২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিন রিন…ক্রিং ক্রিং…হুম হুম…শুনশান শুনশান

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 03 Dec 2017, 11:32 AM

Updated : 23 Jun 2022, 04:02 PM

রিন রিন
——

সাত তলায় অ্যাপার্টমেন্টে উঠেছি, উপরে ছাদ নেই, তাই অনেক সময় রোদে তেতে বেশ গরম হয়ে যায়। তাই একটু অস্বস্তি। আমার চলবে। জানালা দিয়ে বাড়ির উল্টো দিকের ছাদে থাকা পরিবারটিকে দেখা যায়। লোকটা বোধহয় বাড়িটার কেয়ারটেকার। একজন নারী কয়েকটা কাপড় টাঙিয়ে, তাবু বানিয়ে তার নিচে বসে রান্না করে। ছেলেটা খালি গায়ে ছাদের ওপর দৌঁড়ে দৌঁড়ে খেলে। বাড়িতে একটাই জানালা।

দরজা বন্ধ করতে গিয়ে আওয়াজ পাই…রিন রিন…। একটু হালকা, কিন্তু নিশ্চিত। মাঝে মাঝে দরজা বন্ধ করি, শুনতে পাই। বোঝার আগেই আওয়াজটা মিলিয়ে যায়।

ক্রিং ক্রিং
——-
একা থাকি, নিজে রান্না করি। পাশের বাড়িটা উঠছে, কেউ থাকে না…তেলাপিয়া মাছ ভাজতে গিয়ে হঠাৎ ফোনটা বাজছে শুনলাম। ইচ্ছা হলো না গিয়ে ধরতে, যদি মাছটা পোড়া যায়। কাজ সেড়ে গিয়ে দেখলাম, কোনো মিসকল নেই।

ফেসবুক করে আধাঘণ্টা পরে খেতে বসে আবার ক্রিং ক্রিং শুনলাম। হ্যালো, কোনো নম্বর উঠলো না, কোনো কণ্ঠস্বর নেই…কিছুই না।

হুম হুম
——-
দুইটা বেডরুম। একটায় আমি থাকি, অন্যটায় কেউ না। বাড়তি…বাক্স, প্যাকেট, সুটকেছে ভরা…শুতে গিয়ে কণ্ঠস্বর শুনতে পাই…পুরোটা বোঝা যায় না, কারা যেন কথা বলে, মুখ চেপে হাসে। কয়েকজনের মধ্যে একটি কণ্ঠস্বর নারীর মনে হয়। মনের ভুল ভেবে পাত্তা দেইনা। কিন্তু চলতেই থাকে, একটু বেশি অস্ফুট। কিছুক্ষণের চেয়ে বেশিক্ষণ ধরে কথা চলে। কয়েকবার শুনতে পেয়ে ওই ঘরে গেছি, কেউ নেই, তেমনি ঘর পরে আছে…নীরব।

শুনশান শুনশান
———–
তালুকদার সাহেবের হাতে প্রায় বছর তিনেক পর বেশ কিছু বাড়তি টাকা এসেছে, তার মনটা খুব খুশি। স্ত্রীকে জানালেন, 'আর চিন্তা নেই, এবার সাত তলাটা বানিয়ে ফেলব। ছাদটা এমনি পরে আছে, ছেলে বিদেশ থেকে ছুটিতে আসলে থাকতে পারবে।'