মাসুদ আনোয়ারের দুটি কবিতা
চাপল্য, নিশ্চিন্তে ফোটো
আমাকে শেখালে যারা স্বরবর্ণ সমধিক পাঠ
ব্যঞ্জন বর্ণের যত অল্পপ্রাণ মহাপ্রাণ মুর্ধ্য দন্ত্য আনুনাসিকের
কারুকার্য, সাক্ষাৎ ঘটিয়ে দিলে বর্গ বিভক্তির সঙ্গে, অন্তস্থ তালব্য–
উচ্চারণ বুঝিয়ে দিয়েছ যারা
তোমাদের ধন্যবাদ, বিনীত শুভেচ্ছাটুকু নাও
আহা, তোমরা যে স্বরবর্ণ সমধিক পাঠ শিখিয়েছ!
কী আছে জীবনে আর, বত্রিশটি দাঁতের ঘেরে
একটি মাত্র জিহ্বা নাড়া ছাড়া?
তালু-মুর্ধা-দন্ত-কণ্ঠস্পর্শে এনে শব্দের কম্পন
মস্তিষ্কের নিউরনে ভোঁতা চাপ সৃষ্টি ছাড়া কী আছে করার?
আলোকের প্রার্থনায় ছত্রিশ বছর ধরে
যে পতঙ্গ তিলে তিলে নিজেকে পোড়ায়
শ্মশানের ভস্মস্তূপ ফুঁ দিয়ে ওড়ানো ছাড়া
তোমাদের ওষ্ঠ থেকে কী আছে পাবার?
কে তোমরা বিদগ্ধ, কারা সঙ্গীতের সরগমে বিশেষজ্ঞতার
হাতুড়ি চালিয়ে ভাঙ বিমুগ্ধ আঙুল
আকুল চুম্বন থেকে ছিনিয়ে বাঁশির মুখ
কে তোমরা অসুর পাল সুরকে সাজাও
ইচ্ছে মত? বটের পাতার শব্দে যাদের ওঠে না মন
যারা ব্যস্ত ঘুঘুদের সমালোচনায়
আমাকে করুণা করে শেখালে বায়স-তান
তোমাদের বদান্যতা সুবিস্তৃত হোক।
আজ থেকে মুখরতা চাষ করব আমিও আমার
উঠোনে ঘাসের মত, আগাছার মর্মমূলে জল ঢেলে ঢেলে
বাড়াব জঞ্জাল, সব কুকুর বেড়াল আর শেয়ালের যত্ন নেব, আজ
আমিও গাধার গানে উচ্ছ্বসিত হাততালি বাজাব প্রচুর;
বলেছ, নীরব থাকা কষ্টকর ভারী–গহীন সমুদ্র তাতে
গভীর তরঙ্গ ছাড়া চপলা ঢেউয়ের মুদ্রা পুলকে ফোটে না।
নীরবতা কষ্ট হোক, চাপল্য নিশ্চিন্তে ফোটো
গহীন সমুদ্রে যেতে তোমাকে নেব না।
স্থানান্তর
শূন্যতায় হাঁটতে হাঁটতে
তোমার চোখের জল ঝরার শব্দ শোনলাম
ইচ্ছে হলো ওই শব্দের রেশ ধরে যাই
তোমার চুলের কাছে
তোমার পায়ের কাছে
কিন্তু শূন্যতায় হাঁটতে হাঁটতে আমি
অপর এক শূন্যতার দিকে এগিয়ে চললাম।
সেখানে তোমার চুল উড়ছিল
তোমার চোখ নাচছিল
আর তোমার নিঃশ্বাসের ওঠা-নামা
দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল
এবং আমি ক্রমশ তোমার চুল চোখ আর
পায়ের পাতা থেকে দূরে সরে যাচ্ছিলাম।
সেখানে স্থানান্তর ঘটছিল তোমার অতীতের
বর্তমানের
আমিও স্থানান্তরিত হচ্ছিলাম
আমার অতীত বর্তমান থেকে
বিশ্বাস-অবিশ্বাস থেকে
আশা আর নিরাশা থেকেও;
তুমি তোমার বুক ভরে নিলে ভবিষ্যতে
আমি আমার বুক ভরে নিলাম অন্ধকারে
আমাদের স্থানান্তর প্রক্রিয়ায় আমরা
আমাদের বুক ভরে নিলাম ভবিষ্যৎ ও অন্ধকারে;
তুমি ভাবলে অন্য এক প্রান্তরের কথা
আমিও ভাবলাম অন্য এক প্রান্তর।
আমাদের স্থানান্তর প্রক্রিয়া এক সাথে
আমাদের স্থানান্তর প্রক্রিয়া ভিন্ন ভিন্ন
আমরা এক সঙ্গে ভিন্ন ভিন্ন ভাবে
স্থানান্তরিত হলাম
আমি ভাবলাম দেখা হবে
তুমি ভাবলে দেখা হবে
আমাদের স্থানান্তর প্রক্রিয়ায় আমরা এক সঙ্গে
ভিন্ন ভিন্ন পথে
যেতে যেতে ভাবলাম দেখা হবে
স্থানান্তরে একদিন তার সাথে
আমাদের দেখা হবে।
