মৃত্তিকা গুণ-এর লাবণ্যের কংক্রিট
"মানবমনের প্রাচীনতম নান্দনিক কার্যকলাপের মধ্যে কাব্য অন্যতম । কোনো সভ্য জাতির প্রথম যুগের সাহিত্য যেখানে রক্ষিত হয়েছে সেখানে দেখা যায় যে তা' রূপের দিক থেকে প্রায় পুরোপুরি কাব্যধর্মী অর্থাৎ ছন্দোবদ্ধ বা মাত্রাবদ্ধ। গ্রিক স্ক্যান্দিনেভিয়ন, অ্যাংলোস্যাক্সন, রোমান, ভারতীয়, চীনা, জাপানি ও মিশরীয় ……. ঈশ্বরতত্ত্ববিষয়ক রচনা, জোতদারদের জন্য নির্দেশাবলি, রাজনৈতিক ও পরিষদীয় প্রবচন, মিশরীয় জোর্তিবিজ্ঞান, অভিজাতদের ইতিহাসের জয়গান দেবতাদের জন্মতত্ত্ব থেকে মহাকাব্য, প্রথম যুগের কৃষিবিষয়ক আচার-অনুষ্ঠান এথেনীয় ট্রাজেডি ও কমেডি স্বাভাবিকভাবেই ছন্দোবদ্ধ ও মাত্রাবদ্ধ" ( 'ক্রিস্টোফার কডওয়েল, ইলিউশ্যন আন্ড রিয়েলিটি । )
সময়ের হাত ধরে সভ্যতার নানা পথ পেরিয়ে আসা আজকের কাব্যের চেহারাটা আর প্রাচীনে থেকে যায়নি । নানাভাবে বদল ঘটেছে কবিতার শরীর কাঠামো নির্মাণে ও চিন্তার বিন্যাসে । নানা তত্ত্বও গড়ে উঠেছে এবং কবিতার দীর্ঘপথ পরিক্রমায় নবতর চেতনার সংযোজন হলেও রূপ-রস-মাত্রা-ছন্দ আরও মিহিন হয়ে বসে গেছে কবিতার শরীরে । প্রাথমিক অবস্থায় কবিতায় ছিল বিষয়, তারপরে ভাব আর আধুনিক সময়ে ভাব ও বিষয় সমন্বিত হয়ে পেল শিল্পরূপ। কবিতা তার নান্দনিকতায় পুষ্টি আনল। কালে কালে নানা পথ ও মত তৈরি হল, নানা নামে কবিতাও চিহ্নিত হতে থাকলেও কেউ-ই এ কথা অস্বীকার করে না, কবিতায় চেতনাহীন বাক্যাবলি শিল্পের মর্যাদা দাবি করতে পারে । অর্থাৎ কবিতা যে কেবলই ঝঙ্কার যুক্ত শব্দাবলি নয়, আরও বেশি কিছু সে কথা স্বীকার করে নিলেন তা সে প্রেমের কবিতা হোক, বা দ্রোহের কবিতা, সব ক্ষেত্রে নান্দনিকতাকে মান্য করলেন সবাই । যারা বললেন, 'কবিতা একটি বৃক্ষের মতো আপনি প্রয়োজনে তার তলে বসতে পারেন বিশ্রাম নিতে পারেন কাঠ সংগ্রহ করতে পারেন আবার পাখির কুজনও ঊপভোগ করতে পারেন' কিংবা যারা বললেন, 'রাজনীতিবিহীন কোনো কবিতা নেই, কবিতায় রাজনীতিই প্রথম' কিংবা যারা মানুষকে জাগাবার জন্য, অন্যায় অবিচার প্রতিরোধে মানুষের প্রেরণা যোগাবার জন্য কবিতা সকলেই কবিতাকে কবিতা করে তুলতে প্রয়াসী, কারণ কবিতার প্রথম শর্তই হচ্ছে কবিতাকে কবিতা হয়ে উঠতে হবে, তবেই সে বাণী হয়ে তৃপ্ত করবে তার পাঠককে । কবির কবিতার ভাব ভাবনা প্রকাশ তাল, লয়, ছন্দের মধ্য দিয়ে পাঠকের মনে যে ক্রিয়ার সৃষ্টি করে তার মধ্য দিয়েই কবির সঙ্গে পাঠকের সংযোগ। অর্থাৎ কবি ও পাঠক– এর মধ্যবর্তী সেতুটি কবিতা । পাঠকের মনে কবির প্রকাশিত ভাব হুবহু প্রতিফলিত হয় না বরং বলা চলে পাঠকের মনে যে ভাবের সৃষ্টি হয তাকে যৌক্তিক রূপ দেয় কবিতা । আর এভাবে একটি কবিতা সমাজের মানুষের মনে নতুনতর ভাব সঞ্চারণের মধ্যদিয়ে পরিশিলিত করে সমাজ এবং মানুষের সামাজিক জীবন ।
এরিস্টটল মান্য করতেন কবিতা কোনো অতিন্দ্রীয় বিষয় নয়, কবি কোনো দৈব অনুপ্রেরণা থেকে কবিতার প্রেরণা পান না বরং তা তার নিজেরই' সে কারণে মার্কস তাকে প্রথম বস্তুবাদী বলে উল্লেখ করেছেন। সুতরাং কবিতা সমাজজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই কডওয়েল-এর ভাষায় কবিতা 'জমাটবদ্ধ সামাজিক ইতিহাস' কেউ কবিতাকে শিল্পের সুউচ্চ আসন দিয়ে বলেছেন, 'সুন্দর সুন্দর শিল্পকর্মের স্রষ্টা কবি ও শিল্পী অতীতে বা বর্তমানে এত যে সময় দিলেন তা কি অর্থহীন? তাঁরা যদি মনে না করতেন যে শিল্পের দ্বারা মানব সেবা করছেন, তাদের শিক্ষার ব্যবস্থা করছেন. তাদের জীবনধারার দিক নির্ণয় করে দিচ্ছেন তা হলে তারা শিল্পকর্মে আত্মনিয়োগ করতেন না' 'ক্রোচের নন্দনতত্ত্ব'। আমাদের আলোচ্য কবি মৃত্তিকা গুণ সে রকম যে শিক্ষা পাচ্ছে বা শিখে নিচ্ছে তার উল্লেখ আমরা পাই তার উৎসর্গপত্রে যেখানে সে লিখেছে '…যিনি আমাকে শিখিয়েছেন মানুষকে মানুষ ভাবতে'। এই মানুষ ভাবনার মধ্যেই তার কবিতার অন্তসার ক্রমে ক্রমে বিস্তার লাভ করবে আয়োজন পর্বে আমরা তা অনুভব করতে পারছি।
মৃত্তিকা গুণ-এর প্রথম কাব্য 'আমার আকাশে বৃষ্টি' এখানে 'আমার' শব্দটি ব্যক্তিবাচক, যে ব্যক্ত হয়েছে তার অনুভূতি প্রকাশের মধ্যদিয়ে পাঠকের কাছে যার অস্তিত্ত্বের সামিয়ানায় 'আকাশ' আর বৃষ্টি প্রাণের, স্নিগ্ধতা, নানা রূপান্তরের যৌগ অনুষঙ্গ যা অবলম্বন হয় ব্যক্তির প্রকাশে নানা বিভাবে। ভরতের (ভরতমুনি) মতে, 'বিভাব হল স্থায়ী অনুভূতি, প্রকাশ ও প্রতিবেদনের বৈশিষ্ট্যে বিভাব রসানুভূতির বিষয় হয়ে ওঠে।' (রূপ, রস ও সুন্দর-দেবীপ্রসাস চট্টোপাধ্যায়) এখানে 'আমার আকাশে বৃষ্টি' আলম্বনবিভাব ছড়িয়ে গিয়ে উদ্দীপন বিভাবে রূপান্তরিত হয় এবং পাঠক সহজাত চিন্তা ও কল্পনার মধ্যদিয়ে নতুন রসের আস্বাদন নিতে পারে যখন কবি বলে–
১. 'আমার বোধগুলো তোমাকে দেখলেই
অবাধ্য বুদবুদের মত উপরে উঠতে থাকে
সূর্য়ের আলো পড়ে লাল হয় নীল হয় বেগুনী,সবুজ হয় অবাধ্য বুদবুদের মতো..' (অবাধ্য বুদবুদ)
কিংবা
২. রাত কবিতায়
'চাঁদের রাতে তোমার সাথে নিয়ম মেনে ঝগড়া করি'
ঝগড়াটা নিয়মের মধ্যে পারষ্পরিক সমঝোতার যা পাঠকের মনে উদ্দীপন ভাবেরও সৃষ্টি করে।
মৃত্তিকা গুণের প্রথম কাব্য ইতোমধ্যে সুধী জনের স্বীকৃতি পেয়েছে, পুরস্কৃত হয়েছে। আর আমি যে আলোচনাটুকু লিখছি তা' কেবল সন্তানতুল্য এক তরুণ কবির সৃষ্টির প্রতি আমার মুগ্ধতার অভিব্যক্তি। আয়োজন পর্বে অনেক কবির কবিতায় এ রকম পঙক্তি নির্মাণে পারঙ্গমতা লক্ষ করা যায় না, যা তার কবিতায় পেয়ে যাই। যেমন–
১. 'চাঁদের আলোয় ভেজা কাচের জোনাক' (রাত মাখা চাঁদ) বা
২. 'আজ কাল কোনো মানুষই আর মানুষ হয না' (সংসার সমুদ্র) কিংবা
৩. 'অনেক দূরে গিয়েছো তুমি চলে
পথের রেখা মুছেই গেছে কবে'(ধুপছায়া)।
মৃত্তিকার সৃষ্টি প্রসংগে আমার অগ্রজ কবি মহাদেব সাহা তাঁর মুগ্ধতার অভিব্যক্তি প্রকাশ করেছেন এভাবে 'মৃত্তিকার প্রশংসা সে নিজেই। মৃত্তিকা গোপনে গোপনে একজন পরিপূর্ণ কবি হয়ে উঠেছে, সে আয়ত্ব করেছে এমন লাবণ্যময় কবির ভাষা, উপলব্ধি করেছে বাংলার আকাশ প্রকৃতি সর্বোপরি নিজেকে, কবিতার দেবী লোকচক্ষুর আড়ালে কীভাবে কাজ করে যায় 'গোপনে গোপনে'। আমাদের মৃত্তিকা নির্মলেন্দু গুণের একমাত্র কন্যা, এখন সে কবি, তার প্রথম কবিতার বই 'আমার আকাশে বৃষ্টি' আর কি বলার থাকতে পারে আনন্দিত ও অভিভূত হওয়া ছাড়া।'
মৃত্তিকার কবিতার কতিপয় পঙক্তি আমি উপরে উল্লেখ করেছি তার কবি শক্তির প্রমাণ হিসেবে, কিন্তু তার কবিতার
অন্য দিকগুলো নিয়ে আলোচনা করিনি। যদিও বিশাল পটভূমিতে এখনই তার কবিতা নিয়ে কোন লেখা লিখতে যাওয়া ঠিক হবে না তবুও লক্ষণগুলো নিয়ে সামান্য কিছু আলোকপাত করা যায়। মৃত্তিকা কেবল মাত্র ভাবের বিলাস নিয়েই কবিতা লিখছে না, জীবন, মানুষ, মানুষের কষ্ট, দুঃখ, বেদনা, ত্রাণ, সমাজের ন্যায় অন্যায় বোধ এবং আকাঙ্ক্ষা তার কবিতার অনুষঙ্গ হয়েছে। যেমন ধারণার শিকড় কিংবা শিকড়ের ধারণা, দারিদ্রের স্বপ্ন, স্বাধীনতা দিবস, প্যান্ডোরার বাক্স ইত্যাদি কবিতাগুলোয় জীবনবাদী মনোভঙ্গী আছে । যদিও এসব বিষয়ে মৃত্তিকা নিজের ভাবনাকে এখনও দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে সংহত করে সমাজ রসায়ন বুঝবার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গী পরিপুষ্ট করে উঠতে পারেনি, যা সময় এবং অভিজ্ঞতার মধ্যদিয়ে আয়ত্ব হবে আর তখন আমরা তার পিতার মতোই বা আরও অনেক অগ্রজের মতো নতুন ভাবনা চিন্তার উপাদান পেয়ে যাব তার কবিতায়। সংযোজন হবে নতুন মাত্রায় নতুন ভাবনা যেমন আমরা পাই নিচের পংক্তিগুলোতে–
১. 'আমি করুণ, অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি শিশুটির দিকে
ওকে বাঁচানোর কোন উপায় কি নেই এই সুন্দর পৃথিবীতে? বা
২. কোটি কোটি সন্তানের দেশে ফুটপাত হাউজফুল আবার
৩. আজ তাদের বিচার হবে/আজ আমরা স্বাধীন হবো/আজ আমাদের স্বাধীনতা দিবস হবে কিংবা
৪. আমার কিছু বলার নাই যে বাকি/এখন শুধুই বিষাদ মাখা ভোর'
এই পংক্তিগুলো তার উল্লেখিত কবিতার যেখানে কল্যাণের চিন্তা আছে, মানবপ্রীতির উষ্ণতা আছে, সামাজিক ন্যায়ের আকাঙ্ক্ষা আছে, প্রেম-ভালোবাসা আছে, আছে রাগ-দ্রোহ।
মৃত্তিকা যে আরও বেশি বেশি লিখবে এবং লিখে লিখে চমৎকৃত করবে আমাদের সবাইকে যারা আমরা সময়কে পিছু ফেলে এগুচ্ছি অনন্ত সময়ের দিকে কিংবা যারা তার সঙ্গে লিখছেন লিখবেন কবিতা, মানবপ্রেমের অনলস আকাঙ্ক্ষা নিয়ে। মৃত্তিকার কবিতায় উপশম আসুক ঝরনার মতো।
কাব্য: আমার আকাশে বৃষ্টি,
প্রকাশক: অনন্যা, ৩৮/২,বাংলাবাজার,
প্রচ্ছদ: ধ্রুব এষ, কবিতার সংখ্যা: ৩০
দাম: ১০০/- টাকা।
