২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাশমিন নূর-এর কালো হাত

তাশমিন নূর

Published : 20 Jan 2020, 10:14 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চিত্রকর্ম: তাশমিন নূর
১.
নানান মাপের কিছু তুলি এবং একটি হানসা ইয়েলোর এ্যাক্রিলিক টিউব বড় প্রয়োজন ছিল। গত ছ'মাসে এই জিনিসগুলোর প্রাপ্তিলাভ ঘটেছে অন্য কারো মাধ্যমে। ফলে, বার বার কাজ করে অতৃপ্তই হয়েছি শুধু। এই যেমন, ইয়েলো মিড পারমানেন্ট দিয়ে কাজ করে পাতার উজ্জ্বল, আনন্দিত সবুজ রঙটা আমি কিছুতেই আনতে পারছিলাম না। আবার, জল রঙের তুলি কেনার জন্য কাউকে পাঠিয়েছি, দেখা গেল সে তেল রঙের তুলি কিনে দিয়েই দায়িত্ব শেষ করেছে।
জগতে শিল্পীর মর্ম বেদনাকে স্পর্শ করার সাধ্য অপর শিল্পীরই আছে শুধু। সেই কাঙ্ক্ষিত সবুজ রঙটুকু পাওয়ার জন্য আমি কতটা আকুল ছিলাম, সেটা বুঝতে পারেনি বলেই তৃতীয় পক্ষ হানসা ইয়েলোর জায়গায় ইয়েলো মিড এনে হাজির করেছিল। সে হয়ত ভেবেছিল, নীল আর হলুদ মিলেই যেহেতু সবুজ রঙ হচ্ছে, তা একটা হলুদ হলেই তো হলো! সাধারণত মানুষ জানে, নীল আর লালে মিলেই বেগুনী রঙ হয়। কিন্তু নীল আর লালে যদি হলুদ বায়াস থাকে, হাজার মাথা কুটলেও সঠিক বেগুনী রঙ পাওয়া যাবে না। তাই প্রতিটি হলুদ, প্রতিটি নীল কিংবা প্রতিটি লাল একজন শিল্পীর কাছে আলাদা আলাদা হলুদ, নীল কিংবা লাল।

কাজেই, দীর্ঘ শীতনিদ্রা কাটিয়ে বসন্তের এক সকালে আমি আবার নিউ মার্কেট এলাকায় যাতায়াত শুরু করলাম। দূরের কোনো গাঁয়ে তখন কবোষ্ণ হাওয়ায় দুলছিল শিমুলের ডাল, আর এ শহরে চামড়ার সঙ্গে সেঁটে যাচ্ছিল সিনথেটিক কাপড়। নামে বসন্ত হলেও উত্তাপে তা গ্রীষ্মই। রাস্তার দ্বীপে লাগানো ফুলগাছগুলোই কেবল বসন্তের চিহ্ন ধরে রেখেছিল। আমাদের নাগরিক চোখকে কিছুটা শুশ্রুষা দেয়ার জন্য সরকার বাহাদুরকে ধন্যবাদ দিতে দিতে পথ চলছিলাম তাই।
ঝাঁ ঝাঁ রোদে একটানা বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অন্যদিকে দৃষ্টি ফেরালে হঠাৎ সবকিছুকে একটা রঙীন ছবির ইনভার্ট সংস্করনের মতো লাগে। আমি তাই একটা হাত চোখের ওপর তুলে দিয়ে সূর্যটা আড়াল করার চেষ্টা করছিলাম। আমার পাশে পাশে হেঁটে আসা মানুষটিকে নয়ত তখনই লক্ষ্য করতাম হয়ত। একটু ছায়ায় গিয়ে হাত নামিয়ে ডানে তাকাতেই ভীষণ রকম চমকে উঠলাম আমি। চোখাচোখিও হয়ে গেল। এই মানুষটি কি ইচ্ছে করেই আমার পাশে পাশে হাঁটছিল, নাকি এটা কাকতাল মাত্র? যাকে এড়িয়ে চলার জন্য, তার যাতায়াত আছে এমন সম্ভাব্য সমস্ত জায়গা আমি এড়িয়ে চলেছি গত ছ'টি মাস ধরে, আজ সেই শীতনিদ্রা শেষের প্রথম দিনেই তার সঙ্গে দেখা! এটা কি প্রকৃতির বাড়াবাড়ি নয়?
মনের মধ্যে রাগ, ক্ষোভ আর প্রশ্নের সম্মিলিত আক্রমণে আমি পথ চলার সতর্কতাসূত্র ভুলে গেলাম । তখন একটা নাটকীয় কান্ড ঘটল। পাঠক অনুমান করতে পারছেন অনুমান করে আমি আর সেই বর্ণনায় যাচ্ছি না। শুধু বলি, আমি একবারও পেছনে না তাকিয়ে প্রায় একরকম দৌড়েই নিউ মার্কেটের ভেতর নারী-পুরুষের স্রোতের গহীনে মিশে গেলাম। আমি কী ভাবছিলাম? বেশ, আমি ভাবছিলাম- আমার সঙ্গে কোন রকম যোগাযোগের সুযোগ আমি তাকে দিতে ইচ্ছুক নই আর। তার চোখে কত রাতের কত কালি জমেছে, ঠিক মত আহার সারে কিনা, অসুখে ওষুধ ঠিকমত গ্রহণ করে কিনা, এসব দৈনন্দিন অথচ প্রেমপূর্ণ কোমল বাক্যালাপে আমার আর আগ্রহ নেই। শুধু বুকের ভেতর উস্কে ওঠা একটা ভিসুভিয়াসের প্রচ্ছন্ন আন্দোলন টের পাচ্ছিলাম। ভাবলে অবাক লাগে, এই মানুষটির আগমনের জন্য কত অশ্রুসিক্ত মধুর অপেক্ষায় থেকেছি আমি। হায়!

২.
রঙ আর তুলি বাছাই করতে গিয়ে অতীতের যত অং-বং মনে পড়ে যাচ্ছিল আমার। মূল কাজে মনোযোগ বিঘ্নিত হচ্ছিল। বাসায় ফেরার জন্য অস্থির হয়ে উঠেছিলাম আমি। হানসা ইয়েলোও পাওয়া গেল না। এ দেশে আর্ট সাপ্লাইয়ের এমন দৈন্য দশা কেন, কে জানে। প্রায়ই যেটা খুঁজতে আসা হয়, সেটা না পেয়ে অন্য কিছু নিয়ে যেতে হয়। আমি লেমন ইয়েলো কিনে বাড়ির পথ ধরলাম।
এক হাতে এক সাথে বাঁধা তিনটা নানান সাইজের ক্যানভাস, অপর হাতে রঙ-তুলিসহ ছবি আঁকার আরও কিছু আনুষঙ্গিক। ক্যানভাসগুলো একই পাটের দড়ি দিয়ে বাঁধা, সেই তুলনায় দড়ি হালকা বলে আমার সেগুলো বহন করতে বেগ পেতে হচ্ছিল। হাতের তালুতে লাল আভা দৃশ্যমান হয়ে উঠছিল। বাসের জন্য অপেক্ষা করছিলাম, তখন কেউ একজন এসে আমার হাত থেকে ক্যানভাসগুলো নিয়ে নিল। তাকালাম, এবং আবারও চমকে উঠলাম। দাঁতে দাঁত ঘষে মনে মনে বললাম, 'ও, তুমি তাহলে আমাকে অনুসরন করছ? কোনো লাভ হবে না। তোমার জন্য বিন্দুমাত্র ভালোবাসাও অবশিষ্ট নেই আমার মনে। আর পুনরায় ভাব করে পুরনো জায়গাটা উদ্ধার করতে পারবে না তুমি। সেই সুযোগই আমি তোমাকে দেব না।"
আমার অস্বস্তি হচ্ছিল। মাথার ভেতর দপ দপ করছিল। চারপাশের শব্দগুলো বাস্তবের চেয়ে অধিক তীব্রতায় মস্তিষ্কে আঘাত করছিল। যেন কেউ আমারই শোবার ঘরের দরজায় অবিরাম উন্মত্ততায় আঘাত করে চলেছে। উফ! কী বিরক্তিকর!
ক্যানভাসগুলো কিভাবে নেব? হাত থেকে ছিনিয়ে নিতে পারব? খুব সম্ভাবনা আছে না ছাড়ার। নিতে না পারলে আরও বিব্রত হব। কিন্তু কথাও তো বলতে চাই না—মাথার ভেতর চিন্তার লাটিম ঘুরছিল, অথচ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। ক্যানভাস ছাড়া বাসে উঠে যেতে পারতাম, তাহলে আর কথা বলতে হত না। কিন্তু আমি রোজ রোজ এত টাকা পাব কোথায়? আর্ট সাপ্লাইয়ের বাজারেও তো সব সময় আগুন লেগেই থাকে।

অবশেষে মুখ খুললাম। এটাই হয়ত সে চাইছিল। আমি শান্ত অথচ কঠিন স্বরে ক্যানভাসগুলো ফেরত চাইলাম। মনে মনে বললাম, 'কেন? কেন ধরে আছো ওগুলো? লজ্জা করছে না? আমাকে তুমি বোঝা মনে করেছ, তবে আমার বোঝা কেন বহন করছ এখন? ভুলেই তো যাচ্ছিলাম প্রায়। এখন কি যোগাযোগ করে আবার নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইছ? চাইছ না ভুলে যাই? আমার ভালো চাও, আর ভুলে যেতে দিতে চাও না? বাহ! ঘেন্না করি, ঘেন্না করি আমি তোমাকে!"
মনে যে অনুভূতি লালন করি, মুখে তার কিছুটাও যদি প্রকাশ করতে পারতাম! পারি না, কখনো পারতাম না। যেমন পারতাম না ভালোবাসার কথাও বলতে। আমার মৌনতার সঙ্গেই সে বেশি পরিচিত ছিল। মৌনতাকে সে নিজের মতো করে অনুবাদ করে নিত। সেদিনও হয়ত ঠিক ঠিক অনুবাদটাই করতে পারল। আর তাই হয়ত সেই শান্ত অথচ কঠিন কন্ঠস্বরের বিপরীতে আর কিছু বলা হলো না তার। সুবোধ বালকের মতো ফিরিয়ে দিল ক্যানভাসগুলো। একবারও চোখের দিকে তাকালাম না। তাকালাম না পেছন ফিরেও। মনে মনে বললাম, "আমি পূর্বের আমি নই। আমি পরিবর্তীত আমি। রূঢ় আর কঠিন!"
কেনা জিনিসগুলো শক্ত করে ধরে দৃঢ় পদক্ষেপে হেঁটে গিয়ে বাসে উঠে গেলাম। আমি যে একটা ভিন্ন গন্তব্যের বাসে চেপে বসেছিলাম সেদিন, সেটা বুঝতেও অনেক্ষণ লেগে গিয়েছিল আমার।

৩.
সেদিন রাতে আমার শরীর বেশ খারাপ করল। গা কাঁপিয়ে জ্বর এলো। একাধিক বার বমি করলাম। নিজেকে বার বার বললাম, 'তুমি না কঠিন? কী হয়েছে তোমার? এত অস্থির কেন তুমি?'
মা আমার মাথার কাছে বসে রইলেন গভীর রাত পর্যন্ত। এক ফোঁটা ঘুম আমার চোখকে স্পর্শ করল না। উল্টো ক্লান্তিতে মা ঘুমিয়ে পড়লেন। আমি সিলিং-এর দিকে তাকিয়ে রইলাম। এক সময় আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। চোখের সামনে যেন একটা কুয়াশার আস্তরন তৈরি হলো। একটু পর দেখলাম, দুটো কালো হাত সেই কুয়াশার স্তর ভেদ করে আমার দিকে এগিয়ে আসছে। অস্পষ্ট, কিন্তু তবু আমি বুঝলাম, ও দুটো হাতই। ভয়ে সংকুচিত হয়ে গেলাম। কুন্ডলী পাকিয়ে পড়ে রইলাম বিছানায়।
কী এটা? কী দেখলাম আমি? নিজেকে প্রশ্ন করলাম, হ্যালুসিনেশন? হ্যাঁ, তাছাড়া আর কী! আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে মনে জাবেদকে অভিশাপ দিতে লাগলাম। খুন করে ফেলতে ইচ্ছে করছিল ওকে আমার। হারামজাদা! অনুসরন করছিলি তুই আমাকে? বলেছিলাম না তোকে, আসবি না আমার সামনে কোনদিন? বলেছিলাম না? –মুখে যা আসল, তাই বলে ওকে গালি দিলাম।
আমার কন্ঠস্বর হয়ত চড়ে গিয়েছিল। কারণ- হঠাৎ মা জেগে উঠে আমাকে ঠ্যালা দিয়ে জানতে চাইলেন কী হয়েছে আমার, কী বলছি একা একা। মায়ের কথার কোনো উত্তর দিলাম না।
পরদিন সকালে নাশতার পর আমি মোটামুটি স্বাভাবিক হয়ে উঠলাম। শুক্রবার হওয়ায় ভার্সিটি বন্ধ ছিল। বিকেলের দিকে পার্কে ঘুরতে গেলাম। কিন্তু সেটাই ছিল সম্ভবত সবচে' বড় ভুল। আমার প্রিয় পাকুড় গাছের নিচে আমার একটু বসার সুযোগ হলো না। কারণ- জাবেদ বসে ছিল সেখানে। ইচ্ছে করছিল চিৎকার করে বলি, 'পেয়েছ কী তুমি? শান্তিতে কি থাকতে দেবে না আমাকে? তোমার গণিকাদের নিয়ে থাকো না পড়ে সুখে। আমি তোমাকে দেখতে চাই না চোখের সামনে।' কিন্তু কিছুই বলতে পারলাম না। বাসায় যখন ফিরেছি তখন কান দিয়ে ধোঁয়া বেরুচ্ছে। তার অতীতের হাসি-খুশি মুখটা মনে পড়ছিল। সব ভান ছিল। নিপুন অভিনয় ছিল৷ অভিনয় নয় তো কী? জোর করে, ইচ্ছের বিরুদ্ধেই নাকি সে এসেছিল? জোর করে এসে কেউ অত ভালো থাকে নাকি? আলতো করে স্পর্শ করা, কবিতা আবৃত্তি করে শোনানো, চোখে চোখে তাকানো, আহা! শুধু বিছানায় পাওয়ার জন্যে এত পরিশ্রম?
যত বার ভাবলাম, বিষিয়ে উঠল মন। শিরশিরিয়ে উঠল শরীর। খুন করার ইচ্ছেটা মাথা চাড়া দিয়ে উঠল। বাসায় ফিরে তার একটা ছবি প্রিন্ট আউট করে নিলাম। হ্যাঁ, আমি তাকে দেখতে চাই না, তবুও। তারপর কী করেছিলাম, শুনবেন? ছবিটা আঠা দিয়ে আমার দেয়ালে সেঁটে দিয়েছিলাম। যত বার চোখ পড়ছিল, তত বার থুতু ছিটিয়ে দিচ্ছিলাম তাতে। আনন্দ হচ্ছিল আমার। পৈশাচিক আনন্দ!
শুধু কি তাই? ঘৃণা প্রকাশের এরচে' অভিনব কায়দা আমি আবিষ্কার করেছিলাম।

৪.
আপনারা বলবেন, আমি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলাম, তাই তো? আচ্ছা বলুন তো, এই অবস্থায় আপনারা হলে কী করতেন? রঙ-তুলি আর পেন্সিল ছাড়া তো আমি থাকতে পারি না। একদিন ছবি না আঁকতে পারলে সেই একটা দিন আমার বিফল হলো বলে মনে হয়। ক্লাসের বেঞ্চিতে, গাছের গায়ে, মাটিতে, ওয়াশ রুমের দেয়ালে, বাজারের ফর্দে, টাকায়, পোশাকে, গুরুত্বপূর্ণ ক্লাস নোটে, কোথায় আমি ছবি আঁকিনি? সেই আমি ছবি আঁকতে পারছিলাম না। পেন্সিলের প্রতিটি দাগ এমন খরখরে, তুলির প্রতিটি স্ট্রোক এত জঘন্য আমার আর কোনোদিন হয়নি। হাতের সহজ, মসৃণ মুভমেন্ট কোথায় যেন হারিয়েই গেল।
প্রথম প্রথম তবু দু-একটি আঁকতে পেরেছিলাম। যত দিন গড়াচ্ছিল, ততই খারাপ হচ্ছিল অবস্থা। যে ক'টি এঁকেছিলাম, সেগুলোও হয়েছিল একদম জঘন্য। কোনো জ্ঞানী পেইন্টিং সমঝদার আমার ছবিগুলোর বিন্দুমাত্র প্রশংসা করলেন না, কেনা তো দূর অস্ত। এক্সিবিশনে নেয়ার মতো নতুন কোনো ছবিই আঁকা হলো না।
আমার কাছ থেকে আমার রঙ, আমার আনন্দরা হারিয়ে গেল। আমার দিন কাটছিল একা আমার ঘরে আবদ্ধ হয়ে। এমনকি নিজের ওপরও আমার ঘৃণা জন্মে গেল। একজন শিল্পী হিসেবে একান্ত নিমগ্নতায় প্রকৃতি পর্যবেক্ষণের আনন্দ হতে আমি বঞ্চিত হচ্ছিলাম। কারণ- আমার আর ভালো লাগছিল না কিছুই। প্রতিদিন কাগজে ছাই-পাশ দাগ কাটতাম, আর ছিঁড়তাম। মাঝে মাঝে মা এসে আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব করতেন। আমি তখন রাগে অন্ধ হয়ে হাতের কাছে যা পেতাম, ছুঁড়ে মারতাম। ভাবতাম, আমাকে পাগল ভাবছে! আমি পাগল?
এই সব কিছুর জন্য ঐ ছেলেটাই দায়ী, নয় কি? আমার এত বড় ক্ষতি, আমার এত দুরাবস্থা যার জন্য হলো, তাকে আমি আরও বেশি করে ঘৃণা করতে শুরু করলাম। শুধু বাস্তবে ছবিতে কেন, মনে মনেও তার ঐ বিচ্ছিরি ফর্সা মুখটাতে শত-সহস্র বার থুতু নিক্ষেপ করতাম আমি। কিন্তু তাতেও আমার শান্তি হচ্ছিল না। আরও জঘন্য, আরও নির্মম কিছুই আমার করতে ইচ্ছে হচ্ছিল।
তারই প্রয়াস হিসেবে একদিন তার একটা ছবি বড় করে প্রিন্ট করে দোকানে নিয়ে গেলাম। দোকানদারকে বললাম পাতলা আবরণে ওটা লেমিনেট করে দিতে। দোকানদার বার বার আমার দিকে ঠোটে রহস্যময় হাসি নিয়ে তাকাচ্ছিল। হাঁদারামটা হয়ত ভেবেছিল ছবির ব্যক্তি আমার বিশেষ কেউ। অবশ্য অন্য কিছু কিভাবেই বা ভাববে? ঘৃণা করে এই পৃথিবীতে কেইবা এত যত্ন করে কারো ছবি লেমিনেট করে রাখে? যাই হোক, সেই লেমিনেট করা ছবি তারপর বাসার কিচেন বিনে ভালো করে সেঁটে দিলাম। বাহ!এইবার দারুণ হয়েছে। নিজেকে বাহবা দিলাম।
এই বিনে বাসার সমস্ত আবর্জনা ফেলা হয়। আবর্জনা ওর গায়ে ফেলতেই থাকব। ফেলতেই থাকব। নিজেই নিজের প্রতিভায় মুগ্ধ হয়ে গেলাম।
কিন্তু আমার দুরাবস্থা তাতে এতটুকুও কমল না। বরং বাড়ল। কালো হাত দুটি আমাকে প্রায়ই আক্রমণ করে বসত। হঠাৎ যেন শূণ্য থেকে উদয় হত ওগুলো। কোনো শরীর নেই সেই হাতের । কেবলই দুটো দানবীয় হাত। ক্ল্যাম্প যেমন করে কাঁচের টেস্টটিউবকে আটকে রাখে, তেমন করেই হাত দুটো আমাকে দেয়ালের সঙ্গে ঠেসে ধরত। তেমনই দৃঢ়, কঠিন। কী যন্ত্রনাদায়কই না ছিল সেই বজ্র আঁটুনি! আমার গলা চেপে ধরত হাত দুটো; তাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইত; গলা দিয়ে রক্ত উঠে আসত সময় সময়। দুটো বীভৎস কালো হাত, যেগুলো অস্পষ্ট থেকে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল, যেগুলোর ভেতরকার কিলবিলে পোকাগুলোও আমি দেখতে পেতাম মাঝে মাঝে। আল্লাহকে মাঝে মাঝেই জিজ্ঞেস করতাম কোন পাপের শাস্তি তিনি আমাকে দিচ্ছেন। নিজের মনে বই পড়া আর ক্যানভাসে রঙ ঘষা ছাড়া আর কোনো পাপ তো আমি করিনি!
হাত দুটোর আক্রমণে আমি চোখ বন্ধ করে ফেলতাম, ছটফট করতাম মুক্তি পেতে—প্রাণপনে বাতাসে দোদুল্যমান একটা ধানের শীষ, আদুরে ঘাসফুল, কিংবা ফুলে ফুলে উড়তে থাকা কোনো অপরূপ প্রজাপতি কল্পনা করার চেষ্টা করতাম। খুব প্রচ্ছন্নভাবে সেগুলো আমার চোখের সামনে ভেসে উঠত। আশ্চর্য! তখন হাত দুটো একটু আলগা হয়ে যেত। আমি আরও চেষ্টা করতাম। তখন শীতল জল আর হাওয়ার ঝাপটা আমার গায়ে এসে লাগত হালকাভাবে। হাত দুটো আরেকটু আলগা হত। এভাবে চেষ্টা করতে করতেই এক সময় আমি হাত দুটো ছাড়াতে পুরোপুরি সফল হতাম! কিন্তু হাত দুটো আমাকে স্থায়ীভাবে ছেড়ে গেল না কিছুতেই।
আমি মা'র কোলে মাথা রেখে একটা শিশুর মতো কেঁপে কেঁপে উঠতাম। আমার উদ্ধত আচরণের জন্য মা আমাকে আর সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার কথাও বলতেন না। একদিন তিনি আমার ঘর থেকে, কিচেন বিন থেকে জাবেদের ছবিগুলো সরিয়ে ফেললেন। মায়ের কান্ড দেখে আমি রাগে অন্ধ হয়ে গেলাম প্রায়। প্রচন্ড আক্রোশে কাঁচের জিনিস ভাঙলাম, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে কুচিকুচি করলাম। দেখা গেল, ছবিগুলো মা নষ্ট করেননি। সরিয়েছিলেন কেবল। ছবি পূর্বের জায়গায় ফিরে আসল পুনরায়।
ঘরের সদস্যরা আমাকে কেমন যেন ভয় পেতে শুরু করল ধীরে ধীরে। তারা আমার সঙ্গে খুব একটা কথা বলত না। আমার ছোট বোন আমার কাছে নৌকা বানিয়ে দিতে রঙীন কাগজ নিয়ে আসত না। আমার ভাই আমাকে কোনো নতুন গানের খবর দিত না। এসব দেখেশুনে আমার রাগ আরও চড়ে যেত। কেন? কী করেছি আমি? কোনো যুক্তি খুঁজে না পেয়ে আমি আবার ভাঙাভাঙি করতাম। ঝনঝন করে কাঁচের ভেঙে যাওয়া দেখতে দারুণ লাগত আমার। কিছুটা শান্তি হত যেন। তা, সেটা অন্যেরা না বুঝলে আমার কী দোষ? ভাগ্যিস, আমার রাগ আরও বাড়িয়ে দিতে জাবেদ আমার সঙ্গে আর যোগাযোগ করেনি।

৫.
কত দিন কেটে গেছে তত দিনে, হিসেব রাখিনি। কত দিন আমি আর ছবি আঁকিনি, হিসেব রাখিনি। মনে হত যুগ-যুগান্ত কেটে গেছে। আমি ধরেই নিয়েছিলাম, ঐ বিভৎস কালো হাত দুটো থেকে আমি আর মুক্তি পাব না। ওগুলো আমাকে এভাবে আমৃত্যু কষ্ট দিতেই থাকবে। ধরে নিয়েছিলাম, আমি আর কোনো দিন ছবি আঁকতে পারব না। কিন্তু পাঠক, একজন শিল্পীর তার শিল্পের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার সঙ্গে পৃথিবীর অন্য কোনো ভালোবাসা তুলনীয় হতেই পারে না। একজন সত্যিকারের শিল্পী তার শিল্প সৃষ্টির ধারাকে যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। আমি তো সত্যিকারের শিল্পীই হতে চেয়েছিলাম! তাই আমিও সব রকমের চেষ্টাই করেছিলাম।
আমি কিভাবে পুনরায় জীবনে ফিরে এসেছিলাম, সেই গল্প শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। আর কোনো শিল্পী নিজের অচলাবস্থা কাটাতে এমন অভিনব উপায়ের আশ্রয় নিয়েছিলেন কিনা, তেমন ইতিহাস জানা নেই আমার। এখানে এটা বলে রাখি, যেদিন থেকে জাবেদের প্রতি আমার ঘৃণা তিরোহিত হতে শুরু করেছিল, সেদিন থেকেই হাত দুটোর অস্তিত্বও আমার জীবনে অস্পষ্ট হতে শুরু করেছিল। কিন্তু কী সেই অভিনব উপায়, যা আমাকে সেই তীব্র ঘৃণার বিষ থেকে মুক্তি দিয়েছিল? সেই গল্পও একদিন বলব হয়ত—অন্য কোথাও, অন্য কোনখানে…
পুনশ্চ- লেমন ইয়েলো আমার কাঙ্ক্ষিত সেই সবুজ রঙটি দিতে পেরেছিল।