২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল মান্নান সৈয়দ ও তাঁর স্বাতন্ত্র্য

পুলক হাসান পুলক হাসান

Published : 05 Sep 2015, 01:22 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

শুরুটাই ছিল তাঁর স্বতন্ত্র, শেষবধি বজায় রেখেছিলেন এই স্বাতন্ত্র্য। কবিতায়, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা ও সমালোচনাসহ বিপুল তাঁর সাহিত্যকর্মযজ্ঞের সকল ক্ষেত্রেই ছিল তাঁর এ স্বতন্ত্র প্রয়াস। সাহিত্য যদি হয় সত্য ও সুন্দরের পাথেয়, তবে তিনি ছিলেন মৌলিক পথেই। সৌন্দর্যচেতনা লালনে নিজেকে উজাড় করে দিয়েছিলেন শতভাগ। পশ্চিমী প্রভাব ছিল কিন্তু চিন্তা-চেতনায় ছিলেন কালোত্তর। বরং নিজেকে ভাবতেন ত্রিশোত্তর একজন অতি-আধুনিক। এই আধুনিক চেতনা থেকেই নিজের সাহিত্যে তৈরি করেছিলেন যেখানে প্রেম ও যৌনতাকে নাগরিক চেতনার গভীরতম বহিঃপ্রকাশ হিসেবে গণ্য করেন। এই নাগরিক সত্তার বিচিত্র অনুভূতি নিয়েই তিনি বর্তমান ও ভবিষ্যতের আনন্দ-বেদনাকে জারিত করেন তাঁর শিল্পরসে, তাতে নাগরিক বোধের যে তৃষ্ণা হেরমান হেসের মতে, তার প্রকৃত সৌন্দর্য নগ্নতার মধ্যেই। শিল্প ও সাহিত্যে তিনি তাই যা কিছু করেছেন এই নাগরিক বোধ ও বিবেচনা থেকেই করেছেন। শব্দ, বাক্য ও উপমার ইন্দ্রজালে বুনে গেছেন বয়ে যাওয়া জীবনেরই ভেতর বাহির, তার রক্ত-মাংসের শীৎকার, হাহাকার। শরীর ও চেতনার মধ্যদিয়ে তিনি এসবের মধ্যে খুঁজেছিলেন এক ভাষা, মেলে ধরেছিলেন তাঁর দার্শনিক দৃষ্টিভঙ্গী এবং তৈরি করেছিলেন আপাত জটিল আলাদা এক মনোজগৎ। তিনি আধুনিক বাংলা গদ্য-সাহিত্যেরও নতুন রূপকার। তিনি সেখানে প্রচল ও প্রথাসিদ্ধ ধারা ভেঙ্গে দিয়ে সৃষ্টি করেন নতুন এক সাহিত্য ভূগোল। এক সময় ভাষা, ধ্বনি, যুক্তি ও বিশ্লেষণের স্বাতন্ত্র্যে তা পেয়ে যায় মান্নানীয় গদ্যের স্বীকৃতি। এই ব্যতিক্রমিতায় তাঁর সৃজনশক্তি অকল্পনীয়। তিনি নিজে অধ্যাপনা করলেও একাডেমিক ফর্ম ভেঙ্গে প্রবন্ধ সাহিত্যকে মুক্তি দেন অধ্যাপকীয় উদ্ধৃতিবৃতির ছককাটা মেদ মজ্জার ছ্যুৎমার্গ থেকে। সেখানে তিনি সৃজনের সঙ্গে জুড়ে দেন মননের আলো। সৃজন ও মননশীলতার এই সম্মিলন ঘটিয়ে প্রবন্ধ, গবেষণা ও সমালোচনা সাহিত্যে চিন্তা ও বিশ্লেষণের অভিনবত্বে অগ্রজদের মনোযোগ আকর্ষণই নয় শুধু, আদায় করে নেন সমীহও। আবার এর জন্য অগ্রজরা তাঁর প্রতি ঈর্ষাতুরও ছিলেন। এটা তিনি খুব উপভোগ করতেন। মনে করতেন, সুন্দরী কন্যার রূপের প্রশংসার সঙ্গে বিরোধীতাটুকুও তার রূপেরই অহংকার। কিন্তু সেই কাব্য ও সাহিত্যহিংসা ছিল আরও গভীরে; দুর্দান্ত একজন আধুনিকমনস্ক লেখককে কোনঠাসা করার জন্য তাঁকে বিশেষ একটা দিকে ঠেলে দিতেই সচেষ্ট হয় তাঁর সমসাময়িক এবং অগ্রজরা পর্যন্ত। এটাই ছিল তাঁর দুঃখের, আক্ষেপের এবং কষ্টের ব্যাপার। পরিপূর্ণ আধুনিক মানুষটার ভেতর তারা খুঁজেছিলো একজন টুপি ও পাঞ্জাবি পড়া ধর্মাদর্শী মানুষের ছায়া। এটা ছিল তাঁর প্রতি স্থূল মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি কম্যুনাল ছিলেন না কখনই। যদিও তাঁকে মনে করা হয় ঔপনিবেশিক সাংস্কৃতিক আবহে গড়ে ওঠা সাহিত্য ধারায় যথার্থ এক বাঙালি মুসলিম প্রতিনিধি। তিনি সেখানে চিন্তা চেতনায় সম্পূর্ণ অসাম্প্রদায়িক ছিলেন বলেই রবীন্দ্র, নজরুল, মোহিতলাল, জীবনানন্দ, ফররুখ আহমদ প্রমুখ হিন্দু-মুসলিম সাহিত্য ব্যক্তিত্বদের কাব্যাদর্শের স্বাদ গ্রহণ করেন। ধর্মীয় সীমাবদ্ধতা মনে পোষণ করলে নিজের সাহিত্য ভাণ্ডারকে তিনি এতোটা সমৃদ্ধ করতে পারতেন না। সাহিত্যে তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সর্বদাই ইতিবাচক। ফলে সৃজনে তিনি নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতে সমর্থ হন। কোনো রকম স্থূল আগ্রাসন তাঁকে তাই মানসিকভাবে কাবু করতে পারেনি। আর এ জন্য তাঁর মধ্যে তৈরিও হয়নি কোনো দ্রোহ। সমাজ ও তত্ত্ববাদীদের আপত্তি এখানেই। তাদের মতে, কল্পনার রঙ চড়ানো তাঁর এসব সাহিত্যকর্মে কোনো সামাজিক কমিটমেন্ট নেই। সুতরাং তা অসার ও অর্থহীন। আদৌ কি তাই? নন্দনের প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক যুক্তি কতটা প্রাসঙ্গিক সময়ই বলবে। তবে কট্টরবাদীরাও জানেন, প্রবন্ধ, গবেষণা ও সমালোচনা– সাহিত্যের এই তিন শাখায় অনন্য অবদানের জন্য মান্নান সৈয়দ বহুকাল বেঁচে থাকবেন সাহিত্যপ্রেমি ও সাহিত্যবোদ্ধাদের হৃদয়ে ও মনে। বিশেষ করে জীবনানন্দ ও নজরুল গবেষণায় তাঁর কৃতিত্বকে ম্লান করার মতো কোনো নক্ষত্রের উদয় অচিরেই হবে না আমাদের সাহিত্যাকাশে। তিনি অত্যন্ত দরদ ঢেলে, গভীর বিচার বিশ্লেষণ ও মূল্যায়নের মধ্যদিয়ে বাংলাসাহিত্যে অবহেলিত নজরুল ও উপেক্ষিত জীবনানন্দকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁদের নবতর মূল্যায়ন তাঁকে বাংলা প্রবন্ধ সাহিত্যের কেন্দ্র পুরুষে পরিণত করে। বুদ্ধদেব বসু যদি জীবনানন্দকে চিহ্নিত করে থাকেন তবে 'শুদ্ধতম কবি' অভিধায় মান্নান সৈয়দই তাঁকে দিয়েছেন পূর্ণতা। সুতরাং অনর্থক তর্কের তুফানে টলবে না মান্নান সৈয়দের সুগভীর সাহিত্য ভিত, নামানো যাবে না তাঁকে তাঁর অর্জিত উচ্চতা থেকে। অগাধ বিদ্যাবুদ্ধি ও পঠন-পাঠনে তিনি ছিলেন তার সময়ের থেকে এগিয়ে। দেশ-বিদেশের সাহিত্য সম্পর্কে ব্যাপক ধারণাতো ছিলোই, সেইসঙ্গে ছিল অতুলনীয় স্মৃতি ও কল্পনাশক্তি। ফলে একরকম পূর্ণ প্রস্তুতি নিয়েই তিনি বাংলাসাহিত্যে প্রবেশ করেন এবং তাঁর আবির্ভাব অনেকটা এরকম : এলেন, দেখলেন এবং জয় করলেন। তিলে তিলে কাঠখড় পুড়িয়ে পেতে হয়নি তাঁর অভীষ্ট পথের সন্ধান। বরং নিজস্বতায় শুরুতেই অবতীর্ণ হন নায়কের ভূমিকায়। টানা গদ্যে লেখা এক 'জন্মান্ধ কবিতাগুচ্ছ' কাব্যগ্রন্থ দিয়েই সাড়া ফেলে দেন তিনি সাহিত্যমহলে। তারই ধারাবাহিকতায় 'জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা' লিখে পেয়ে যান 'পরাবাস্তববাদী কবি'র তকমা। যা ঐ সময় কেউ কল্পনাই করেননি। পশ্চিমী ধারা নিয়ে দেশীয় আবহে এ ধরনের কাব্যকৃতি ছিল তখন সত্যিকার অর্থেই নবতর প্রয়াস। তেমনি তাঁর সাড়া জাগানো গল্পগ্রন্থ 'সত্যের মতো বদমাশ'-ও তখন স্পষ্ট করে দিয়েছিল একজন গাল্পিকের আধুনিকোত্তর মনোজগৎ। প্রবন্ধে তাঁর সফল আত্মপ্রকাশ ঘটে 'সুধীন্দ্রনাথ দত্তঃ কালো সূর্যের নিচে বহ্নুৎসব' শিরোনামে দুর্দান্ত প্রবন্ধ লিখে। ওই প্রবন্ধের মধ্য দিয়েই তিনি জানান দিয়েছিলেন বাংলা প্রবন্ধ সাহিত্যে একটি পরিবর্তনের ধারা সূচিত হতে যাচ্ছে তাঁরই হাতে। যদিও শেষদিকে তিনি গুরুগম্ভীর ধ্রুপদী অবস্থান থেকে গল্প ঢংয়ের নতুন এক ধারায় নিয়ে গিয়েছিলেন প্রবন্ধকে। সেটাও ছিল তাঁর সৃষ্টিরই নবতর প্রয়াস। এভাবে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, সমালোচনা, শিল্পকলা এবং দুর্দান্ত সম্পাদনা সবখানেই আমরা পরাবাস্তববাদী, ব্যতিক্রমি এক সৃষ্টিচেতনার অনন্য মান্নানীয় সত্তারই সন্ধান পাই, যেখানে তাঁর তুলনা শুধু তিনি নিজে। আর সে কেবলই তাঁর সৃষ্টি কুশলতার জন্য, স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির জন্য। শিল্পচৈতন্যে এ নবতর প্রয়াসেই তিনি খুলেছেন এবং পার হয়েছেন একটার পর একটা শিল্পদরজা। সুদূরপ্রসারি চিন্তনে খুঁজেছেন সাজুয্য, খুঁজেছেন উত্তরণ। 'সকল প্রশংসা তাঁর' কাব্যগ্রন্থে এসে তাঁর উত্তরণটা আদপে পরাবাস্তবতার সঙ্গে সুফি দর্শনেরই সাজুয্য সন্ধান। তাঁর সৃষ্টশিল্প তাই একইসঙ্গে বিমূর্ত এবং প্রেমানত। অবিকল চিত্রকলারই প্রতিস্বর। বাস্তবেও তিনি শিল্পকলায় মজেছিলেন, এঁকেছেন নানা ড্রয়িং এবং বিজ্ঞানের প্রতিও ছিলেন সমান অনুরক্ত। মনে আছে ডায়রির পাতায় পিকাসোর আদলে আঁকা তাঁর একটি ড্রয়িং (নগ্ন নারী) নিয়ে আমার সম্পাদিত সাহিত্য পত্রিকা 'খেয়া'র কোন এক সংখ্যার প্রচ্ছদ করেছিলাম এবং ঐ সংখ্যায় তাঁর নানা রকম ড্রয়িং নিয়ে 'মর্মস্রোতের উত্থান' শিরোনামে আমার একটি ছোট্ট লেখাও ছিল। মান্নান ভাই খুব খুশি হয়েছিলেন তাঁর 'প্রচ্ছদশিল্পী' নতুন এ পরিচয়-এ। আবদুল মান্নান সৈয়দ একজন পরিপূর্ণ সাহিত্যসত্তা। বহুবিধ তাঁর পরিচয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি আপাদমস্তক একজন কবি। তাঁর সকল পরিচয় ছাড়িয়ে এই কবি খ্যাতিরই চেয়েছিলেন স্বীকৃতি। কারণ শরীর ফুরিয়ে গেলেও প্রেমের তারুণ্য নিয়ে কবিতায় ছিলেন তিনি আমৃত্যু অফুরন্ত। কিন্তু কবিতায় তাঁর যথার্থ মুল্যায়ন হয়নি। অগ্রজরা মুখে যতটা শেখ ফরিদ, মৃত্যুর পর বাস্তবে এবং জীবদ্দশায় কবিতায় তাঁর প্রাপ্ত আসনটি তাঁকে ছেড়ে দিতে চাননি। অথচ সাম্প্রতিক কালের কবিতায় জীবনানন্দ দাশ সংক্রমিত নতুন প্রজন্মে সমানভাবে আবদুল মান্নান সৈয়দের কাব্যচেতনাও জারিত। দেখতে দেখতে পাঁচ বছর চলে গেলো মান্নান সৈয়দ (১৯৪৩-২০১০) আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর এই শূন্যতা অপূরণীয়। আমরা যারা লিটল ম্যাগে অভ্যস্ত তিনি ছিলেন তার প্রকৃত অনুপ্রেরণাদাতা। তাঁর অভাব তাই থেকেই যাবে। কারণ অগ্রজরা এখন স্তুতিবাদী, ঘেটুপুত্র চায়। মান্নান সৈয়দ এক্ষেত্রেও ছিলেন ব্যতিক্রম। তিনি ছিলেন আমাদের প্রিয় মান্নান ভাই। আর আমরা তাঁর 'কাননের পাখি'। একজন অগ্রজ সাহিত্য কালপুরুষের এমন দিলখোলা ঘোষণা আমাদের জন্য ভালবাসারই দুর্লভ মুকুট লাভ।