২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহিদ হায়দারের ‘প্রতিদ্বন্দ্বীগণ’

জাহিদ হায়দার

Published : 06 Mar 2020, 05:02 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চোখ গর্তে যাওয়া, শিশুটির বুকের হাড়গুলি স্বাধীনতা পাওয়ার আন্দোলনে কালচে চামড়ার ভেতর থেকে স্লোগান দিচ্ছে, বয়স সাতআট, দুপুরের আকাশ, বাতাসকে চৌচির করে সে ডাকে : 'মা-আ-আ-আ-আ।' দম না ফুরানো ডাকের মা, এই অধিক আশ্রয়দাত্রী শব্দটি দক্ষিণ বনশ্রীর বড় বড় বাড়ির দেয়ালে ও জানলার নীল, শাদা অথবা কফি কালারের শ্রীরূপ কাচে ধাক্কা খেতে খেতে অল্প সময়ের মধ্যেই থেঁতলে ডাকহীন হয়ে যায়।
মা-আ-আ-আ-আ চলতে থাকে যতক্ষণ না তার মা ছয়তলা কাদের সিকদার ম্যানসনের চারতলার অর্ধ চন্দ্রাকৃতির বারান্দার গ্রিলের গরাদের সামনে আসে। মাকে দেখে শিশুর চোখ সাফল্যে হাসে। এবং, আশ্চর্য, তখন তারস্বরে নয়, আস্তে সগির বলে, যেন নিজেকেই : 'খিদা।' বলেই হাতের শুকনো, ছোটো আঙ্গুলগুলি মুখের কাছে তোলে। ইঙ্গিতে স্বরের উচ্চারণ নেই, অর্থের যথা প্রকাশ আছে।
দুপুরের বিশেষ প্রহর ছাড়া সে যখন মাকে ডাকে, সকাল বা বিকালে, মা জানে, তার সগির জরুরী কোনো কথা বলতে চায়। সগির জানে, গৃহকর্ত্রীর নির্দেশ আছে : যখন তখন সগিরের ডাকে তার মা যেন নিচে না যায়।' শুধু দুপুরে সগিরের মা তার প্রাপ্য খাবার নিয়ে, কাজ নেওয়ার সময় বলে নিয়েছিল, নিচে দারোয়ানের ঘরে এসে সগিরকে খাইয়ে যাবে।
ঘরের কাজ করার ঠিকা মানুষদের 'আন্ডাপান্ডা'র এই বাড়িতে যাওয়া নিষেধ। কাজ নেওয়ার সময় যে-সব শর্ত সগিরের মাকে দিতে হয়েছিল, তার মধ্যে একটি ছিল : তার 'আন্ডাপান্ডা' কাজের সময় আসতে পারবে না। বাড়ির দারোয়ানও সতর্ক থাকে, কোনো ঠিকা কাজের মানুষের 'আন্ডাপান্ডা' যেন উপরে যেতে না পারে। এই দেশের অনেক অঞ্চলে 'আন্ডা' বলতে ডিম বোঝায়। 'পান্ডা' বলতে বোঝায়, অপকর্মের সঙ্গে জড়িত কোনো দলের নেতা বা গুন্ডা। চীনে 'পান্ডা' নামে সুন্দর, ভদ্র, নীরিহ, শাদাকালো একটি পশু আছে, দেখলেই মনে হয়, একটু আদর করি।
২.
কাদের সিকদার ম্যানসন দক্ষিণমুখী। বাড়ির পশ্চিমে,হাতের ডানে, একটি ছয়তলা বাড়ি, মুখ পুবদিকে। বাড়িটার বাউন্ডারি দেয়ালের সঙ্গে সবুজ রঙের টাইল্স দিয়ে বাঁধানো, স্থপতিরা যাকে বলে 'ল্যান্ডস্গার্ডেন', দৈর্ঘে সাত, প্রস্তে দুই, এক সৌখিন বাগান। বাগানে ফুলের গাছ খুব একটা দেখা যায় না। একটি কামিনী গাছ একক সা¤্রাজ্য নিয়ে দাঁড়িয়ে আছে। কামিনীর ছায়ার নিচে, ফুল ফোটার দিনে ফুলের গন্ধের নিচে ল্যান্ডস্গার্ডেনের দুই ফিট উঁচু মতো বাউন্ডারির উপর সগির, ধুলোবালি লাগা এক পা অন্য পায়ের উপর তুলে স¤্রাটের ভঙ্গিতে বসে থাকে। কখনো লাল ইটের টুকরো দিয়ে কীসব ছবি আঁকে, মোছে। সমবয়সী এক বন্ধুর সঙ্গে, নাম টগর, কীসব গল্প করে, হাসে, থেমে যায়। এবং মাঝে মাঝে চারতলার বারান্দার দিকে তাকায়। মা-ও বারান্দায় এ-কাজে ও-কাজে এসে তাকায়, সগির ওখানে আছে কি না। শিশুরা সবসময় এক জায়গায় বেশিক্ষণ থাকে না। তার চারপাশে কত পৃথিবী। ক'দিন আগে সগির কামিনীতলায় ছিল না। পরে মাকে বলেছিল, 'টগইরা আমারে হ্যার নামের ফুল দ্যাখাইতে নারসারিতে লইছিল। ফুলটা সোন্দর, শাদা।'
কোনো কোনো সকালে, দশটা এগারোটা অথবা বিকাল পাঁচটার দিকে হবে,পাড়ার অন্য ফ্লাটের মানুষ দেখেছে, সগিরের ডাক শুনে সগিরের মা তার কর্ত্রীর দেওয়া একটা রুটি বা বেঁচে থাকা নুডল্স, উচ্ছিষ্ট, যা বাসার কেউ আর খাবে না, সগিরকে নিচে এসে দিয়ে গেছে। সগির খাবার নিয়ে চলে যায় কামিনীর নিচে। নিজে খায় আর সামনে বসে থাকা কুকুরকে কখনো কখনো খাওয়ায়। তার চোখ হাসে।
৩.
দক্ষিণ বনশ্রী পরিকল্পিত আবাসিক এলাকা। উত্তরে আফতাব নগর। কোনো এক সময় এখানে দিগন্তছোঁয়া বিল ছিল। বিলে ছোটোবড় লঞ্চ এবং চোখ আঁকা বড় বড় গয়না নৌকা চলতো। নৌকায় কেন চোখ ? নদী, ঢেউ, গ্রাম, পাড়ে চলাচল করা মানুষ দেখতে দেখতে নৌকা যেত। বনশ্রী আর আফতাব নগরের বিভাজনে আছে এক খাল। এলাকার মানুষ বলে : 'ম্যারাইদ্যা খাল।' এখন ইঞ্জিনের নৌকা আছে, খালে চলে, চোখহীন। ঢাকা শহরের মালিবাগ, চৌধুরীপাড়া অথবা সিদ্ধেশ^রীর স্থানীয় বয়সী মানুষরা, যারা এখনো বেঁচে আছেন, আকাশের দিকে চোখ রেখে স্মৃতি হাতড়ে বলেন : 'রামপুরা, মেরাদিয়া আর নন্দীপাড়ার ওইসব বিলে কত নৌকা চড়ছি।' কেউ কেউ বলেন : 'বিলে কত মাছ ধরছি।' আনন্দের স্মৃতি বলায় কত সুখ!
আর প্রায়-ই, যখন সগির 'মা-আ-আ-আ' বলে ডাকতে থাকে, জিনসের প্যান্ট, বেশ পরিষ্কার জামা পরা একজন মানুষ, আঙুলে সিগারেট থাকে, এলাকার কোনো এক নাম্বারের রাস্তা থেকে আসে, হাতে ছোটো মাইক্রোফোন, তিন চাকার ভ্যানের উপর বসে এদিক-ওদিক চোখ ঘোরাতে ঘোরাতে বলে যায় : 'নষ্ট টিভি, নষ্ট ল্যাপটপ, নষ্ট মোবাইল, নষ্ট ফ্রিজ বিক্রি করতে পারেন।' গাড়িটার গতি ধীর । কোনো বাড়ি থেকে কেউ না ডাকলে নষ্ট জিনিষ নিয়ে ভ্যানটা দাঁড়ায়ও না।
কখনো কখনো দক্ষিণ বনশ্রীর বাসিন্দাদের কানে একই সঙ্গে সমান্তরাল প্রতিযোগিতায় ঢোকে : মা-আ-আ, নষ্ট, আ-আ, ল্যাপ, মা-আ, টপ, নষ্ট টিভি, মা-আ-আ ফ্রি-জ, মা-আ-আ-আ, ন-ষ্ট-বি-ক্রি।
৪.
শুক্র আর শনিবারে এই এলাকায় একজন ভিখারি আসে। শরীর বলিষ্ঠ। উচ্চতা পাঁচ ফিট প্লাস। মাথায় নূরানী টুপি। গ্রীবা, কাঁধ ও বুক লালকালো চেকের বড় রুমালে ঢাকা। চোখে সুরমা। দক্ষিণ বনশ্রীর মানুষ শোনে মিনতিপূর্ণ তীক্ষœ ডাক : আ-স-সা-লা-মু-আ-লা-ই-কু-ম, লা আ-আ য়ি-লা-হা ইল-লা-ল-লা-হু, আ-ম্-মা-আ-আ, আ-ল্-লা-র ও-য়া-স-তে কি-ছু দ্যা-ন।' তারপরই সুন্দর উচ্চারণে ভিখারির আর্তনাদপূর্ণ স্বর শোনা যায় : 'আল্লাহ, আল্লাহ।' কখনো আম্মারা, কখনো আব্বারা দোতলা-তিনতলার বারান্দা থেকে পাঁচ টাকা, দশ টাকা ভিখারিকে ছুঁড়ে দেন। ভিখারি দুই হাত তুলে প্রার্থনা করে : 'হে আল্লাহ তারে বেহেস্ত নাজিল করো।'
নূরানী টুপি পরা এই ভিখারি কোনো সিন্ডিকেটের অধীন নয়। ঢাকা শহরের ভিখারিরা কবে কে কোন্ জায়গায় ভিক্ষা করবে তার সীমানা নির্বাচন করে ভিখারি পরিচালনা সিন্ডিকেট। সিন্ডিকেট শব্দের বাংলা অর্থ শুনলে শ্রবণ সুখি হয় : একই স্বার্থে মিলিত বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের সমবায় বা বাণিজ্যনিষদ।' বাণিজ্য ছাড়া বসতি কোথায় ?
যে অন্ধ, পঙ্গু শিশু বা বয়স্ক ভিখারিকে আজ দেখা যাবে হাতির ঝিলের পাশে, তাকে কালকে পাঠানো হবে দক্ষিণ বনশ্রীর যে কোনো ব্লকে অথবা মগবাজারে, ইস্কাটনে। যারা ভিখারিদের দিয়ে বড় ব্যবসা করে তারা গাড়ি দিয়ে নির্দিষ্ট জায়গায় সকালে পৌঁছে দেয় এবং সন্ধ্যায়, যেন অফিসের কাজ আজ শেষ, গাড়িতেই নিয়ে যায়। এই ব্যবসায়ীদের অনেক টাকা। কেউ কেউ দামি ফ্লাটের মালিক। তাদের ছেলেমেয়েরা ইংরেজি স্কুলে পড়ে। তারা বছরে কয়েকবার বিদেশে যায়।
অবশ্য, বেইলী রোডের মন্ত্রী ও আমলাপাড়া 'ভিক্ষুক'মুক্ত এলাকা। তাই হওয়া উচিৎ। মন্ত্রী কিংবা আমলা সকালে অফিসে যাবার সময় 'ভিক্ষুক' দেখলে মেজাজ খারাপ হতে পারে, লাল ফিতার ফাইলে তাঁরা সিগ্নেচার দিতে ভুলে যেতে পারেন। দেশের, রাষ্ট্রের কত বড় ক্ষতি তখন!
৫.
পাড়ার একজন তরুণ সাংবাদিক সন্দেহ করে, ওই ভিখারি আসলে কি ভিখারি ? কোনো গোয়েন্দা সংস্থার বেতনভুক্ত ইনফরমার হতে পারে। আড়াল ভিক্ষা করা। বাড়িগুলির লোকজনের উপর নজর রাখা।
সাংবাদিক দেখেছে, ভিখারি চায়ের দোকানে বসে। দুধ-চিনি দেওয়া চা তার পছন্দ। কোনো বাড়িঅলা বা তরুণ সোয়াব পাবার আশায় যদি তাকে বলে, 'তোমারে আমি চা খাওয়াবো', ভিখারি হেসে উল্টো বলে : ' আমি খাওয়াবো।' এবং সত্যি, চায়ের দাম সে দেয়। দোকান থেকে সবাইকে সালাম দিয়ে বের হয়। রাস্তায় নেমেই, 'আ-ল-লা-হ, আ-ল-লা-হ, মা-য়ে-রা' ডাকা শুরু করে। ছোটো তীক্ষœ চোখের দৃষ্টি বারান্দায়, জানালায় বিশেষ গতিতে ঘোরে।
সাংবাদিক খেয়াল করেছে, চায়ের দোকানে যখন পলিটিকাল আলোচনা হয়, ভিখারি খুব মন দিয়ে শোনে। কখনো কখনো চেনা কেউ তাকে, যেন তার কাছ থেকে বিশেষজ্ঞের মত পাওয়া যাবে, জিজ্ঞেসও করে : অনেক লোক দ্যাখেন, কথা কন, দ্যাশে কি হচ্চে কিছু বোঝেন ?' ভিখারি কোনো জবাব দেয় না, মৃদু হাসে। ভাব এমন, এই সামান্য মানুষ রাজার নীতির কী বোঝে।
সাংবাদিক, তার নোট খাতায় লেখে : শুনেছি, ঢাকায় তার বাড়ি আছে। দুই বউ। একজন থাকে গ্রামের বাড়িতে। ঢাকার নন্দীপাড়ায় দ্বিতীয়জন। অন্য কোনো কাজ করে না। আজান পড়লেই আশপাশের কাছের মসজিদে নামাজ আদায় করে। ভিখারি রহস্যময়। আরো খোঁজ নিতে হবে। যদি সত্যি সে গোয়েন্দাবিভাগের ইনফরমার হয়, তা হলে আমার কী করবার আছে ? একটা কাজ করার আছে, তা হলো, তার সামনে কিছু বিষয়ে সতর্ক হয়ে কথা বলতে হবে।
৬.
দুপুর। শুক্রবার। সগির ডাকছে মাকে। ডাকছেই। মা বারান্দায় আসছে না। সগিরের ডাকের মধ্যেই এলো নষ্ট কিনতে আসা মানুষটা। হ্যান্ড মাইক্রোফেনের শব্দে সগিরের ডাক চাপা পড়ে। কেউ থামে না। দুজনই তাদের বলা, চাওয়া বলে যায়। তার মধ্যে কখন যে ভিখারি এসেছে সগির আর নষ্ট কেনাঅলা দেখতেই পায়নি।
একই সঙ্গে তিনজনই ডাকতে থাকে। শব্দের অক্ষরগুলি প্রায় সাইক্লিক অর্ডারে বাতাসে, মাটিতে, দরজায়, জানলার কাচে, গ্রিলে হাড় ফাটানো লড়াইয়ে নামে : মা-আ-আ-আ আ-স-সা-লা-মু-মো-বা-ই-ল-কু-ম-ন-ষ্ট-মা-আ-আ-বি-ক্রি-লা-ই-মা-আ-আ-ল্-লা-র-টি-ভি-মা-আ-আ-ন-ষ্ট–ল্যা-প-ও-য়া-স-তে-মা-আ-আ-আ-লা-আ-আ-য়ি-লা-হা-ই-ল-মা-আ-আ-লা-ল-লা-হু, মা-আ-আ-আ-ন-ষ্ট-বি-ক্রি…..