২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সময়ের গল্প

matin_bairagi

Published : 28 Oct 2014, 07:37 PM

Updated : 03 Oct 2022, 11:27 AM

১.
রাত্রির ভেতরে যে চিৎকার যেমন আমরা শুনতে পাই সে ছিল কারও মরনের পরোয়ানা
একমাত্র অন্ধকার নিরাপত্তা হয়ে সতর্ক করছে আমাদের
এবং বলে এই চিৎকার আর শেষ আর্তধ্বনি মানুষের, বলে দেয় পৃথিবীতে খুন আরও বাড়ল
তারপর যদি আগুনের লেলিহান ভেদ করে জানালার কাচ এবং এক হিংস্র আলোক ছিটকে পড়ে
তখন ঘরের ইতর প্রাণীরা কাঁপে, চুপটি করে লুকায় এখানে সেখানে–
আমরা তখন আরও বেশি ঘন অন্ধকার চাই তখন অন্ধকার আমাদের খুব প্রয়োজন

গণতন্ত্রের জবানিতে কথা বল, আলোক আঁধারে ফারাক কর না
বলেই একটা নিশাচর উড়ল; আঁধারে সে দেখে ভালো, আর কয়টা বিড়াল
ওপাড়া থেকে এপাড়া তিরিংবিরিং– তাদেরও মহামৌজ জাঁদরেল অতিকায়
আর কুকুরগুলো শাসাল এই বলে যে তারা সব দেখে তারা সব বোঝে

মহান হওয়া কোনো ব্যাপার নয় গণতন্ত্র থাকলে সে এক চমৎকার বিষয়আশয়
নিষ্কৃয়তা ব্যক্তি-স্বাধীনতা, শপথ পাঠে কী আসে যায়!
কিন্তু, আমরা তো বাস করছি গণতন্ত্রের যুগে আর কে তা অস্বীকার করবে? বলবে, না!
আর আমি রক্তহ্রদ থেকে উঠে আসা ছটফটে হৃদপিণ্ড দেখব কারও পায়ের তলায়–

২৫.০৫.১৪.

২
মুখের আদলে তুমি বুঝতে পার না মানুষ আর জন্তুর ব্যবধান
সব মুখ মানুষের মতো দাঁত কিংবা জিহ্বা স্বাদ কিংবা বলার তাড়না
মুখের উপরে নাক চোখ ভ্রু দেখার বাসনা
তারপর একটা চাতাল কারও চ্যাপ্টা কারও ছোট্ট আরও
ভাঁজে-খাঁজে লুকানো, যা আমরা যেমন দেখি; দেখা যায়–

ভয়ংকর সব মুখ, ওই সব মুখ কী করে আঁকে ভিঞ্চির হাতের পেনসিল, নাকি থেমে যায়!
একটা মুখ কতবার খুঁজে তবে পেয়েছিল বেশ্যার দালাল: সেই মুখ বসে আছে 'লাস্ট সাফারে'
এখন এসব খুঁজতে হবে কেন? গণতন্ত্রের সময় বাস করছি আমরা! যখন
মহান ভবনে বসে মানুষের নীতিশাস্ত্র লেখে ওই সব মুখ?
তখন তো পৃথিবীর সব শিল্পী উঁকি দেয় আর ভাবে কত কিছু মিস করলাম
কত উপযুক্ত মুখ ছিল! আহা..
সেই সব শুনে লোরকা বিষণ্ন চোখে চেয়ে দেখে মিন্টো রোডে জলে ডোবা লাশ
আরেক আনন্দ কবি লেখে 'অনেক গন্ধর্ব, নাগ, কুকুর, কিন্নর, পঙ্গপাল বহুবিধ জন্তুর কপাল'
দেখে নাও চিনে নাও বঙ্গের অঙ্গের স্বরূপ– হাসে ফ্রাঙ্ক, লেলিয়ে দেয় পঞ্চম বাহিনী–

কবিরা তবু ফেরেনি, রক্ত দিয়ে গেছে মাদ্রিদ উদ্ধারে।
২৫.০৫.১৪.

০৩.
আজ রাতে সব খুলে ফেলব আমি, আমার আচ্ছাদন, ত্বক, মগজ হৃদপিণ্ড– চোখ আমার আত্মা
হে ঈশ্বর তুমি যদি নিদ্রাই ভালোবাস আজ আর ঘুমিয়ো না। আজ রাতে আমি দেখব আমাকে
তোমার আয়নায়, আমি খুলব সব– এ খাঁচায় আছে যত নাট যত সন্ধি-কপাট
বিভাজিত হবে যাবতীয় মৌল, চারপাশের হাওয়া নদীজলে লুকিয়ে থাকা সূর্য
আজ রাতে আমি খুলব আমাকে প্রভু, খুলব তোমাকে আমার ভেতর
অণুতে পরমাণুর মিশ্রণ সে এক দ্রবণ রাত্রির আকাশ চেরা স্বপ্নে ঝরেপড়া আকরিক,
তুমুল তুফানে কাঁপিয়ে দেবে প্রকৃতি। হে ঈশ্বর, ঘুমিয়ো না এত নিদ্রা তোমাকে মানায় না,
তুমি দেখবে আজ এক কোজাগরি রাত কোঁকায়ে ফিরবে তোমার আকাশে আর এক কবি
হেঁটে হেঁটে পার হয়ে যাবে কুটিল শহর, মানুষের নিষ্ঠুরতা, কুটকচাল
তুমি তো আমার, আমার ইচ্ছার প্রবল প্রকাশ, আমি তোমাকে খুলব,
দেখব সত্যি কী তুমি জেগে আছ নাকি এক বহমান নিদ্রা–

আজ আমি খুলে ফেলব সব সকল নির্মাণ এবং তোমাকে আমার ভেতর–

২৭.৫.১৪

০৪.
এসো গণনা করি কড়াঙ্গুলে নয়ত তসবীর স্ফটিক দানায়, গণনা করি কাল সময়
বিচিত্র নিয়মকানুন মানুষ তাড়ানো আইন। রাতদিন ওঠাবসানামা,
যুদ্ধবিগ্রহ বাণিজ্যে প্রসার, টাকা– টাকা– টাকা—
সংখ্যায় না কুলালে শূন্য তো আছে, শূন্য মহাশক্তিমান। এসো গণনা করি
আমাদের চারপাশ সেকেন্ড মিনিট ঘণ্টা আমাদের নদীখাল নিখিল সমান
ভূত্বকের ক্ষয়, কাঁপনের ধারাগতি। মৌমাছি, হাটের পাটিনী, গণনা করি ব্যাট আর বলের পিটান–
প্রিয় ভাষিণী, শেখ সৈয়দ মোল্লা খান নমরুদ প্রাণ আর যত চামার কামার কসাই মেথর, হাট-ঘাট পা
গণনা করি রাজার রাজত্ব সিমান্তের কাঁটাতার, গুলি, ফারাওদের ঝলমলে সমাধি
একটি পায়রা ওড়ে এখনও আকাশে একটি দিন ঝিমিয়ে থাকে, পাতার সবুজ কাঁদে,
একটি নদী হাওয়া হয়ে যায়, পরিবার ভাঙে নেভে আশা–রাশিদার বুক ফাঁটে,
রাশিদা কাঁদে, ফোরাতের জল নদী হয়ে চোখে ভাসে। এসো গননা করি হে–

একটি নদী মরে যায়, শূন্যগুলো দীর্ঘ সারিতে একটি সংখ্যা আজ তার চাই–
এবার গণনা করি মাথাগুলো ভোটের দামে যারা সমান বিকায়
কারা ভোট দেয়, কারা মিছিলে তাড়া খায়, ভাড়া খাটে খুন হয়, গণনা করি
যাঁরা সব খেয়ে নিয়ে বলে কে আছ হে; এক আল্লা ছাড়া আর শুধু একজন ছাড়া
কে আর আমাকে নামায়! আহা কতজন আমাদের গণনা শেখায়।
আর গণনা করি কারা সব নিয়ে তবে উড়ে চলে যায়–
এস, গণনা করি, সবকিছু বাতিল করে একটি স্থির বিন্দু যদি পাই…
১০.৬.১৪.

০৫.
সব কিছু যদি শেষ হয়ে যায় কোনো এক রাতে
গির্জায় আর কোনো ঘণ্টা বাজবে না আর দীর্ঘ লম্বা স্থির গম্বুজটা এমন হেলে থাকবে
দূর থেকে দেখলে যে কেউ ভাববে সেজদায় রত

তারপর শহরটা তুলা হয়ে উড়বে মেঘের মতো এবং
হাহাকার ধ্বনিতে ভৌতিক আলোড়ন এ বাড়ির ছাদ থেকে ও বাড়ির ছাদ
গড়িয়ে যাবে মানুষের হিংসা দ্বেষ-বিদ্বেষের জল
আর বুড়িগঙ্গা! পেট উপুড় করে ঢালবে তাবৎ বর্জ্য মানুষের দিকে

লোভের পরিসমাপ্তি তো আসন্ন, আর ক্ষমতা! দোমড়ানো মোচড়ানো নোংরা টিস্যু,
পায়ে পায়ে গড়িয়ে যাবে যতদূর তারা যায়
তখন ঘড়ির কাঁটা শূন্যে একটা অস্থিরতা কোনো এক সময়ের বাহক?
কী সংবাদ আনবে সে কাল প্রত্যুষের?

প্রকৃতির প্রতিশোধ ভয়াবহ, ফুরিয়ে গেলে করুণাধারা
আপন নিয়মে সব কিছু ওলটপালট করে নেমে আসবে প্রতিশোধ আর মাটি
কেবল লাল, মানুষের রক্ত, মাথার খুলির এক আকাশ–
১৩.০৬.১৪.

Image
Flag Counter