২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কবিতার আধুনিক ধারার পথিকৃৎ আবুল হোসেন

bimol_guho

Published : 01 Jun 2014, 08:24 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

কবি আবুল হোসেনের প্রথম কাব্যগ্রন্থ নব বসন্ত প্রকাশিত ১৯৪০ সালে। এই গ্রন্থ আমাদের কবিতার আধুনিক ধারার পথনির্দেশকের ভূমিকা পালন করে। এটিকে এই অঞ্চলের প্রথম আধুনিক কবিতার বই হিসেবে গণ্য করা হয়। ১৯৪৭-এর দেশভাগের পর আবুল হোসেন বাংলা কবিতার মূল ধারার সঙ্গে যুক্ত থেকেছেন এবং ১৯৪৭-পরবর্তী তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের কবিতাকে প্রগতিশীল চিন্তার বাহন করে এগিয়ে গেছেন। দেশভাগের পর কেউ কেউ যখন রবীন্দ্র-সাহিত্য বর্জনের কথা বলেছেন; ইসলামী ধারায় কাব্যচর্চায় মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই সময়ে আবুল হোসেন আধুনিক চেতনায় উজ্জীবিত হয়ে কবিতার মূল ধারাকে বেগবান করার কাজে প্রয়াসী হয়েছিলেন। কবিতার শুদ্ধতায় বিশ্বাসী ছিলেন তিনি। তাঁর কাব্যবিশ্বাসে কবিতার পরিমাণ মুখ্য ছিলো না, কবিতার মানই ছিলো আসল নিক্তি।

প্রথম মহাযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলা কবিতায় যে পালাবদলের কাল আসে, সচেতন মানুষ হিসাবে কবিদের চিন্তার জগতে যে-বিপুল পরিবর্তন আসে, সেই পরিবর্তনের তোড়ে আধুনিক তরুণদের চৈতন্যে রবীন্দ্রনাথের স্বপ্ন-কল্পনার জগৎ ভেঙে যায়। সেই তিরিশের অব্যবহিত পরে কবিতায় আবুল হোসেনের আগমন হলেও, এই অঞ্চলের কবিতায় তখনও রবীন্দ্রকাব্য-বলয়ের স্বপ্ন-কল্পনার আবহ এবং ইসলামী পুনর্জাগরণের ভাবনাপুষ্ট কাব্যাবহ বিরাজমান ছিলো। আবুল হোসেন সচেতনভাবে তা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। কবি সমর সেন ছিলেন তাঁর আদর্শ কবি-ব্যক্তিত্ব। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমি সমর সেনকে খুব পছন্দ করতাম। সমর সেনের কবিতা থেকেই আমি আমার পথ খুঁজে পেয়েছিলাম। তিনি প্রকৃত গদ্য কবিতার পথিকৃৎ। রবীন্দ্রনাথও গদ্য কবিতা লিখেছিলেন, কিন্ত তা কাহিনীনির্ভর। সমর সেন সাম্যবাদী হলেও প্রকৃত রোমান্টিক গদ্য কবিতা লিখেছিলেন। আমি সমর সেনের কাছ থেকে এটুকু নিলাম যে কবিতাকে গদ্যের কাছাকাছি নিয়ে আসতে হবে। আমিও চেয়েছিলাম কবিতার ভাষা মুখের ভাষার দিকে যাবে।'

সেই সময়ে একইসাথে কাব্যচর্চ্চা করেছেন আহসান হাবীব (১৯১৭-১৯৮৫) ও ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪)। কলকাতায় সাহিত্যমহলে তাঁদেরকে 'ত্রয়ীকবি' বলে আখ্যায়িত করা হতো। তিন জনেরই প্রথম কবিতার বই প্রকাশিত হয় চতুর্থ দশকে; আবুল হোসেনের নব বসন্ত (১৯৪০), ফররুখ আহমদের সাত সাগরের মাঝি (১৯৪৫) ও আহসান হাবীবের রাত্রিশেষ (১৯৪৭)। সকলের দৃষ্টি আকৃষ্ট করেছিলেন এই তিন কবি। তাঁদের সাথে আরও একজন কবির নাম উচ্চারিত হতো। তিনি কবি গোলাম কুদ্দুস। রাজনীতিতে অতিমাত্রায় জড়িয়ে পড়ায় এ পথে আর অগ্রসর হননি। সাতচল্লিশের দেশভাগের পর তিনি কলকাতায় থেকে যান। এর কিছু পরে আসেন সৈয়দ আলী আহসান (১৯২০-২০০২)। কবিতাচর্চা ও চিন্তায় এঁরা এক পথের ছিলেন না, তবুও বাংলাদেশের কবিতায় তাঁদের সমন্বিত অবদান স্বীকার্য। তাঁদের হাত দিয়েই এ অঞ্চলের কবিতার শরীর পুষ্ট হয়েছে এবং কাব্যধারা স্রোতবাহী হয়েছে।

কবি আবুল হোসেন কবিতাচর্চা শুরু করেছিলেন স্কুলজীবন থেকেই। এ প্রসঙ্গে তিনি একবার বলেছিলেন, 'আমার প্রথম কবিতাটি ছাপা হয়েছিলো স্কুলের ম্যাগাজিনে। তখন বোধ হয় ক্লাস 'এইটে' পড়ি। কবিতার নামটা 'আকবরের প্রতি রানা প্রতাপ' এই রকম। চৌদ্দ অক্ষরের পয়ারে লেখা। ততদিনে পাঠ্যবইয়ে মধুসূদন, নবীন সেন, হেমচন্দ্রের কবিতা পড়েছি। তাদেরই ধরনে লেখা। যখন ক্লাস টেনে পড়ি, সেই সময় আমি একটা দীর্ঘ কবিতা লিখলাম 'হে ধরণীর কবি'। কি মনে করে সেটা পাঠিয়ে দিলাম রবীন্দ্রনাথকে। কি হয়, কি হয়, দুরু দুরু করে বুক কাঁপে। কবি কি প্রাপ্তিস্বীকার করবেন! অনেক দিন চলে গেলো, কোনো জবাব নেই। আশা ছেড়ে দিলাম, ব্যাপারটা প্রায় ভুলতে বসেছি, এমন সময় ৩/৪ মাস পরে আমার নামে একটা বড় লম্বা খাম এলো। দেখি তার মধ্যে একটা চৌকা চিরকুট। তাতে মাত্র একটি শব্দ 'আশীর্বাদ'। তার নিচে স্বাক্ষর, শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর। মনে আছে সকাল ১১টার দিকে পেয়েছিলাম চিঠিটা। সেই খামটা নিয়ে উঠে গেলাম আমাদের দোতলার ছাদে। তারপর ছাদে সেই একটি শব্দের দিকে চেয়ে চেয়ে সারা দুপুর কেটে গেলো। তখন আর আমাকে পায় কে? দুদ্দাড় লিখে যাচ্ছি কবিতা, গল্প, প্রবন্ধ। স্থানীয় পত্রিকায়, কলকাতার দৈনিকে, সাপ্তাহিকে, মাসিক কাগজে। লেখার উৎসাহেই লিখে যাচ্ছি।'

গত ২৮ এপ্রিল সকাল ১১.০০টায় তরুণ কবি আজাদ আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে কবি আবুল হোসেনের খোঁজ নিতে ও তাঁর সাথে কথা বলতে ধানমন্ডির বাসভবনে যাই। সাক্ষাতে সালাম জানাই কবিকে। তিনি কেবল তাকিয়ে ছিলেন। কথা বলার চেষ্টা হয়েছে। তিনি বার বার বলছিলেন, তিনি কিছু শুনতে পারছেন না। এখন ভালোভাবে কথা বলতে পারেন না, ভালো শোনেন না, চোখের জ্যোতিও কমে গেছে। কাগজে বড় হরফে নাম লিখে আমার পরিচয় জানালাম, বললাম আপনার খোঁজ নিতে এসেছি। তিনি একদৃষ্টিতে তাকিয়ে ছিলেন। তেমন আর কথা হলো না। সালাম জানিয়ে, তাঁর সুস্থতা কামনা করে বিদায় নিয়েছি।

কবি আবুল হোসেনের জন্ম ১৯২২ সালের ১৫ আগস্ট বৃহত্তর খুলনা জেলায়। তাঁর পিতার নাম ইসমাইল হেসেন, মাতার নাম মেহেরুন্নেসা। স্ত্রী সাহানা হোসেন, ১৯৯৪ সালে প্রয়াত হয়েছেন। তাঁদের দুই ছেলে সেলিম রেজা ফরহাদ হোসেন ও সোহেল রেজা খালেদ হোসেন। দুইজনই বাংলাদেশের দুই আর্থিক সংস্থার প্রধান নির্বাহী। দুই মেয়ে ফারাহ্ হোসেন ও নাজ হোসেন। বর্তমানে কবির বয়স ৯২ বৎসর। কর্মজীবনে ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। শিক্ষকতার প্রতি আগ্রহ থাকলেও সরকারি কলেজের শিক্ষক হতে হলে কলকাতার বাহিরে যেতে হবে বিধায় ১৯৪৬ সালে যোগ দেন আয়কর বিভাগে। সরকারের বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন।

আবুল হোসেনের গ্রন্থসংখ্যা ২৫। তাঁর প্রথম কাব্যগ্রন্থ নব বসন্ত (১৯৪০)। এরপরে প্রকাশিত কাব্যগ্রন্থ বিরস সংলাপ (১৯৬৯), হাওয়া, তোমার কি দুঃসাহস (১৯৮২), দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে (১৯৮৫), এখনো সময় আছে (১৯৯৬), নির্বাচিত কবিতা (১৯৯৭), আর কিসের অপেক্ষা (২০০০), কবিতা সংগ্রহ (২০০০), ছোটদের কাব্য রাজ রাজরা (১৯৯৭) ইত্যাদি। এছাড়া অনুবাদ কবিতা : ইকবালের কবিতা (১৯৫২), আমার জন্মভূমি ডাকেস্থান (১৯৭৮), অন্যক্ষেতের ফসল (১৯৯০); গদ্যগ্রন্থ : বিবিধ গদ্য (২০০৩), ভারত বিভাগ ও অন্যান্য লেখা (২০০৯); আত্মজীবনী : আমার এই ছোট্ট ভুবন (২০০৩), আরেক ভুবন (২০০৫), দুঃস্বপ্নের ক্ল (২০০৭), স্বপ্নভঙ্গের পালা (২০০৯), অপরাহ্নের স্মৃতি (২০০১৩)।

এই সব কাব্যে তিনি তাঁর স্বাতন্ত্র্যচিহ্ন বজায় রেখে বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৩ সালে লাভ করেছেন বাংলা একাডেমী পুরস্কার এবং ১৯৮০ সালে পেয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। এছাড়াও তিনি পদাবলী পুরস্কার, মাযহারুল ইসলাম কবিতা পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদকসহ আরো সম্মাননা লাভ করেছেন।