২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফ হোসেনের তিনটি কবিতা

আলতাফ হোসেন

Published : 21 Feb 2016, 11:34 AM

Updated : 03 Oct 2022, 11:26 AM

লালুখেত

এই জায়গাটার নাম ধরো লালুখেত। ঠিক নাম কী যে তা ভুলেছি।
আর লালুখেত একটা ছিল বটে কোথায় যে শৈশবে আমার।
লালুখেতে চারতলায় থাকি। আর কোনো জায়গা চিনব আরো বড় হলে।
এটা কোনো রোগ, কোনো কথাই যে বিশ্বাস হয় না? ক্বচিত বেরোই
দুপুরটা পরিচিত লাগে, তবে লোকগুলো এ তল্লাটে তক্কে তক্কে থাকে
মারবে, না কাছে এসে জড়িয়ে ধরবে? ভীত ও হর্ষোৎফুল থাকি
ভাবব না। ভাবলেই, আমি । আমি-আমি করে নাকি বলতে নেই। তবে
আমি যে কে, আমি যে কী, রবীন্দ্রনাথের গান বলতে পারবেন।

কোনো একটা দিকে

কোনো একটা দিকে কেউ মেরে রাখে, মাই ভিডিও ফোল্ডারে
ডাউনলোডস অমনি থাকে। সুপ্ত। কোনোদিন জেগে উঠবে ভাবে
আর এই ঠকঠকানি, কিছু একটা বের করা যায় যদি, ভেবে ভেবে
আর একটু পর-পর বলে ওঠে হাতপাকামড়ানি, শুয়ে পড় ব্যাটা
কেউ একজন মরে গেল, সেটা টিভিতে বলা ফুরোচ্ছে না আর
এ ভদ্রলোক সন্তোষে ভরা। পাহাড়সমীপে হাত ওঠায়, অমনি রাখে
রেখে দ্যায়। ছোটবেলা বেশ ছিল। ভূতেরাও একটা-দুটো ছিল।
এখন অনেককিছু শুনতে হয়। পড়তে হয় মাইল মাইল লেখা।

এম্পটি চ্যাটার লাগছিল

কী করব,টাইটানিক দেখছি। ভাল লাগছিল না কিছু রূপসীর :
এম্পটি চ্যাটার লাগছিল। তারপরই চলে যায় শীর্ষ থেকে দেবে ঝাঁপ।
ভাল লাগছে না কিছু। ঝাঁপ দিচ্ছি,ডুবে যাচ্ছি। কে আর বাঁচাবে।
মরে গিয়ে মাটি স্পর্শ করেই দেখেছি তা রবার,জোর বাউন্স করেছে।
যে নীরস বেঁচে থাকতে পারে তাকে কে রাখবে পাতালপুরীতে!
লিখতে পারি না কোনো পথিকের মতো তবু তাকিয়ে থাকছি ধূ ধূ চোখে
দিন ছিল ফেসবুক ডাকত,সন্ধ্যা ডেকে নিত, রাত বলত,আয় আয় আয়
ব্যালকনি থেকে দেখছি আসমান জ্বলজ্বল করছে এম্পটি চ্যাটারে

Image
Flag Counter