বনলতা সেনের ‘চোখ’-এ নজরুলের ‘আঁখি’
(এই লেখাটি তরুণ কবি সোহেল হাসান গালিবকে উৎসর্গ করা হলো)
সাহিত্যের বিকাশের ক্ষেত্রে পরম্পরা, প্রভাব ও মৌলিকতা এতই যুগপৎ ও অনিবার্য বিষয় যে এ নিয়ে নতুন করে কিছু না বললেও পাঠক এর সত্যতা স্বীকার করে নেবেন। আপাতভাবে যত উদ্ভট আর নতুনই মনে হোক না কেন, প্রত্যেক লেখক বহন করেন পরম্পরার স্বাস্থ্যকর সংক্রাম।
জীবনানন্দের উত্থানকালেই তার পূর্ব-পুরুষদের রক্তের উজ্জল স্পন্দনকে শনাক্ত করা হয়েছিলো ঝরাপালক-এ এবং পরবর্তী কাব্যগ্রন্থ ধুসর পাণ্ডুলিপিতেও। সেকালে রবীন্দ্রনাথের পরিবর্তে বরং নজরুল, সত্যেন দত্ত এবং মোহিতলাল কেন তার পূর্বসূরী হয়ে উঠেছিলেন তার ব্যাখ্যাও আছে। অন্তত প্রথম কাব্যগ্রন্থটিতে তিনি নজরুল ও সত্যেন দত্তের মানবিক প্রণোদনা এবং ছন্দস্পনকে আত্মোৎসারের অনুকূল মনে করেছিলেন। এই গ্রন্থের পর স্বভাবের বড় ধরনের বাঁক আমরা লক্ষ্য করি ধুসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির ও বেলা অবেলা কাল বেলায়।
কিন্তু তবু এই স্বকীয়তা সত্ত্বেও তিনি কোনো কোনো কবিতায়, বা আরও সুনির্দিষ্টভাবে বললে, বিশেষ কোনো কবিতার আলংকারিক নির্মাণ প্রক্রিয়ায় নজরুলকে সঙ্গী করে এগিয়ে গেছেন অন্তত বনলতা সেন পর্যন্ত।
জীবনানন্দ দাশের উপর নজরুলের প্রভাবের বিশদ বিবরণ যে-কেউ জীবনানন্দ-নজরুল গবেষকদের লেখায় পাবেন। কিন্তু জীবনানন্দের 'বনলতা সেন' কবিতাটিতে নজরুলের আলংকারিক ছায়ার কথা কেউ-ই এ পর্যন্ত কেন উল্লেখ করেননি সেটা আমার কাছে এখনও বোধগম্য নয়।
যদিও এই কবিতায় বিদেশী (বিশেষ করে এ্যালান পোর To Helen কবিতাটির) প্রভাবের বিস্তর আলোচনা হয়েছে। তবে এখনই স্বীকার করে নেয়া ভালো যে এই কবিতার স্বকীয়তা ও মৌলিকতার ক্ষেত্রে কোনো প্রভাবই শেষ পর্যন্ত বাঁধা হয়ে তো দাঁড়ায়ই নি; বরং প্রভাবের সমস্ত উপকরণ নিয়েই এটি হয়ে উঠেছে বাংলা কবিতার ইতিহাসে একটি যুগান্তকারী রচনা।
তবু সাহিত্যের পরম্পরা বুঝে নেয়ার স্বার্থেই এই কবিতার সঙ্গে নজরুলের সম্পর্কটি আমাদের কাছে স্পষ্ট হওয়া জরুরী। জীবনানন্দ-অনুরাগী এবং গবেষক কবি ভূমেন্দ্র গুহ সম্পাদিত এবং প্রতিক্ষণ থেকে প্রকাশিত পান্ডুলিপির কবিতা-২ আমাদের জানাচ্ছে যে 'বনলতা সেন' রচিত হয়েছিলো ১৯৩৪ সালে এবং এটি পরে দুই বছরের ব্যবধানে ১৯৩৬ সালে বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকার দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত হয়। আর বললতা সেন বইয়ে এটি গ্রন্থবদ্ধ হয়ে প্রকাশিত হয় আরও অনেক পরে, ১৯৪২ সালের ডিসেম্বরে, অর্থাৎ বাংলা ১৩৪৯ সালের পৌষ মাসে কবিতা ভবন থেকে।
এবার জীবনানন্দের এই গ্রন্থের পাশাপাশি নজরুলের একটি গ্রন্থের প্রকাশকাল মিলিয়ে দেখা যাক। আমাদের লক্ষ্য অবশ্য নজরুলের একটি গান যেটি গানের মালা গ্রন্থে অন্তর্ভুক্ত। গ্রন্থটি প্রকাশিত হয়েছিলো বাংলা ১৩৪১ সনে। হিসেব করলে দেখা যাবে যে-বছর জীবনানন্দ 'বনলতা সেন' কবিতাটি লিখছেন (১৯৩৪ ইং, ১৩৪১ বাং) সে-বছরই বেরুলো নজরুলের গানের মালা গ্রন্থটি। আর এতো বলাই বাহুল্য যে এই বইয়ের গানগুলো গ্রন্থাকারে প্রকাশেরও বেশ কবছর আগেই লিখেছিলেন।
জীবনানন্দের সূত্রে নজরুলের এই গ্রন্থের যে গানটি আমাদের মনোযোগকে চুম্বকের মতো টেনে নিয়ে যাবে সেটি নিচে উদ্ধৃত করা যাকঃ
আঁখি তোলো, দানো করুণা ওগো অরুণা!
মেলি নয়ন জীর্ণ কানন কর তরুণা।।
আঁখি যে তোমার গানের পাখি
ঘুম সে ভাঙায় আঁধারে ডাকি
আলোক সাগর জাগাও, বরুণা।।
তব আনত আঁখির পাতার কোলে
তরুণ আলোর মুকুল দোলে
রংয়ের কুমার দুয়ারে জাগে
তোমার আঁখির প্রসাদ মাগে,
পাণ্ডুর ভোর হোক তরুণারুনা।।
(গ্রন্থ: গানের মালা ১৩৪১ সন)
জীবনানন্দ ও নজরুল সম্পর্কে বরেণ্য গবেষক আবদুল মান্নান সৈয়দ তার নজরুল ইসলামঃ কবি ও কবিতা গ্রন্থের এক জায়গায় নজরুলের আলংকারিক পরিচয় দিতে গিয়ে নজরুলকে 'অলংকারচঞ্চল' কবি বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে, বুদ্ধদেব বসু বনলতা সেন গ্রন্থের আলোচনা করতে গিয়ে বলেছিলেন, "উপমার এত ছড়াছড়ি আজকালকার কোনো কবিতেই নেই। তাঁর উপমা উজ্জ্বল, জটিল ও দূরগন্ধবহ। এক একটি উপমাই এক-একটি ছোটো কবিতা হতে পারতো। তিনি যে জাতের কবি তাতে উপমাবিলাসী না হয়ে তাঁর উপায় নেই, অর্থাৎ উপমা তার কাব্যের কারুকার্য মাত্র নয়, উপমাতেই তাঁর কাব্য।"( জীবনানন্দ দাশ: বিকাশ প্রতিষ্ঠার ইতিহাস, দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ভারত বুক এজেন্সি, ১৯৮৬, পৃঃ-১৯৪)
আর এই সূত্রে জীবনানন্দের প্রবাদ প্রতিম উক্তি 'উপমাই কবিত্ব' কথাটা কে না জানেন। বুদ্ধদেব বসু আরও সুনির্দিষ্টভাবে 'বনলতা সেন' কবিতাটির ক্ষেত্রে উপমা প্রয়োগের নতুনত্বে বিস্মিত হয়ে বলেছিলেন,
"জীবনানন্দ যখন বলেন–
. . . বলেছে সে, 'এতদিন কোথায় ছিলেন?'
পাখীর নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।
তখনই বুঝতে পারি তাঁর মন কী-ভাবে কাজ করছে। নাটোরের বনলতা সেনের যে চোখের সঙ্গে পাখির নীড়ের উপমা সেই নাটোর, বনলতা সেন এবং তার চোখ এ সমস্তই যে কোনো সর্বদেশকালব্যাপী ভাবের উপমা মাত্র তা উপলব্ধি করে আমাদের বিস্ময়ের সীমা থাকে না।( প্রাগুক্ত, পৃঃ ১৯৫)"
এতো ঠিকই যে তিরিশের দশকেই উপমা বহিরাঙ্গিক সাযুজ্যের বাইরে গিয়ে ভাবগত সাযুজ্যের উপর দাঁড়াতে সাহস করলো। বুদ্ধদেব বসুর মতো সাহিত্যের জহুরীর চোখে তা ঠিকই ধরা পড়েছিলো। কিন্তু বুদ্ধদেব, নিতান্ত অবহেলাবশতই হয়তো, যেটা লক্ষ্য করেননি তা হলো এই উপমাটির ক্ষেত্রে নজরুলের কাছে জীবনানন্দের ঋণ। নজরুলের গানটির দ্বিতীয় স্তবকেই পাচ্ছি যুগান্তকারী সেই উপমার রক্তের বন্ধনকেঃ
আঁখি যে তোমার গানের পাখি
ঘুম সে ভাঙায় আঁধারে ডাকি
জীবনানন্দ বলেছেন চোখটা পাখির নীড়ের মতন আর নজরুল বলছেন চোখটা পাখির মতো। এই দুটোর কোনোটাই বহিরাঙ্গিক বা আকৃতিগত সাদৃশ্যের কথা বলছে না; উভয় কবিরই লক্ষ্য ভাবগত সাদৃশ্যকে উপমার মাধ্যমে প্রকাশ করা।
নজরুলের গানের প্রতি অমনোযোগের কারণেই হয়তো বুদ্ধদেব এই অসামান্য উপমাটি লক্ষ্য করেননি যা জীবনানন্দ দাশের মতো প্রবলভাবে স্বকীয় কবিকেও কতটা আচ্ছন্ন করেছিলো।
নজরুলের কাব্য-প্রতিভাকে বিচারের ক্ষেত্রে বুদ্ধদেব বসু আরেকটু যত্নবান হলে হয়তো এও লক্ষ্য করতেন যে 'উপমার এত ছড়াছড়ি' কেবল জীবনানন্দেই নয়, নজরুলেও তা ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন কি এই একই গানে ঐ একই বৈশিষ্ট্যের উপমাটিকে আবার অন্য এক সাদৃশ্যের সাথে উপমান হয়ে উঠতে দেখি যখন তিনি বলেনঃ
তব আনত আঁখির পাতার কোলে
তরুণ আলোর মুকুল দোলে
এবার 'গানের পাখি'র পরিবর্তে তা হয়ে উঠলো 'তরুণ আলোর মুকুল'। জীবনানন্দে একবার মাত্র ব্যবহৃত হওয়াতেই বুদ্ধদেব বসু কিংবা পরবর্তী সাহিত্য সমালোচকদের মনোযোগ আকৃষ্ট হয়, অথচ নজরুল একই কবিতায়/গানে দু'দুবার যুগান্তকারী উপমা ব্যবহার করেও কারোর মনোযোগ লাভ করেননি।
জীবনানন্দের আলংকারিক বৈশিষ্ট্য বুঝাতে গিয়ে ঐ একই প্রবন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন বুদ্ধদেব বসু:
"তাঁর কাব্য বর্ণনাবহুল, তাঁর বর্ণনা চিত্রবহুল এবং তাঁর চিত্র বর্ণবহুল–এটুকু বললেই জীবনানন্দর কবিতার জাত চিনিয়ে দেয়া সম্ভব হতে পারে।" (প্রাযুক্ত, পৃঃ ১৯৪)
জীবনানন্দ দাশ সম্পর্কে এই যে বৈশিষ্ট্যের কথা বুদ্ধদেব বলেছেন তা কি একইভাবে প্রযোজ্য নয় নজরুলের ক্ষেত্রেও? নজরুলের কবিতা ও গানে উপমা ও অলংকারের প্রাচুর্যকে একমাত্র উত্তরসুরী জীবনানন্দ দাশের সাথেই কেবল তুলনা করা যেতে পারে। শুধু উদ্ধৃত এই গানটিতেই নয়, নজরুলের অজস্র কবিতা গানে–উপমার সূত্রে–বর্ণ ও দৃশ্যের উপস্থিতি আমরা সহজেই দেখতে পাবো। সুতরাং আলংকারিক জাত বিচারে নজরুল জীবনানন্দের সবচেয়ে নিকটজন– একথা অস্বীকার করার উপায় নেই।
এমন কি 'বনলতা সেন'-এর মতো সিগনেচার পোয়েম-এও জীবনানন্দ দাশ নজরুলের আলংকারিক পরাক্রমকে এড়াতে পারেননি । 'পাখীর নীড়ের মতো চোখ'–এ জাতীয় নতুন উপমা নজরুলে বহু আগে থেকেই উপস্থিত থাকা সত্ত্বেও আমরা স্রেফ মনোযোগের অভাবে তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত রেখেছি। প্রবল আনুষ্ঠানিতা আর নজরুলচর্চার যুগেও তিনি এখনও নানাভাবে আমাদের সাহিত্যিক অরুচি ও অবহেলার শিকার।
