নিবেদিত পঙক্তিমালা
ফেউ
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
সন্ধ্যারাতে চতুর্দিকে চেঁচিয়ে মরে ফেউ।
মরুক। তোর কাজে
বিঘ্ন কেন ঘটবে, তোর হাতের কলম কেউ
কাড়তে পারবে না যে।
দৃশ্য বটে পালটে যায়, রাত্রি হয় ঘোর।
তখনও ফেউ ডাকে।
ডাকুক, ডেকে মরুক। তাতে ভাবনা নেই, তোর
কলম যদি থাকে।
ঘরের মধ্যে একলা তুই, বাহিরে ঘুরে যায়
আতঙ্কের ঢেউ;
এদিকে দেখি টেবিলে আলো। ওদিকে শুনি ঠায়
চেঁচিয়ে মরে ফেউ।
চিরচিত্র
রফিক আজাদ
এইতো তোমার স্পষ্ট সমাজ-সংসার-ঘরদোর,
এই যে তোমার প্রিয় দৃশ্যমান শস্যের প্রান্তর-
হরিৎ প্রতালি আর বহমান লাবণ্যের ধারা;
সুখী গৃহকোণ ছিরে সবুজের ধারাবাহিকতা-
দক্ষিণ সমুদ্র থেকে ভেসে আসা বিহ্বল বাতাস,
চালবাহী বিদেশী জাহাজ, নীল নাবিকের গলা,
সমতল জলের ওপরে ভাসমান মূল্যবোধ-
তোমর এ-সব কিছু সমসৃণ জীবনের দায়!
বিপরীত চিত্রটিও আঁকা আছে চোখের সম্মুখে;
পদ্মা ও মেঘনা জুড়ে বিস্তারিত জেলেদের জাল,
ছোট ছোট দেশি নৌকো দুলে ওঠে দুরন্ত দোলায় –
মানুষের শ্রম-রক্ত-ঘাম-অশ্রু অবিরাম ঝরে!
জলের রুপালি শস্য মধ্যস্বত্বভোগীর কবলে
চলে যায় : তীরে ফেরে শূন্য হাতে অবসন্ন দেহ!।
গোলাবাড়ি ছেড়ে যাই
মুহম্মদ নূরুল হুদা
লেবুর পাতার ঘ্রাণে জব্দ তুমি,
করলব্ধ, নাবালিকা ভুমি;
যেতে যেতে ফিরে আসো,
ভালোবাসো সর্বনাশও,
তুমি ঘূর্ণি-রুমি;
হে গর্ভিনী জলাঙ্গিনী,
স্বরস্বতী দুগ্ধবতী,
মা-দুর্গা ওলান –
রেখেছি অমৃতে মুখ,
জন্মে-জন্মে সর্বভূক,
সতৃষ্ণ পরাণ।
দাও শস্য, দাও জল,
আকাশগঙ্গায় খল
নক্ষত্রের ঢল,
জোনাকি বধুর মুখ,
জন্মে-জন্মে সর্বভূক,
পিপাসা অমল।
যাই দূরে যাই,
গোলাবাড়ি ছেড়ে যাই,
শস্যমুখে যাই,
ওরে, উড়ে উড়ে যাই।
চলে কুঠির ডাঁই
ভুমেন্দ্র গুহ
হৃদয়ের চিলেকুঠি পাঁচ রকম জিনিস-পত্রে বাক্স-প্যাঁটরায়
ডাঁই হয়ে আছে থাকে-থাকে সাজানো-অসাজানো–ও সব
আমরা আর কোনও দিন পড়ব, মনে হয় না, তা হলেও
আঁচড়গুলি ছোপগুলি একভাবে থেকে যাবে, তা-ও মনে হয়
তাল-পাতাগুলি আছে, লেখা হয়েছিল, মুছে গেলে আবার
লেখা হয়েছিল; কাগজ-পত্রের বান্ডিলের উপরে কালো
কার সুতো দিয়ে বাঁধা, যত্নে ছিল, আজ আর নেই তেমন:
তলায় হারিয়ে যাওয়া অক্ষরগুলির ভাষাও আজ অস্পষ্ট।
সকলই সংবাদ, সকলই সন্দেশ, সন্দেশ, সকলই… ইত্যাদি, এবং
কী জন্য যে জমিয়ে রেখেছি, এ সব হলদে হয়ে আসা
ঠিকুজি-কাগজ, অথবা এটা সেটা উপহারের জিনিস পত্তর;
ফেলে দিলেই হয়! কিন্তু শেষ পর্যন্ত কিছুই বেঁচে থাকে না;
এবং কেউ-ই শেষ পর্যন্ত তেমন বুদ্ধিমান নয়। সবাই জানি।
যত্ন-আত্তি করি না, খেয়ালও করি না, সকল স্থাবর সম্পত্তি
ঘাড়ে ক'রে ঘুরে বেড়াই, এবং ঘাড় থেকে নামাই-ও না।
প্রেমকে এমনিতেই যত্ন-আত্তি করি না, এইভাবে করি আবার।
তোমার উঠোনে
মৃণাল বসুচৌধুরী
না আগুন
না জল না মাটি
কেউই রাখেনি কাছে
বারংবার তাই নতশির
ফিরে ফিরে আসি
অনন্তপ্রবাহে এত মায়া
আত্মজন
বিতর্কিত ছাায়া
সাহসী আগুন
আনন্দভুবন জুড়ে ঈর্ষাহীন চাঁদ
বর্ণময় সভ্যতার শুদ্ধ উচ্চারণ
কেউই রাখেনি কাছে
অন্ধকারে ধরেনি আঙুল
তাই ফিরি
বারম্বার ফিরে আসি
তোমার উঠোনে।
সৎচিদানন্দন আমার ভাই
হাবীবুল্লাহ সিরাজী
মেঘে গ'লে মেঘ বলে:
বামে হিমালয়, আরো পুবে গয়লার বাড়ি
বলি: ডানে এসো ভাই
মেলে যদি জলের ভা-ারি!
গ্লাশ-ভাঙা ছোটো রক্তপাত
মেয়েরা পাথরে মোছে,
মশলা-সমুদ্রে ভাসে আগুন-প্রহর
কে তোমার ঘন সহোদর ?
বাতাসে আঁশটে গন্ধ, গীত ও নক্ষত্র
ভাসানযাত্রায় পায় উপমার নুন
ওষ্ঠে-নেত্রে আয়োজন তার
নতুন সংসার।
দক্ষিণের তৃণলতা ভ্রমণের শ্লেটে লিখে রাখে ভাষার প্রণাম
গ্রীষ্মের বৃষ্টিতে ভিজে যতোদূর যাই
সৎচিদানন্দন আমার ভাই।
স্মৃতির উদ্ভাস
মতিন বৈরাগী
আর যদি সেই জায়গাটা খুঁজে পাওয়া যায় কখনো
আর যদি আশপাশ কণ্টকাকীর্ণ না হয় কিংবা গোক্ষুর না হাঁটে
আর যদি সেই শিরীষ গাছটা এখনও নিশানার মতো
আর সেই নদী যেটা ছিল খরস্রোতা
আর যদি নদী পাড় থেকে পঞ্চাশকদম গুণে দূরত্বটা
আর সেই স্মৃতি যদি ঠিকঠাক সক্রিয় আগের মতো
আর তাদেরকে গোর দেয়া হয়েছিল খুব গোপনে
যখন পাঞ্জাবী জ্বালিয়ে দিচ্ছিল গ্রাম মুক্তি মুক্তি বলে
যখন পাঞ্জাবী খুঁজছিল জয়বাংলা
যখন মানুষ জয়বাংলা হয়ে গিয়েছিল!
সেসব অনেক দিন হয়ে গেছে তুমি বললে:
আর আমি বললাম আমার তো মনে হয় সে কেবল সেই দিন
যখন আমি সব কিছু থেকে পালিয়ে ছিলাম
বলেছি আমি কিচ্ছু জানিনা কেউ জিজ্ঞেস না করতেই
আর যখন দেখি সেই তারা লুট করছেন পাঞ্জাবীর মতো
তখনও আমি বলছি নিজে নিজে
ওসবের আমি কিচ্ছুু জানি না কেউ জিজ্ঞেস না করতেই ।
দ্রোহ
বিমল গুহ
চুলের গোড়ালি টেনে তুলে আনি রোজ
পোড়ামাটি ছাইভস্ম
ভাঙা সিন্দুকের আস্তরণ
জংধরা থালাবাটি পড়ে আছে মেঝেয়।
ছুঁড়ে দিয়ে নষ্ট শিস
উলঙ্গ নেচেছে রাস্তায় একদল নষ্ট বালক।
ঝাঁঝালো রোদ্দুরে অহর্নিশ
টোকা দেয় স্মৃতি
গুমরে গুমরে কাঁদে রাত
জাগে ক্রোধ মাথার ভেতর।
সারিবদ্ধ যমদূত মার্চপাস্ট করে আজো
হেঁটে যায় মগজের কোষে ধমনীতে
মাটি-ছাইভস্ম থেকে জন্ম নেয় ক্রোধ
জ্বলে ওঠে অস্থিমূলে দ্রোহের আগুন।
অনাঘ্রাতা
রেজাউদ্দিন স্টালিন
অনাঘ্রাতা জেনেছিলাম নারীকে আমি আর
সমূহ তাকে পেয়েছিলাম নদীর উপকূলে
পাতারা তখন হাওয়ার দাঁতে দিচ্ছিলো খুব ধার
ধূসর ধুলিম অন্ধকারে পথ ছিলো না বাঁকা
জোনাকিদের তারায় তারায়
হেঁটেছিলাম হয়তো কয়েক ক্রোশ
নদীর তীরে নামতে গিয়ে যেই ছুঁয়েছি
সুনিদ্রিতা উরু
অমনি তার স্তনের ফলা উঠলো উঁচু হয়ে
বিদ্ধ করে আমার ঠোঁট যুগ্ন করতল
ছুটলো যেনো ক্ষিপ্র ঘোড়ার হ্রেষা
নেশার মতো আমি যখন অসীম উপত্যকায়
এলোমেলো বুলাচ্ছি হাত গুল্ম গুহার খাঁজে
আওয়াজ হলো অনাদৃত রহস্যময় ধূ ধূ
বললো নারী-হত্যা করো আমাকে এইবার
জানবে না কেউ খুনের দায়ে হবে না জেনো ফাঁসি
প্রকম্পিত আমার বাহু রাজ্ঞীরাদেশ পেয়ে
তরবারীর মতোন গেলো নারীর দেহে ঢুকে
বিরাট হয়ে ঘনিয়ে এলো নদীর লোনা ঢেউ
বরফ জমাট উপত্যকা রক্তে গেলো ভেসে
বললাম আমি ভয়ের মতো-আমাকে রাখো ঢেকে
খুনের দায়ে বন্দি হবো কুমারী আশ্লেষে
বললো নারী কেমন করে যুগলবন্দী হই
আমিতো আর জন্মাবধি অনাঘ্রাতা নই।
প্রথম কদম্ব
দিলারা হাফিজ
আম-বাগানের নির্জনতার মূলে
একাকিনী কিশোরী আজ ভুলে
বুকের ওপর হাত রেখেছে যেই –
ধূপছায়া-বুক আগের মতো নেই;
একি? এ যে পাথর সোনাদানা
লজ্জা-ভয়ে বাড়লো বিভাবনা,
বিপুল বিজন ওড়না আড়াল বুকে
শস্য আঁকা দীর্ঘ দুটি চোখে
দীপ্র শরীর চমকে ওঠে রাতে –
কিশোরী আজ জেগে ওঠে
নারীর নহবতে… ।
বর্ষায় রেলগাড়ি
মারুফ রায়হান
বৃষ্টির ভেতর থেকে এসেছিল অলৌকিক রেলগাড়ি
আবার মিলিয়ে গিয়েছিল বরষায়, যেন ভোজবাজি
কোন দূর মেঘলোকে আছে তার গুপ্ত ফাঁড়ি
হুঁশিয়ার হুইসেলে মধ্যরাতে বেজেছিল তারস্বরে
আমার হৃদয় টেনে বের করে নেবে কোন্ নিরুদ্দেশে
এখনও নদীর সাদা জলে কত রক্ত এসে মেশে
এখনও সাপিনী খুঁজে পায় ছিদ্র প্রেমের বাসরে
আমার সত্তায় তবু অন্ধকারে ফুটছে তারকারাজি।
ওহে রেলগাড়ি আমার বুকের পরে কেন ছুটে যাও
তোমার ইস্পাতে কার ধড় কাটো, কার শির ওপড়াও
মুমূর্ষু প্রাণের পরে কেন বারেবার রুমাল ওড়াও
আমার গন্তব্য জানো নাকি, পড়ে আছি ভুল লোকালয়ে
নিতে চাও কোন্ রহস্যপুরিতে, তোলপাড় প্রণয়ে প্রলয়ে
বর্ষা-রেলগাড়ি কোন্ বাণী রেখে যাও সুর আর লয়ে!
চন্দ্রদহন : ধুলোর শোলোক
ঝর্না রহমান
পুরোনো পাথর খাঁজে নতুন ফুলের মতো ভেজা পরিমল
চাঁদের দহনে ছিলো অন্ধকার পূর্ণিমার মেয়েলি শরীর
মরুভূমি ভ্রাম্যমাণ শিহরিত নদীটির উৎসারিত জল
ঊর্ধ্বমুখী পুনরায় মৃত্তিকার ডানাগুলো জলের পরীর।
আমার 'আমি'র থেকে তোমার 'তুমি'র কথা কথোপকথন
প্রাচীন পুঁথির মতো ঘ্রাণময় অতীতের বর্তমান রোদ
সুদূরের জানালার নীল কপাটের রঙে জল পর্যটন
আমার পাথর থেকে বহমান জলগুলো নদীর পারদ।
২
পরীর বাগান থেকে আমাদের কথামালা দু'ঠোঁটের ছক
স্থিরতার রেখা ধরে অপসৃয়মাণ শুধু তোমার কুহক
রোদ ঝলকিত চোখে মেঘমল্লার গানে ছায়াময় দিন
ধূসরাভ দুই হাতে হৃদয়ের অঞ্জলি তখনও রঙিন ।
পাথরে সোনার জলে গলে যাওয়া সেই ছবি অরূপ ফসিল
চেনা সড়কের দ্বীপে অচেনা উড়াল তুমি সোনাডানা চিল
জাদুকরী রাজপথে ভাসমান জলযানে যুগল সাঁতার
এখন আমার হাতে হাতে-লেখা দিনলিপি একক খাতার।
৩
কবেকার কবিতায় শুভযোগে কলমের অশুভ অসুখ
মদের গেলাস থেকে সোনারঙ শরাবের ধূসরাভ স্রোত
আমার দেহের নীলে কাফনের সাদা ভাঁজে তেজি কিংশুক
বিকেলের রোদ্দুরেও ধারালো লালের সাথে শ্বেতশ্রী কপোত।
চাঁদের নগর জুড়ে আগুনের উৎসবে মানবীর ছাই
চাপা পড়া বাগানের মাটির গভীর থেকে অংকুরিত চোখ
জলে ও আগুনে নাচ নাচের আগুনে জল-নটির তেহাই
কবিতার দেহগুলো বিদেহ নগর পথে ধুলোর শোলোক।
কাঁদি, টের পাই
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
শুধু বক্তৃতার বৃষ্টিতে ধানগাছ বড় হয় না,
..ভেতরে ধানদুধ বাড়ে না শস্যদানা।
তারপরও সন্তানেরা রফতানি হয়ে যায়…
ওয়ালিউল্লাহ উদাহরণ মাত্র।
আমি কাঁদি ধানগাছের জন্য
কখনো কখনো টের পাই ওয়ালিউল্লাহর অভাব।
দরখাস্ত
প্রাণজি বসাক
তোমাকে জানার জন্য প্রতিদিন
তোমার সামনে দাঁড়িয়ে
তোমার হাতে দরখাস্ত
জমা দিই-
তুমি তা তৎক্ষণাৎ না-মঞ্জুর করে তৃপ্ত হও
আমি তাকিয়ে থাকি
তাকিয়েই থাকি
তোমার আত্মতৃপ্তির উল্লাস দেখি
সামনে তখন অসীম দূরত্ব
সামনে তখন অস্ফুট অন্ধত্ব
সামনে তখন অমৃত অসত্য
আমি জানি তোমার ধর্ম
আমি জানি সংসার বিন্যাস
প্রতিদিনের বৃত্তিযুদ্ধ
ঘরে বাইরে
কোনো অভিযোগ নেই তবুও প্রতিদিন
তোমার সামনে দাঁড়িয়ে দরখাস্ত করি
অসম্ভব সাদা কাগজে..
দেখা
বিলু কবীর
সবাই দেখে তীর থেকে নদী
তুমি কেবল নদী থেকে ডাঙা
তোমার চাইতে জানেনা বেশি কেউ
গোলাপ টগর জবা কে বেশি রাঙা।
যেভাবে দেখেছ তুমি পাড়ের ভাঙন
কীটের দখলে গ্রামীণ সবুজ
গৃহস্তের ঘরকর্ণার প্রথা ও পার্বণ
পাখিদের ঘরে ফেরা
গরুর ক্ষুরে আলতা-সোনাধুলো
স্নানরত নারী কিংবা উলঙ্গ শিশু।
যেভাবে শুনেছ তুমি শাঁখের নিনাদ।
যেভাবে নিয়েছ আযানের সুর-স্বরে ধুপের আঘ্রাণ।
ওসবের মধ্য থেকে
ওসবকে যায়না করা ওতোটা চাক্ষুষ।
তুমি দূর থেকে জলে ভেসে যেভাবে দেখেছ
তোমার চাইতে জানেনা বেশি কেউ
গোলাপ টগর জবা কে বেশি রাঙা।
স্বর্ণবিকেল
মুর্শিদ আনোয়ার
বহতা নদীর মতো
গড়িয়ে যায় অশ্রু
কাজল বিবর্ণ করেনা কপোল
কেবল চিকিচিক করে চোখ
আমি দেখি বেদনা কেমন করে খেলা করে।
আগমনী বার্তায় মাও কাজল টানতো চোখে
সরষে তেলে পোড়া কাজল
কুপির আলোতে মুগ্ধতা ছড়াতো
প্রেমময়ী ছিলো; স্নেহময়ীতো বটেই।
হে ঈশ্বর দ্বিরূপ তোমার!
আনন্দ-বেদনার সমন্বিত ভেদ বুঝি না
কত কাছে, তবু অতিক্রমহীন দূরত্ব।
স্বর্ণবিকেল বিবর্ণ হলো
বর্ণালি অন্ধকারে–
নীল চাঁদ নির্বিকার নীলিমায়, অন্ধকার খোঁজে
স্বরূপে ফেরার
রাতের পাখিদের ঘুম ভাঙেনি এখনো
জোনাকিরাও মগ্ন সাশ্রয়ী ঘুমে।
এই তো একটু আগে কত উষ্ণতা ছিলো
হাতের স্পর্শে আগুন লেগেছিলো
পথচারীর দৃষ্টি-ব্রিগেডে
নিভে যায় নিভে যায় সব
কেবল দাহটাই কেড়ে নেয়
আমার সময়।
পিতা
সুব্রত অগাস্টিন গোমেজ
যদি তুমি চুমু খাও চিরতার গ্লাসে
তোমার চোখের জলে চোখ গ'লে আসে
আমি তবু গুরুবাক্য ফিরিয়ে নেব না
আমাকে আমার খাড়া-আঙুল ভেবো না
যদি আমি ধ্বসে যাই আমার ভিতরে
চাপাতি ঝলসায় রোদ তোমার অধরে
আমি তবু গুরুবাক্য ফিরিয়ে নেব না
আমাকে তখনও তুমি তোমার ভেবো না
অধিবিদ্যাবিদ
কুমার চক্রবর্তী
গোপনে দর্শনের জন্ম দাও তুমি, হয়ে ওঠো মহাপৃথিবী অথবা ছায়াপথের বিস্ময়। শোপেনহাউয়ার, নিটশে, কিয়ের্কেগাদ অথবা নাগার্জুন কি বসুবন্ধু– যা বলেছেন বা বলেননি তাঁরা, তার চেয়েও এক নীহারিকা প্রকল্পের দিকে এগিয়ে যাও, দেখবে তোমার ভাবনারা রচনা করেছে শাশ্বতের পরিপ্রেক্ষিত। আর তুমি জন্ম দিচ্ছো এমন দর্শনের যা
বস্তু, ঘটনা আর রহস্যের পেছনের চিরন্তনতাকে খুঁজে বের করার চেষ্টা করবে।
অস্বচ্ছ হও তুমি, আর অপ্রত্যক্ষে ডুব দিয়ে কবি হয়ে ওঠো। বস্তুকে দেখো অবস্তুর মতো, প্রত্যক্ষ করো তার দিনরাত আর ভাবাচ্ছন্নতা। রহস্য যা কিছু, তা রয়েছে তোমাতে, তা দিয়ে তুমি মুড়িয়ে নাও বস্তুসকল, আর আবিষ্কার করো তার সম্মোহনসূত্র। এভাবেই একদিন খুঁজে পাবে বাস্তবের অবাস্তবতাবোধ আর অবাস্তবের বাস্তবতা। আর এই সংবেশনের দ্বারাই তুমি হবে, হয়ে ওঠবে কবি-
দার্শনিক, কবি-অধিবিদ্যাবিদ।
রজনী চাটুজ্জের দিনলিপি
রাহুল পুরকায়স্থ
১
ক্ষুদ্র কবিতার দেশে
ভয় ও বিভীষিকার দেশে
লোককথা বুনে চলে মধু তন্তুবায়
আমাকে জানায় তার
সান্ধ্যভাষা, লিঙ্গতেজ, ক্ষণভঙ্গুরতা
দিকে দিকে ঘটমান বর্ণের বারতা
সেই বর্ণ প্রক্ষালনে তেজতপ্ত আরও
আমাকে রঙিন কর, তুমি, যদি পার
২
আবার কবিতা আসে
বহুদূর থেকে
ডেকে চলে তোমাকে আবার
তুমি বিদ্ধ কর তাকে
এইভাবে বাতাসে বাতাসে দেখি
বজ্র রেখা টানে
নিজেকেই খুঁজে ফিরি অ্যান্টনি বাগানে
তুমিও কবিতা লেখ? হারাকিরি?
কাব্যপ্রাণ শিকারির ক্ষত
তোমার আমার প্রেম বাস্তবসম্মত।
প্রজাপতি
মোস্তফা তারিকুল আহসান
প্রজাপতির ইতিহাস পড়েছি বাল্যকালে অথচ কাল সে আমাকে তার
মিথবৃত্তান্ত মুখস্ত বলে গেল; আমি তো হতবাক,এত গল্প ঐটুকু মথের
কু-লে? রঙ আর আলো নিয়ে কিংবা উড়ালপর্ব নিয়ে আমরা যারা
আসমানদারী করে চলেছ তারা শোন: তোমরা জাননা প্রজাপতির
জন্ম রহস্য; বস্তুত প্রগাঢ় আলোর নীচে গৌতমের মৌনমুখ
ন্যাড়ামাথা আর হনুতে লেপ্টে থাকে শতাব্দীর ঘোলা জল-নুন
চাঁদের বুড়ির শুকনো মুখটা ভালো করে দেখেছে পৃথ্বিীরাজ? অথবা
গাপের লড়াইয়ের মাহাত্ম্য বর্ণনা করা কী সোজা? সারাদিন শৃঙ্গারপর্ব
শেষ কওে যখন বিশ্রামে গেল কেউটে, তার তলপেট দেখেছ কখনো?
আসুন সবকিছু শুরু করি তলানি থেকে নদীর তলদেশে জমে থাকা
গোপন অভিসার, নাবিকের বৈঠার জোর আসে কোথা থেকে জেনে
নেই ঈশ্বরীপাটুনির কাছে, ফিঙের কাছে শিখে নেই শেষ অন্তরা
অথবা গলার কারুকাজ শিখে নেই ব্যস্ত কোকিলের।
ছায়াতাপ
বিনয় বর্মন
বৃক্ষযুগলের হাত প্রসারিত
পরস্পরের দিকে
রোদ্দুরে চোখ চকচক
ধপ করে জ্বলে ওঠে ছায়া
উজ্জ্বল উত্তাপ গ্রহ-গ্রহাণুতে
শুক্র-শুক্রাণুতে
মাঠের ঘাস পুড়ে ছাই
মাটি ফেটে চৌচির
আমাদের হৃদয় শুষ্ক কান্নায় ভরা
এই খরা থেকে বাঁচতে কোথায় যাবো
কোথায় লুকাবো কালো মেঘ
কোন জনমের স্মৃতি মনে পড়ে
আমরা দুজন বৃষ্টি হয়ে ঝরি
ধরিত্রীর জ্বর সারাতে
কি তার পরিণাম
অগ্নি ও বরফের দেহপ্লাবী ঘাম
পাহাড়শীর্ষে দাবদাহ
মরুতে তুষারঝড়
অন্থিচর্মের ঘর ভেঙে পড়ে
আত্মায় অস্তিত্বহীনতার গান
নক্ষত্রের দীর্ঘশ্বাসে বেঁচে থাকে
ক্ষণস্থায়ী বনস্পতি।
পাঁচটি হাইকু
তপন বাগচী
১.
অতলে আঁধি
নাগালে মিলছে না
নীরবে কাঁদি।
২.
ভোরের আলো
নিরুত্তাপ তাই
স্মৃতি ভাগালো।
৩.
আলোর রেখা
দু'কানে ধরে রাখে
পথের রেখা!
৪.
গৌরী সেতু
নিম্নে বালিয়াড়ি
কে খোঁজে হেতু!
৫.
মাঠের ধান
ছড়ানো চারদিক
কুড়ানি গান।
অপেক্ষার পর
সাখাওয়াত টিপু
তুমি কি আড়াল হচ্ছো পরার্থপরতার খোপে?
যদি বৃষ্টি নামে, সহসা বাগড়া দেয় পথে
তবে অনাহুত হুড তুলে বাতাস থামাবে তাতে!
জানি, চাকা ঘোরাবার মত নড়বে পাদানি
মুখ মুছতে মুছতে শিউরে উঠবে দেহ
একটু নিরবে করে রহস্য আলগা হবে।
ভিজবে কি নাভি, গড়িয়ে নামবে ঘাম ওতে
নাকি শরীর বাইরে রেখে ঠাণ্ডা হও, সোনা
তুমি সময় পেছনে ফেলে যাচ্ছ ভবিষ্যতে।
ডাক নামটিরে মনে রেখো
মুস্তাফিজ শফি
মাঝে মাঝে শুনি কেউ নাম ধরে
ডাকে, প্রিয় ডাক নাম
মিশে গেলে সময়ের আহ্বান
মীমাংশার অতীত থাকে কিছু রোদ
লিরিক সময় লিখে রাখে
কুয়াশার গাঁয়ে কিঞ্চিত উষ্ণতার ছোঁয়া।
রোদবর্তী দিনগুলি কেবলই কি যায়,
হারায় দিনের শেষে সন্ধ্যার বিষন্ণতায়?
কথা কিছু তবু থাকে, চিহ্ন কিছু তার,
ম্রিয়মান প্রদীপের নীচে তবু কিছু আলো
সাঝবেলায় মনে রেখো তারে,
ভোরের শিশির হয়ে হয়তো একদিন ঝরেছিলো
নামহীন গোত্রহীন এই নাগরিক শহরে।
মাঝে মাঝে শুনি কেউ নাম ধরে
ডাকে, প্রিয় ডাক নাম,
মনে রেখো সেই ডাক নামটিরে।
নদীকে নদীর মত যেতে দাও
সাদেক
নদীকে নদীর মত যেতে দাও স্রোতে
যেভাবে বিহঙ্গ উড়ে মুক্ত আকাশে
পরিওনা পায়ে বেড়ি বেঁধোনা খাঁচায়
স্বাধীনতা থাক নদী ও পাখির।
যে জল বয়ে যায় ছাপিয়ে দু'কূল
শিকড় হতে দাও তাকে মাটির গভীরে
খাল বিল দীঘি ভরে দিয়ে নদী
অববাহিকায় যাক বয়ে
যারা সেচ দেবে বলে বসে আছে নীচে
তাদের ক্ষেতেও তো ফুল ফোটানো চাই।
সেতু বেঁধে যাক ওপারে মানুষ
আসুক ঘরে ফিরে কাজ শেষে
বাঁধ ভেঙ্গে নদী মিলে যাক সাগরে
সময়ে মেঘের ভেলায় আসুক ফিরে
শস্য শ্যমলা করতে ফের প্রকৃতি।
ঠিকানা
জুননু রাইন
ভাবলাম বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে
স্বপ্ন ও বাস্তবতার অতিকথন বিষয়ক দৃশ্য দেখব,
দেখব যে দৃষ্টিকোণ থেকে, তারও আবার নিজস্ব
একটা ভঙ্গি আছে; মোড়লের মতো সেই বটবৃক্ষের
ছায়ায়-কায়ায় একটু পরে পরে হারিয়ে
যাওয়ার ভয়েও তটস্থ থাকি।
এসব দেখতে দেখতে আমি যে কাজে এসেছি
তা থেকে দূরে সরে যাচ্ছি
দূরে আমাকে নিচ্ছে অন্য কেউ, অন্য কিছু।
আমি এত উদ্বাস্তু থাকতে চাই না
আমার একটা কথা আছে, দেখা আছে…
আমার সব ঠিকানায় ঢুকেছে আনন্দ-বেদনা,
আবেগ-ভালোবাসা, হিংসা-ক্রোধ…।
আমি সেইখানে যেতে চাই
যেখানে আমার কোন ঠিকানা নাই।
বিশ্বব্যবস্থা
শিমুল সালাহ্উদ্দিন
(বন্ধুবর শাহরিয়ার ফরহাদকে)
বইছে লাল নদী,
পাড়ে বসে এক অমিতবাউল
সময়ের সুতা বাঁধা একতার তাঁর
আঙুলের আঘাতে বুনে চলেছে
এক নির্জন আক্ষেপ,
সুরে তার
চিরপ্রস্থানের কথামালা।
গন্তব্যহীন পথিকের শেষ ভরসা
তার ছায়াটুকু!
তাও যেন ধীরে ধীরে সরে দাঁড়াতেছে বাউল-শরীর থেকে-
সময় বয়ে চলেছে, বয়ে চলেছে লালস্রোত
খণ্ড জ্যোৎস্নার মাঝে, কখনও কুয়াশার মধ্যে দিয়ে গিয়ে
সমুদ্রে নেমে পড়ছে চরাচর…
অক্ষরহীন দেয়াল আঁকড়ে ধরে
ঘুমুচ্ছে পৃথিবীর স্বরলিপিলিগুলি
পরিচিত মুখের মিছিল ভিড় করছে বন্ধ ঘড়ির সামনে,
অচেনা আয়তক্ষেত্রের কেন্দ্রে, ভাঙাচোরা ছবির আড়ালে,
আধেকলীন জৈবনিক গদ্যের কোণায়।
বহুদিন চলে গেলো, ঠাণ্ডা চায়ের ওপর সর হয়ে ভাসছে
যুগপৎ ক্কচিৎ আড্ডার মৌনতা ও মুখরতা-
আমার কোন বন্ধু নেই,
রক্তনদীর পাশে কারো বন্ধুর কথা মনে পড়ে না-
ছিনতাইয়ের পর, তোর, মুখস্ত মোবাইল
নাম্বারও আমি গুলিয়ে ফেলেছি, ফরহাদ…
ওরা বসেছে
মহুল কুড়ি
কাল বিলম্বিত হয়
ভাবনারা গতি হারায়
প্রশংসা গুছিয়ে নিয়ে
ওরা বসেছে
মাদকতায় মগ্ন মনে
ফোয়ারা উঠেছে
এ আড্ডাই কিছু মেয়ে পিছু হঠেনি
এ আড্ডাই পুরুষেরা সমান ও সমানতা
প্রতিষ্ঠা করতে চায়
কুৎসা ছিলো না কিন্তু না বলা
ভরৎসনা মুসড়ে দিলো
অন্ধকারে রড কোষগুলি
তখনও কাজ করছিলো
একপা দু পা করে মাটিতে নামলাম
সরস মাটির কথা শুনতে বুঝতে
চলতে থাকলাম ।
দেশজন্মদাতা
অমিত গোস্বামী
দেখিনি কখনো তাকে, ছবিতে দেখেছি।
কথাও বলিনি শুধু কণ্ঠ শুনেছি।
শব্দ মুজিবর ইথারে ভাসে যেই,
একটি ধারক শুধু সম্পূরক নেই।
স্বদেশ ধারনা না, স্বাধীন অধিকারে
ছিনিয়ে নিতে হয়। আপনি কারাগারে।
জানি না কোন খাঁচা… বাঘকে বাঁধা যায়।
বৈশাখী শীতে অশনি চমকায়।
গুহাতে ফিরে গেছে হানাদারি দল,
শহিদ স্মৃতি আর বেদনা সম্বল।
জন্মদাতাকেই স্বপ্নে রাখা যায়।
পুতিজাম
মনির ইউসুফ
তোমার তিলরঙের পুতিজামে ভরে গেছে গাছ
ডালে ডালে মনশালিক
জামের কালো কষ তোমার ফ্রকে লাগিয়ে দিতেই কাঁদলে বেশ
আমার লাগলও ভয়, যদি বলে দাও চাচীকে সর্বনাশ, বকবে কষে
আমার মনে খেলে গেল যে বুদ্ধি তাতেই সারা
তোমাকে কাছে টেনে নিলাম এলোকেশি,
সালামত চাচার বাঁশঝাড়ে তোমাকে নিয়ে
বুকের পুতিজামে হাত দিতেই
লজ্জায় মুখ লুকালে আমার বুকে
আমিও বাঁচলাম হাফছেড়ে
পুতিজামের কষে কষে আমাদের মন যখন ডুবল,
সূর্যও ডুবতে লাগল সন্ধ্যে
তিলরাঙা পুতিজামে ভরে আছে গাছ এই মৌসুমে
ঋতুবতী, সময়ের বহমানতা কে পারে ধরে রাখতে।
অমাবর্ষা
গোলাম মোর্শেদ চন্দন
মধ্যদুপুরে আজ ভিজলাম অনন্ত বর্ষায়।
শ্রাবণে লুকানো প্রমত্ত মাতালতায়।
ডাক্তার মিস যতটা বুঝেছে, ততটাই ছিল
রোদের অমাবর্ষা।
বোঝেনি আঁধারের ভেদ-বৃত্তান্ত।
পাহাড়ের অরণ্যে আরেকটা অরণ্য থাকে।
তাকে দেখার চাই আলাদা খেয়াল, ভূষণ
নির্জনতার একটা কোলাহল আছে-
ভূজঙ্গের বাহির থেকে বাহিরে গহীন লাবণ্য
রূপ তার কেবলই লাবণ্যময়
কিন্তু ভেতরে যা, তাই
প্রকৃতি। তারও একটা আলাদা খেয়াল, রূপ-
বর্ণালী বৃত্তান্তে বর্ণহীন বৃষ্টি
শুধুই খেয়ালহীন, ঝরে যাওয়া হাজারো পথ
কেবল-ই পথের ধারা-উপধারা।
সেটাই হোক চূড়ান্ত যাপনের থান।
রুটিগাছ
মজনু শাহ
রুটিগাছ তলে বসে সারারাত দেবনিন্দা করি-
রাতের বাগানে ঢুকে স্মৃতিগুলো বাদুড়ের মতো
নষ্ট করে ফল, দেখি, ডুবে যাচ্ছে কর্দমাক্ত পথে
গরুর গাড়ির চাকা, সাত মিনিটের আয়ু নিয়ে
এক্ষুনি জন্মালো কেউ, তুমি কেন অস্থির কুসুম?
আজ সুফি-ধূলিকণা যত আছে এখানে ওখানে
বাতাসে গভীরভাবে অন্ধ হতে হতে উপস্থিত।
ভ্রমণশীল উদ্ভিদ, এত কেন ভয় হেমন্তকে?
ভ্রমণশীল পাহাড়,কার হাত থেকে ঐ রুটি
গর্ধবের পিঠে জমা হয় তুমি তার কিছু জানো?
গরম রুটির গন্ধ-ভরা এই আয়না-সমাধি
কেন যে পাহারা দেই আছে যদি এত বুলবুলি,
রক্তাক্ত সমাধানের দিকে এত কারা ছুটে যায়,
তস্করতাপূর্ণ চক্ষু মুদে ফের ধূলিকণা হও-
শূন্যস্থান
নওশাদ জামিল
ভেবেছিলাম আরেকবার ঘুরে দাঁড়াব। অন্ধগলির মোড়ে প্রজ্জ্বলিত শিখার মতো খুলে দেব সবকটি পথ। হাওয়া এসে, রোদ এসে ভরিয়ে দেবে এই সংসার। কিন্তু পৃথিবীটা যেন কেমন! এখানে সবকিছু থেকেও কোথাও যেন না থাকার একটা অজ্ঞাত ফাঁক আছে। আর ওই চোরাপথ দিয়েই মানুষকে হারাতে হয় অনেক কিছু।
জানি কিছু স্মৃতি স্বপ্নের মধ্যেও হত্যা করে আমাকে। অসংখ্য ভুলের ভিতর থেকে উঠে গিয়ে, তোমার সামনে এসে জ্বালাতে চেয়েছি নক্ষত্রবাতি। যেন অন্ধকারেও তোমার হাঁটতে সুবিধা হয়। নক্ষত্রের ওই আলো এসে, তোমাকে নিয়ে যায় অন্যতর এক আলোর সন্ধানে। ভোররাতে, আকাশের ক্ষীণ তারটি ফিসফিসে গলায় জানান দিয়ে যায়–শূন্যস্থান অপূর্ণ থাকে না কখনো।
বেদনার একটা বিশাল পাহাড় ভেঙে পড়েছে আমার অস্তিত্বের ওপর। আমি যেন কারো হাত ধরতে চাইছি; ধীরে ধীরে, হাতটি অদৃশ্য হয়ে হয়ে ক্ষীণ থেকে ক্ষীণতর হতে চলেছে। অন্ধকারে কেউ একজন চুপি চুপি বলছে নিঃসঙ্গ মানুষের কাছে জোছনা চেয়ো না, তাকে একাই থাকতে দাও!
এসো তবে
আশরাফ জুয়েল
বর্ষা কেটে কেটে এই যে হাসছো তুমি;
আসো না !
আসো আঙিনায় পেতে রাখা আড়ালে।
হলদে শাড়ির ইতিহাসে কত কত কবুতর,
খুদ খেতে খেতে ঘুমিয়ে পড়া দুপুর।
বিপরীতের ঝাপসা সর্ষে ক্ষেতে পড়ে আছে
তোমার বুকের কুসুমিত কাদা।
বর্ষা শেষের বর্গা চাষী আমি,
ফসলের ভাগ দিতে দিতে পতিত জমিনে
খুঁজি উর্বরতার পুনরাবৃত্তি।
এসো তবে,
আমার আঙিনায়
নতুন নতুন কবুতর বেঁধেছে বাসা।
ঘুমচক্র
অপূর্ব সাহা
আমার নিদ্রাঘরের অনঙ্গ ঘুম ছুঁয়ে ঝুম ঝুম করে
বয়ে চলে এক কুহক-নদী,
যার ঢেউয়ের গহীনে খলবল করে অতিদূর প্রস্তরযুগ
কিংবা আরও দূরের স্তরীভূত গল্প অথবা স্বপ্ন;
আমি হাত বাড়াই, কিন্তু ছুঁতে পারি না
তাদের অন্তর্গত প্রবল উত্তাপ শুধু টের পাই।
তারা ফিসফিস করে কথা বলে, আমি শুনতে পাই।
তারা একজন অন্যজনকে
অসমাপ্ত সুখ কিংবা বেদনার তরঙ্গ ছুঁড়ে দেয়,
তারা পরস্পর মর্ষকাম নিয়ে লুফালুফি করে
ঢেউয়ের গহীন ভেতরে-
অথবা আরো দূর বিম্বিত নক্ষত্রালোকে।
আমি সীমানাপ্রাচীর ডিঙোতে পারি না,
হৃদপিণ্ডে আমূলবিদ্ধ আক্ষেপের শর নিয়ে জেগে উঠে
দেখি দু'চারটে শব্দমঞ্জরি, গোটাকয় মেটাফর
কিছু চিত্রকল্প- এইসব ভেসে বেড়াচ্ছে ঘুমঘোর দৃষ্টির সীমানায়
তাই দিয়ে অসমাপ্ত কিছু বানাই: না কবিতা, না গল্প
না স্বপ্ন, না শিল্প, না চারু, না কারু! অতঃপর
প্রবল তৃষ্ণা নিয়ে ফের ঘুমিয়ে পড়ার চেষ্টা করি।
ভোর
অরুণাভ রাহারায়
জোনাক জ্বলেছে রাতে, ভোররাতে মৃত্যুর মতন
কান্নার জলের মেঘ পার হয়ে কানের ভেতরে
ঢুকেছে ডানার শব্দ। মাঠের ঘাসের থেকে দূরে
পাখিরা আকাশে আজ উড়েছে কেবলই।
তাদের ডানায় চেপে মাথায় রোদের গান এল
যেভাবে লেখার পথে কোজাগরী আসে
কবিতা লেখার পথে ভোর নেমে এল।
ধাপ
তানিয়া চক্রবর্তী
১
শূন্য থেকে ক্রমশ শুণ্যে পড়ছি
এত লোহিতকণিকা
অথচ নিঃশ্বাস ভরা বিষ
দীর্ঘ জালিকায় এসে বসেছে প্রেমিক
কোমর থেকে কুলে যাচ্ছে শরীর,
শরীর চাপা দিয়ে বানিয়েছি সভ্য ঘর
মাঝখানে একটা অবাধ্য শৈশব
একটা হা-ভাতে গন্ধ আর কষ্ট
আমার সারা গায়ে লাল পিঁপড়ে
ফুটো ফুটো দৃশ্যে ক্রমশ ব্যাঙাচি হয়েছি
লেজের মতো হারিয়ে গেছে প্রেম …
২
ল্যাবের একটা ফাঁকে একটা ভ্রূণ
তাকে দেখলাম রসালো হিংসায় ঘুমন্ত,
ট্রেনের একটা ফাঁকে একটা চাঁদ
তাকে দেখলাম অহিংস আকাশে একা,
প্রজাপতি বুকে এসে বসল,
ঠেঁটের দাগ দেখে বলল তুমি নারী না পরী?
নারী হলে আহত, পরী হলে স্বপ্নিল!
নারী হলে আহত, পরী হলে স্বপ্নিল!
আমি তাকে চাঁদ ও ভ্রূণ দেখালাম
সে আমায় দেখালো অসহ্য গুটি ও দুর্দান্ত রঙ…
৩
চলো ড্রেন দেখি, দেখি বস্তির আশপাশ
পড়ে থাকা রাতের মিলনের বাসি ছবি
দেখি ঋতুর কান্না ও মরা প্লাস্টিক
চলো দেখি, আরো কত খারাপের পর
আমরা নিজেকে গুটিয়ে নিতে পারি
আরো কত খারাপের পর
পৃথিবীকে সুখের ভাবতে পারি
এতো দাহ্য বহন করছি সময়!
ভর্তি পেট জোড়া এ জিভে বড় খিদে!
এবারে দেখব চলো, জিরাফের গলা
আর চেপে ধরব নিজেরই টুটি
নিয়তির কৃষ্ণ যেন সময়ের শিশু!
এবারে গিলেটিন দাও
শরীরে বাইরে ও ভিতরে করি হিসেব…
৪
উল্টে যাচ্ছি মা …
হাঁটু থেকে ঝরনা ক্রমশ ওপরে
উল্টে যাচ্ছি ঈশ্বর
শরীর থেকে মানুষ ক্রমশ নীচে
জন্মের রং হালকা হয়ে আসছে
৫
ওরা-আমরা, আমরা-ওরা
একটা নিঃসঙ্গ বিভাজন
আমাকে খাওয়াও, মুঠো করে তোলো ভাত
'খা' শব্দ জ্বালিয়ে-নাড়িয়ে দাও ভোগ
তবু 'মা' শব্দের ক্রমশ যেন হতে পারি অবশ
৬
আমায় তুমি আলো দিয়ে ঢাকো
পাখায় পাখায় উড়িয়ে দাও ঘাম
এখন সব মিথ্যে জাদুর খেলা
তাইতো এত দাহ্য হয় জীবন!
আকাশ দেখি, সবাই মিলে আকাশ দেখি চলো…
চক্রস্বর্ণ
পিয়াস মজিদ
রক্তাভ চাঁদ
তারাপোড়া ছাই
রোদফুল মেঘফুল কুয়াশার ফুল
তোমার গোপন গোলাপ
রাক্ষসীর সৌন্দর্য, গার্বেজের গন্ধ
দামিনীর গান, কৃষ্ণরাতের নীল রক্তপাত
অন্ধ বোর্হেস, পৃথিবীর সবশেষ ছোটগল্প
ভূমি ও শীর্ষের ইকুয়েশন
রোববার বানিশান্তা, সাধু থোমারের গির্জা
এক কিলো হর্ষ, তিন কিলো বিষাদ
ক্ষণিকা আর শাশ্বতী
বুদ্ধের চুল, হিংসার কিংডম
জুলাই মাস তেরছা বৃষ্টি;
মেঘের হামলায় ত্যক্ত আকাশ
নিউ টেস্টামেন্ট, গ্যাস চেম্বার, ঈশ্বরকণা
মরচে পড়ে পড়ে আরো ধারালো হওয়া
আমাকে খুনের ছুরিটা।
সন্তাপ
রহিমা আফরোজ মুন্নী
আমারে কি দেবে মুক্তি?
রাত আসে ভয় নিয়ে
ফেরারী সব স্মৃতির ভার
চুপ মেরে বসে থাকে
আমার হাঁ-মুখের ভেতর
এখনও কী সময় হয় নাই?
ভিন্ন-ভিন্ন কত নামে
রেখেছি কত কোণে
সকল হ'তে আলাদা
শুধু তোমারেই স্তুতি
তাতেই কোন ভুল ছিল কী?
আমার বানানো সব গল্পগুলো
নিয়ে যাওয়া হ'লো বলি হিশেবে
শিথিল আঙুল থেকে আপোষেই খশে পেন্সিল
সিঁড়ি ভেঙে উঠে আসে উদ্ধত জোড়া পা
দেয়াল থেকে খুলে নিয়ে প্রসাধন
দেউলেও রাখে নাই প্রাণ, হায়!
এমনই অন্তর্যামীর নায়কোচিত নির্ণয়
মিলাতে পারি নাই
বিকলাঙ্গ আমার অতীত নাই
ভবিষ্যৎও নাই
আমারে কী দেবে মুক্তি?
কে বাঁধে তোমায় সীমাবদ্ধ শব্দের আবহে?
কাজী মোহিনী ইসলাম
(জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদাকে নিবেদিত)
তোমাকে শনাক্ত করবো বলে জেনেছি বিশ্বাসের আয়তন
দহন-দগ্ধ হৃদয়ে হেটেছি প্রত্ন-পর্যটনের দীর্ঘ পথ
জীবনের জটিল ধাঁধা-সূত্রের ভেতর খুঁজেছি
মানব প্রকৃতির প্রত্ন-ইতিহাস…
চিরকাল মানবিক ভাষাহীন মানুষেরা
অর্থহীন উৎসবে থাকে মেতে
সুযোগের মন্ত্র শুনে সখের সুখ কেনে লোভের মুদ্রায়
বিভেদ অক্ষরে লেখে বল-বীর্যের ইতিহাস!
স্পর্ধার অবিনাশী শক্তি ত্রিমাত্রিক বিভ্রমে
কেবলই ঘুরপাক খায় অক্ষমতার অচলায়তনে
জীবনের দাঁতে কাটা অগ্রন্থিত স্বপ্নগুলো-
উই পোকাদের দখলে এখন অনুভব-উৎপ্রেক্ষার উপাখ্যান!
এইতো বেশ আছো কী অপূর্ব মোহন নিরবতায়!
সুরের সিম্ফনি তুলে বোধের পঞ্চ শাখে
প্রাচীন মাটির একান্ত স্বরের ভেতর সুন্দরের অবিরল সাধনায়
শূন্যতার সাথে শূন্যতা গাঁথার কৌশলে
কে বাঁধে তোমায় সীমাবদ্ধ শব্দের আবহে?
আনিত্যের লীলা মঞ্চে নষ্ট আকাক্সক্ষার সম্মুখে নাইবা দাঁড়ালে আর
সভ্যতার প্রথম দিনের মত একটি আরম্ভ দাও
অনুগমনের অনিরুদ্ধ আলোয় হোক তোমার পুনরুত্থান
বিশ্বমৈত্রী পতাকা উড়িয়ে পূর্ণ অবয়বে প্রকাশিত হও
অখন্ড মানবতায় দাও সুচিন্তিত অভিমত…
অনুভূতির আখ মুচড়ে
শামস আরেফিন
শিশির তুমি ধুয়ে দাও কষ্টমাখা স্মৃতিদের
যার চপেটাঘাতে ঘুমোতে পারে না ক্লান্ত ভালোবাসা
রাজশাহীর আমের মতো প্রেমের জাগে পাকে না আবেগ
ফরমালিন ভালোবাসায় ক্যন্সারে আক্রান্ত হৃদয়ে বুদবুদ
আর ব্যকরণের পুলিশের মতো উৎকোচে বিবেক বিকোয়।
ষড়ঋতুতে নতুন ছটি শাড়ি পরে আর হাজির হবে না বাংলা
প্রতি ঋতুতে নববধু বিধবা প্রকৃতিকে কে দেবে নতুন শাড়ি
আর কতো মানবিক ন্যাকামি বলো ফিতরার শাড়ি দিয়ে
আর কতো টয়লেট প্যাপারের মতো ধর্ম ব্যবহার রাজনীতিতে।
সততার রোদে পুড়ে মাটির মতো চৌচির হোক হতাশার বুক
বৃষ্টির প্রতিষেধকে আবার জীবিত হোক আশার বীজতলা
সুখের পুকুরে চঞ্চল হাঁসের ছানার মতো সাঁতার শিখুক ষোড়শি
ধানের চারার মতো নবজাতক স্বপ্নগুলো সারি বেধে দাঁড়াক
কলাপাতার থালায় আনন্দের ফিরনি চাই সখী তোর কাছে
অনুভূতির আখ মুচড়ে আর কতো হৃদয়ক্ষরণ তোর জন্য।
