বুদ্ধিজীবীর ভূমিকা প্রসঙ্গে
'উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই/নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই।' যাদের স্মরণে বাংলাদেশের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এ পংক্তিটি উচ্চারণ করে, তাঁরা আমাদের মহান মুক্তিযুদ্ধে জীবনোৎসর্গকারী অসংখ্য সূর্যসন্তান, বাঙালি যাঁদের 'শহীদ বুদ্ধিজীবী' অভিধায় চিহ্নিত করেছে । স্বাধীনতার সূর্যটা ছিনিয়ে আনতে যেসব সূর্যসন্তান নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন, তাঁদের জীবন ও কর্মের উপর আলোকপাত করা হলেই জানা যাবে কেন তাঁরা বাঙালির শ্রেষ্ঠসন্তান ছিলেন। কেন তাঁদের জীবন আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে আত্মোৎসর্গকারী সেই সূর্যসন্তানদের চোখের দ্যুতির দিকে তাকিয়ে বারবার আমরা নিজেদের জীবনের ব্যর্থতাগুলো আবিষ্কার করে নিতে পারি; তাঁদের স্মরণ করে আমরা নিজেদের গ্লানিমুক্ত করে নতুন উদ্যোমে পথ চলার প্রেরণা পেতে পারি। সম্ভবত সে কারণেই তাঁদের নিয়ে আলোচনার সূত্রপাত আজকের প্রেক্ষাপটে সহজ নয়। ১৯৭১-এর বাংলাদেশ, বাংলাদেশের জনপদ আর আজকের জনপদ অভিন্ন নয় । ১৯৭১-এ বাঙালি এক তর্জনীর নির্দেশে ঐক্যবদ্ধ ছিলো, বাংলাদেশের কতিপয় কুলাঙ্গার ছাড়া সমগ্র বাঙালি জাতি ছিলো স্বাধীনতা পেতে উন্মুখ; আর আজ বাঙালিজাতি দ্বিধাবিভক্ত-ত্রিধাবিভক্ত। বাঙালি জাতির এই বিভক্তিকে যদি স্বাধীনতা বিরোধীচক্রের সাফল্য হিসেবে চিহ্নিত করতে চাই, তাহলে স্বীকার করতেই হয় এটি মুক্তিযুদ্ধের চেতনাধারীদের ব্যর্থতা । আজকের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবী, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বললেও তাকে ভিন্নমাত্রায় উপস্থাপনের জন্য প্রতিপক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। এমন কী যাঁর তর্জনীর ইশারায় বাঙালি জাতি উদ্বেল হয়ে উঠেছিলো, যাঁর স্বপ্নের সাথে গোটা জাতির স্বপ্ন একাকার হয়ে গিয়েছিলো, যাঁর নির্দেশে গোটা জাতি নিরস্ত্র হয়েও জীবন হাতে নিয়ে সুশিক্ষিত-দুর্ধর্ষ এক বাহিনীর বিরুদ্ধে বাঁশের লাঠি নিয়ে মুখোমুখি দাঁড়িয়েছিলো; তাঁর বিরুদ্ধেও ঔদ্ধত্যপূর্ণ কথা বলার ধৃষ্টতা দেখাবার অবকাশ পাচ্ছে অনেকেই। এমন বাস্তবতায় অনেকেই কৌশলী বাক্যবিন্যাসে নিজেদের কথাটি এমনভাবে উচ্চারণ করছেন, যাতে জাতি, বিশেষ করে জাতির নতুন প্রজন্ম বিভ্রান্ত হবার সুযোগ আছে । যদিও ২০১৩-এর ফেব্রুয়ারি নতুন প্রজন্ম সম্পর্কে নতুন করে ভাববার অবকাশ তৈরি করে দিয়ে সচেতন মানুষের দুর্ভাবনাকে অনেকাংশেই দূর করে দিয়েছে নতুন প্রজন্মের সহসী সন্তানেরা । কবি শামসুর রাহমান শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের প্রসঙ্গে বলতে গিয়ে উচ্চারণ করেছিলেন, 'আজ এই ঘোর রক্ত গোধুলিতে দাঁড়িয়ে/ আমি অভিশাপ দিচ্ছি তাদের/ যারা আমার কলিজায় সেঁটে দিয়েছে/ একখানা ভয়ানক কৃষ্ণপক্ষ।' পাকিস্তানী দুঃশাসন চেয়েছিলো বাঙালিকে মেধাশূন্য করে দিতে । আর বাঙালিকে মেধাশূন্য করে ফেলার মূল পরিকল্পনার সাথে যারা যুক্ত ছিলো, যারা যুদ্ধের নয় মাস ধরে হানাদার বাহিনীর দোসর হয়ে গোটা বাংলায় তাণ্ডব-নৈরাজ্য-নৃশংসতা-বর্বর পৈশাচিকতার অসহনীয় অবস্থা সৃষ্টি করেছিলো অগ্নিসংযোগ-গণহত্যা-নারীনির্যাতন-ধর্ষণ আর ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের মাধ্যমে; সেই কুখ্যাত আলবদর বাহিনীর কর্তাব্যক্তিদের ক্ষমা করা বাংলাদেশের মানুষের পক্ষে অসম্ভব বলেই কুখ্যাত যুদ্ধাপরাধী 'কসাই কাদের মোল্লার' মৃত্যুদ- না হওয়ায় নতুন প্রজন্ম প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলো শাহবাগের 'প্রজন্ম-চত্বরে' ৫ই ফেব্রুয়ারি ২০১৩-তে । যে কথা কবি শামসুর রাহমান উচ্চারণ করেছিলেন তাঁর কবিতায়–'একঝাঁক ঝাঁ ঝাঁ বুলেট তাদের বক্ষ বিদীর্ণ করুক/ এমন সহজ শাস্তি আমি কামনা করি না তাদের জন্য….।' একই ভাষায় উচ্চকিত হয়েছিলো নতুন প্রজন্ম ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবীতে শাহবাগে । এর পর দীর্ঘদিন ধরে বাংলার মানুষ দেখছে সমগ্র বাংলাদেশ জুড়ে গোলাম আযম-কাদের মোল্লা গংদের অনুসারীরা কী তা-ব চালাচ্ছে! কী ভাবে পুড়িয়ে মারছে অসহায় ঘুমন্ত মানুষ, কী ভাবে বৃক্ষ নিধন করে প্রকৃতিকে বিপন্ন করছে, কী ভাবে জ্বালিয়ে দিচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘর-ব্যবসায় প্রতিষ্ঠান; কী ভাবে রেলপথ-সড়ক অবরোধের নামে মারছে মানুষ–মারছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনির সদস্যদের । এসব নব্য রাজাকার-আলবদরদের নৃশংসতায় বাঙালি জাতি যেন আরেকবার প্রত্যক্ষ করছে ১৯৭১-এর নৃশংসতা । তারপরও আজকের প্রেক্ষাপটে বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষে তাদের পক্ষ অবলম্বন করে কথা বলছেন কেউ কেউ; এবং তারাও নাকি বুদ্ধিজীবী !
এমন বাস্তবতায় দাঁড়িয়ে 'বুদ্ধিজীবী'র সংজ্ঞায়ন নিয়ে সংকটে পড়ে যাচ্ছে জাতি । সঙ্গত কারণেই এমন প্রেক্ষাপটে 'শহীদ বুদ্ধিজীবী' দিবসের আলোচনা সহজ নয় । শহীদ বুদ্ধিজীবীদের কথা মনে হলেই যেসব উজ্জ্বল মুখ চোখে ভেসে ওঠে সেই মুনীর চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ড. জি. সি. দেব, মোফাজ্জল হায়দার চৌধুরী, ডা. আবদুল আলীম চৌধুরী, ডা. মো: ফজলে রাব্বি, আলতাফ মাহমুদ, সিরাজুদ্দীন হোসেন, নিজাম উদ্দিন আহমেদ, সেলিনা পারভীন, খন্দকার আবু তালেবসহ অসংখ্য গুণী মানুষের জীবনদর্শনের কথা, মনে জাগে তাঁদের জীবনের মূল্যবোধ আর দৃঢ় প্রত্যয়ের কথা, নীতি ও আদর্শের প্রশ্নে তাঁরা কতটা আপোষহীন ছিলেন সেসব কথা, তাঁদের চরিত্রের নির্লোভ-নিরহংকার বৈশিষ্ট্য, তাঁদের দেশপ্রেম-ত্যাগ-বিজ্ঞানমনস্কতা এবং সর্বোপরি প্রতিমুহূর্তে সংস্কৃতিমান থাকার অহংকার যে কাউকে প্রাণিত করবে (যে কাউকে বলতে ধর্মান্ধ-কূপমণ্ডুকদের নিশ্চয়ই নয়) । আজকের এই ক্রান্তিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের পাশাপাশি নতুন প্রজন্মের বুদ্ধিজীবীদের বিষয়েও সতর্ক থাকার প্রয়োজন আছে বৈকি । নিজের মেধা-মনীষা ও বিবেচনা দিয়ে বুঝে নিতে হবে মিডিয়ার অসংখ্য কাদা ছোড়াছুড়ি করা মেধাবীদের মধ্যে কে প্রকৃত বুদ্ধিজীবী আর কারা জ্ঞানপাপী ? ভিড়ের মধ্য থেকে প্রকৃত বুদ্ধিজীবী চিনে নেবার কী কৌশল ? এসব প্রশ্ন আসতেই পারে । যার উত্তর আমার জানা না থাকলেও আমি নিজে যে ভাবে বুদ্ধিজীবী আর জ্ঞানপাপীদের আলাদা করি, সে কৌশলটি নিশ্চয়ই জানিয়ে দিতে পারি পাঠকের জন্য ।
'বুদ্ধি'কে যারা জীবিকা হিসেবে গ্রহণ করেছেন, তারাই 'বুদ্ধিজীবী' নন । 'বুদ্ধিজীবী' শব্দটি একটা কনসেপ্ট । বুদ্ধিজীবী হবেন সমাজের আদর্শ, সমাজের বিবেক; বুদ্ধিজীবী হবেন সৎ-উদার-নির্লোভ-নিরহংকার, সহিষ্ণু-পরোপকারী-দেশপ্রেমিক-ধর্মীয় সংকীর্ণতামুক্ত-বিজ্ঞানমনস্ক এবং সর্বোপরি সংস্কৃতিবান; সংস্কৃতিবান মানেই প্রগতিবাদী । আর জ্ঞানপাপীদের মধ্যে আর সব গুণের উপস্থিতি থাকলেও তারা কিছুতেই সংস্কৃতিবান হতে পারেন না । তাদের চারিত্র্যের কূপ-ুকতা এবং পশ্চাদপদতার বৈশিষ্ট্যটি প্রকাশ পাবেই তাদের আচরণে-কথায় এবং জীবনাচারে । যিনি পশ্চাদপদ এবং কূপ-ুক তিনি কখনো 'বুদ্ধিজীবী' হবার গৌরব অর্জন করতে পারেন না, তার চিন্তা-চেতনা-দিকনির্দেশনায় কখনো সমাজ ও জাতির কল্যাণ সাধিত হতে পারে না । কেন না সংস্কৃতিহীন সমাজ আর অনাব্য নদীর মধ্যে কোনো পার্থক্য থাকে না; অনাব্য নদীর জল যেমন দুষিত হতে বাধ্য, সংস্কৃতিহীন সমাজও তেমনি মুখ থুবড়ে পড়তে বাধ্য । নতুন প্রজন্ম নিশ্চয়ই অন্ধতার দিকে-স্থবিরতার দিকে- কূপমণ্ডুকতার দিকে থাকবেন না; নিশ্চয়ই তারা এগিয়ে যাবেন আলোর দিকে-প্রগতি ও কল্যাণের দিকে, সর্বোপরি সভ্যতা এবং অগ্রগতির দিকে । ক্রান্তিকালের এই বুদ্ধিজীবী দিবসে এই হলো আমাদের বিনীত প্রত্যাশা । আমার বিশ্বাস নতুন প্রজন্ম তাদের বুদ্ধিমত্তা দিয়ে চিনে নেবেন কে প্রকৃত বুদ্ধিজীবী আর কে জ্ঞানপাপী। অতঃপর যাকে মস্তকে ধারণ করার তাকে মস্তকে ধারণ করে জ্ঞানপাপীকে নিক্ষেপ করা হবে আস্তাকুঁড়ে ।
ডিসেম্বর ২০১৩
