয়ে চলছেন সচেতনভাবে। এ সত্যিই অসাধারন!

আনিসকে নিয়ে নানা কল্পনা নিমেষেই লাবনীর মাথায় খেলে যায়। তিনি হয়তো জীবনসঙ্গী হিসেবে এমন কোনো পুরুষের কথাই ভাবছিলেন, যাঁর উপর আস্থা রাখা যায়, যাঁকে বিশ্বাস করা যায়, মনখুলে ভালোবাসা যায়। সেদিনের ও ঘটনার পর থেকে আনিসকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেন লাবনী; ক্লাসের ফাঁকে সুযোগমতো কাছে গিয়ে নিজে থেকেই গল্প জুড়ে দেন তাঁর সাথে। সময়ের পরিক্রমায় দুজনের বন্ধুতা গভীরতা পেতে পেতে একসময় সুগভীর ভালোবাসায় রূপ নেয়। – – –

এরই মাঝে তাঁরা দুজন বিশ্ববিদ্যালয় শেষ করে শুরু করেন কর্মজীবন। লেখালেখি আনিসের পুরোনো অভ্যাস। ছাত্রজীবনের অনেক সময়ই কেটেছে হুমায়ুন আহমদ, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ' এর মতো নামিদামি কবি-সাহিত্যিকদের আশপাশে। তাঁরা কি বলছেন মনোযোগ দিয়ে শুনতেন, তাঁদের মতো করে কথা বলার চেষ্টা করতেন। ছাত্রাবস্থায়ই আনিস উপন্যাস লিখে ফেলেছেন একখানা। গল্প, কবিতা লিখেছেন অসংখ্য। সরকারি চাকুরী পেয়েও তা ছেড়ে দিয়ে শেষতক সাংবাদিকতাকে আনিস পেশা হিসেবে বেঁচে নেন। আর ওদিকে, বিসিএস দিয়ে লাবনী হয়ে যান কলেজ শিক্ষক।

ভালোবাসার চূড়ান্ত রূপ দিতে তাঁরা একে অন্যকে জীবনসাথী করতে চান। তবে, বাঁধা হয়ে দাঁড়ায় ধর্ম; সে যে ভালোবাসার মাঝে এক দুর্ভেদ্য দেয়াল! ধনী ঘরের একমাত্র সন্তান আনিসের স্নেহান্ধ মা-বাবা ছেলের পীড়াপীড়িতে লাবনীকে ছেলের বউ করে ঘরে তুলতে আপত্তি করেন না; কিন্তু, লাবনীর মা তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন, এমন অসম বিবাহ দেখার আগে তাঁর যেন মরণ হয়, মানে, তিনি কোনভাবেই এ সম্পর্ক মেনে নিতে অপারগ। ওদিকে, খুব ছোটবেলায় বাবা হারানো, মায়ের স্নেহ-ভালোবাসায় বেড়ে উঠা লাবনী কিছুতেই মা'কে অসন্তুষ্ট করতে চান না। তাঁর কাছে মা সে তো শুধু মা নন, মা-বাবা দুজন। লাবনী জানেন, বাবার অনুপস্থিতিতে একজন মায়ের পক্ষে বাবা-মা দুজনের ভূমিকা নিয়ে বাচ্চাদের মানুষ করা কতটা কঠিন। সেই মা'কে অখুশি করতে মন চাইছে না তাঁর।

লাবনীর বাবা ছিলেন কলেজের অধ্যাপক। স্বাধীনতা যুদ্ধে অতর্কিতে হানাদারবাহিনীর লোকেরা রাতের আঁধারে বাসা থেকে ধরে নিয়ে যায় তাঁকে। তারপর, তাঁর আর কোন খোঁজ মেলেনি আজও। লাবনী কেবল দুবছরের শিশুকন্যা তখন। আর,মায়ের বয়স বড়োজোর তিরিশ। সেই থেকে স্বামীর পথপানে চেয়ে আছেন লাবনীর মা, তাকে বুকে আগলে রেখে পরম মমতায়। মায়ের ধারণা ছিল একদিন স্বামী ঠিকঠিক ফিরে আসবেন; যা হয়তো আর কোনদিনও সত্য হবে না। মায়ের অবিচল ভালোবাসায় বেড়ে উঠা লাবনী কোনোভাবেই মায়ের মনে কষ্ট দিতে চান না। অতঃপর সবদিক ভেবে লাবনী আনিসকে শর্ত দেন, তাঁকে পেতে হলে তাঁর মায়ের কিছু একটা হওয়া পর্যন্ত আনিসের অপেক্ষা করতে হবে। এ প্রস্তাবে আনিসের আপত্তি না থাকলেও বাবা-মা'র পীড়াপীড়িতে এক সময় সে অঙ্গীকার থেকে তাঁকে সরে আসতে হয়। শেষমেষ বাবা মা'র পছন্দের মেয়ে সাঈদা সুলতানা এনিকে ঘরে তুলে সংসার জীবন শুরু করেন আনিস। – – –

আনিসের সংসার জীবনের এক যুগ পেরিয়ে গেছে। লাবনীর মা'ও স্বর্গবাসিনী হয়েছেন বছর দুয়েক হলো। অন্য কাউকে না ভেবে একাকিনী লাবনী সেই আনিসকেই ভালোবেসে গেছেন নিভৃতে, নিরন্তর। এক দশক কলেজে অধ্যাপনা করে তাঁর পোস্টিং হয়েছে বাড়ির কাছের গাছবাড়িয়া সরকারি কলেজে। কিছুদিন আগে পৈতৃকসূত্রে পাওয়া তিন কাঠার ছোট্ট প্লটটি বিক্রি করে একটা সুপ্রশস্ত ফ্ল্যাট কিনে চুপচাপ একা জীবন কাটিয়ে দিচ্ছেন লাবনী। আনিসের সাথে এক হওয়া অসম্ভব জেনেও তাঁকে নিয়ে পুরোনো স্মৃতির সাগরে সাঁতরাতেই ভালো লাগে তাঁর। সেই ছাত্রজীবনে আনিসের দেয়া এক জোড়া শামুকের কানের দুল, ছোটখাট উপহার, চিঠিপত্র, ইত্যাদি নাড়াচাড়া করেই নীরবে নিভৃতে অতীতের রঙিন-ঝলমলে দিনগুলো খুঁজে ফেরেন লাবনী। – – –

দেশের নামি এক সংবাদপত্রের ব্যুরোচীফ হিসেবে কাজ করছেন আনিস। আর ওদিকে, লাবনী পদোন্নতি পেয়ে হয়েছেন সহযোগী অধ্যাপক। এক শহরে বসবাস বলে মাঝেমাঝে রাস্তাঘাটে সংক্ষিপ্ত দেখাসাক্ষাত হয় দুজনের। আনিস একা থাকলে পরস্পর কুশল বিনিময়ও করেন তাঁরা। দুজনেরই বয়স এখন পঞ্চাশের কোটায়। শরীরে সক্ষমতা আগের মতো না থাকলেও মনটা সেই আগের মতো টগবগে তরুণই রয়ে গেছে। লাবনীর কাছে কাজের অবসর মানে আনিসের পুরোনো ভালোবাসার স্মৃতিতে অম্লান অন্তহীন দিবাস্বপ্নে ডুবে থাকা। ওদিকে, লেখালেখি, চাকুরী আর সংসারের ব্যস্ততায় আনিসের জীবনে অবসর বলে কিছু নেই। আনিস এখন পুরস্কার পাওয়া নামি লেখক! – – –

আজ সপ্তাহের ছুটির দিন। শ্রাবনদিন হলেও সকাল হতে আকাশটা ফর্সাই ছিল। ভরদুপুরে হঠাৎই দৈত্যাকৃতি কয়েকখন্ড মেঘ কিছু বুঝে উঠার আগেই কোনদিক থেকে যেন মাথার উপর ছুটে এলো। ঘড়ির কাঁটায় চোখ না রেখে বোঝার সাধ্য নেই এ সন্ধ্যা না দুপুর। আচমকাই শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি; সাথে প্রচন্ড বাতাস। বেডরুমের জানালার পাশে বসে থাকা লাবনীর মনে পরে, এমনই এক বর্ষণমুখর দিনে তাঁর প্রথম যুবক আনিসের কাছাকাছি আসা, এক ছাতার নিচে পাশাপাশি দুজনের হেটে চলা। সেদিনের সাথে আজকের এ দিনটির পার্থক্য শুধু এটুকুই, এ ঝড়োবৃষ্টি মাথায় নিয়ে তাকে কোন পথ পাড়ি দিতে হবে না আজ, যেতে হবে না কলাভবন হতে ভার্সিটির ক্যাফেটেরিয়া বা অন্য কোথাও, বা লাবনীর তুলতুলে নরম বাহুর কোমল স্পর্শ এড়াতে আনিসকেও সতর্ক থাকতে হবে না আজ। লাবনীর বুঝতে কষ্ট হয় না, আনিস নামের সেদিনের সেই তরুণটি আজ লাবনীর জীবনে এক নিষিদ্ধ পুরুষ, যাকে নিয়ে কল্পনার সাগরে ডুবে থাকা যায়, তবে ছুঁয়ে দেখা যায় না, যদিও সে অস্পৃশ্য কিছু নয়।

বেডরুমের জানালার খুব কাছেই দুটো পুরোনো আমগাছ পাশাপাশি দাঁড়িয়ে। গোড়ার দিকে চার পাঁচ ফুট দূরত্বে হলেও আগার দিকে বোঝা যায় না ওরা আলাদা। বৃষ্টির বড়োবড়ো ফোঁটা আমগাছের পাতা নাচিয়ে মাটির খুব কাছাকাছি গোলাপ গাছেও হানছে অবিরাম আঘাত। নতুন ফোটা গোলাপের তাতে কোনো ক্ষতি হয় না, কেবল পুরোনো গোলাপগুলোর পাপড়ি ঝরে পড়ে মাটিতে। সবুজ ঘাসে ছড়িয়ে থাকা সাদা আর গোলাপি পাপড়িতে লাবনী খুঁজে ফেরেন এক ফুলেল বাসর, যে বাসর শুধুই স্বপ্নের। ওদিকে, খানিক দূরে, মাঠের ওপারের ছাইরঙা তিনতলা ভবনের কার্নিশে বৃষ্টিভেজা দুই কাক চুপচাপ বসে বৃষ্টি থামার অপেক্ষায় থাকে। জোড়া আমগাছের ফাঁক দিয়ে দেখা সে দৃশ্যে লাবনীর চোখ আটকে যায়।

বৃষ্টির তীব্রতা নিজ নিয়মে কমে বাড়ে। মাঝেমাঝে ধেয়ে চলা বাতাসের সাথে তুমুল সংঘর্ষ বাঁধে পতনশীল বৃষ্টিজলের। দূর হতে মেঘমালার গর্জনও ভেসে আসে ক্ষণেক্ষণে। শ্রাবন সন্ধ্যার এ বারিধারায় লাবনী কখনো শোনেন সিংহের গর্জন, কখনো বহমান নদীস্রোত, কখনোবা ভাটিয়ালি গানের সুর। আনিসকে গভীর থেকে গভীরতর করে মনে পরে তাঁর। নিজের অজান্তেই দুচোখ হতে দুগালে গড়িয়ে পড়া জলধারা বক্ষবাঁকে বিলীন হয় লাবনীর। ওদিকে, প্লেয়ারে চলছে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কন্ঠে কালজয়ী সে গান: 'আজ এই বৃষ্টির কান্না দেখে, মনে পড়লো তোমায় …'

এমনি অবস্থায় বাসার কলিং বেল বেজে উঠে পরপর দুবার। আনিসের চেনা কণ্ঠও ভেসে আসে কানে: 'দরজা খোলো লাবনী, দরজা খোলো; আমি আনিস।'

লাবনী তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে উঠতে যেয়েও নড়াচড়া করতে পারেন না; পাথরমূর্তি হয়ে গেছে তাঁর সারা শরীর। আবারো কান পেতে বিশেষ মনোযোগী হয়ে কলিংবেলের আওয়াজ, আর সে সাথে, প্রিয়তম আনিসের ডাক শোনার চেষ্টা করেন তিনি। কিন্তু না, তেমন কিছুই শোনা যায় না আর। খানিক পর ভবনের দারোয়ানকে ফোন করেও নিশ্চিত হন, আজ সারাদিন আনিস নামের কেউ তাঁর খোঁজে আসেননি এ ভবনে। অগত্যা বিছানায় লুটিয়ে পড়েন লাবনী। বৃষ্টির তালে তালে অঝোরে জলধারা বয়ে যায় তাঁর দুচোখে আরেকবার।