২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল মান্নান সৈয়দের অনন্যতা

mohammad_harunurrashid

Published : 05 Sep 2015, 09:59 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

Image
a-m-syed.jpg

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি সকাল। আমার হাতে এক গোছা অর্কিড। হঠাৎ মান্নাান এলো আমার ঘরে। ফুল দেখে সে উল্লসিত। এত সুন্দর ফুল। কোথায় পেলেন। বললাম সামনের রাস্তার পাশে একটা দোকান থেকে কিনেছি। আমিও কিনবো। হারুন ভাই আমাকে নিয়ে চলুন।
মান্নান তিন গোছা ফুল কিনলো। তিন গোছার এক গোছা আমার হাতে দিয়ে বললো, হারুন ভাই এটা আপনার জন্য। আর এ দুটো রানু আর জিনানের জন্য।
আবদুল মান্নান মৈয়দ তখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্কলার ইন রেসিডেন্স। তার নিজস্ব শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কাজ করে। সময় পেলেই আমার ঘরে চলে আসে। গল্প করে। হো হো করে প্রাণখোলা হাসি হাসে।
এ বিশ্ববিদ্যালয় তাকে যে সম্মান দিয়েছে তা ছিলো তার আশাতীত। তাকে প্রফেসর-এর মর্যাদায় স্কলার ইন রেসিডেন্স করা হয়েছে। এটা নিয়ে তার গর্বের অন্ত নাই। ওর সারাজীবনের একটা অভিমান যেন মিটে গেছে।
মান্নান চুক্তি মোতাবেক নজরুলের উপর তিনটে উন্মুক্ত বক্তৃতা দিয়েছিলো। পরে এ তিনটে বক্তৃতা দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি বই প্রকাশ করে। নাম কাজী নজরুল ইসলাম : তিন অধ্যায়। বলাবাহুল্য এ বক্তৃতাগুলো নজরুল জীবনের এমন কতগুলো দিক উন্মোচিত করেছে যা ইতিপূর্রে আমরা কোথায় পাইনি।
আজ মান্নান আমাদের মধ্যে নাই। ২০১০ সালের ৫ সেপ্টেম্বর লোকান্তরিত। ওর মৃত্যতে আমাদের কাব্য এবং গবেষণার অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। মাত্র ২৮ বছর বয়সে জীবনানন্দকে তিনি তুলে আনেন মহত্ত্বের মর্যাদায় তার প্রকাশিত শুদ্ধতম কবি গ্রন্থের মাধ্যমে। এ পর্যন্ত জীবনানন্দীয় গবেষণায় তাকে কেউ অতিক্রম করতে পারেননি।
মান্নান ষাটের দশককে চমকে দিয়েছিলেন তার জন্মান্ধ কবিতাগুচ্ছ-এর মাধ্যমে। এ কবিতা কি, কি এর স্বরূপ তা বুঝে ওঠার আগেই বের করলেন জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা। সেটাও একই রকম দুর্বোধ্য। সবচেয়ে মজার কথা হলো ষাটের দশকের কবিকুল যখন দেশপ্রেম, প্রতিবাদ, দ্রোহের কবিতা লিখে জনপ্রিয়তার তুঙ্গে, মান্নান তখন জনপ্রিয়তা সম্পর্কে উদাসীন। তিনি জানতেন তিনি এমন একটা কিছু সৃষ্টি করছেন যার স্বাদ পাঠক ইতিপূর্বে পায়নি। এ দুটি বইই বের হয়েছে ষাটের দশকে। অথচ এর মধ্যে চলতি ঘটনাবলির, উত্তাল ঐতিহাসিক মুহূর্তটির একটি শব্দও লিপিবদ্ধ হয়নি।
গবেষণায় তিনি জীবনানন্দ ছাড়াও কাজী নজরুল ইসলামের উপর অসাধারণ কাজ করেছেন। উনবিংশ ও বিংশ শতাব্দীর গোড়ার দিকের মুসলমান সাহিত্যিকদের ওপর তার মন্তব্য সমালোচনার নতুন দিক উন্মোচন করেছে।
আবদুল মান্নান সৈয়দের অবদান সম্পর্কে আমরা এখনো যে সম্পূর্ন সচেতন একথা যায় না। এর নানাবিধ কারন আছে। কিন্তু আজ থেকে অর্ধ শতাব্দী পর তার মূল্যায়ন ভিন্ন রকম হতে বাধ্য। কারন সমকালীন কবিতার মূল্যায়নে যে কারনগুলো বাধা হয়ে দাঁড়ায় সেগুলো তখন থাকবে না। জীবনানন্দ বেঁচে থাকতে যে সম্মান পাননি, সে সম্মান তাকে দিতে হয়েছে পরবর্তী প্রজন্মকে। মান্নানও একদিন উঠে আসবেন সমকালীন এ আবর্জনার স্তুপ থেকে। স্বীয় মর্যাদায়, স্বীয় মহিমায়। বাংলাদেশের কবিতায় চতুর্থ ধারাটির তিনি যে জনক এ স্বীকৃতি একদিন তাকে দিতেই হবে। তার মহত্ত্বকে একদিন স্বীকার করতেই হবে যেমন আমরা করেছি জীবনানন্দের।

Image
Flag Counter