আফসান চৌধুরীর গল্প: ফুটফুইট্টা
সন্ধ্যা হনের লগে লগে দরজায় কেউ খট খটায়। তার ইচ্চা করে না উইঠা দরজা খুলতে। শুইয়া শুইয়া কয়, 'জোরে ধাক্কা দ্যান, ছিটকিনিটা পইড়া যাইবো'। দরজা খুইলা লোকটা ঘরে আইয়া বয়। বিষ্টিতে গা ভিজা গ্যাছে, গাল-গা থন মাটিতে পানি পড়ে। লোকটা গা করে না। জিগায়, 'ম্যাচের কাটি হইবো?' তারপর নিজেই খুইজা লয়।
'তোমারে কইছিলাম কাইত্তোনের আগে দিয়া আমু, তাই আইচি। তইয়ার আছো?' বিছানায় শুইয়া শুইয়া লোকটা কথাগুলো শুনে, বেশিকিছু কয় না। হেরপর জিগায় 'আমি মরতাছি কবে?'। 'সে খবর শুইনা কী করবা? যাওনের টাইম অইছে যাইবা'।
'তোমাগো এইহানে তামাক খাইতে ভালা লাগে। উপরে তামাক তো এইহানতনেই যায়। তয়কিনা এই মাটিতে আলাদা স্বাদ পাই।'
'তোমারে কইছিলাম লোকজনের খবর লইতে। আমার তো কেউ নাইক্কা, আমি একটা কাজের বেটির পুত। কে আছে কে নাই কইতে পারুম না। উপরে গিয়া কী সারাদিন তাশ পিডামু আর সিগরেট খামু?'
লোকটা সিগরেট খায় শান্তি কইরা। 'এইহানে তো সংসার করো নাই, উপরে গিয়া কইরো। কত মাইনসে করে। ঝুট-ঝামেলা কম, নেওনের-দেওনের কাজকাম নাই। সবাই টাইনা চলে। অনেক সংসারী মাইয়া পাইবা। আমি দেইখা রাখছি, খুঁইজা দিমু।'
'দূর, ওইসব কি করমু… যুদ্ধের মানুষ নাই? আমগো সাতে গেছিলো, হেগো পাওন যাইবো না?'
'হেই লোকেরা তো আছেই। যারা মরছে কবর পাই নাই, হেরাও ভাইসা ভাইসা উপরে গেছে। হেরা আছে…খলখলায়। খারাপ লাগবো না তোমার। চিন-পরিচিত মানুষ পাইবা। গায়ে তো ফুটা-ফাটা থাহে না উপরে।'
'একটা ১২-১৩ বছরের পোলা আছিল…। আমগো লাইগা ভাত আনতে মাঠ ধইরা লর পাড়ছিল। দূরথন গুলি খাইয়া খতম। এক গুলি…আহারে…হে আছে?
'ওর নাম সাইদ। হ আছে। এহন তো জোয়ান পোলা অইছে হে। বিয়া করচে, বাচ্ছাও হইচে একটা, ফুটফুইট্টা।'
'হাচা?' হের মুখ হাসিতে রঙচঙায়। 'কী নাম রাখছে ছাওয়ালের?'
'হেইডা কইতে পারি না। তুমি জিগায় লইয়ো দেহা হইলে।'
লোকটা বিছানথন উইঠা পানি চড়ায়। চা বানাইয়া নিজে খায়, লোকটারে দেয়। হের মুনডা ভালা ভালা ঠ্যাহে।
'গুছাইলও মিয়া। পত আছে…। প্যাডেল মাইরা যাইতে হইবো। আমি কাইত্তোনের নামা দেহি। কী বিরাট দিঘি বানাইছে। পানির খ্যালন দেকতে বড় বালা লাগে।
