২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দ্রকারিগরের জন্মদিনে

মাজহার ইসলাম মাজহার ইসলাম

Published : 12 Nov 2013, 07:44 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

আজ তাঁর পঁয়ষট্টিতম জন্মদিন। চারদিকে সব আছে, তবু হাহাকার তোলা এক শূন্যতা আর কুয়াশার বিস্তার যেন চরাচর জুড়ে। জোছনা আছে, কিন্তু জোছনা দেখানোর সেই চন্দ্রকারিগর যে নেই। জন্মদিনের নানা আয়োজন তাঁকে নিয়ে, অথচ তিনি নেই। অন্যভুবনে কেমন হচ্ছে তাঁর জন্মদিন–বড় জানতে ইচ্ছে করে।

মনে পড়ে ২০১১ সালে তাঁর জন্মদিনটির কথা। হুমায়ূন আহমেদ তখন নিউইয়র্কে চিকিৎসাধীন। আমিও তাঁর সঙ্গেই ছিলাম, ক'দিনের জন্য ঢাকায় এসেছি। দখিন হাওয়া'য় আমার অ্যাপার্টমেন্টে তাঁর জন্মদিন উৎসবের আয়োজন করা হলো। ১২ নভেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে স্কাইপের মাধ্যমে যোগাযোগ হলো তাঁর সঙ্গে। লেখকজননী আয়েশা ফয়েজ, পুত্র নুহাশসহ জড়ো হওয়া বন্ধু ও স্বজনেরা একে একে তাঁকে শুভেচ্ছা জানালেন। তারপর প্রতি বছরের মতো জন্মদিনের কেক কাটা হলো।

এর আগের প্রতিটা জন্মদিনে আমরা ভাবতাম, এবার তাঁকে কী সারপ্রাইজ দেওয়া যায় ? হুমায়ূন আহমেদ অন্যদের সারপ্রাইজ দিতে যেমন পছন্দ করতেন, তেমনি নিজেও সারপ্রাইজড হয়ে আনন্দ পেতেন। প্রচলিত উপহার যেমন পোশাক-আশাক খুব একটা পছন্দ করতেন না। চিত্রকলার প্রতি তাঁর ছিল তীব্র কৌতূহল। ভালো পেইন্টিং পছন্দ করতেন। তাই খ্যাতিমান চিত্রশিল্পীদের পেইন্টিং উপহার দিয়ে সারপ্রাইজ দিয়েছি আমরা তাঁর বিভিন্ন জন্মদিনে। ঘনিষ্ঠজনরাও নানাভাবে তাঁকে চমকে দিতে চেষ্টা করতেন।

Image
humayun-m.gif


একবার জন্মদিন উপলক্ষে আমরা তাঁর একটি ভাস্কর্য তৈরির পরিকল্পনা করি। ভাস্কর্যটি তৈরি করে অন্যমেলা'র ডিজাইনার গোবিন্দ। সাত দিনের মধ্যে এটি তৈরি হয়। জন্মদিনের আগের রাতে আমার বাসায় আনা হয় ভাস্কর্যটি। ভাস্কর্যের চশমাটা আমার পছন্দ হলো না। মোটা তার দিয়ে সাদা রঙ করে বানানো হয়েছিল চশমা। গোবিন্দকে বললাম, এই চশমা হুমায়ূন আহমেদের চশমা নয়। আর চশমাটা চেহারার সঙ্গে মোটেই মানাচ্ছে না। রাত তখন ১০টা। গোবিন্দ জিগাতলা বাজার থেকে আবার তার কিনে এনে নতুন করে চশমা বানালো। রাত সাড়ে এগারটায় ভাস্কর্যটি হুমায়ূন আহমেদের ফ্ল্যাটে নিয়ে বসার ঘরে দক্ষিণ দিকের দেয়ালের কাছে রাখা হলো। তখনো রঙ কাঁচা। হাতের দাগ পড়ে গেল।

নতুন করে ওখানেই রঙের ফিনিশিং টাচ দেওয়া হলো। হুমায়ূন আহমেদ তখন তাঁর রেডরুমে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছেন। রাত ১২টা ১ মিনিটে তাঁকে বাইরে নিয়ে আসা হবে, ভাস্কর্যটি দেখানো হবে এবং পাশের টেবিলে রাখা কেক কাটা হবে। রঙ কাঁচা দেখে ভাস্কর্যটির সামনে অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো, যেন কেউ কাছে গিয়ে হাত দিয়ে স্পর্শ করতে না পারে। রাত বারোটা এক মিনিটে হুমায়ূন আহমেদকে বাইরে নিয়ে আসা হলো। পুরো আয়োজনটি দেখে অসম্ভব মুগ্ধ হলেন তিনি। শুধু বললেন, মোমবাতি জ্বালিয়ে তো আমার মাজার তৈরি করে ফেলেছ! এটা ছিল ৫৮তম জন্মদিন। ১৩ নভেম্বর ২০০৬। পরবর্তী সময়ে এই ভাস্কর্যটি নুহাশপল্লীতে পদ্মপুকুরের পাশে রাখা হয়।

পরের বছর অর্থাৎ তাঁর ৫৯তম জন্মদিনের কথা। কীভাবে হুমায়ূন আহমেদকে চমকে দেওয়া যায় বিস্তর শলা-পরামর্শ চলছে সেই বিষয়ে। মোক্ষম পরিকল্পনাটি এল লেখকপত্নী শাওনের মাথায়। পরিকল্পনা তাঁর এবং এই উপহারটিও তাঁর পক্ষ থেকে। চার রঙে একটি ক্যালেন্ডার ছাপা হবে। ১৩ নভেম্বর থেকে পরের বছরের ১২ নভেম্বর পর্যন্ত এক বছর। ক্যালেন্ডারের প্রতি পাতায় থাকবে হিমু, মিসির আলি ও শুভ্র'র সাজে শিশুপুত্র নিষাদের সঙ্গে (তখনো নিনিতের জন্ম হয় নি) তার মা'র আনন্দময় কিছু মুহূর্তের ছবি। পরিকল্পনামতো ছবি তোলা হলো। গ্রাফিক্স আর মুদ্রণের কাজটি হলো আমাদের প্রেসে। জন্মদিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শাওন যখন ক্যালেন্ডারটি তুলে দিলেন হুমায়ূন আহমেদের হাতে, কী যে বিস্ময় আর মুগ্ধতা তাঁর চোখে-মুখে! পরদিন বন্ধুস্বজন যারাই আসছেন জন্মদিনের শুভেচ্ছা জানাতে, সবাইকে নিজে ক্যালেন্ডারটির পাতা উল্টিয়ে শিশু হিমু ও মিসির আলিকে দেখাচ্ছেন এবং উপহার দিচ্ছেন।

পরের বছর হুমায়ূন আহমেদের ৬০তম জন্মদিন। অন্যান্য বছরের তুলনায় এই বছরের তাৎপর্য সম্পূর্ণ আলাদা। কী করা যায়, এটা নিয়ে নানা শলা-পরামর্শ। সিদ্ধান্ত হলো অন্যপ্রকাশ হুমায়ূন আহমেদের একক বইমেলার আয়োজন করবে পাবলিক লাইব্রেরি চত্বরে এবং জন্মদিনের মূল উৎসব হবে শওকত ওসমান মিলনায়তনে। দু'দিন পর আমরা সিদ্ধান্ত পরিবর্তন করলাম। অন্যপ্রকাশ এককভাবে আয়োজনটি না করে হুমায়ূন আহমেদের সকল প্রকাশক একসঙ্গে আয়োজনটি করলে কেমন হয় ? যোগাযোগ করা হলো অন্যদের সঙ্গে। সবাই একবাক্যে সম্মতি জানালেন। আপত্তি জানালেন হুমায়ূন আহমেদ। তিনি আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালনের ঘোর বিরোধী। আমরা তাঁকে বোঝানোর চেষ্টা করলাম ৫০-এর পর ৬০ সংখ্যাটি আলাদা গুরুত্ব বহন করে, তাই এই আয়োজন। একপর্যায়ে তিনি সম্মতি জানালেন।

১৩ নভেম্বর সকাল ১১টায় পাবলিক লাইব্রেরি চত্বরে বইমেলা উদ্বোধন করলেন লেখক মাতা আয়েশা ফয়েজ। সাড়ে ১১টায় হুমায়ূন আহমেদের চলচ্চিত্র 'আামার আছে জল' দেখানো হলো। বিকেল চারটা থেকে শওকত ওসমান মিলনায়তনে লেখককে শুভেচ্ছা জানালেন দেশের শীর্ষ কবি সাহিত্যিক, শিল্পী, গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রকাশক এবং ভক্ত অনুরাগীরা। মঞ্চে পুষ্পসজ্জিত টেবিল। সেখানে একটি চেয়ারে বসে আছেন হুমায়ূন আহমেদ। একপর্যায়ে ভক্ত-অনুরাগী ও প্রিয়জনদের শুভেচ্ছায় ফুলে ফুলে ভরে উঠল তাঁর চারপাশটা। সবশেষে তাঁর প্রিয় শিল্পীরা মঞ্চে গান গেয়ে শোনালেন। উল্লেখ্য, ৫০তম জন্মদিনেও এধরনের আনুষ্ঠানিক আয়োজন হয়েছিল লেডিস ক্লাবে। সেবারও হুমায়ূন আহমেদের প্রকাশকরাই আয়োজন করেছিল। ৫০তম জন্মদিনে প্রকাশিত হয়েছিল হুমায়ূন ৫০। আর ৬০তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হলো হুমায়ূন ৬০। এরপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর পাবলিক লাইব্রেরি চত্বরে প্রকাশকদের আয়োজনে জন্মদিন উৎসব পালিত হচ্ছে। ৫০ আর ৬০তম জন্মদিন ছাড়া গত ১৩ বছর তাঁর জন্মদিন পালন করেছি আমরা একান্ত ঘরোয়া আয়োজনে, ঘনিষ্ঠজনদের সান্নিধ্যে। ১৯৯৮ সাল থেকে ২০১০ পর্যন্ত ১৩টি জন্মদিনের শুধু একটিতে আমি অনুপস্থিত ছিলাম। ১২ নভেম্বর সন্ধ্যার পর থেকেই জন্মদিনের আয়োজন চলতে থাকত। আয়োজনের নেপথ্যে সব সময়ই তার প্রিয়জনরা থাকতেন। তিনি নিজে কখনো কোনো আয়োজন করতেন না। রাত ১২টা ১ মিনিটে জন্মদিনের প্রথম কেক কাটতেন মা, স্ত্রী-পুত্র এবং ঘনিষ্ঠজনদের নিয়ে। প্রায় প্রতিটি জন্মদিনে তাঁর মা আয়েশা ফয়েজ উপস্থিত থাকতেন। ভাই-বোনরা কেউ কেউ আসতেন। নুহাশ ছিল অধিকাংশ জন্মদিনে বাবার পাশে।
বিগত বছরের ধারাবাহিকতায় হুমায়ূন আহমেদের প্রকাশকরা এবারও পাবলিক লাইব্রেরি চত্বরে জন্মদিন উৎসবের আয়োজন করেছে। গত বছর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হুমায়ূন মেলা এবং হিমু দিবস। এবারও এই কর্মসূচি পালন করছে চ্যানেল আই। জন্মদিনের কেক কাটা, আলোচনা, নাচ, গানসহ নানা আকর্ষণীয় আয়োজনে উৎসবমুখর হবে চ্যানেল আই প্রাঙ্গণ। এছাড়া দেশের সবগুলো বিভাগীয় শহরে, বিভিন্ন জেলা উপজেলায় নানা অনুষ্ঠানের আয়োজন করবে হুমায়ূন অনুরাগীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হুমায়ূন ফাউন্ডেশনও হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিনকে উদ্যাপন করবে নানা আয়োজনের মধ্য দিয়ে। এছাড়া যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ওমানসহ কমপক্ষে ১০টি দেশে প্রবাসী বাংলাদেশীরা হুমায়ূন জন্মজয়ন্তি পালনে উদ্যোগ গ্রহণ করেছে।

Image
humayun-m1.gif


তাঁর প্রয়াণের পর এবার দ্বিতীয়বারের মতো জন্মদিন উদযাপন করছি আমরা। তিনি আছেন তাঁর নিজের নদী 'ময়ূরাক্ষী'র তীরে, অনন্ত নক্ষত্রবীথিতে। তাঁর আর দশটা জন্মদিনের মতোই আমরা উদযাপন করছি এবারের জন্মদিন। নিশ্চয় তিনি দেখছেন। দেখছেন প্রিয়জনেরা তাঁর জন্মদিনে কত কী করছে। হয়তো তিনি আপনমনে আবৃত্তি করছেন প্রিয় কবি রবি ঠাকুরের চরণমালা–

আমার এ জন্মদিন-মাঝে আমি হারা
আমি চাহি বন্ধুজন যারা
তাহাদের হাতের পরশে
মর্তের অন্তিম প্রীতিরসে
নিয়ে যাব জীবনের চরম প্রসাদ,
নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ।

Image
Flag Counter