২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের প্রথম দিবসে

faruk_mahmud

Published : 13 Apr 2014, 09:03 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

তোমাকে আকাঙ্ক্ষা করি। ছায়াস্মৃতি ওড়ে
আমি যদি দুকদম হাঁটি, তুমি হাঁট একশ মিটার
বরফের দাহ্যক্রোধ– নিভন্তকে পোড়ে

এত পুঞ্জ। এত রূঢ়। প্রতিবন্ধী ঘ্রাণে
দূরত্ব বাড়ছে দ্রুত। তখনো কি সত্য নয় চিরলোকাচার
প্রেমের বশ্যতা শেখা– হয় কিছু মানে?

ক্লান্তির ঝলক মুখে। পাতা ঝরে যাবে
মেঘের আলস্য থেকে কেউ কেউ খুঁজে নেবে জলবহ্নিধারা
স্থায়ী চাকরির মতো ভালোবাসা পাবে!

ইচ্ছে আলো স্রোততৃষ্ণা কখনো কি বসে!
হৃদয়ে প্রশান্তি চাই। ভুলে যাও অর্থহীন দ্রবণের তাড়া
দেখা হোক বৈশাখের প্রথম দিবসে

Image
Flag Counter