২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিপি নাসরিনের ‘দ্রোহের রক্ত’

লিপি নাসরিন

Published : 31 Dec 2019, 02:16 PM

Updated : 23 Jun 2022, 03:59 PM


চিত্রকর্ম: তাশমিন নূর

সকাল থেকে একটু যেন অন্যমনস্ক আছেন ফাতেমা মাকতুম। স্নান সেরে নিয়েছেন আগেই। দুপুরের রান্না কী হবে পুত্রবধূকে জানিয়ে কাজের লোকদের বলে দিয়েছেন রান্না যেন দু'টোর মধ্যে শেষ হয়। কাজের মানুষগুলো যেন সবসময় ভয়ে তটস্থ থাকে। তিনি হাসেন কম,কথা বলেন প্রয়োজন মেপে, হজ করে আসার পর থেকে ফাতেমা মাকতুমের কথাবার্তা আরো ছোট ছোট হয়ে গেছে। ছেলের ঘরে দুই নাতি-নাতনির সাথেই তাঁর হাসিখুশির আলাপটুকু অনেকটাই যেন সীমাবদ্ধ। বড় নাতি এবার এস এস সি পরীক্ষা দেবে আর নাতনি পঞ্চম শ্রেণিতে। ফাতেমা মাখতুমের ঘরে এই দু'নাতি-নাতনি ছাড়া কারোরই হুটহাট প্রবেশ নিষেধ, এমনকি ছেলে বা ছেলের বউও অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারে না। মেয়ে সাবাহ যখন এ বাড়িতে আসে তখন মায়ের এতসব নিষেধ মানতে চায় না, তারপরও সে অনুমতি নিয়েই মায়ের ঘরে আসে।
আজ এ বাড়িতে দু'জন মেহমানের আসার কথা। বাড়িটি চৌধুরীবাড়ি নামে এলাকার মানুষের কাছে পরিচিত। তবে সেই চৌধুরীদের ছেলে বংশের শেষ পুরুষ ঘুমিয়ে আছে বিরাট পুকুরের ওপাশে কবরখানায় টাইলস ঘেরা কবরে।
ফাতেমা মাকতুম আলমারি খুলছিলেন এমন সময় পুত্রবধূ শিরিন দরজার কাছে এসে বললো, আম্মা আসবো?
ফাতেমা মাকতুম আলমারি না খুলে পাল্লা ভেজিয়ে দিয়ে বললেন,এসো।
আম্মা, আজ কিন্তু আপনার ডাক্তারের কাছে যাওয়ার দিন।
ফাতেমা মাকতুম একটু ভেবে বললেন, তুমি শোয়েবকে জানিয়ে দাও আজ আমি ডাক্তারের কাছে যাবো না।
আচ্ছা, বলে শিরিন বেরিয়ে যেতেই ফাতেমা মাকতুম আলমারি খুলতে ব্যস্ত হয়ে পড়ে। আলমারির ভেতর কাপড়ের ভাঁজ থেকে একটা বাঁধানো ছবি বের করে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে ছবিটার দিকে। চশমার ফাঁক দিয়ে দু'ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ছবিটা আবার যথাস্থানে রেখে আলমারিতে তালা দিয়ে দেন। দেখতে দেখতে ঘড়ির কাঁটা দু'টো ছোঁয়, একটু যেন চঞ্চল হয়ে উঠেন ফাতেমা মাকতুম। তিনি নামাজ পড়ে শাড়িটা পাল্টে নিলেন। মেহমানদের ঢাকা থেকে পৌঁছানোর কথা আড়াইটার মধ্যে, মেহমান বলতে একটি দৈনিক পত্রিকার একজন সাংবাদিক ও ফটোগ্রাফার। তারা ফাতেমা মাকতুমের একটা সাক্ষাৎকার ছাপতে চায় বিজয় দিবসের বিশেষ ক্রোড়পত্রে। কোথা থেকে তারা তাঁর খোঁজ পেয়েছে তিনি ফোনে জানতে চেয়েছিলেন কিন্তু তারা তাঁকে সে তথ্যটি জানাননি। প্রথমে ফাতেমা মাকতুম সাক্ষাৎকার দিতে রাজি ছিলেন না কিন্তু তাঁকে বারবার ফোন দিয়ে অনুরোধ করলে তিনি শেষপর্যন্ত রাজি হোন শর্তসাপেক্ষে যে, যা তিনি বলতে চাইবেন না সেটা বলতে বারবার যেন তাকে অনুরোধ না করা হয়। পৌনে তিনটার কাছাকাছি দু'জন মানুষ বাড়ির বিশাল গেটে নামলেন। দারোয়ানকে আগেই নির্দেশ দেওয়া ছিল। বাড়ির একজন কাজের ছেলে গিয়ে ওনাদের বসার ঘরে নিয়ে আসলো।
ফাতেমা মাকতুম ঘর থেকে বেরোতেই ছেলের সাথে দেখা-
আম্মা , শুনলাম সাংবাদিক এসেছে নাকি ঢাকা থেকে ? কী জন্য উনারা এসেছেন?
পরে জানতে পারবে, তুমি বাইরে থেকে ফিরলে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে বিশ্রাম কর।
মায়ের বাধ্যগত ছেলে-মেয়ে দু'জনই। কারণ তারা তাদের মায়ের কষ্ট দেখেছে। একটু বয়স হতেই জেনেছে, যে লোকটি সাথে তাদের মায়ের যুগল জীবন তিনি তাদের বাবা নন। তাদের বাবা একজন শহিদ মুক্তিযোদ্ধা। মায়ের সম্পর্কে আরো অল্প বিস্তর শুনেছে তাদের আত্মীয়-স্বজনের কাছে। তাতে মায়ের প্রতি তাদের কোন ক্ষোভ নেই। তারা ধীরে ধীরে বুঝে নিয়েছে তাদের মতো করে। ঠিক আছে আম্মা, বলে শোয়েব নিজের ঘরের দিকে চলে যায়। ফাতেমা মাকতুম পিছন ফিরে তাকিয়ে দেখে অবিকল বাবার মত করে ছেলে হেঁটে চলে।
ড্রইং রুমে ঢুকতেই সোমা আর রাহাত নিজেদের পরিচয় দিয়ে সালাম দিলো। ফাতেমা মাকতুম সালামের প্রতিউত্তর জানিয়ে সোফায় বসলেন। এর মধ্যেই কাজের ছেলেটা এসে বললো, বড়মা ভাবিসাহেবা টেবিলে খাবার দিয়েছেন।
ফাতেমা মাকতুম সোমা আর রাহাতের দিকে তাকিয়ে বললেন, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, একটু বিশ্রাম করো তারপর না হয় কথা বলা যাবে। সাংবাদিক সোমা বললো, আমাদের তো আজই ফিরে যেতে হবে, রাতের ট্রেন ধরবো তাই খুব বেশি সময় আমাদের হাতে নেই।আমরা তাড়াতাড়ি আপনার সাথে আমাদের সাক্ষাতকারের পর্বটা শেষ করতে চাই।
-ঠিক আছে তোমরা ফ্রেশ হয়ে নাও। আমি এসে তোমাদের নিয়ে যাবো।
-না না আপনাকে আসতে হবে না, কাউকে পাঠিয়ে দিলেই হবে।
ফাতেমা মাকতুম সোফা ছেড়ে উঠতেই সোমা বলে উঠলো, আপনার বাড়িটা খুব সুন্দর।কেমন যেন জমিদার বাড়ির আবহ পাওয়া যায় সেইসাথে আধুনিক নাগরিক জীবনের সব সুযোগ-সুবিধা। বাড়ির ভিতরে ঢুকলেই মনটা একদম বিশাল হয়ে যায়।
ফাতেমা মাকতুম ঠোঁটের কোণে একটুখানি হাসি ছড়িয়ে বললেন, তোমরা হাত মুখ ধুয়ে নাও।
ফাতেমা মাকতুম বেরিয়ে যেতেই সোমা রাহাতকে বললো, খুবই সুরুচি সম্পন্ন তাই না?
হ্যাঁ, বলে রাহাত সায় দিলো।
আচ্ছা রাহাত তোমার কি মনে হয় উনি সবকিছু আমাদের জানাবেন?
জানাতেও পারেন আবার নাও পারেন। সবকিছু নির্ভর করছে উনার মর্জির উপর।
হু, বলে সোমা একটু অন্যমনস্ক হয়।
খাবার টেবিলে খুব বেশি কেউ না। ফাতেমা মাকতুমের ছেলে, দু'জন নাতি-নাতনি ,সোমা অর ফটোসাংবাদিক রাহাত।
ফাতেমা মাকতুম সবার সাথে সোমা আর রাহাতের পরিচয় করিয়ে দিলেন। শোয়েব বুঝতে পারছেন না কেন একটি জাতীয় দৈনিকের দু'জন সাংবাদিক বাড়িতে। মায়ের দিকে কৌতূহলী চোখে তাকাতেই মা চোখ নামিয়ে বুঝিয়ে দিলেন এ ব্যাপারে পরে কথা হবে। শোয়েব খাওয়ার সময়টুকু প্রায় চুপচাপ রইলেন। নাতি-নাতনি দু'জনের সাথেই সোমা আর রাহাতের কথা হলো বেশী। খাওয়া শেষে সোমা আর রাহাত বৈঠকখানায় গিয়ে বসলো।ফাতেমা মাকতুম তাঁর ঘরে গিয়ে কিছুক্ষণ পর ফিরে এলেন ড্রয়িংরুমে। প্রায় সত্তরেও যেন জীবন্ত এক নারী সত্ত্বা। গায়ে টোকা দিলে রক্ত এসে যেন ফণা ধরে। সাংবাদিক সোমা কিছুটা বিস্ময় আর কৌতূহল নিয়ে দেখছিলেন তাঁকে, বুঝিবা বোঝার চেষ্টারও কমতি রাখছিল না।
তাহলে আমরা কি এখন শুরু করতে পারি ? সোমা জিজ্ঞেস করলো।
বল কী জানতে চাও তোমরা ? ফাতেমা মাকতুম উত্তর দিলেন।
আপনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, আপনার স্বামীকে যুদ্ধের একদম শেষ পর্যায়ে রাজাকাররা ধরে নিয়ে যায় এবং কয়েকদিন পর নদীর ধারে তাঁর লাশ পাওয়া যায় চোখ বাঁধা অবস্থায়।
ফাতেমা মাকতুম যেন একটু কেঁপে উঠলেন, একটু বোধহয় অস্থির হলেন।
হ্যাঁ,
-আপনি তো সেই রাজাকার কমান্ডারকে চিনতেন?
হ্যাঁ চিনতাম… কাঁপা কণ্ঠে জবাব দেন তিনি।
যে রাজাকার কমান্ডারকে পরবর্তীতে বিয়ে করেছিলেন আপনি, সেই কি তিনি?
হ্যাঁ সবাই তাই জানে।
-বিষয়টি যদি একটু বলতেন। যে লোকটা আপনার মুক্তিযোদ্ধা স্বামীকে ধরে নিয়ে গেলো…পরবর্তীতে দেশ স্বাধীন হলে আপনি তাকে মুক্তিযোদ্ধাদের হাতে ছেড়ে না দিয়ে নিজে বাঁচিয়ে বিয়ে করলেন,ব্যাপারটা খুবই মর্মান্তিক হয়ে গেল না !
এ বিষয়ে আপনার বক্তব্য কী?
বলবো, যে জন্য আমি আত্মীয় স্বজন সবার থেকে দূরে সরে গেলাম, সবার চোখে অপরাধী হয়ে রইলাম।
-আপনার ছেলে-মেয়ের বাবা…?
-ওদের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত।
জ্বী বলুন আমরা রেকর্ড করে নিচ্ছি।
ফাতেমা মাকতুম বলে গেলেন জীবনে সেই ঘটে যাওয়া দুঃখজনক বাস্তবতা ।
আমি দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলাম। বাবার আর্থিক অবস্থা তেমন ভাল ছিল না, বাবা চাইলেন আমাকে বিয়ে দিতে। তখন আমাদের গ্রামের পরের গ্রাম রাজপুর নিবাসী শহীদুল চৌধুরীর ছেলে নিজাম চৌধুরীর জন্য তাদের বাড়ি থেকে আমার বাবার কাছে প্রস্তাব আসে। কিন্তু বাবা অত ধনী পরিবারে আমার বিয়ে দিতে রাজি ছিলেন না। শুনেছিলাম নিজাম চৌধুরী স্কুলে যাওয়া আসার পথে আমাকে দেখে পছন্দ করেছিল।
তাহলে আপনার বাবা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন?
আসলে সরাসরি প্রত্যাখান করেননি কিন্তু আমার মায়ের একদম পছন্দ ছিল না অত ধনি পরিবারে মেয়ে বিয়ে দিতে। মায়ের পছন্দ ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবার। পরে কথা আর আগায়নি, আর ওদের বাড়ি থেকেও এই বিয়ে নিয়ে কথাবার্তা বিশেষ বোধহয় হয়নি যার জন্য …
-আচ্ছা, নিজাম চৌধুরী তো ছিলেন আপনার দ্বিতীয় স্বামী?
হ্যাঁ তিনি আমার দ্বিতীয় স্বামী বলে ফাতেমা মাকতুম একটা বাঁধানো ফটো বের করে সোমা আর রাহাতের সামনে রাখলেন।বললেন, ইনিই আমার সন্তানদের পিতা আফতাব মাকতুম।
সোমা ছবিটা হাতে নিয়ে দেখলো। রাহাতকে ছবি তুলে নিতে বলে আবার ফাতেমা মাখতুমের প্রতি মনোযোগী হলো।
কয়েকমাস পরে বাবা দেখেশুনে আমাদের এক আত্মীয়ের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলেন- ফাতেমা মাকতুম একটু থেমে বলা শুরু করলেন।
ওরা ছিল মধ্যবিত্ত পরিবার। বিয়ের পর বেশ সুখেই ছিলাম আমরা। তারপর এলো শোয়েব, সাবাহ- আমার ছেলে-মেয়ে। শোয়েবের বয়স তখন চার বছর আর সাবাহ র এক তখন মুক্তিযুদ্ধ শুরু হল দেশে।
আপনার বিয়ের আগে কি কখনও নিজাম চৌধুরীর সাথে আপনার দেখা হয়েছিল?
তাদের বাড়ি থেকে প্রস্তাব আসার পর আমার এক বান্ধবী তাকে দেখিয়েছিল।
আচ্ছা বিয়ের পর আর কখনো কি দেখেননি?
না আর তো দেখার সুযোগ বা প্রয়োজন কোনটাই ছিল না। আমাদের সংসার সুখের ছিল। অঢেল পয়সা ছিল না কিন্তু সুখ ছিল, শান্তির প্রাচুর্য ছিল।
একাত্তরে যুদ্ধ শুরু হলো। দেশ একদিন স্বাধীন হবে,সব কষ্টের অবসান হবে। আমার ছেলেমেয়ে তখন ছোট। হানাদার বাহিনী তখনও গ্রামে এসে পৌঁছাইনি। তারপর তো একসময় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিতে লাগলো, মানুষ মারাতে লাগলো পাখির মত করে। নারীদের ধরে নিয়ে যেতে লাগলো হানাদার বাহিনীর ক্যাম্পে। গ্রামে মুক্তিবাহিনী গঠিত হলে শোয়েবের বাবা মুক্তিবাহিনীতে যোগ দেন। আমাদের তখন বাবার বাড়ি পাঠিয়ে দিলেন।
-আপনাদের পরিবারের অন্যরা তখন সবাই কোথায় ছিলেন?
শোয়েবের চাচা চাচিরা কিছুদিন ছিল বাড়িতে। শোয়েবের বাবা যুদ্ধে গেলে সবাই বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি ফাঁকা পড়েছিল।রাজাকাররা আগুন ধরিয়ে দেয়, সব পুড়ে ছাই। গ্রামে তখন চলছে লুটপাট, নারীদের ধরে নিয়ে যাচ্ছে। উহ! সে যে কী আতঙ্ক।
ফাতেমা মাকতুম ভিতরে ভিতরে মুখর হয়ে উঠলেন,তাঁর আচরণ চঞ্চল হয়ে উঠেছে। মাথার শাড়িটা টেনে নিলেন আরেকটু
তারপর কী হলো? আপনি ছেলেমেয়ে নিয়ে বাবার বাড়ি যাবার পর – সোমা প্রশ্ন করে।
সেখানেও তো একই অবস্থা। কী দুর্বিসহ জীবন ছিল আমাদের! আমার বাবার বাড়ির ঘরের ভিতরে চালের নীচে মাচা করা ছিল। দিনের বেলা ঐ মাচায় লুকিয়ে থাকতাম ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে। কতক্ষণ আর পারা যায়। ছোট বাচ্চাদের কি এভাবে রাখা যায়। মাঝে মাঝে ওদের বাইরে নিয়ে আসতাম। বাবা তখন চারিদিকে নজর রাখতেন। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতাম এই বুঝি ওরা এসে বাড়িঘর পুড়িয়ে দিলো সব। আমার দু'ভাইয়ের একজনের তখন সবেমাত্র বিয়ে হয়েছে। আর একজন কলেজে পড়ে। বাবা সর্বক্ষণ নামাজ কালাম পড়ে আর দোয়া করে।
আপনার ভাইদের কেউ কি যুদ্ধে গিয়েছিল?
তারা গোপনে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করতো। মুক্তিযোদ্ধারা ভাবির ভাই সেজে কখনও আত্মীয় সেজে আমার বাবার বাড়িতে আসতো। বাবা আমাকে বের হতে দিতেন না খুব বেশি যাতে কেউ সন্দেহ করতে না পারে সেজন্য।
আপনার বাবার বাড়ির গ্রামের নাম কী? সোমা প্রশ্ন করে।
শ্রীপুর। তার পরের গ্রাম ছিল রাজাপুর। শহীদুল চৌধুরী সেই গ্রামের পিস কমিটির প্রধান ছিলেন। তার ছেলে নিজাম চৌধুরী গ্রামের কিছু তরুণদের নিয়ে মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেবার মিশনে নেমেছিল।
নিজাম চৌধুরী কি তার দলবল নিয়ে আপনাদের গ্রামে আসতো? সোমা সোফা ছেড়ে ঘরের মাঝখানটায় গিয়ে দাঁড়ায়।
ছোট ভাই টার কাছে জেনেছিলাম মাঝে মাঝে নাকি আসতো।
সোমা এসে ফাতেমা মাকতুমের পাশে বসে। তার ঘোমটার ফাঁক দিয়ে উঁকি দেওয়া সাদা চুল গুলো তার শুভ্রতাকে আরো যেন বাড়িয়ে দিয়েছে। সোমা কল্পনা করে যৌবনে এই নারী কতো মোহিনী ছিল। আবারো কথায় ফিরে আসে সোমা।
আপনার স্বামীর খোঁজ নিজাম চৌধুরী কিভাবে পেয়েছিল? শহীদ মুক্তিযোদ্ধা আফতাব মাকতুম তো ছিলেন অন্য জায়গার বাসিন্দা।
আমাকে বোধহয় গ্রামের কেউ দেখেছিল। আমি দীর্ঘদিন বাবার বাড়িতে। মানুষ সন্দেহে করতে থাকে। কার মনে কি ছিল কী করে বুঝবো। কতদিন আর লুকিয়ে থাকা যায় ?
তারপর বলবেন প্লিজ কী ঘটলো।
পরে আমি নিজাম চৌধুরীর কাছে জেনেছিলাম গ্রামের একজন আমি বাবার বাড়িতে এই খবরটা নিজাম চৌধুরীর দিয়েছিল।
নিজাম চৌধুরী কি তখন বিবাহিত ছিল? সোমা প্রশ্ন করে।
না সে তখনো বিয়ে করেনি।
নিজাম চৌধুরী কি আপনাকে খুব পছন্দ করতেন? ভালবাসতেন শব্দ টা সোমা সযত্নে এড়িয়ে যায়।
সেটা তো আমি বলতে পারবো না, তার সাথে আমার কখনো কথা হয়নি।
আচ্ছা। আপনার মুক্তিযোদ্ধা স্বামী কি আপনার সাথে দেখা করতে আপনার বাবার বাড়ি আসতেন?
সে সুযোগ তো সে সময় ছিল না। ট্রেনিং শেষ করে এসে একবার আমাদের দেখে গিয়েছিলেন। ততদিনে সবাই জেনে গেছে আমার স্বামী মুক্তিযুদ্ধে গেছে।
শুধু একবার দেখা করতে এসেছিলেন আপনার সাথে? সোমা অনুসন্ধিৎসু হয়ে উঠে।
আরো একদিন… সেদিন শেষবার…,
মাঝরাতে এলো। বাবা দরজা খুলে দিল। খুব বড় একটা অপারেশনে যাবে। ঘুমন্ত ছেলে মেয়েকে ছুঁয়ে দেখলো,আমাকে বলল, "ফাতেমা আসি,যদি বেঁচে থাকি আবার দেখা হবে আমাদের।"ফাতেমা মাকতুমের চশমার কাঁচ ঝাপসা হয়ে আসে, ফাঁক দিয়ে জল গড়িয়ে পড়ছে।
আপনি ঠিক আছেন তো? বলতে পারবেন?
চশমা খুলে চোখ মুছে আবার শুরু করলেন। যে রাতে ওঁ আসলো তার পরদিন সকালে একজন সহযোদ্ধা এসে ওঁর ধরা পড়ার খবর দিয়ে গিয়েছিল। পাকবাহিনীর ক্যাম্পে নিয়ে আটকে রেখেছিল ওঁকে। আমার বাবা অনেক চেষ্টা করলেন কোন ভাবে যদি…
সেই রাতেই হয়তো কেউ ওকে দেখে ফেলে রাজাকারদের সংবাদ দেয়। তারা ওঁকে অনেক অত্যাচার করেছিল দলের খবর নেওয়ার জন্য কিন্তু ওঁ একটা শব্দ ও উচ্চারণ করেননি।
ফাতেমা মাকতুম কান্নার স্রোত আর সামলাতে পারে না। অশ্রান্ত বারিপাতে তাঁর শাড়ির জমিন ভিজে যায়। পুত্র আর পুত্রবধূ দরজার বাইরে দাঁড়িয়ে ছিল কিন্তু কাউকে ভিতরে প্রবেশ করতে আগেই তিনি নিষেধ করে দিয়েছেন।
সাংবাদিক সোমা ফাতেমা মাকতুমের পাশে এসে বসে তাঁর হাতটা তুলে নেয় নিজের হাতে। আলতো করে চাপ দিয়ে বলে, কাঁদবেন না প্লিজ, আপনি মুক্তিযোদ্ধার স্ত্রী। এভাবে কান্না আপনাকে মানায় না।
না আমি রাজাকার নিজাম চৌধুরীর স্ত্রী, একটু উচ্চস্বরে তিনি বলে উঠেন যেন। কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার সন্তানদের বাবাকে মর্যাদা দিতে পারিনি..
প্লিজ শান্ত হোন। সোমা ওনাকে শান্ত করানোর চেষ্টা করে। ফাতেমা মাকতুম আবার নিজের আসলরূপে ফেরেন। সেই কান্না ভেজা শান্ত চেহারায় মুহূর্তে আগুনে ঝলসানো লোহার মত তপ্তরূপ। রাহাত এরই মাঝে আরো কিছু ছবি তুলে রাখে।
সেদিন কত তারিখ ছিল? সোমা তার পেশাদারিত্বের প্রকাশ ঘটায়।
সেপ্টেম্বরের দশ তারিখ। দশ তারিখ রাতে ওঁ এসেছিল, বিশ তারিখে ওঁর লাশ আমরা পাই নদীর ঘাটে অনেক লাশের মাঝে। আমার বাবা সেই শোক সামলে উঠতে পারেননি। কয়েকদিন পর বাবা ও চলে গেলেন।
তার মানে দুই প্রিয়জন হারানোর শোক তখন আপনার কাঁধে, সোমা বলে উঠে। তারপর আপনি বাবার বাড়িতে ছিলেন নাকি শ্বশুর বাড়িতে ফিরে এলেন? সোমা আবার প্রশ্নে ফেরে।
সেই মুহূর্তে যায়নি,পরে একবার গিয়েছিলাম ভিটেটা দেখার জন্য।
নিজাম চৌধুরী বিরুদ্ধে যুদ্ধাপরাধীর মামলা হয়েছিল আমরা জানি
হ্যাঁ, শেষ পর্যন্ত আর সামলাতে পারেনি।
আপনারা তো বেশ ক'বছর বিদেশে মানে লন্ডনে ছিলেন?
বিয়ের কিছুদিন পর প্রায় তিন বছরের মত।
কিন্তু একজন রাজাকার যে আপনার স্বামী হত্যার সাথে জড়িত তার সাথে বিদেশে যেতে আপনার ভয় করলো না? যদি ওখানে আপনার বা আপনার সন্তানদের কোন ক্ষতি করতো?
সে ভয় যে ছিল না তা নয়, তবে ওখানে নিজাম চৌধুরীর বোন থাকতো। তার বাড়িতে আমরা ছিলাম। অমি মোটেই যেতে চাই নি কিন্তু নিজাম চৌধুরী বলেছিল আমার কোন ক্ষতি সে করবে না, তাছাড়া তার সবকিছু তখন আমার নিয়ন্ত্রণে। তবে ওর বোন আমাকে ফোনে বলেছিল আমার কোন ক্ষতি সে হতে দেবে না, অমি যেন তার ভাইয়ের সাথে যাই। তাছাড়া নিজাম চৌধুরীর জীবন বাঁচিয়েছিলাম আমি সেটা সবাই দেখেছিল তাই তার পক্ষে আমার কোন ক্ষতি করাটা আর প্রায় সম্ভবই ছিল না।
তারপরও সম্ভবনা কিন্তু থেকেই গিয়েছিল। এনিওয়ে, নিজাম চৌধুরীর সাথে আপনার কিভাবে আবার দেখা হলো আপনার স্বামীর লাশ পাওয়ার পর?
দেশ স্বাধীন হলো মুক্তিযোদ্ধারা ফিরে এলেন সগৌরবে। আমি তখন ছেলেমেয়ে নিয়ে কোথায় যাবো,কীভাবে মানুষ করবো সেসব চিন্তায় বিমর্ষ থাকতাম। আমার মতো অনেক সাধারণ পরিবারের তখন তো একই অবস্থা। যুদ্ধের শেষ দিনগুলোতে ভাইদের আশ্রয়ে আছি। ছোট ভাইটি তখনও সংসার কী বুঝে উঠতে পারিনি। এইভাবেই এক একটা দিন কেটে যাচ্ছিল অস্থিরতায়, চিন্তায়। এমতাবস্থায় ডিসেম্বরের ৩০ তারিখ সকালে শোয়েবের আব্বার কয়েকজন মুক্তিযোদ্ধা বন্ধু আমাদের বাড়িতে নিজাম চৌধুরীকে ধরে নিয়ে আসে। আমি কিছু বুঝে উঠার আগেই আমার পায়ের কাছে ধাক্কা দিয়ে ওকে ফেলে দিয়ে একজন বললেন, "আফতাব ভাইকে এই ধরিয়ে দিয়েছিল, আপনি ওকে নিজের হাতে মারেন।" নিজাম চৌধুরী হঠাৎ করেই আমার পা জড়িয়ে ধরে বললো, "আমাকে মেরো না,আমার জীবন ভিক্ষা দাও,আমাকে ক্ষমা করে দাও,আমি তোমার সন্তান দের সমস্ত দায়িত্ব নেবো।" এভাবে আমার পা জড়িয়ে ধরে বন্দি হয়েনার মত আর্তনাদ করতে শুরু করলো। মৃত্যুভয় ওকে তাড়াতে লাগলো।
তারপর, তারপর কী হলো? সোমা একটু যেন উত্তেজিত।
আমি অনেকক্ষণ নিশ্চুপ থাকলাম। আমার স্বামীর প্রতি ওদের পৈশাচিক অত্যাচার যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। চোখ যেন জ্বলতে শুরু করলো,ঠোঁট শুকিয়ে আসতে লাগলো। ওর হাত থেকে পা ছাড়িয়ে নিয়ে সরে দাঁড়ালাম, ওনাদেরকে বললাম ওকে ঘরে বন্দি করে রাখতে। আমাদের একটা ঘরে ওকে তালা দিয়ে রাখলো। সবাই একটু অবাক হলো আমার আচরণে। আমাকে সাবধান করলো আমার ক্ষতি হতে পারে এভেবে। কিন্তু আমি তখন অন্য মানুষ। হাজার চিন্তার অন্তর্জালে আমার হৃদয় ক্ষতবিক্ষত। একেকবার মনে হয়েছে ওকে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দি।
কিন্তু সেটি তো আপনি করেননি।
না করিনি,আমি অনেক ভেবেছি- ফাতেমা মাকতুম উত্তর দিলেন।
আপনার ভয় করেনি? একজন রাজাকারকে এভাবে রাখলেন?
না, একটু ও না। দেশ তখন স্বাধীন,ভয় পাবে তো ওরা।
তারপর কতদিন নিজাম চৌধুরীর আটকে রেখেছিলেন?
দুইদিন। ওর সাথে বোঝাপড়া করে নিয়েছিলাম; ওকে আমি বাঁচাবো, বিনিময়ে ওর যা কিছু সব আমার দুই সন্তানকে লিখে দেবে এবং যতদিন আমার সন্তানরা বড় না হবে সেসব দেখাশুনা করবো আমি। সে রাজি হলো; ভাই এবং আত্মীয়স্বজনকে বললাম আমাকে সাহায্য করতে।
সোমা কেমন জানি চঞ্চল হয়ে উঠে। তাহলে আপনি তাকে বিয়ে করলেন কেন? তাকে বিয়ে করে কি আপনি ঠিক কাজ করেছিলেন? সোমা কথপোকথন এগিয়ে নেয়।
হয়তো ঠিক করিনি কিন্তু তাকে তিলতিল করে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় রেখে নিঃশেষ করার জন্য প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠলাম, যেহেতু আমি যা বলবো তাই সে তখন করতে রাজি বাঁচার জন্য। আত্মীয় স্বজন কিংবা যারা ওকে ধরে এনেছিল কেউই বিষয়টাকে মানতে পারিনি।
নিজাম চৌধুরী আসলে ভেবেছিলেন আমি খুব স্বাভাবিকভাবে তাকে বিয়ে করতে চাচ্ছি এজন্য আমার সমস্ত শর্ত সে মেনে নিয়েছিল।
ফাতেমা মাকতুমের মুখের দিকে অপার বিস্ময় আর কৌতূহলী জিজ্ঞাসা নিয়ে সোমা তাকিয়ে থাকে।
বিয়ের ব্যাপারে কী শর্ত দিয়েছিলেন আপনি? সোমার কৌতূহলী প্রশ্ন।
স্বামীত্বের দাবী নিয়ে আমার কাছে কোনদিন আসতে পারবে না এবং দ্বিতীয়বার সে বিয়ে করতে পারবে না। একটু যেন বিক্ষিপ্ত থাকেন ফাতেমা মাকতুম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে।
নিজাম চৌধুরী মেনে নিলেন এই শর্ত? সোমার কৌতূহল বেড়ে চললো।
হয়তো ভেবেছিল সবকিছু স্থিতিশীল হলে মানুষ সব ভুলে যাবে, আমিও স্বাভাবিক হয়ে যাবো,উত্তর টা বেশ সময় নিয়ে দেয় ফাতেমা মাকতুম।
পরবর্তী জীবনে নিজাম চৌধুরী কি আপনার সব শর্ত মেনে নিয়েছিল? আপনি তাকে বিয়ে করে স্বামীর মর্যাদা দিলেন কিন্তু অধিকার দিলেন না, এটা কি আপনার নিজের বিরুদ্ধেই গেল না? – পুনরায় প্রশ্ন করে সোমা।
মর্যাদা দিলেই কি অধিকারের প্রশ্ন আসে? ফাতেমা মাকতুমের চোখে ভেসে উঠে একটা ঝড়-জলের রাত। সে রাতে দরজার খিল না লাগিয়েই ঘুমিয়ে পড়েছিলেন তিনি ছেলে-মেয়েকে নিয়ে। টেবিলে জ্বলতে থাকা বাতিও বোধহয় নিভু নিভু ছিল। নিজাম চৌধুরী সেদিন কোন এক কাজে বাইরে ছিল। রাতে বাড়ি ফিরবে না এমনই জানতেন ফাতেমা মাকতুম। কিন্তু একটু রাত করেই সেই ঝড়-জলের রাতে বাড়ি ফিরেছিল নিজাম চৌধুরী। স্ত্রীর ঘরের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ দরজার সামান্য ফাঁক ঠেলে উঁকি দেওয়া আলো দেখে এক মুহূর্তে দাঁড়িয়ে পড়ে। চলেই যাচ্ছিল কিন্তু কী ভেবে দরজা আস্তে করে ঠেলে ঘরে প্রবেশ করে। ফাতেমা মাকতুম তখন গভীর ঘুমে। নিজাম চৌধুরীর মধ্যে পুরুষত্ব এবং পশুত্ব দুটোই জেগে উঠে প্রবলভাবে। বাতি নেভাবার সাথে সাথে শর্তের বেড়াজাল সে রাতে ভেসে গিয়েছিল প্রবল বৃষ্টির তোড়ে। স্বামীত্বের অধিকার তাকে জোর করে খাটাতে হয়নি বরং সে অধিকার যেন সহজাতভাবে বন্ধনমুক্ত হয়ে তার উপর এসে পড়েছিল। নীরব শান্ত বনভূমিতে অসহায় ক্ষুধার্ত সিংহের গর্জন বারুদ জ্বেলে দিয়েছিল সেই ঝড়ের রাতে।
ফাতেমা মাকতুম কিছু বলতে গিয়েও থেমে যায়। চোখ থেকে চশমা খুলে বোধহয় অতীতটাকে ভাল করে দেখে- দেখে একজন শহিদ মুক্তিযোদ্ধার মুখ। ভিতরে একটা শঙ্কা বা সংশয় হয়তো জেকে বসে। ব্যাপারটা সোমার দৃষ্টি এড়ায়না।
আপনি কি আপনার শহিদ মুক্তিযোদ্ধা স্বামীকে যথাযথ সম্মান দেখাতে পারলেন এই ঘটনায়? বাংলাদেশে আপনার মতো হাজার হাজার নারী ছিলেন যাদের সন্তান আপনার সন্তানদের মতো পিতৃহারা হয়েছিল যুদ্ধের সময়ে, আপনার মতই বহু নারী বিধবা হয়েছিলেন,ধর্ষিতা হয়েছিলেন লক্ষ লক্ষ নারী আর আপনার শহিদ মুক্তিযোদ্ধা স্বামীর হত্যাকারী একজন চিহ্নিত রাজাকারকে বিয়ে করলেন শুধু কি সন্তানদের মানুষ করার কথা ভেবে?- সোমা তার শেষ প্রশ্নটা করে।
ততক্ষণে পুত্র শোয়েব এবং পুত্রবধূ বসার ঘরে এসে মায়ের পাশে দাঁড়িয়েছে।
আম্মা আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে,আপনার ঘরে চলুন, শিরিন শাশুড়ির হাত ধরে তুলতে তুলতে বলে। সোমার প্রশ্নের কোন উত্তর না দিয়ে ফাতেমা মাকতুম পুত্রবধূ শিরিন শাশুড়ির হাত ধরে তুলতে তুলতে বলে। ফাতেমা মাকতুম পুত্রবধূর হাত ধরে উঠে দাঁড়ালেন যাবার জন্য। সোমা অধীর হয়ে বললো, আপনি এ প্রশ্নের উত্তর দিয়ে যান প্লিজ। আমার আর কোন প্রশ্ন নেই।
ফাতেমা মাকতুম একবার পিছন ফিরে তাকালেন তারপর পুত্রবধূর হাত ধরে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে গেলেন।