২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ বিশ্বাসের অনুগল্প: বনভূমি

প্রকাশ বিশ্বাস

Published : 31 Dec 2017, 01:18 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

বনভূমির ঠিক মধ্যিখানে অনেকগুলো আপেলগাছ হরেক রকমের গাছের সাথে মিলেমিশে দাঁড়িয়ে। সেখানে চোখবাঁধা অবস্থায় এই মাত্র একদল তীরন্দাজদের ধরে নিয়ে আসা হলো। তাদের বলা হলো তোমাদের সামনে ঐ যে বড় আপেলবৃক্ষ যা তোমরা দেখতে পাচ্ছোনা তাতে অসংখ্য লাল টুকটুকে পাকা আপেল ফল ঝুলে আছে। তোমরা প্রত্যেকেই তীর ছুঁড়ে সেগুলোকে ভূপাতিত করবে। আর তখন এক এক করে এই সব অন্ধ তীরন্দাজরা তাদের তীর ছুঁড়তে লাগলো। আর আশ্চর্য প্রত্যেক তীরের মাথাই সেগুলোকে বিদ্ধ করে নীচে ফেলে দিল এবং চারদিকের বাতাস মিষ্টি আপেলের গন্ধে দ্রবীভূত হয়ে গেল।

কিন্তু এদের মধ্যে একজন তীরন্দাজ ভাবলো কেন আমি চোখবাঁধা অবস্থায় তীর ছুঁড়বো আর কেন কিভাবেই বা এগুলো সঠিক নিশানায় পৌঁছবে। তাই সে সিদ্ধান্ত নিল চোখের বাঁধন খুলে ফেলবে। তাহলে তার কাছে সমস্ত ব্যাপরটাই চেখের আলোয় স্পষ্টভাবে ধরা পড়বে। তাই সে তার চোখের বাঁধন খুলে ফেলল। কিন্তু অবাককান্ড সে তার সামনে কোন প্রতিযোগী তীরন্দাজদের আর দেখতে পেলনা। এমনকি আপেলগাছের ছায়াও না।