ধূসর দিনের হৃদয়
ঘর থেকে চলে গেছে বসন্ত
খোলা জানালায় ঢুকে সারাক্ষণ রুদ্র বাতাস,
বারান্দার ওপাশে ছিলো যারা দিবারাত্রির প্রতিবেশী
কুঞ্জে কূজন করতো
চঞ্চুতে মাখামাখি করতো ভালোবাসা,
বিগত-বসন্ত বৃক্ষের ন্যাড়া আবডালে
খড়কুটার সংসার ছেড়ে
তারাও পালিয়ে গেছে
কোথাও সবুজের সমারোহের সন্ধানে।
বিবর্ণ পাতা জড়িয়ে যায় যখনই হাঁটি পথে,
আকাশ ঝুলে থাকে বিবসনা বৃক্ষের মাথায়,
চৌচির প্রাচীন মাটির নিঃশেষিত সোঁদা গন্ধ,
শিমুল তূলার মতো ভেসে বেড়ানো মেঘ
শূন্যেই উড়ে
গ্রাম্য বালিকার বসন ভিজিয়ে ঝরে না বৃষ্টি,
তৃষিত চাতকের চিৎকার 'মেঘ দাও, মেঘ দাও'
বিদীর্ণ করে আমার ধূসর দিনের হৃদয়।
যারা ছিলো সাথী
কুন্তলে ঢেকে কুমারীত্ব
চমকে দিয়েছিলো চোখের মণি,
ছানির আড়ালে তাকায় তারা
অন্ধকারে খোঁজে অতীত।
তবু খুলে রাখি জানালা,
ছাড়পত্র পেয়ে
আবার যদি ফিরে আসে বসন্ত!
