ভালবাসাই সব, মিলনই সবকিছু
চিত্রকর্ম: জান্নাতুন নাঈম প্রীতি
খনিগ্রাম এতসাত্লানের প্লাজার চত্বরে পড়ে থাকা হাকারান্দা ফুলগুলো গরমে সিদ্ধ হচ্ছে। মেহিকোতে সাধারণত বেলা পড়ে গেলে সকলে কবরস্থানে যায়। কিন্তু ভিড় এড়াতে এ সময়টা পছন্দ ভিনের। প্রায় দু কিলো রাস্তা হলেও গাড়ি না নিয়ে বউয়ের সে হাত ধরে হাটছে আস্তে ধীরে, বছর খানেক আগে প্রয়াত শাশুড়ির শেষ নিবাসের দিকে। রাস্তায় লোকজন কম। দোকানদাররাও ঝাঁপি ফেলে দিয়েছে সিয়েস্তার জন্য। প্লাজা পেরিয়ে, পনের শতকে বানানো গ্রামের প্রধান গীর্জাটা ছেড়ে এসে জোড়লাগা একজোড়া কুকুরের পাশ কাটিয়ে ওদের চোখে পড়ে এক শবযাত্রার। শবযাত্রা হওয়ার কথা মধ্যভোরে আর গ্রামের সকলেই সকলকে চেনে বলে শরিক হওয়ার কথা অনেকের। কম করে হলেও জনা পঞ্চাশেক। আর এখানে মাত্র জনাআষ্টেক লোক। ব্যাপারটা একেবারেই স্বাভাবিক নয় ।
"কি গরীবি হাল এই শেষ যাত্রার!" বউ স্বগোক্তির মত করে বলে –"লোকটার কি কেউ ছিল না?'
"চলো শরীক হই" – বলে ভিন দ্রুত পায়ে ওদের সঙ্গে মিশে যায়। বউ একজনের সঙ্গে কথা বলে জানতে পারে পরপারের যাত্রী হলো চুররেরো এস্কিবেল।
"আহা, শেষ পর্যন্ত…" বাক্যটা আর শেষ করে না বউ।
চুররেরো এসকিবেল ছিল জন্মবুড়ো। জন্ম হয় তার তুবড়ানো গাল, ধবধবে সাদা দাড়ি-গোঁফ আর চুল নিয়ে। অন্তত ওর দাইমা তেরেছা তাই বলে। জন্মের দিন কয়েকের মধ্যেই ও শুরু করে দেয় চুরস বানানো। প্লাজার নৈঋত কোণে বসে তা বিক্রি করে। ওর ব্যবসার কাছে টিকতে না পেরে গ্রামের অন্য দুজন পুরাতন ব্যবসায়ী ওদের চুরসের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়। এরপর থেকে সে গ্রামের একমাত্র চুররেরো। বলা হয়ে থাকে সে রেসিপিটা পেয়েছিল তার পরদাদীর কাছ থেকে; স্বপ্নে। পরদাদী এসেছিল স্পেন থেকে আঠারো শতকের শুরুতে এক খনিকর্মীর বউ হয়ে। পর দাদীর বাবার শাস্তি হয়েছিল ইনকিসিসিওন বিচারালয়ে; তিন দিন মাথায় লম্বা টুপি পরে শহরের রাস্তায় ঘোরার পর লজ্জা থেকে বাঁচতে প্রথম সুযোগেই ভব সংসারে একমাত্র নিকটজন, মেয়ের হাত ধরে সাগর পাড়ি দিয়েছিল সে।
চুররেরো এস্কিবেল কথা বলত সবার সঙ্গেই, আবার কারও সঙ্গেই কথা বলত না। ভালবাসত সকলকেই, কিন্তু কেউ জানত না সে আসলেই ভালবাসে কিনা। বাবা, মা, ভাই বোন, ভাগ্নে, ভাগ্নি-ভাস্তে-ভাস্তি তাদের ঘরের নাতি-পুতিদের কবরস্থানে রেখে আসার পর পৈত্রিক ভিটাতে একাই থাকত। তবে চুরসের ময়দা ছানার সময় সব্বাই ফিরে আসত ইনফ্রামুন্দ থেকে। সকলে হাত লাগাত কাজে। ওরা জানতো কতটুক ময়দার কোন সময় কতটুকু চর্বি, চিনি, লবণ বা পানি মেশাতে হবে, বা কটা ডিম লাগবে।
ভিন ওকে প্রথম দেখেছিল উনিশশ নব্বইয়ে। তখন থেকেই ও ছিল প্লাজার এক স্থাপনা। সে ঝাঁপি খুলত বিকেল চারটের সময়, তখন সিয়েস্তা থেকে সকলেই যার যার দোকান খোলে। ক্রমেই প্লাজা ভরে ওঠে লোকজনে। বন্ধ করত রাত নটার আগে সব ময়ান শেষ হয়ে গেলে। কালেভদ্রে ময়ান বেঁচে গেলে বাড়ি যাওয়ার পথে এক শুয়োরের খামার হয়ে যেত। পশুগুলোর ভাগ্য খুলত যদিও ধাড়িগুলো ছাড়া এ স্বাদ মাদিগুলো বা বাচ্চাগুলো পেত না। ফলে মাদীগুলো ওর ডাকনাম ধরে গালি দিত যে নাম ওরা ছাড়া গ্রামের আর কেউ জানত তো না। এমনকি সে নিজেও সে নাম ভুলে যেতে বসেছিল।
গ্রামের লোকজন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন ভ্রমণকারীরা টাকার বিনিময়ে ওর কাছ থেকে রেসিপি নিতে চাইলেও সে কাউকেই দেয় নি।
চুররেরো এস্কিবেলের স্থায়ী ঠিকানা বারো নম্বর রোডের পাঁচ নম্বর বাড়িটা, সেখানে ওকে নামিয়ে মুখ বন্ধ করার সময় একতোড়া ফুলও পড়ে না। ভিন্ চারদিক তাকিয়ে কারও হাতে কোন গাছ দেখতে পায় না। ভীষণ খারাপ লাগে ওর; মনে পড়ে দুদিন আগে, এবার সে আসার পর প্লাজাটাকে কেন যেন খালি খালি লেগেছিল। এখন মনে হয় চুররেরোর অনুপস্থিতিই ছিল এর কারণ। এদিক ওদিক তাকিয়ে কারও চোখে দেখে না দুফোঁটা জল, বরঞ্চ কয়েকজন নিজেদের মধ্যে খুনসুটি করছে। ভিন্ হয়ত জোর করেই একটু কাঁদে, দুফোটা জল ওকে উপহার দিয়ে চোখ মুছে বউকে উদ্দেশ্য করে বলে – "একটু দাঁড়া, আমি একটা ঝাউয়ের চারা কিনে আনি। দেরি হবে না। বউ এই মাথা-পাগল লোকটাকে অনেক বছর ধরে চেনে বলেই আশ্চর্য হয় না। যাবার জন্য ঘুরে পা বাড়াতেই ওর চোখে পড়ে কান্নায় ভেঙ্গে পড়া এক দম্পতিকে, গাব্রিয়েল ও মারিয়া লুইসা। তাদের হাতে ছোট্ট একটা ঝাউয়ের চারা।
গাব্রিয়েলের সঙ্গে চুররেরোর দেখা হয় কয়েক বছর আগে। সেদিন ঘড়ছাড়া হয়ে সে স্থায়ী আসন গড়েছিল এতসাতলানে। চুররেরকে বলেছিল ক্লাস এইট ভালভাবে শেষ করে ধর্ম ভালবেসে যাজক স্কুলে ভর্তি হয় সে। কিছুদিন পর এক যাজকের কাছে অনেক রাত পর্যন্ত পাঠ নিয়ে ক্লান্তিতে চোখ বুজে আসলে যাজকের বিছানাতেই শুয়ে পড়ে শিক্ষকের আদেশে। মাঝ রাতে পশ্চাতদেশে পুংলিঙ্গের ধাক্কায় প্রচণ্ড ব্যথা পেয়ে যাজকের মুখে সজোরে ঘুসি দিয়ে আশ্রমের দেয়াল টপকে বাড়ি ফেরে। মা'কে শুধু ভাল না লাগায় চলে এসেছে বলে। মা তাড়িয়ে দেয়। সবকিছু হারিয়ে ফেলে নিঃশ্ব হয়ে পড়ে। তখন থেকেই সকলের ফাইফরমাশ খাটতো, বিনিময়ে যা পেত তাই খেত। অবসরে গল্প করতো চুররেরোর সাথে। রাত হলে শুয়ে পড়ত প্লাজা মণ্ডপে। এই জায়গাটুকু পেতেও ওকে ঝগড়া করতে হয়েছিল গোটা পাঁচেক কুকুরের সাথে। ওর মায়াভরা শিক্ষিত মুখ তার সুঠাম লম্বা শরীরটার জন্য উঠতি বয়সের মেয়ে থেকে আরম্ভ করে পড়ন্ত বয়সী গৃহিণীরা পর্যন্ত আগ্রহ দেখালেও সে কোন সাড়া দেয়নি। ওদের বলে যাজক স্কুলে যাবার আগেই সে এসব পাঠ উঠিয়ে দিয়েছে। অনেক চেষ্টা করেও কোন লাভ না হওয়াতে একে একে হাল ছেড়ে দিয়েছিল ওরা।
এমনি এক সময় কারনাভালে দাদীকে দেখতে লস এঞ্জেলেস থেকে আসা মারিয়া লুইসার সাথে দেখা হয় গাব্রিয়েলের। মেয়েটির বাবা মা আমেরিকায় অবৈধ অভিবাসী হওয়ায় ওর সঙ্গে আসে নি। প্রথম বারের মত এখানে এসে অষ্টাদশী লুইসা ভীষণ আশ্চর্য হয় জোড়ায় জোড়ায় যুগলদের প্লাজা কেন্দ্রকে মাঝে রেখে চক্কর দিতে এবং ওদের মধ্যে পালাবদল দেখে। ছেলেরা, ঘুরছিল ঘড়ির কাঁটার দিকে, মেয়েরা উলটোদিকে আর যুগল ও পরিবার ঘুরছিল ছেলেদের ও মেয়েদের মাঝখানে ঘড়ির কাঁটার দিকে। পাশেই দাঁড়িয়ে ছিল গাব্রিয়েল, আর ওকে জিজ্ঞাসা করতে ব্যাপারটাকে ও বুঝিয়ে বলে। নিজেই জানে না কেন যেন আমন্ত্রণ করে বসে লুইসাকে এক পাক ঘোরার জন্য । এক পাকের পর দৌড়ে গন্ধরাজ বিক্রেতার কাছ থেকে বাকিতে এক ডাটা গন্ধরাজ এনে লুইসার সামনে ধরলে লুইসা ওটি গ্রহণ করে এক পাকের মধ্যে সাতপাক ঘুরে ফেলে। ফুলওলা বলেছিল এর পয়সা তোকে দিতে হবে না কিন্তু উত্তরে গ্রাব্রিয়েল বলেছিল- "প্রথম ভাললাগার ফুল তো আর বিনামূল্যে নেয়া যায় না"।
লুইসা আর লস এঞ্জেলেস ফেরে না। দাদী মারা যায় দিন কয়েকের মধ্যে। দাদার বাড়ি দখল করে ওর চাচারা আর ওকে ফিরে যেতে বলে লস এঞ্জেলেসে। গাব্রিয়েল লুইসা ঘর বাঁধে গ্রামকেন্দ্রের এক বৃষ্টির পানির নিঃসরণের নালীর ভিতর। লোকজনের ফাই ফরমাশ খেটে জীবন চালাত দুজনে। চুররেরো সবই জানত। ঘর বাঁধার দিনকয়েকের মধ্যে একদিন চুররেরো শুনতে পায় দুজনের মধ্যে তুমুল ঝগড়া। লুইসা সেদিনই সব ছেড়ে চলে যাবে। চুররেরো ভাবে ঠিকমত বাড়িঘর নেই বলেই হয়ত এই কলহ। তার মধ্যস্থতায় ওরা থামে। সেদিন থেকে সে ওদের স্থান দেয় নিজের বাড়িতে, পাশের ঘরে। দ্বিতীয় রাতে চুররেরো শুনতে পায় লুইসার খোটা-"তুই জানিস না কিভাবে একটা মেয়েকে তৃপ্ত করতে হয়"। গাব্রিয়েলের ফোঁপানি কানে আসে। চুররেরো সব বোঝে। পরের রাতেও একই অবস্থা। তার রেশটা দিনেও থাকে। পরের সন্ধ্যায় দুজনকে নিয়ে যায় গ্রামের সবচেয়ে ভাল রেস্তরাতে, তিনজনে পান করে প্রাণরস।
রেস্তরাঁর মালিক অবাক হয়, কারণ চুররেরো এই প্রথমবারের মতো কোন রেস্তরাঁয় ঢুকছে। ডিনার শেষে ওরা বাড়ি ফেরে। ফেরার পথে চুররেরো গাব্রিয়েলকে এক পাশে টেনে নিয়ে বোঝায়, নারী কোন পণ্য বা ভোগসামগ্রী নয়। সঙ্গম হচ্ছে এক কলা, এটি শিখতে সময় আর মন লাগে। কেউ যখন এই কলা আয়ত্তে এনে তাঙ্গো নাচতে পারে তারা পৃথিবীতেই স্বর্গ পেয়ে যায়। গ্যাব্রিয়েল লুইসাকে প্রস্তাব করলে সে রাজি হবার আগে চুররেরকে জিজ্ঞেশ করে-'তুমি তো বিয়ে করনি, এত সব জানো কিভাবে"? "আমার ভালবাসা এতই বিশাল যে এক পাত্রে ওটা আঁটত না, তাই বিলিয়ে দিয়েছি অনেকের মাঝে"- উত্তর পায়। পাশের ঘর থেকে শামান চুররেরো – বলে, "গাব্রিয়েল ঠোঁটে চুমু দে, তারপর গলায়, বুকে, আরও… !" দীর্ঘক্ষণ পর ওর শেষ কথা হারিয়ে যায় লুইসার শিৎকারের শব্দে।
পরের দিন তৃপ্ত দুজনকে হাতেকলমে শেখায় চুরস বানানোর প্রণালী। শেখাতে শেখাতে বলে, "যতই ভালবাসবি তোর চুরস ততই স্বাদের হবে। ভালবাসাই সব, মিলনই সবকিছু।" তুই তো কখনও বিয়ে করিস নি, তাহলে তুই জানিস কিভাবে- ভিন প্রশ্ন করে। অবশ্যই করেছি, এখনও করছি, এইতো তোদের সঙ্গে আমার ভালবাসা, আমার সঙ্গম- জবাব পায়।
ভিন্কে দেখে অশ্রুসিক্ত গাব্রিয়েল বলে, "আপনি তো সবই জানেন সেনঞর, আমাদেরকে রেসিপি দেওয়াতেই তো সে চলে গেল"।
ভিন্ ওকে জড়িয়ে ধরে আর ওদের সঙ্গে গাছটা লাগাতে হাত লাগায়, ভালবাসার গাছ।
চুরস: জিলিপির মত একপ্রকার খাবার।
