গৌতম চৌধুরীর কবিতা
তুমি আর আমি
১.
তোমার সঙ্গে যে দেখা হয়ে যাবে আবার
সে আমি ভালোই জানতাম
ইচ্ছে গো ইচ্ছে, সবটাই হল ইচ্ছে
নইলে তো নদীর এপার আর ওপার
সাঁকো বলতেও, ফুস মন্তর
তবুও চলে যাই কোথায় কোথায়, ঘুরে বেড়াই আদাড় বাদাড়
তুমিও কি ছাই বসে থাক নাকি ঘরের কোণে
আলপনা দেওয়া জলচৌকিতে আসনপিঁড়ি হয়ে?
থাকবেই বা কেন, তোমার কি বয়সধর্ম বলে কিছু নেই
তবে, জোসনার মধ্যে এখনও হঠাৎ হঠাৎ কাক ডেকে ওঠে
আর, কী কী সব মনে পড়ে যায়
সেবার সামরিক আদালতে বিচারের পর ফাঁসি হয়ে গেল আমার
আর তোমাকে হাসির গান গেয়ে বেড়াতে হল লোক-উৎসবে
২.
সত্যি কথা কি কেউ বিশ্বাস করে
শুনতেই চায় না
তুমিও তেমনই, কোনও দিন সাপকে সাপ বলা পছন্দ করলে না
বলতে হবে, কালো পাথরের ঘনক
বা, ছিটকে যাওয়া ঘোড়ার গাড়ির চাকা
নক্ষত্রদের ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে যেসব ধুলো গায়ে এসে লাগে
তার কাছে কোথায় লাগে তোমার সুগন্ধ মেশানো সাজিমাটি
তুমি কি ভাব এসব খবর এদিকে এসে পৌঁছায় না
সকলেই বুদ্ধি ধরে
নাহলে কি আর একত্রিশ জন মিলে একশ জনকে চালাতে পারত
তুমিও তো ওইভাবে চালাতে পারতে আমায়
স্লেজগাড়ি চড়ে আমিও দিব্যি গড়গড় ক'রে চলে আসতাম
বরফবিজ্ঞানীদের অধিবেশনে
৩.
একটি শব্দের পর অনেকখানি শূন্যতা
তারপর আবার একটি শব্দ
এইভাবেই নাকি প্রত্যাদেশ আসে
এব্যাপারে তোমার সাক্ষ্যই অবশ্য শেষ কথা
আমার মন চঞ্চল
পুংবিপ্লবীদের হাতে সরলা দেবীর হেনস্থার কথা ভাবি
জানি, তুমি নির্ঘাত বলবে
হাজার হাজার মাইল উড়ে আসা পাখিগুলির কথা
এই লম্বা রাস্তার নিশানা ওদের কে দেখায়
হয়তো ডিমের মধ্যেই চুপিসাড়ে সব নির্দেশ লিখে রাখে
ওদের মা
তুমিও কি অমন কিছু পার না
যাতে হাঁ ক'রে তাকিয়ে থাকতে না হয়
কলকব্জাগুলো নড়তে চড়তে থাকে যুক্তিহীনভাবে
৪.
আমি তো পৌঁছাতেই চাই
মাঠের কোণের বটগাছের নিচে চুপ ক'রে বসে বসে ভাবি
কোন পথটা ধরলে ভালো হয়
রাস্তা অবশ্য কোনওটাই সুবিধার নয়
ধিক ধিক ক'রে আগুন জ্বলছে পুড়িয়ে দেওয়া ঘরবাড়িগুলোয়
গাছের ডালে ঝুলছে খোবলানো বাচ্চা মেয়ের লাশ
সেবার লতাপাতা দিয়ে পাহাড়ি নদীর ওপর
যে-ঝুলসেতুটা বানিয়ে দিয়ে গিয়েছিলে
অযত্নে অযত্নে ঝরে গেছে সেটা
বলব কী, পাহাড়টাই ভেঙে পড়েছে নদীর ওপর
কিন্তু এতসব ঝামেলা টপকে যখন গিয়েছি যথাস্থানে
দেখেছি, তুমি নাই
এবার ভাবছি উড়াল দেওয়ার কথা
ভাবছি, গাছের নিচে চোখ বন্ধ ক'রে বসি
আর, মনে মনে সব রাস্তা পেরিয়ে সোজা চলে যাই
এক্কেবারে ঠিক যেখানটায় তুমি আছ, সেইখানে
৫.
তুমি কি খেয়াল করেছ, রেলপথ প্রতিবার বাঁক নেওয়ার আগে
কোণ আর ব্যাসার্ধের মাপ লিখে লিখে রাখে
তোমার অবশ্য সেসব দায় নেই
জানি, যেসব কথা বলা হল এতদিন
অনেক ফাঁকফোকর রয়ে গেছে তার ভেতর
তা নিয়ে মুষড়ে পড়ে আর কী হবে
তুমি তো বলেছিলে, ব্যথার ওষুধ বেশি না-খাওয়াই ভালো
খেলে, পাকস্থলী ছেঁদা হয়ে যেতে পারে
তার চেয়ে, ছটফট করতে করতেই ভোর হবে
শুকতারা ফুটে উঠবে, মিলিয়েও যাবে আলোর চৈচৈ ভিড়ে
