পুলক হাসানের পাঁচটি কবিতা
সমঝোতা
শরণার্থী পাখির মতো আবার ফিরে
এসেছে শীত মাটির স্যাঁতসেঁতে ঘরে
কাথা নেই কম্বল নেই তবু জ্বরে
সোনার দেহখানি হায় পোড়ে;
ঘুমের সরোবরে ফুঁসে ওঠে জল
যেন কবেকার ক্ষুধাতুর ধরণী উতল
আবেশে হাত পা খুলে দেয় রাত
তার জন্যই কী অপেক্ষায় ছিল
আটপৌরে চাঁদ?
জীবনের প্রতি গভীর এই আঁতাত
রেখেছে ধরে তার বিশ্বাসের ছাদ।
ক্ষমতা
তোমাকে মনে হয় ক্ষতপ্রিয় মাছির মতো
নিষ্ঠুরতায় উজ্জীবিত; স্পর্শ করে না তাই
প্রেট্রোলে দগ্ধ নিরীহ মানবতার কান্না
মনে হয় তাই গণতন্ত্রের মন্ত্রণা
পোড়া এক পৃথিবীরই রচনা;
তবে কি তোমার জন্য আজ ঘৃণার থুথু
রাখবো জমা?
হে ক্ষয়িষ্ণু সামন্তের উত্তরাধিকার, রাজন্য
অভিজিৎদের আত্মার শান্তির জন্য
আমাকে করো ক্ষমা
এর চেয়ে বেশি প্রাপ্য তোমার হতে পারে না।
অবিচ্ছেদ্য
মীন ছুটে চলে উজানে
উজানে আছে জীবনের গতিপথ
তাই থামে না তার বসন্তস্রোত
যদি কখনো ভাটির টানে
সেই মর্মস্রোত থামে
পালাবার পথ খুঁজবে ভালোবাসা
এবং হয়তো নেবে ছুটি
তোমার কাছে রঙিন খামে
পৌঁছাবে না কোনো চিঠি
ডাকবাক্সে জমবে শুধু কুয়াশা।
বসন্ত
পাথর কেটে কেটে হৃদয়মূর্তি গড়তে
চাইনি হয়তো
তবু তার আগমনে পৃথিবীতে
হৃদয়ে জাগায় সেই ব্রত
যেন এরই নাম প্রকৃতি চেতনা
গোপনে গোপনে ছড়ায় উন্মাদনা
খুঁজে পায় জন্মান্ধ মানুষ
অন্য এক জীবনের ঠিকানা
ফুলে ফুলে রঙিন উচাটন দিন
মনে করিয়ে দেয় কবেকার চিনপরিচয়
তার হৃদয়েও ফুটেছে নতুন কিশলয়
মৌ মৌ গন্ধে আজও সমীচীন।
ঈর্ষা
অযথা যদি তোলে ফনা
আমি তার ধারও ঘেঁষি না
তবু সে আমাকে
চোখে চোখে রাখে
জেনেছি পরোক্ষে;
আমার গোলাপ স্বত্ব
তাকে পোড়ায় অবিরত
ছুরির তীক্ষ্নতা শানায়
তাই আমার দিকেই
যেন আমিই আক্রোশে
দিতে চেয়েছি মুছে
তার কামনার সবটুকু আবীর
আমাকে তাই কিছুতেই
টপকাতে দেবে না তার প্রাচীর।
