২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের পংক্তিমালা

admin

Published : 13 Apr 2015, 09:58 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

জলের উপরে
মৃণাল বসুচৌধুরী

হলুদ কাগজে লেখা
অক্ষরবৃত্তের মতো অনায়াস
উন্মুক্ত প্রকৃতি হয়ে
ভেসে আছ জলের উপরে
মাছেদের আড্ডা থেকে দু-একটি চপল মাছ
বুকের আগুন দেখে
সবিস্ময়ে ফিরে যায় শ্যাওলার কাছে
মসৃণ পায়ের কাছে
বসন্তের বার্তা নিয়ে
ফিরে আসে দেবদুত
ভেসে আসে আশীর্বাদী ফুল
পরিপূর্ণ শুদ্ধতায়
ম্লান হয় মায়াবী নগ্নতা
গোলাঘরে
ধানখেতে
ছিন্ন তৃণমূলে
বেজে ওঠে শব্দের নূপুর
প্রিয়মুখ
সোনালি চিবুক থেকে
বিন্দু বিন্দু ঝড়ে পড়ে
মায়া
নীল ডানা পরিদের ঠোঁট
নিঃশব্দে উড়িয়ে দেয়
তোমার কবিতা

এসো হে বৈশাখ
মাহবুব সাদিক

কখনও বসন্ত থেকে মাকড়ের মতো ঝুল খেয়ে
সংক্রান্তির বুকে নামে ঘুরঘুট্টি কাল–
অন্ধকারে দোল খায় ইতস্তত মাতাল বাতাসে
তারপর ছেঁড়াফাটা ভুতুড়ে গলায়
সারা রাত গান গায়;
অন্যদিকে তার কাঁধ থেকে ঝুলখাওয়া শতচ্ছিন্ন
পুরনো বনাত ভেদ করে আসে
হাসিখুশি বৈশাখের প্রথম বাতাস,
তবে সে-ও মাতাল বুঝি-বা
নয়ত কেন এ শতাব্দীর তারুণ্যের শিবা
সোল্লাসে ডেকে উঠে হোআ হোআ আহো!

বসন্তে বৈশাখে ফোটা তরুণ পাতারা
ভীতমুখ, সন্ত্রাসের বাতাসেই তারা কাঁপে
এদিকে পণ্ডিতে মাপে সভ্যতার প্রবীণ বয়স।

বৈশাখ একটি পাঠের নাম
হাবীবুল্লাহ সিরাজী

সবুজ পাঠের মধ্যে মাথা দিচ্ছে বৈশাখ
আকাশ ছুটছে– তলপেটে ফুলকো মেঘ
কখন যে কী, আরও একটি খইফোটানো চাল-বালি
তরমুজের ডোরা শরীরে ডুবে যাচ্ছে কাকের চঞ্চু…

যে ডাকে সে ভোর। ভোর একটি নদী।
প্রাথমিক হাওয়ার তোড়ে পাঁচের ঘরের নামতা শেষে
পাতা উল্টিয়ে গ্রামখানি ফুটলে
কুমোর যায় তো পদ্মে স্বরস্বতী
ময়রা যায় তো সংক্রান্তির বাতাসা
শীল যায় তো মাতৃদায় নামে
কামার যায় তো লাঙ্গলের ঈষে মাটি
সোনালি পাঠের মধ্যে হাত বাড়ায় এক লহমা বৈশাখ…

ডালে ফুটেছে বার্ষিক রং
একটি চুক্তি মাধ্যমিক পর্যায়ে পৌঁছুলে
যা মেলে তা দুপুর। দুপুর একটি বন্দরের নাম।
পঞ্জিকা খুলে মিলিয়ে নিচ্ছে
পেশকার আসে তো কালো ছাতা উল্টায়
দর্জি আসে তো জামার বোতাম লটকায়
কবিরাজ আসে তো বাসক পাতার শরীর চুর্ণ হয়
বাবুর্চি আসে তো লবঙ্গের ধুম ঘ্রাণ ছোটে
গোলাপি পাঠের মধ্যে চোখ দেয় বৈশাখ …

বৈশাখ একটি বটমূলের নাম
বৈশাখ একটি ফোয়ারার নাম
বৈশাখ একটি একটি কৌশলের নাম
বৈশাখ একটি সুনীল পাঠের নাম হলে
ছুটি কাটাতে সন্ধ্যায় কুয়াকাটা যাব।

বৈশাখ-ভৈরবী
অসীম সাহা

আকাশ ভাঙছে মেঘের অন্তরালে
বৈশাখ তাতে দিচ্ছে জোয়ার ছেড়ে
অভিভূত মেঘ বিস্ময়ে চেয়ে আছে
গাছেরা দিচ্ছে ঝাঁকড়া চুলকে নেড়ে।

চারদিকে ঘন ধূসর অন্ধকার
কোঁকড়ানো চুলে দিচ্ছে প্রবল নাড়া
বজ্র দিচ্ছে বুকের ছিলায় টান
প্রকৃতি পাগল, কেবল ছন্নছাড়া।

আকাশ-মেঘের সংঘর্ষের তলে
উড়ছে পাতারা বাউলের মতো দুলে
নেশায় মাতাল পৃথিবী নৃত্য করে
ঝঞ্ঝামত্ত আকাশেতে মাথা তুলে।

বৈশাখ আজ রুদ্র বীণায় বাজে
সাগর গাইছে মেঘেদের মল্লার
দুঃখদগ্ধ প্রকৃতি কাঁপছে জ্বরে
পৃথিবী জানে না, কার কিসে অধিকার।

বৈশাখের ভালোবাসা
মতিন বৈরাগী

বৈশাখের টুকরো টুকরো মেঘের আকাশ, দিনের শেষের আলোটুকু
লুকোচুরি খেলতে খেলতে কখন যে নিভে গেছে, আর
তোমার ঘন চুলের মতন এক অন্ধকার আমাদের
দুজনার মাঝে চীনের প্রাচীর হয়ে আছে

আমি প্রতিদিন শুশ্রূষার আলোটুকু খুঁজি তোমার আকাশে
কোথাও তার আভাটুকু যদি পাই এমন আশায়
আবার তাকাই, কেবল অন্ধকার– জমে যাওয়া নিথর অরণ্য–
বাতাসটুকুও কান্না হয়ে ফোটে–

হায়,
ভালোবাসার জন্য বাড়ানো এই হাত তুলে নিচ্ছে আরেক নিঃসঙ্গতা
চারপাশ থেকে সরে যাচ্ছে ভালোগুলোর আশাগুলো–
ভালোবাসা হারাতে হারাতে ফেলে যাচ্ছে দীর্ঘতম স্মৃতি
আমি তোমার মুখের দিকে অপলক চেয়ে থাকি হে বৈশাখ

তুমিও কী চেয়ে থাক স্থির!

আজকের বৈশাখে
শিহাব সরকার

শুধু গান ছিল বৈশাখে
নববর্ষে ফুটে ছিল কল্যাণী ছায়াভোর,
আজ গান আছে প্রাণ নেই
মেলামাঠে আততায়ী মুখ ঢাকে
উড়ে যায় জীবনের যত ঘোর,
খরতাপ গায়ে এসে লাগছেই।

তবে কি বৈশাখে ফের শুরু…
হাতে হাতে পতাকা, স্ফূলিঙ্গ ঝলকায়
মন্দিরা থেমে গেছে, বেজে ওঠে ডঙ্কা
কলরোল ছাপিয়ে ঈশানে গুরুগুরু,
এসে গেল টর্নেডো বিদ্যুত চমকায়
আনন্দের বুকে ছোরা, চোখেমুখে শঙ্কা।

আজকের বৈশাখে দেখো লাল বন্যা
শপথের শিখা সব ভগিনী ও কন্যা।

বৈশাখী হাওয়া
বিমল গুহ

আমার জন্মান্ধ চোখ বৈশাখী হাওয়ার সাথে
পাল্লা দিয়ে হাঁটে– বাংলার পথেপ্রান্তরে মাঠেঘাটে।
অবোধ বালক
ঢেলা কুড়াতে কুড়াতে ঘর্মাক্ত হয়,
অবেলায় পার করে পুরনো সীমানা
বাংলার লোকজ আশ্রয়।

আবার বৈশাখ আসে এই বাংলায়,
গাঁয়ের রাখাল
পায়ে হেঁটে পাড়ি দেয় মরা নদী
আমাদের গ্রামের সীমানা,
ফি বছর পয়লা বৈশাখ আসে
উদোম শরীরে।

মাঠেঘাটে শুভ্রতার ঝালর বিছিয়ে
আমাদের পায়েচলা পথে
ফোটে ভাঁটফুল।
পুরনোকে বিদায় জানিয়ে দুরন্ত হাওয়া
উঁকি দেয় গৃহস্থ বাড়ির আঙিনায়–
নতুন বছর ফিরে আসে।
আমার জন্মান্ধ চোখ বৈশাখী হাওয়ার সাথে
পাল্লা দিয়ে হাঁটে– পাড়াগাঁর পথেপ্রান্তরে
দূরপথে।

রুমালকাহিনি
আসাদ মান্নান

দাঁড়াও নদীর জলে স্থিরচিত্তে কিছুক্ষণ পরে ঝড় উঠবে
মাঝি ও মাল্লার দল বৈঠা হাতে কণ্ঠে তুলে নেবে শেষ গান
বড় সাধ জাগে জন্মান্তরে কোকিলের আশা নিয়ে ভাষা নিয়ে
যাকে ভালোবাসি তাকে শুধু দেখে দেখে মরে যেতে চাই
যে মানুষ মরে নাই প্রেমিকের শ্রমিকের নিরন্তর গুপ্ত বাসনায়
দাঁড়াও বৈশাখী হাওয়া রুমালেরে সঙ্গে নাও অশ্বারোহী করো

২.
নিঃসঙ্গ দুরন্ত মনে রুমালের ফুল ফোটে আর ঝরে যায়
কে তার হিসাব রাখে কে তাকে কুড়িয়ে রাখবে চুলের বেদীতে
জঙ্গলের জন্তুগুলো মানবের সঙ্গে তার মনীষাকে খায়
নারীশিশু অগ্নিদগ্ধ জনপদে অবিরাম অশান্তির দানো
নাগিনী নদীর ঢেউয়ে ফণা তুলে গ্রাস করে রুমালের ঘুম
তবুও আশার তরী বেয়ে যায় প্রজন্মের সাহসী নাবিক

৩.
অস্থির স্বপ্নের পায়ে অবিরাম বেজে যায় জলের নূপুর
মরুকে জড়িয়ে ধরে একা বহু রঙে উলঙ্গ বসন্ত নাচে;
হাওয়ার বাড়ি গিয়ে দেখি হাওয়া বসে আছে সুন্দরের চোখে
অবেলায় নতুন প্রেমের হাটে সে আমাকে সঙ্গে নিয়ে যাবে
যতই কুয়াশা তার অশুভ বর্বর থাবা হানে বৈশাখী মেলায়
নতুন রুমাল দিয়ে এ বুকে কুড়িয়ে নেব বসন্তের শেষ অনুরাগ।

ময়াল মেঘেরা সাপ
ঝর্না রহমান

আদ্যিকালের ময়াল মেঘেরা কুণ্ডুলিকৃত সাপ
আমার খোঁপাতে গুঁজে রেখেছিলো বিষের অঙ্গুরীয়
করতলে নিয়ে কালমেঘ চারা সেবিকার সন্তাপ
আদিম রসনা তবু চেটে খায় মনুসংহিতাটিও
ফুঁসে ওঠে ফের চুলের ছোবলে ঈশানের কালো ঝড়
আমার দুহাতে বিদ্যুতে জাগে আলিঙ্গনের টান
বজ্র আঘাতে শিলাপাত ঘটে ভাঙে লৌহনিগড়
তখন আবার শরীরে বোশেখ আশ্লে­ষী উদ্যান
তখন আমার আগুনেরা পোড়ে জলীয় শিখার নাচে
তখন মেঘের সংকেতগুলো অনেক অর্থময়
তখন আমার দেহ ভেঙে ভেঙে রেণু রেণু হয়ে বাঁচে
ঝড়জল রাত শেষ হলে ফের দেহের সমন্বয়।

রাঙিয়ে দাও ভালোবাসা
হাসানাত লোকমান

গার্হস্থ্য গাঁজায় বুঁদ হয়ে আছে কালের কলকি
দিগন্তের দেয়ালবন্দী আকাশ
মাটিও বনে মহা সন্ত্রাস
বাতাসে আতঙ্ক, জলে বিষ
আমি আছি অপেক্ষায় অহর্নিশ
তুমি আসবে কবে মেঘের মিনার ছুঁয়ে
ধূয়ে দিতে পঙ্কিল পৃথিবীর শরীর।

হে বৈশাখ
আজ নিসর্গ প্রকৃতির শুদ্ধ সমার্বতন
তুমি উড়িয়ে নাও জরা জীর্ণ জীবন
আলোকজলে দাও ভরিয়ে ভেতর বাহির
সূচিত করো নতুন অধ্যায়
পল্লবিত হোক প্রাণ
ডাল ফুল পাতা
রাঙিয়ে দাও ভালোবাসা কবিতার খাতা…

বৈশাখে প্রেম
রেজিনা ইসলাম

কোনো এক বৈশাখী কোলাহলে রমনার বটতলায়
উড়িয়ে ছিলাম আবেগ আপ্লুত ঘুড়ি
তখন মেঘহীন তপ্ত আকাশ
বিস্মিত চোখে তাকিয়েছিল
তোমার দিকে, আমার দিকে
আমাদের দিকে–
অজস্র কথার পাণ্ডুলিপি
সোনালি রোদের স্পর্শে
গড়াগড়ি খাচ্ছিল
আমাদের উদ্ভাসিত অবয়ব থেকে।

আমার প্রজাপতি হাসি
সমুদ্রের মতো নিষ্পাপ চাহনি
তোমার নিঃশ্বাসের স্রোতে
ডুব দিয়ে দিয়ে
উত্তপ্ত লাভার মতো গলে গলে পড়ছিল।
মুহূর্তেই তোমার হৃদজ্যোৎস্নায়
স্তূপিকৃত ভালোবাসার মচমচ আওয়াজ
আমার কারুকার্য মন
অনুভব করেছিল
অনিন্দ্য মোহনীয় আবেশ ছড়িয়ে

ঠিক এমনই এক তপ্ত বৈশাখের আগুন আকাশে
প্রাণবন্ত উচ্ছ্বাসে
আমরা আমাদের যুগল ঘুড়ি উড়িয়েছিলাম।

বোশেখের নির্মলা
কামরুল ইসলাম

নির্মলা মৈনাক পর্বতে বোশেখে বিসর্জিত
তখন চারদিকে নিবিড় অন্ধকার, কুয়াশাচ্ছন্ন
মেঘের উপর মেঘ, বিজলির ঝলক
বিমুগ্ধ কলরবে দূরন্ত প্রাণী, আশ্রয়ের আয়োজন
মুহূর্তে মুহূর্তে আলো আর আধারের প্রণয়
প্রশান্ত গভীর প্রলয়ের প্রবল আকুতি
স্মিতহাস্য নির্মলা বৃহৎ বিশ্বরূপে নিমজ্জন।

অবিমিশ্র উজ্জ্বল বোশেখ, সৌন্দর্যের কারুকাজ
ঝলকে পলকে মেঘলা আকাশের আলোয়
ভয়ানক বাদল ঝরে প্রান্তে প্রান্তে
স্নিগ্ধ সজল মেঘে তৃণ আবরণ সজীব চঞ্চল
জলভারাক্রান্ত মেঘ নত হয়ে নামে উদ্যমে
নির্মলার স্নান সমাপন প্রমোদ উত্তেজনায়
দূর নীলাভ প্রান্তটি নেমেছে অবিরাম জলধারায়।

চঞ্চলা নির্মলা উন্মত্ত অধীর উদাসীন
ঝড় ও বায়ুর প্রবালে ধরেছে আগুন
আমিই নির্মলা, আমিই অনিত্য, আমিই মরীচিকা
আমিই রোদ ও মেঘ, আমিই কোলাহল, আমিই রূপবতী
আমিই জন্ম-মৃত্যু, আমিই উৎসব, আমিই ছায়া কায়া
বৃষ্টিসিক্ত ঘাসের উপর আমিই নববিকশিত
নীলিমায় মেলেছি ডানা, উড়েছি স্নিগ্ধ নির্মলে।

যুগযুগান্তরের নিত্য প্রলয়ের আনন্দ বোশেখ
নির্মলার নৈপুণ্যে সম্ভোগের বিচিত্র আয়োজন
পুরবীর তানে তানে অধীর উন্মুখ মদিরায়
'ভরা বাদরে'র নববর্ষ লীলায় বৃন্দার মথুরায়
কালের চক্রবালে জ্যোতির্ময় অঙ্কুরিত প্রেম
শৌর্যে শৌর্যে মিলনের গভীর অনুরাগে
প্রণত প্রণয়ী মৈনাকে মহানন্দে নির্মলায় সমর্পণ।

গোলাম মোর্শেদ চন্দন
তাড়নার খরা

যে বুকে বৈশাখী খরা, এই চোখে পরলেই ধরা
উনুনের তপ্ত রোদ। আমারে রাধে না পরম্পরা
তৈলাক্ত বাসনে বোধ। ধুইলে আধোয়া কেন লাগে
কে বোঝে (?) বোঝে না ক্রোধ; তাড়নার বৈশাখে।

কাল বন্ধের দিন, ঝড় এল গহীন কামনায় বাজবে
সুরের বীন, ফণা তুলে বিষ যাতনায়

একদিন দিগন্তের সাথে, তুমিও

ভূমিকা ছিল না, 'ভূমিকা'র
অপ্রয়োজনে অনুসন্ধিৎসায়
ছুটে আশা খড়কুটো
ধরেছিল কিছুক্ষণ …

উজানি নৌকা শ্মশানে বেঁধে
সীমান্তে চলে একা, চৈত্রে …
রাতে ফোঁটে না কামিনী
আসে না সকাল।
সন্ধ্যায় ওড়ে দিগন্তে পাখি একা…

ঘাতে-প্রতিঘাতে সে ধুপের ধোঁয়া-
পুড়ে পুড়ে অঙ্গার এখনো শোয়া কালবৈশাখি অবয়বে লাভার দহন
ফেলে আশা স্মৃতি তারে করে প্রহসন।

বৈশাখি মৈথুনে ছাড়পোকা
মেঘেদের সাথে মাতে
তার স্বামীও
জীবনের পদাঘাতে একা
একদিন দিগন্তের সাথে,
দেখ তুমিও…

এই বৈশাখে
রেবেকা ইসলাম

এই বৈশাখে তোমাকে দেখতে চাই নতুন রূপে
নতুন চেহারায় দীপ্ত জ্বলজ্বলে চোখে
প্রতিবাদী কম্পমান স্পন্দিত ওষ্ঠে
শ্বাসে থাকবে উষ্ণ বাতাবরণ
মনের দোরগোড়ায় থাকবে দ্রোহের আগুন
শুধু বুক খোলা রক্তগোলাপ রাঙা
লাল পাঞ্জাবিতে আবৃত দেহ নয়
ওই দেহে থাকবে আগুনের উত্তাপ
প্রতিবাদে জ্বলে ওঠা তেজোদীপ্ত স্ফূলিঙ্গ
সমাজের রন্ধ্রে রন্ধ্রে সন্নিবদ্ধ সমস্ত অত্যাচার
সমস্ত অবিচার অনাচারের বিরুদ্ধে
উদ্দীপ্ত হোক ওই দেহের প্রতিটি বাঁক
ওই হাতে শুধু সুগন্ধি ফুলের মালা আমি চাই না
গর্জে উঠুক ওই শক্ত প্রতিজ্ঞাবদ্ধ মুষ্ঠি
ক্ষয়িষ্ণু সমাজের জমাটবদ্ধ স্থূলতার বিরুদ্ধে
ওই কণ্ঠে ঝরুক নিপীড়িতের পক্ষে সুর
অবহেলিত উপেক্ষিতের পক্ষে তান
শুধু নয় শুধু নয় বৈশাখি গান
এই বৈশাখে তোমাকে দেখতে চাই নতুন রূপে
একেবারে, নতুন রূপে।

Image
Flag Counter