রেডক্লিফ লাইন
সেবার পুজোর কয়েকদিন আগে শুভাশিস আমাকে বেশ অধিকারের সঙ্গে বলল, এবার কিন্তু তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে; আর না বলা চলবে না।
ফোনে আমার কানে আসে শুভাশিসের আবেগভরা কণ্ঠ; আমি অবাক হই ওর আন্তরিকতা প্রকাশে।
পরকে আপন করে নেয়ার শুভাশিসের এই ক্ষমতাটি আমার নজর কাড়ে; ওঁর এই গুণটি স্বতঃস্ফূর্ত এবং বলতে গেলে বিস্ময়করও। আমার ধারণা, স্বচ্ছ-মনের মানুষ ছাড়া এমন গুণের অধিকারী হওয়া যায় না।
আমি আরেকজনের মধ্যে কেবল এই গুণটি দেখেছিলাম। তিনি আমার প্রয়াত বাবা; তাঁকে সবসময় মানুষ নিয়ে ব্যস্ত থাকতে দেখতাম; আপন-পর ভেদজ্ঞান ছিল না তাঁর। অথচ আমার চরিত্রে এই বৈশিষ্ট্যটি সম্পূর্ণরূপে অনুপস্থিত; অবশ্য এজন্য আমার কোনো অনুতাপ নেই।
কারো প্রস্তাব বা আমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করতে পারি না; আমার ভদ্রতাবোধে কোথায় যেন আটকায়। এজন্য নিকটজনের মন্দ কথা ছোটবেলা থেকে আমাকে শুনতে হয়েছে; চেষ্টা করেও নিজেকে সংশোধন করতে পারিনি; কিংবা আমি নিজে এই অভ্যাস পাল্টাতে চাইনি। এটিও হয়ত আমার সহজাত প্রবৃত্তি। তবে বিয়ের পর স্ত্রীকে সময় দেয়ার কথা ভেবে অজুহাত দেখিয়ে কেটে পড়ার একটা অভ্যেস তৈরি করেছি কেবল; ফলে বন্ধুসংখ্যা কমে গেছে জ্যামিতিক হারে। তখন তো ঝাড়া হাত-পা; যেখানে রাত সেখানে কাত—এমন অবস্থা!
অনেকটা সান্ত¡নার সুরে শুভাশিসকে বললাম—ঠিক আছে, আসব।
অবোধ শিশুর মতো ও আশ্বস্ত হয়; আমি এ প্রান্ত থেকে ওর উৎফুল্ল মুখচ্ছবি টের পাই।
কৌতূহলী পাঠকের মনে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঁকি দিতে পারে; দেয়াটা স্বাভাবিক। আমি একজন লেখক; তবু লিখি না বলে লেখার চেষ্টা করি বলাটা আমার জন্য স্বস্তিদায়ক। প্রতিভা যৎসামান্য; কেবল পরিশ্রম, সাহিত্যপ্রেম ও ইতিহাসে আগ্রহের ওপর ভর করে সাহিত্যজগতে টিকে আছি। এদিকে আবার সিরিয়াস ধারার লেখক বলে জনপ্রিয়তা নেই বললে চলে; পাঠকসংখ্যা নিতান্তই কম। পাঠকপ্রিয়তা প্রসঙ্গে মনে পড়ে নাট্যাচার্য সেলিম আল দীনের কথা; তিনি বেশ আফসোস করে একবার বলেছিলেন, বইমেলায় আমার সামনে আমার বইটি কিছুক্ষণ নাড়াচাড়া করে এক পাঠক জনপ্রিয় লেখকের বই কিনে চলে গেলেন। বুঝতে পেরেছি, তিনি দুঃখ পেয়েছিলেন এদেশের পাঠকের রুচিবোধ দেখে।
কোনো অজ্ঞাত কারণে আমি পাঠক নিয়ে ভাবি না। আমার নেশা ও পেশা লেখা; লেখা ছাড়া থাকতে পারি না বলে লিখে চলি প্রতিনিয়ত। কখনো গল্প কখনো উপন্যাস। পত্রপত্রিকায় লিখে ও ফেসবুকের সুবাদে আমার যে অল্প কিছু ভক্ত জুটেছে শুভাশিস তাঁদের অন্যতম। ও আমার মুগ্ধ পাঠক; এই হিসেবে আমাদের মধ্যে লেখক-পাঠক সম্পর্ক।
সেই বছর একুশে বইমেলা থেকে শুধু আমার উপন্যাসটি নিবে ও আমার সঙ্গে একবার দেখা করবে বলে শুভাশিস ঢাকায় এসেছিল; আমার লেখা বা লেখার ধারার এমনই অনুরাগী ও। তখনও ওদের বাড়িতে যাওয়ার জন্য বেশ পীড়াপীড়ি করেছিল; দেখিয়েছিল সুন্দরবনে ঘুরানোর লোভও।
সবসময় ও আমাকে বলে আসছিল, ওদের গ্রামে গেলে আমি লেখার কিছু রসদ পেয়ে যাব। আমার যে উপন্যাসটি আলোচিত হয়েছিল সেটি ছিল ঐতিহাসিক ঘটনানির্ভর। ওই উপন্যাসের জন্য আমি মৌলবাদীদের রোষানলে পড়েছিলাম; ফেসবুকের ইনবক্সে ও অপরিচিত মোবাইল নম্বর থেকে হুমকিও দেয়া হয়েছিল কয়েকবার। জীবননাশের আশংকায় থানায় জিডিও করেছিলাম। ত্রয়োদশ শতকের গোড়ায় বিভিন্ন প্রেক্ষিতে বাংলায় যে ব্যাপক হারে ধর্মান্তরের ঘটনা ঘটে তা ছিল উপন্যাসটির উপজীব্য; ঘটনা বিশ্লেষণ ও উপস্থাপনে আমার নিরপেক্ষতা বোদ্ধা পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছিল।
ব্যক্তিগত জীবনে কোনো মানুষই দোষ-ত্রুটির ঊর্ধ্বে নয়, আমিও নই। নির্দিষ্ট কোনো মতবাদে বিশ্বাস না থাকায় সাহিত্যে আপোসহীনতার ব্যাপারে আমি অঙ্গীকারাবদ্ধ। সৎ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির জন্য কিংবা অন্য যেকোনো কারণে হোক, বইটি পেয়েছিল বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার; এমনকি অনূদিত হয়েছিল ইংরেজি ও ফরাসি ভাষায়ও। ইতিহাসে আমার এই আগ্রহের কারণে শুভাশিস আমাকে এভাবে আহবান করত।
যাব যাব বলেও এতদিন ওদের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। এজন্য কিছুটা অপরাধবোধও ছিল।
২.
সেদিন ছিল মহানবমী। রওনা হয়ে পড়ি খুব সকালে; তিনদিনের জন্য। আমি একা নই, আমার আরও দুজন বন্ধু সঙ্গে জুটে যায়। শুভ্র জ্যোৎস্নার সরোবরে অবগাহন করার ইচ্ছা জাগে সবার মনে; জাগিয়ে তুলি আমি। আমি বরাবরই গ্রাম ও জ্যোৎস্না ভালোবাসি; বিশেষ করে শরতের মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশের চরাচর-ভাসানো পূর্ণিমা; নিঝুম সন্ধ্যায় জোনাকিদের মিটিমিটি জ্বলা; নদীর ধার; কাশবন; পুজো পুজো গন্ধ—কেমন যেন নেশার ঘোরে ঠেলে দেয় আমাকে! এমন মুহূর্তগুলোতে কৈশোরের ভাবনাহীন দিনগুলোতে ফিরে যাই আমি।
আমি পাড়াগাঁয়ের ছেলে; স্কুলজীবন কেটেছে গ্রামে; তারপর থেকে নগরজীবনে বন্দী। স্মৃতির মণিকোঠায় সেই ফেলে আসা নানা রঙের দিনগুলো জাগরুক সর্বদা। শরৎ হেমন্ত শীত বসন্ত সময়টা যাই হোক না কেন, চাঁদনী রাতে প্রায় আমরা হারিয়ে যেতাম। অজানাতে। কয়েকজন বন্ধু মিলে। নদীর কোল ঘেঁষে হাঁটতাম। কখনো বসে থাকতাম নিশ্চুপ। কখনো ভাসতাম নৌকায়।
মানিক নামের এক বন্ধু বাঁশি বাজাত; তার বাঁশির সুরে আমরা তন্ময় হয়ে যেতাম। মনে পড়ে, এক বসন্তে মানিক একরকম নিস্তব্ধ ছিল। কারো সঙ্গে কথা বলত না। অন্য বন্ধুরা রটিয়ে দিল যে, তার বাঁশির সুরে পূর্ণিমার রাতে আসমানের পরি নেমে এসেছিল, সেই পরি তার হৃদয় হরণ করে চলে যাওয়ার কারণেই মন খারাপ। কে দেখেছে পরির সঙ্গে তার এই প্রণয়লীলা? দেখেছে আরেক বন্ধু সুজন।
কখনো গান গাইতাম। প্রাণ উজাড় করে। প্রকৃতির নীরবতা ও নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে ডুব দিতাম। আনন্দের সীমা থাকত না। কত সুন্দর ছিল সেইসব দিন! এসব হৃদয়কাড়া কল্পকাহিনি শুনে শহুরে বন্ধুদের মধ্যে এই ভ্রমণের ব্যাপারে উৎসাহ উপচে পড়ে; তাঁদের কাছে আমার এমন কথাগুলো যেন রূপকথার গল্প।
এখানে পুজোর প্রধান আকর্ষণ বিজয়া দশমীতে প্রতিমা-বিসর্জন। অন্যান্য স্থানের চেয়ে এখানকার বিসর্জন-পর্বের আলাদা তাৎপর্য আছে; বিশেষ করে ইছামতির উভয়পাড়ের মানুষের কাছে। পত্রপত্রিকায় পড়ে এবং শুভাশীষের কাছে শুনে আমার ভেতর বেশ আগে আগ্রহ জেগেছিল। অনেকদিন ভেবেছি, ইছামতি নদীতে দুই বাংলার মানুষের সম্মিলিত ঠাকুর বিসজর্নের নয়নাভিরাম দৃশ্য দেখব।
ঠাকুর-বিসর্জন দেখা উপলক্ষ মাত্র; আমাকে তার চেয়ে বেশি টেনেছে ওদের গ্রাম—ছায়াবীথি; নামটার মধ্যে কেমন যেন মাদকতা আছে। গ্রামটি দ্বিখণ্ডিত—পূর্ব ছায়াবীথি আর পশ্চিম ছায়াবীথি। গ্রামটির দক্ষিণপ্রান্ত মিশেছে ইছামতিতে যেখানে নদীর জলে একাকার হয়ে আছে রেডক্লিফ লাইন।
বিজয়া দশমী, ছায়াবীথি আর ইছামতি অভিন্ন সুতোয় গাঁথা। এইদিন প্রতিমা বিসর্জনের পর্বটি ভারত-বাংলাদেশ সীমান্তের এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনী। উভয় দেশের পতাকাবাহী নৌকা থেকে প্রতিমা বিসর্জনের দৃশ্য দৃষ্টিনন্দন ও উপভোগ্য। উচ্ছ্বসিত মানুষের প্রাণ-প্রাচুর্যে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। ইছামতির বুকে। যতদূর চোখ যায় কেবল নৌকা আর নৌকা। বিভিন্ন আকৃতির নৌকা। রঙ বেরঙের নৌকা।
দশমীর দিনে ইছামতি নদীতে ঠাকুর বিসর্জনের সময় দুইপাড়ের সীমারেখা ঘুচে যায়। উন্মুক্ত সীমান্তে উভয় পাড়ের বাঙালি এক অনাবিল আনন্দে মেতে ওঠে তখন। মিলনের আনন্দ; স্বজনের সঙ্গে দেখা হওয়ার উদ্দীপনা। অনেকে আবেগতাড়িত হয়ে পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদে; ফেলে আসা দিনের গল্প করে।
খেটে খাওয়া কৃষক ও শ্রমজীবী মানুষের পক্ষেতো পাসপোর্ট-ভিসা করে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করা সম্ভব নয়। তাই বছরের এই দিনটির জন্য দুই পাড়ের মানুষ অপেক্ষায় থাকে। অবশ্য ঈদের দিনও সীমান্তপ্রহরীরা কিছুটা শিথিলতা প্রদর্শন করে।
রেডক্লিফ সাহেবের পেন্সিলের আঁচড়ে বাংলাভাগের সময় ছায়াবীথিও ভাগ হয়েছিল। বর্ধিষ্ণু গ্রামটির দুই অংশ এখন দুই দেশের অন্তর্গত। শুভাশিসের মুখে শুনলেও নিজ চোখে বিভক্ত গ্রামটি দেখার জন্য আমার খুব ইচ্ছে ছিল। আপনারা হয়ত বলবেন যে, এটা এমন কোনো অবাক করার মতো বিষয় নয়; কেননা বাংলার অনেক গ্রাম দেশভাগের শিকার হয়েছিল। আমি আপনাদের সঙ্গে দ্বিমত করব না; আর ছায়াবীথি-ভাগের গল্প বলার জন্যও আমি কলম ধরিনি।
বাংলার অন্যান্য অঞ্চলের ন্যায় ছায়াবীথি বা তার আশেপাশের কোনো গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গার মতো অনভিপ্রেত কোনও ঘটনা তখন ঘটেনি; এলাকাবাসীর কল্পনায়ও এসব ছিল না। হিন্দু-মুসলমানের শান্তিপূর্ণ সহাবস্থান অঞ্চলটিকে করে রেখেছিল শান্তির নীড়। অথচ ১৯৪৭ সালের ১৭ আগস্ট রাতে ইছামতির পাড়ে লোকচক্ষুর অন্তরালে ঘটে দুটি নির্মম হত্যাকাণ্ড। পরবর্তীতে ওই ঘটনাকে ঘিরে গড়ে ওঠে বিভিন্ন রকম মিথ যা ওই অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে।
বিশেষত বিজয়া দশমীর সময় কাহিনিটি ঘুরেফিরে আসে; যেন কিংবদন্তি! দূর-দূরান্তের বহু মানুষ তখন ইছামতির তীরে জড়ো হয়; ছায়াবীথি হয়ে ওঠে তখন দেশভাগ পূর্বেকার অখ- গ্রাম। আগত অতিথিদের কাছেই মূলত ছায়াবীথির লোকজন ওই গল্পটি সগর্বে করে। কাঁটাতারের সীমানাপ্রাচীর সেই গল্প একটুও বিবর্ণ করতে পারেনি।
গল্পের কেন্দ্র পাশাপাশি স্থাপিত একটি সমাধি ও একটি কবর। দুটিরই অবস্থান নোম্যান্সল্যান্ড; যেখানে ভিন্ন ধর্মাবলম্বী দুই বন্ধু চিরনিদ্রায় শায়িত। দুইপ্রান্তের দুটি সাইনবোর্ডে লেখা আছে তাঁদের সম্পর্কে অভিন্ন কিছু কথা; নাম, জন্ম ও মৃত্যু। দুজনের জন্ম ও মৃত্যুদিবস একই তারিখে দেখে অবাক হলাম। পথচলতি পথিককে দাঁড়াতে হয়; সাইনবোর্ডে চোখ চলে যায় অনায়াসে; ছায়াবীথির দুই অংশ থেকে তা দেখা যায়।
অন্যদিকে ফলকে খোদাই করা আছে দুই বন্ধুর কিছু বাণী যা তাঁদের ডায়েরিতে পাওয়া গিয়েছিল। বাণীগুলো পড়ে বুঝলাম, তাঁরা ছিলেন মানবতাবাদী ও ইহজাগতিক। একই সঙ্গে বিদ্বানও।
সর্বশীর্ষে খোদিত।—এখানে চিরনিদ্রায় শায়িত দুই বন্ধু বিপ্লব সরকার ও মুহাম্মদ মুস্তাফা। শান্তির ছায়াবীথিতে সাম্প্রদায়িক দাঙ্গার বলি; মানবদরদী দুই অভিন্ন হৃদয়।
প্রতিমা-বিসর্জন পর্ব শেষে আমরা ফলকের লেখাগুলো পড়ছিলাম। এমন সময় শুভাশিস আমাকে পরিচয় করিয়ে দেয় তাঁর প্রতিবেশী রুহুল আমিন মাস্টারের সঙ্গে; যিনি ওদের হাই স্কুলের শিক্ষক। আমার কৌতূহল দেখে তিনি বললেন, আমাদের গ্রামটি ছিল সম্প্রীতির অনন্য নিদর্শন; আর এই দুই মহৎ বন্ধু তার প্রমাণ। অথচ কোথা থেকে যে কী হয়ে গেল!
আপনি কি তাঁদের দেখেছিলেন? বিস্ময়ে প্রশ্ন করি আমি।
গল্পপ্রিয় মানুষটি গল্প জুড়ে দেন মুহূর্তে।—তখন তো আমার জন্মই হয়নি; তবে আমার বাবার মুখে তাঁদের সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম। বাবা ছিলেন তাঁদের কাছাকাছি বয়সী; বন্ধুও বলা যায়; তিনি স্বচক্ষে সব দেখেছিলেন। বাবার মুখে সেই ভয়ংকর হত্যাকাণ্ডের গল্প শুনে আমি ভয়ে কেঁপে উঠেছিলাম। মানুষ এমন নিষ্ঠুর হতে পারে!
আপনার বাবা কী করতেন?
স্কুল মাস্টার ছিলেন; লেখালেখিও করতেন; কয়েকটি কবিতা ও প্রবন্ধের বই প্রকাশ করেছিলেন। আমার সংবেদনশীল বাবা ভীষণ কষ্ট পেয়েছিলেন তখন। তিনি বলতেন, ধর্ম কখনো জাতীয়তা নির্মাণ করতে পারে না; জাতীয়তা ভাষার ব্যাপার। ধর্মের ভিত্তিতে দেশভাগ তিনি কখনো মানতে পারেননি; তিনি ছিলেন বাংলাভাগের ঘোরবিরোধী। অখণ্ড বাংলার সমর্থক। পাকিস্তানকে সমর্থন করেন না বলেই মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিল। হিন্দু-মুসলমাননির্বিশেষে সবাইকে তিনি মানুষ হিসেবে দেখতেন; মানুষে মানুষে কখনো ভেদাভেদ করতেন না। ছায়াবীথির অন্যান্য যুবকদের মতো ওই দুইজনের প্রভাব বাবার ওপরও পড়েছিল। সত্যি বলতে কী, আমি তাঁর কাছে পেয়েছি অসাম্প্রদায়িকতার দীক্ষা।
আপনার বাবা তো তাহলে অনেক বড় মাপের মানুষ ছিলেন!
তা বলা যায়। আমার কাছে তিনি ছিলেন ঈশ^রতুল্য! সত্যি বলতে কী, তাঁর বুকে বেশি বেজেছিল কলকাতা শহর হারানোর বিষয়টি। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়তেন। শুধু শিক্ষার আলো বিলাবেন বলে পড়াশোনা শেষে চলে এসেছিলেন গ্রামে। তবু কলকাতার প্রতি ছিল তাঁর অমোঘ আকর্র্ষণ। কাউকে পেলে জুড়ে দিতেন কলকাতার গল্প; প্রায় বলতেন, যে বাঙালি শহর কলকাতা দেখেনি সে এখনও মাতৃগর্ভে আছে! পৃথিবীর মুখ সে দেখেনি!
আরও বলতেন, কলকাতা ছাড়া বাঙালির আর আছে কী! শ্রেষ্ঠ বাঙালিরা সবাই তো রয়ে গেল ওপারে। স্কুলে পড়াকালীন আমাকে একবার ঘুরিয়ে এনেছিলেন তাঁর প্রিয় শহরটি থেকে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে নিয়ে বলেছিলেন, তিনি একবার এখানে এসে রবীন্দ্রনাথের পদধূলি নিয়েছিলেন। সাক্ষাত দেবদূত! এমন জ্যোতির্ময় পুরুষ বাবা না কি কখনো দেখেননি! রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হওয়ার গল্পটি যে তিনি কতবার কতজনের কাছে করেছিলেন, তার ইয়ত্তা নেই। রবীন্দ্রনাথই ছিলেন তাঁর সাহিত্যসৃষ্টির প্রেরণা। রবীন্দ্রনাথের গান-কবিতা-গল্পে সবসময় বুঁদ হয়ে থাকতেন তিনি।
ওই প্রসঙ্গে না গিয়ে দুই বন্ধুর বিষয়ে আবার জানতে চাইলাম।
রুহুল আমিন স্যার বললেন, জ্ঞান হওয়ার পর বুঝতে পারলাম যা শুনেছি তাতে অনেক কল্পনার মিশেল আছে; তবে সবই বিশ্বাসযোগ্য।
৩.
বিপ্লব বসাক ও মুহাম্মদ মুস্তাফা ছিলেন প্রতিবেশী; দুজনের সম্পর্ককে বন্ধুত্ব বললে কম বলা হবে; একটি শব্দ এখানে প্রযোজ্য হতে পারে, তা হলো হরিহর আত্মা। দুজনের শৈশব, কৈশোর ও যৌবন অর্থাৎ ধরতে গেলে ৪০ বছরের পুরো জীবন কেটেছিল একসঙ্গে; এমনকি শিক্ষাকালও। দুজনের বাড়ির মাঝখানে ছিল শুধু বিশাল এক খ- ধানের জমি; এপার থেকে ডাকলে ওপারে শোনা যায়। একজনের ডাকে অন্যজন নাওয়া-খাওয়া ছেড়ে ছুটে আসত।
তাঁদের জীবনের উদ্দেশ্যও ছিল অভিন্ন। মুস্তাফার চাচা কমরেড মোজাম্মেল হকের প্রভাবে তাঁরা স্কুল জীবনে নিয়েছিলেন মার্কস্বাদে দীক্ষা; সমাজ-পরিবর্তনের বিপ্লবী মন্ত্রে হয়েছিলেন দীক্ষিত। ধর্মকে সমাজ ও জীবনের অপরিহার্য অংশ বলে মনে করতেন না তাঁরা; বামপন্থী চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে জীবনপণ করেছিলেন মানুষের মুক্তি ও স্বদেশের স্বাধীনতার জন্য। পরাধীনতা থেকে দেশকে মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ দুই বন্ধু কখনো নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভাবার সময় পাননি।
গ্রামের মানুষ বিপদে-আপদে ছুটে যেত তাঁদের কাছে। তাঁরাও এগিয়ে আসতেন—সেটা সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত যখনই হোক না কেন! কোথায় কার ছেলেমেয়ে জটিল কোনো অসুখে ভুগছে, কোন বাচ্চা পানিতে ডুবে মরছে, কার মেয়ে বা গৃহবধূ জীবনবিমুখ হয়ে গলায় ফাঁস দিয়েও না মরে বেঁচে গেছে, কোন মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে—সব খবর তাঁরা রাখতেন। আশেপাশের গ্রামের মানুষের সুখে-দুঃখেও তাঁরা পাশে থাকতেন; সাড়া দিতেন সবার ডাকে। এমন ত্যাগী মানুষ আমাদের জনপদে কেউ কখনো দেখেনি। অনেকে ভাবত, এরা কি আসলে মানুষ! মানবকল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ দু'টি হয়ে উঠেছিলেন সন্তের মতো; চারপাশের হিন্দু-মুসলিম সবার কাছে।
একটু থেমে রুহুল আমিন স্যার আবার বলতে শুরু করেন।—তাঁদের কথা বলতে গেলে শ্রেষ্ঠার প্রসঙ্গ আসবেই; শ্রেষ্ঠার নামটাও যে জড়িত তাঁদের পাশে।
কেন? শ্রেষ্ঠা কে? তাঁদের সঙ্গে সম্পর্কটাই বা কী?
ছায়াবীথিরই মেয়ে শ্রেষ্ঠা মিত্র; সাহসী মেয়েটির আদর্শ ছিল অগ্নিকন্যা প্রীতিলতা। প্রীতিলতা ও সূর্যসেনের আত্মদানের গল্প তাঁদের কাছে শুনতে শুনতে শ্রেষ্ঠার ভেতর গড়ে ওঠে স্বাধীন দেশের স্বপ্ন। দেশমাতৃকাকে শৃঙ্খলমুক্ত করার প্রত্যয়ে তিনি বিসর্জন দেন অন্য দশটি মেয়ের মতো সংসার গড়ার সাধ; এঁদের দুজনকে গুরু মেনে কণ্টকাকীর্ণ এই পথের সাথি হন তিনি। কিন্তু মানুষজন ভাবত অন্য কিছু; কেউ কেউ বলত এটা শ্রেষ্ঠার চরিত্রের দোষ।
সবার অজান্তে তিনি চালিয়ে যেতে লাগলেন স্বদেশী কর্মকা- ; কারো কোনো কথা কানে না নিয়ে।
হঠাৎ শ্রেষ্ঠা নিখোঁজ। তার কয়েকদিন পর খবর আসে ইংরেজ ম্যাজিস্ট্রেটকে মারতে গিয়ে উত্তরবঙ্গে ধরা পড়েন তিনি; ফাঁসি হয়ে যায়। ছায়াবীথি জুড়ে নামে শোকের ছায়া। তখন শ্রেষ্ঠার বয়স কত? বড়জোড় ২০; পড়তেন কলকাতা বেথুন কলেজে। শ্রেষ্ঠার এই আত্মদান এলাকাবাসী গর্বভরে স্মরণ করে। সমগ্র জেলার মানুষ এই তিনজনকে নিয়ে আজো অহংকারবোধ করে; এলাকার গুণীজন বা সূর্যসন্তান হিসেবে। শুনেছি কলকাতায় শ্রেষ্ঠা মিত্রের নামে একটি রাস্তার নামকরণও হয়েছে।
মনে মনে শ্রেষ্ঠাকে ভালোবেসেছিলেন তাঁরা দুজনে; তবে কেউ কোনওদিন মুখ ফুটে বলতে পারেননি তা। শ্রেষ্ঠার আত্মোৎসর্গ তাঁদের জীবনযাপনে নিয়ে আসে পরিবর্তন; নিজেদের আরো বেশি ব্যাপৃত রাখতে শুরু করেন দেশের স্বাধীনতার জন্য। আগে চাই স্বাধীনতা—স্বদেশী আন্দোলনের এই শ্লোগানে উজ্জীবিত দুই বন্ধু জেলও খেটেছিলেন পাঁচ বছর। শুনেছি, অন্যান্য বিপ্লবীদের সঙ্গে তাঁদেরও নির্বাসনে পাঠানো হয়েছিল আন্দামান দ্বীপে।
বিস্ময়াভিভূত আমি প্রশ্ন করলাম, তারপর কী হয়েছিল?
জেল থেকে ফেরার পরপর দুজনকে অনেকটা জোর করে বিয়ে দেন তাঁদের মা-বাবারা। বিপ্লবের বাবা শিবচরণ বসাক আর মুস্তাফার বাবা আব্দুল্লাহও ছিলেন বন্ধু; বিপ্লবের মা পার্বতী আর মুস্তাফার মা আমিনাও ছিলেন খুবই ঘনিষ্ঠ। মা-বাবারা চেয়েছিলেন অন্য দশটা ছেলের মতো বিয়ের মাধ্যমে তাঁদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে; কিন্তু রক্তে যাঁদের আগুন তা কি নিভে কখনো! বরং স্ত্রীরাও তাঁদের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন; দুই পরিবারের এই আন্তরিকতা গড়ায় তাঁদের স্ত্রীদের বেলায়ও; বিপ্লবের স্ত্রী নন্দিনী এবং মুস্তাফার স্ত্রী খাদিজার মধ্যেও খুব অল্প সময়ে হৃদ্যতা গড়ে ওঠে।
কাছাকাছি সময়ে জন্মায় বিপ্লবের ছেলে স্বাধীন ও মুস্তাফার মেয়ে মুক্তি; বাচ্চাদের মধ্যেই তাঁরা নিজেদের আরাধ্য জিনিস খুঁজেছিল। বন্ধুত্ব গড়ে ওঠে বাচ্চা দু'টির মধ্যেও। বড় হলে ছেলেমেয়ের বিয়ের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধও হন দুই বন্ধু।
এক পরিবারের উৎসব-পার্বণ অন্য পরিবারের উপস্থিতি ছাড়া ছিল অকল্পনীয়; ভিন্নধর্মী দু'টি পরিবারের এই আত্মীয়তার সম্পর্ক পুরো ছায়াবীথিজুড়ে মানুষের মুখে মুখে ছিল।
৪.
দেশ শিগ্গির স্বাধীন হবে—আনন্দে আত্মহারা দুই বন্ধু কয়েকদিন ধরে ঘুমাতে পারছিলেন না; মনে মনে কিছুটা ভয়ও কাজ করছিল। বিভিন্ন রকম সংবাদ শুনে। আকাশে বাতাসে তখন একটি খবর ভাসছিল—অতি সত্বর ইংরেজ ভারতবর্ষ ছেড়ে বিদায় নিচ্ছে; অবসান ঘটতে যাচ্ছে ২০০ বছরের পরাধীনতার।
যে আশংকা তাঁরা করেছিলেন, সেই খবরটি শুনে তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে—স্বাধীনতা আসছে, তবে দেশভাগের বিনিময়ে। বাংলার বুকে ছুরি চালিয়ে। ছুরিটি যেন তাঁদের বুকেই বিঁধেছিল। স্তব্ধ হয়ে যান তাঁরা। সবচেয়ে বড় আঘাত পান যখন জানতে পারেন যে, ছায়াবীথি দ্বিখ-িত হতে যাচ্ছে; আর তাঁদের দুই বাড়ির মাঝখানে যে মাঠটুকু আছে তার ওপর দিয়ে যাচ্ছে রেডক্লিফ লাইন।
৫.
কয়েকদিন ধরে কেমন যেন থমথমে ভাব। গাছের পাতা নড়ছে না; পাখিরা ডাকতে ভুলে গেছে। কিছু একটা ঘটবে—এমন শংকায় মানুষ নিশ^াস নিতে ভয় পাচ্ছে! গুজবে কান পাতা দায়। মানুষ ভেবে পাচ্ছিল না যে, কী করবে বা কী করা উচিত! অনেকে বাড়ি বদলের কথা আলাপ করছে; খুব গোপনে।
ছায়াবীথির পূর্বাংশ পড়ে পাকিস্তানে আর পশ্চিমাংশ ভারতে; অথচ পশ্চিমাংশ ছিল মুসলমান অধ্যুষিত আর পূর্বাংশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। শুরু হয়ে যায় বাড়ি বদলের হিড়িক।
প্রতিবেশীরা বিপ্লব ও মুস্তাফার বাবাকেও প্রলুব্ধ করে। অনিচ্ছা সত্ত্বেও দুই পরিবার সিদ্ধান্ত নিলো বাড়ি বিনিময়ের। এপার ওপার। সব বন্দোবস্ত হয়ে যায়।
৬.
পরদিন বাড়ি বদল হবে। পরিণতি কী হবে বা কোথায় ঠেকবে তা দুজনই ভেবে পাচ্ছিলেন না। চুপচাপ বসেছিলেন কেবল। সন্ধ্যাবেলা থেকে। ইছামতির তীরে। রাত অনেক হয়ে যাওয়ার পরও ঘরে না ফেরায় শিবচরণ ও আব্দুল্লাহ তাঁদের হারিকেনের মৃদু আলোয় খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে রাত শেষ হয়ে যায়।
ভোরের আলোয় নোম্যান্স ল্যান্ডে বিপ্লব ও মুস্তাফার দ্বিখ-িত লাশ দেখে শিবচরণ ও আব্দুল্লাহ বাক্রুদ্ধ।
