মিলু শামস: চিৎকার
সত্যিই চিৎকার শুনেছিল নাকি শ্রুতিভ্রম? কিছুতেই ঠিক করতে পারে না কায়সার। ঘরে ফিরে এটা সেটা রুটিন কাজ– নেট ঘাঁটা, টিভি চ্যানেলে অস্থির ঘোরাফেরা, শেষে অস্থিরতার থেরাপি, বার বার পড়া প্রিয় উপন্যাসের পাতা আবার উল্টানো। আবার সেই ম্যাথু দেলারু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত ফ্রান্স। মিউনিখ-চুক্তি। দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ ম্যাথুর প্রতি মুহূর্তে নিজের সঙ্গে দ্বন্দ্বে নতুন করে বিকশিত হওয়া। 'রোডস টু ফ্রিডমের' এ চরিত্রটি কারণে অকারণে তাকে টানে। অনেক বিমর্ষ সন্ধ্যা আর ক্লান্ত দুপুর সে কাটিয়েছে ম্যাথু-মার্সেল-দানিয়েলের ত্রিমুখী সম্পর্কের ব্যবচ্ছেদ করে। ম্যাথুর প্রতি তার এ দুর্বলতার খবর রাখে অর্নব। সুযোগ পেলেই খোঁচায়–
–ওই লম্পটটা তোকে হিপনোটাইজ করেছে।
–বাজে কথা বলিস না। ম্যাথু মোটেই লম্পট নয়। ওর চরিত্রের ব্যাপ্তি বোঝার ক্ষমতাই তোর নেই।
–তা তুই যাই বলিস, প্রেমিকাকে অন্তঃসত্ত্বা করে নিজের স্বাধীনতা খর্ব হওয়ার অজুহাতে যে পালিয়ে বেড়ায়, প্রচলিত শব্দে তাকে লম্পটই বলে।
–ওই প্রচলিত নিয়েই থাক। প্রচলিতর বাইরে দেখার ক্ষমতা থাকলে বুঝতি অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ম্যাথু বিয়ে করছে না কারণ সে নিজেকে ছাড়া আর কারও কাছে কোন allegiance স্বীকার করে না। মার্সেলকে সে ভালবাসে। অন্তঃসত্ত্বা হওয়ার পরও ভালবাসে কিন্তু অন্তঃসত্ত্বা হয়েছে বলেই তাকে বিয়ে করতে হবে এ বাধ্যবাধকতা সে মানে না। বিয়ে করলে এমনিই করবে, যখন ইচ্ছে হবে। কোন কিছুর চাপে নয়, চাপে পড়ে কিছু করা মানেই স্বাধীনতা ক্ষুন্ন হওয়া।
–ভালই বলেছিস। স্বাধীনতা মানে তাহলে দায়িত্বহীনতা– এই পাঠ দিচ্ছিস। ভাল। আর ওই টাকা চুরি? নিজের স্বাধীনতা প্রত্যক্ষ করতে দর্শনের অধ্যাপক অন্যের বিশ্বাস ভেঙে টাকা চুরি করল তাও কিনা প্রেমিকার ভ্রুণ হত্যার জন্য! তারপরও তার পক্ষে তুই ওকালতি করিস!
–শোন অর্নব, তোর মতো গবেটের মাথায় সার্ত্রে ঢুকবে না। আমার সন্দেহ তুই পুরো উপন্যাস পড়িসনি। ফ্ল্যাপ পড়ে ফটর ফটর করছিস। যা দূর হ আমার সামনে থেকে।
কায়সারের মেজাজ সপ্তমে চড়ানোর উদ্দেশ্য নিয়েই মাঠে নেমেছিল অর্নব। লক্ষ্যে পৌঁছানোর আনন্দে মিটিমিটি হেসে এবার কিচেনের দিকে পা বাড়ায়। মিনিট কয়েক পর দু'হাতে দুটো কফিমগ নিয়ে একটি বাড়িয়ে দেয় কায়সারের দিকে। বিজ্ঞাপনী পশ্চার নিয়ে বলে– নে কফি খা। মাথা ঠাণ্ডা এবং মন শান্ত হবে।
আজও কফি হাতে বইয়ের পাতা ওল্টাচ্ছে কায়সার। কিন্তু বিক্ষিপ্ত ভাবনা জেঁকে বসেছে। সেই সঙ্গে উৎকণ্ঠার উষ্ণ ঝাপট। উৎকণ্ঠা নাকি দায়িত্ব এড়ানোর গ্লানি? ফোর্থ ফ্লোরে নামতে গিয়ে দ্বিধায় পা কেন জড়িয়ে যাচ্ছিল? কয়েকটি বিহ্বল মুহূর্ত– নামব নাকি উঠে যাব ইলেভেন্থ ফ্লোর পর্যন্ত? কোন ক্ষতি ছিল না উঠে গেলে। কেউ অপেক্ষায় ছিল না। সিডিউল রাখার তাড়া ছিল না। এয়ারপোর্ট ইমিগ্রেশনের মতো জরুরী কিছুই ছিল না। ওঠার জন্য বাড়তি কোন কষ্টও ছিল না। চলন্ত লিফট, শুধু দু'মিনিট বেশি দাঁড়িয়ে থাকা। মেয়েটি কোন ফ্লোরের বাটন টিপেছিল? দুটো বাটনের আলো জ্বলছিল– স্পষ্ট মনে আছে। একটি লেভেল ফাইভ অন্যটি সম্ভবত টেনথ। কিন্তু নেমে যেতে যেতে মনে হলো না লোকটা বাটনে হাত রেখে ফিফ্থ ফ্লোর ক্যান্সেল করল? লিফট চালু হতেই চিৎকার। সত্যি শুনেছিল কায়সার? সে সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। শুনেছি নাকি শুনিনি। নাকি শুনতে চাইনি। নাকি ম্যাথুর মতো বলতে চেয়েছি– না শোনার স্বাধীনতা আমার আছে। না দেখারও। এগারো তলা পর্যন্ত গিয়ে মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেউ আমায় দেয়নি। না দেয়নি। বন্ধ লিফটে কেউ চিৎকার করল কি গান গাইল তাতে আমার কি এসে যায়?
–যায় না ই তো। তোর মতো দায়িত্বহীনের কোন কিছুতেই কিছু এসে যায় না। অর্নব আবার জ্বালাতে থাকে। মাথাটা দপদপ করছে। অর্নব কি তার বিবেক? যাত্রা পালায় যেমন থাকে। ও নির্ঘাত এ কথাই এখন বলত। বিনা উত্তরে ওকে ছেড়ে দেয়া যায় না।
–তা তোর মতো দায়িত্ববানই বা কি করেছিস?
–কিছু করার চেষ্টা অন্তত করেছি। ভিড়ের মধ্যে নেমেছি। মব নিয়ে স্থবির গড্ডলিকায় ঝাঁকুনি তোলার চেষ্টা করেছি। তোর মতো ঘরকুনো ডন কুইক্সট হয়ে দর্শনের উচ্চমার্গে বিচরণের নামে দায় এড়াইনি। মেয়েটির চিৎকার শুনেছিস কি শুনিসনি তাই নিয়ে সার্ত্রে ক্যামু ঘাঁটছিস। কেন তোর যদি এতই শঙ্কা ছিল তো সিঁড়ি বেয়ে উঠে গেলি না কেন? চিৎকার করে লোক জড়ো করে জানিয়ে দিলি না কেন?
সত্যিইতো কেন? কায়সার নিজের গভীরে ডুব দেয়। সে তো পারতোই কিছু করতে। তাহলে? কিছুই করা হয়নি কোন দিন। ঠিকই বলেছে অর্নব। ডন কুইক্সটই সে। বাতাসে হাতি ঘোড়া মারা ছাড়া আর কিছু করার ক্ষমতা নেই। ক্ষমতা নেই নাকি আত্মপ্রতারণার ছল? নিজেকে নিরাপদ রাখার বর্ম।
ছাত্রজীবনে সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলনে অর্নবরা যখন প্রাণপণ লড়ছে সে তখন মায়ের অসুখের ছুতোয় গ্রামের বাড়ি। বহুদিন, বহু বহু দিন পুড়েছে সে এ প্রশ্নের আগুনে– ভয় নাকি নিরাপদ থাকার তাড়া মানুষের মিছিল থেকে তাকে সরিয়ে নিয়েছে নির্জন আলপথে? উত্তর সে পেয়েছে অথবা পায়নি, তার সত্তা হ্যাঁ আর না এর মুখোমুখি হয়ে চিরকাল জয়ী করেছে দোদুল্যমানতাকে।
আজও ওই দ্বিধা কিংবা দোদুল্যমানতায় ঝলসে উঠে বার বার শ্রবণপীড়িত হচ্ছে একটি আর্তচিৎকারে। মেয়েটির চোখে মুখে উপচে পড়েছিল আত্মবিশ্বাসের আভা। কত হবে বয়স? নয়-দশ কিংবা দশ-এগারো? নারীত্বের কোন আভাস ছাড়াই সে যেন পূর্ণ নারীর ক্ষুদে সংস্করণ। একজন জীবন যোদ্ধার আজন্ম সংগ্রামের ছাপ এ বয়সেই তার অবয়বে দৃঢ়তার যে প্রলেপ বুলিয়েছে তাতেই তাকে অভিজ্ঞতায় পূর্ণ বয়স্ক একজন মানুষ মনে হয়। অন্তত কায়সারের লালিত্যমাখা মধ্যবিত্ত চোখে। শরীর যে বিপজ্জনক হতে পারে সে বোধ মেয়েটির হয়নি এখনও। অনমনীয় দৃঢ়তায় সে দাঁড়িয়ে ছিল কামুক পুরুষটির পাশে। জড়তাহীন নিরুদ্বিগ্ন। তার পক্ষে বোঝা সম্ভব ছিল না মূর্তিমান বিপদ সঙ্গে নিয়ে সে ধাপে ধাপে লিফটে উঠে যাচ্ছে। আর চেনা শঙ্কাকে পাশ কাটিয়ে কায়সার নেমে গেছে ফোর্থ ফ্লোরে।
চিৎকার বিষয়ক দ্বন্দ্ব ও অস্থিরতা যখন ক্রমশ থিতিয়ে আসছে তখনই সকালে খবরের কাগজের হেডলাইন থেকে চোখ সরাতে পারে না কায়সার- 'রাজধানীর ব্যস্ত এলাকার বারো তলা ভবনের পরিত্যক্ত পানির ট্যাঙ্কে কিশোরীর লাশ। তার শরীরে আঘাতের আলামত পরীক্ষা করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল।'
'হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল'– কায়সারের ভেতরে এক নাগাড়ে কথাগুলো কে রিপিট করছে? অর্নব পাজিটা? কে কে? এখন তার সত্তার চরাচরে ব্যাপ্ত আর্তচিৎকার মাধ্যাকর্ষণ ভেদ করে উঠে যাচ্ছে… যাচ্ছে… আরও উপরে।
