২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি

লীসা গাজী

Published : 07 May 2013, 10:48 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

রবীন্দ্রনাথের গান নিয়ে আমি একেবারেই কোনো তাত্ত্বিক আলোচনায় যাব না। প্রথমত সেই যোগ্যতাই আমার নাই; আর দ্বিতীয়ত রবীন্দ্রনাথের গান, তাঁর বাণী আর সুরের অলঙ্ঘ্যনীয় প্রভাব, মায়া— একজন সাধারণ মানুষের জীবনে কীভাবে বারবার ফিরে আসে, কীভাবে তাকে ভাঙে, গড়ে, ভাবায়, ভালোবাসায়, দ্রোহে-বিদ্রোহে তাকে উজ্জীবিত করে, পাগলপারা করে, আবার কোমল আলোয় তাঁর বাণী সেই একই মানুষটাকে কীভাবে অন্তর্নিহিত সত্যের খুব কাছে নিয়ে যায়— স্ব-আয়নায় আমি আজকের এই স্বল্প পরিসরে তাই দেখতে চেষ্টা করব। যদিও প্রথম কারণটাই আসলে মুখ্য।

কত বয়স ছিল এখন আর ঠিক করে মনে পড়ে না। খুব ছোট তখন আমি, বড় জোর তিন কি চার। সবে দেশ স্বাধীন হয়েছে। আমার বাবার কাজের সূত্রে আমরা তখন সপরিবারে পাকশি থাকি, পদ্মাপারের ছোট্ট একটা রেল শহর।

আমাদের একটা লাল সিন্ধি গরু ছিল। সিন্ধি গরুর ঘাড়ের উপর বসে থাকতাম আমি আর আমার ভাই পালা করে। এমন নির্বিরোধী জীব আমি আর জীবনে দেখি নাই। খেলার ফাঁকে রানির কাছে গেলেই মাথা নুইয়ে দিত; আর আমরা ঘাড়ে-পিঠে চড়ে বসতাম— আমি দুহাত দিয়ে শক্ত করে দুই শিং ধরে থাকতাম আর ওইটুকুন গলা ছেড়ে গাইতাম— 'ওরে ওরে ওরে আমার মন মেতেছে'। আমাদের বাংলোর সামনে রানির চড়ে বেড়াবার জায়গাটা ছিল বিশাল। অন্তত আমার ছোট্ট চোখে তাই মনে হত। ঘাসে মুখ দেওয়ার জন্য যখন মাথাটা নোয়াত, আমার পুরো শরীরটাও মাটির কাছাকাছি নুয়ে আসত। কণ্ঠ থেকে গানের বাণী আর সুর কেঁপে কেঁপে, ভেঙে ভেঙে ছড়িয়ে পড়ত ঘাসে, মাটিতে, হাওয়ায়। কী যে আনন্দ হত, কী যে আনন্দ— স্বপ্নেরও অধিক! এই পুরো ঘটনাটা সত্যি ঘটেছিল নাকি আমার উর্বর মস্তিষ্কের কল্পনা, এই নিয়ে আমার একটা সংশয় আছে। আমার বড় ভাইকে জিজ্ঞেস করায় বলল, না না, আমরা 'ওরে ওরে ওরে আমার মন মেতেছে' গাইতাম না। আমরা গাইতাম 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে'। তাই হবে— 'একলা চলো, একলা চলো, একলা চলো রে'। না বুঝেই সেই প্রেরণাসঞ্চারী গান তখন কণ্ঠে ধরেছিলাম, যা পরবর্তীকালে শক্তিমন্ত্র হিসেবে মেনেছি।

দেশ স্বাধীন হলেও এর সংগ্রামী ধ্বনিগুলো কিন্তু আমরা তখন বয়ে বেড়াতাম। এর জন্য অবশ্য বাবা-ই দায়ী ছিলেন। তাঁর ছিল গানের ব্যারাম। গাইতে পারতেন না এক বিন্দুও, কিন্তু কখনও তাকে দমতে দেখিনি। তাঁর কাছ থেকেই আমাদের অন্তরে সংক্রমিত হয়েছিল, 'আমি মারের সাগর পাড়ি দেব', 'বাঁধ ভেঙে দাও', 'বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে', 'যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা', 'আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে', 'আমি ভয় করব না ভয় করব না'— এ রকম অসংখ্য গান। হৃদয়ে হৃদয় ঘষে আগুন জ্বালাতে এই গানগুলো উচ্চারিত হয়েছে বারবার— যেমনটা হচ্ছে এখন শাহবাগে। এ আগুন চেতনাশুদ্ধির আগুন। 'চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি'।

রবীন্দ্রনাথের গানকে কখনও বিশাল কোনো সৃষ্টিকর্ম ভেবে অন্তরে ধারণ করেছি বা বরণ করেছি, এই দাবি আমি অন্তত করতে পারব না। তাঁর গানের কথা, সুরের সহজতা এক অনায়াস ছন্দে আমার দিনগুলোকে বেঁধেছে, বাঁধছে। আমার জীবনের প্রতিটি স্মরণীয় মুহূর্তের সঙ্গেই তিনি তুমুল জড়িয়ে আছেন; এমনকি ছোটখাটো যন্ত্রণার সঙ্গেও। ছোটবেলায় অসম্ভব দস্যি ছিলাম। তো সেই দস্যিপনার একটা শাস্তি ছিল, 'অন্তর মম বিকশিত কর অন্তরতর হে' গানটা দশবার বা কুড়িবার লেখা— দুষ্টুমির প্রকারভেদে সংখ্যা উঠত বাড়ত। আমি তিরিশবার পর্যন্ত লিখেছি এবং শুধু তাই নয়, জোরে জোরে উচ্চারণ করে লিখতে হত। শিশুদের শাস্তি দেওয়ার জন্য তাঁর গান ব্যবহৃত হচ্ছে বা তাঁর সৃষ্টিকর্মের এহেন অভিনব প্রয়োগে রবিবর আদৌ কতটা পুলকিত হতেন, সেই ব্যাপারে আমি যদিও যথেষ্ট সন্দিহান। তবে একটা সান্ত্বনা তাঁর জন্য তোলা আছে বৈকি; আর সেটা হচ্ছে, শেক্সপিয়র মশাইয়ের 'Who steals my purse steals trash' এটাও সময়বিশেষে শাস্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হত।

বাবার রেলের চাকরির সূত্রে সারা বাংলাদেশ আমরা চষে বেড়িয়েছি। তখন আমরা চট্টগ্রাম থাকি। ক্লাস সিক্সে পড়ি। আমাদের বাড়ির পিছনের বাগানে অনেক ধরনের গাছ ছিল। এর মধ্যে দুটো পেয়ারা গাছ ছিল গায়ে গা লাগানো। একটায় উঠে বসে আরেকটার ডালে পা ছড়িয়ে দিব্যি হেলান দিয়ে দোল খেতাম। টু-ইন-ওয়ানে রবীন্দ্রনাথের গান শোনা আর পা দুলিয়ে বই পড়া, সঙ্গে কচকচে পেয়ারা—এই ছিল আমার 'আছি সুখে হাস্যমুখে দুঃখ আমার নাই' জীবন। আমার সেই একলার আসরে রবীন্দ্রনাথের গান গাইতে আসেননি, এমন শিল্পী খুঁজে পাওয়া ভার। শান্তিদেব ঘোষ থেকে কিশোরকুমার, আবার কণিকা বন্দ্যোপাধ্যায় থেকে আশা ভোঁসলে—সব্বাই গাইতেন। ছুটির অনেক অপরাহ্ণই কাটত আমার সেখানে।— 'আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে'!

রাজশাহীতে যখন ছিলাম, সেই সময়টা ছিল বড় সুখের। খুব রাজশাহী বিশ্ববিদ্যালয় যাওয়া হত– এত সুন্দর বিশ্ববিদ্যালয় আমি তো আর কোথাও দেখি না। সেখানে স্বননে কবিতা পড়তে যেতাম। সদস্যরা বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। আমার বয়স তখন তেরো। ঐ সময়টায় কবিতায় ঋণী করেন নাজিম মাহমুদ, হাত ধরে পড়া শেখানো যাকে বলে তাই করতেন তিনি। রবীন্দ্রনাথের গান, কবিতা, আড্ডায় মুখর ছিল সেইসব দিন। আরও এসে জুটতেন হাসান আজিজুল হক, সনৎ সাহা এমন অনেকে। সেখানে সমবয়সী বন্ধুও ছিল বিস্তর— শুচি হাসান, মুজতবা হাকিম প্লেটো, লাইসা আহমেদ লিসা, ইমতিয়াজ আহমেদ। ঋষিতুল্য রবীন্দ্রশিক্ষক ওয়াহিদুল হক আমাকে ডাকতেন। কবিতার লীসা আর গানের লীসাকে তো আমরা সবাই চিনি— এক স্বরে, এক কণ্ঠে আমরা গাইতাম, 'ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু'। 'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'। আমার কোনো হদিসই ছিল না কী সব প্রবাদপ্রতীম মানুষের সঙ্গে আড্ডা হচ্ছে, কবিতা হচ্ছে, গান হচ্ছে— গগন শিরীষের নিচে শীতলপাটি বিছিয়ে—রবীন্দ্রনাথ সম্ভব করেছিলেন তা! 'আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে'। শিরীষ গাছগুলোর নাম 'গগন শিরীষ' রেখেছিলেন হাসান আজিজুল হক, উল্লেখ না করে পারলাম না।
সেসব নানারঙের দিনগুলি রবীন্দ্রনাথের গানে পূর্ণতা পেয়েছিল নাকি রবীন্দ্রনাথের গান সেই আশ্চর্য সময়ের আদরে-আহ্লাদে-আলোয় প্রাণ পেয়েছিল, বলা মুশকিল। শুধু এইটুকু হলফ করে বলতে পারি স্মৃতিগুলো গান-কবিতাহীন হলে বড় পানসে লাগত, তার স্বাদ উবে যেত বৈকি! এখন যখন বিশেষ স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা কোনো রবীন্দ্রসংগীত শুনি তক্ষুনি সেই সময়ে আমি ফিরে যাই। স্মৃতির সুবাসে গান আরও মিঠা লাগে।

কী কঠিন প্রেমে পড়া পড়েছিলাম— 'মম অন্তর উদাসে' টাইপ! হুলুস্থূল প্রেম যাকে বলে! বয়স তখন সতেরো। কৃষ্ণকলি গানটা-ই ছিল প্রেমের প্রতিপাদ্য। রবীন্দ্রনাথের গানে আশকারা পেয়ে অকালপক্ব যে ছিলাম সে বলাই বাহুল্য। 'মাথার 'পরে দেয়নি তুলে বাস,/লজ্জা পাবার পায়নি অবকাশ।/কালো? তা সে যতোই কালো হোক/দেখেছি তার কালো হরিণ-চোখ', আধফোটা বয়সের দ্বিধা আর ভালো লাগার সঙ্গে পাল্লা আর কে দেবে রবীন্দ্রনাথের গান ছাড়া। 'তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ/ও মোর ভালোবাসার ধন'। 'এমন দিনে তারে বলা যায়/এমন ঘনঘোর বরিষায়…'

একবার হুহু রাতের ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি। 'তূর্ণা নিশিথা'য়। উথালপাথাল জ্যোৎস্না সে রাতে। গ্রামগুলোর বুক চিরে তীব্র ব্যথার মতো শীষ দিয়ে ছুটে যায় রেলগাড়ি। আর কানে ভেসে আসে, 'ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া…' রেলগাড়ির বাধা ছন্দের দোলায় দমকে দমকে ছড়িয়ে পড়ে বাণী আর সুরের মহিমা। '…বুঝি এলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে, আড়ালে আড়ালে দেয়া নেয়া…'। আমাকে ছাপিয়ে, রেলগাড়ির কামরা ছাপিয়ে কোন নাম-না-জানা গাঁয়ের ভেজা পথে, হাওয়ায় বেসামাল লাল শাড়ির আঁচলে সেই সুর উথালপাথাল জ্যোৎস্নায় খেলা করে। এই অপার্থিব সৌন্দর্যের বর্ণনা হয় না। অন্য কোনো জগতে, অন্য কোনো তুলির টানে এই ছবি আঁকা হয়ে থাকে।

আমরা সপরিবারে প্রায়ই কুষ্টিয়া যেতাম। লালন আর রবির চিহ্ন পড়ে আছে সেখানে। শিলাইদহ কুঠিবাড়িতে এলোপাথাড়ি ঘুরে বেড়াতাম। পুকুরঘাটটা আমাদের খুব পছন্দের জায়গা। ঘুরে ঘুরে পুকুরঘাটের কাছে গেছি— দেখি, কাঁচা বয়সের এক বাউল গাইছে, 'ওরে আগুন আমার ভাই আমি তোমারই জয় গাই/ তোমার ঐ শিকল ভাঙ্গা এমন রাঙ্গা মূর্তি দেখি নাই'। গানের তোড়ে ঘাট ভেসে যাচ্ছিল, সঙ্গে আমরাও— যারা শুনছিলাম। এরই মধ্যে ভীড় জমে গেছে। হঠাৎ মাঝখানে গান থামিয়ে সেই কাঁচা বাউল আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, 'এই মেয়ের চারপাশে পানি খালি পানি' – তারপর আবার গানে ফিরে গেল। আমি আমূল কেঁপে উঠেছিলাম। সেই একই বাউলের সঙ্গে আবার আমার দেখা হয়— কুষ্টিয়াতেই, প্রায় এক দশকের বেশি সময় পরে। আমি চিনতে পারি নাই কিন্তু তিনি চিনেছিলেন। এই অতি বিচিত্র, রহস্যময় পৃথিবী আমাদের বারবার সত্যেরও অধিক কিছুর সামনে এনে দাঁড় করায়। আমরা দৈব বলে ভুল করি— 'জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা/ জয় তব ভীষণ সব-কলুষ-নাশন রুদ্রতা/ জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা…'।

আমার মেয়ে যেদিন ভূমিষ্ঠ হল— এইটুকুন! ৫ পাউন্ড ওজন। হাতের তালুর মধ্যে ওর পুরা শরীরটা এঁটে যায় এমন। রাতের মতো আমাদের একা করে নার্স যখন বিদায় নিল, আমি আর মেয়েটিকে প্রাণে ধরে রাখতে পারলাম না। বুকের মধ্যে নিয়ে আসলাম, কী অপরূপ সময়! ঐটুকু চেতনায়, ঐটুকু অবয়বে একটা পূর্ণাঙ্গ মানুষ। বিস্ময় না মেনে কী পারা যায়! গাইতে তো পারি না কিন্তু সেই রাতে রবীন্দ্রনাথের গান আমি ওর কানে একের পর এক উচ্চারণ করে গেছি— 'বহে নিরন্তর অনন্ত আনন্দধারা'। 'রহি রহি আনন্দতরঙ্গ জাগে/ রহি রহি, প্রভু, তব পরশমাধুরী হৃদয়মাঝে আসি লাগে'।

যেদিন বাবা মারা গেলেন, সেদিন আকাশ ছিল পরিষ্কার— কোথাও কোনো মেঘ ছিল না। তবু মনে হল 'গভীর রজনী নামিল হৃদয়ে'। প্রতিটি মানুষই তো মূলত একা, সেটা শোকের সময় সবচেয়ে বেশি করে বাজে। বাবার কবরের ফলকে দোয়ার নিচে লেখা, 'আমারে তুমি অশেষ করেছ এমন লীলা তব/ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব'। সব সাঙ্গ হবার পর আমার সহায় ও আশ্রয় তখন ছিল রবির গান, কবিতা।

তাঁর গানে পরম করুণাময়কে আমি বারবার স্পর্শ করেছি, ছুঁয়েছি। 'জীবন মরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে'। যেই বিশ্বাসে নির্ভর করে একাগ্র মনে আমি দোয়া পাঠ করি সেই একই বিশ্বাসের শান্তি নিয়ে উচ্চারণ করি, 'সদা থাক আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মলপ্রাণে'।

Image
Flag Counter