এ বসন্তে তোমাকেই পিট সিগার
রক্তপ্লাবিত মাটিতে একদিন ফুটেছিলো ফুল
বিপ্লবের আগুন বুকে স্বপ্ন ছিলো বাগানেরঃ
বাহারি শত ফুল ফুটবে দুর্বিনীত আকাঙক্ষায়
দিগন্তজুড়ে রূপের দেমাগ, বাতাস ভরে সৌরভ।
গিটারের তারে তারে সজোরে করাঘাত করে
পিট সিগার ঝংকার তুলেছিলেন তারুণ্যের হৃদয়েঃ
ফুলগুলো কোথায় হারিয়ে গেলো?
মাটির রক্তে স্নান করেই তো গাছে ফুটে কৃষ্ণচূড়া
ঋতুচক্রে ঘুরে প্রতিবার বার্তা দেয় বিদ্রোহের।
বসন্ত তবু ব্যর্থ হয়, শহীদের কবর কম্পিত হয় পদতলে
ধর্ষিতের করুণ চিৎকার শুনি নিশীথে কাকের কর্কশ কণ্ঠে।
আবার রক্ত ঝরে, বারবার ভিজে যায় মাটি
বসন্ত জাগে, তবু ফুটে না ফুল, ডাকে না কোকিল।
উত্তরাধিকারের রুধিরে কি ধরেছে ঘূণ?
নাকি মাটি হারিয়ে ফেলেছে মাতৃত্ব-বন্দনা?
জন্মাবধি অপেক্ষায় আমার হতহৃদয় জন্মভূমি-
আবার আঁতুড় ঘরে কখন শোনা যাবে প্রথম কান্না?
আবার জেগে ওঠো,
গাও, পিট সিগারঃ
We shall overcome one day
আমরা জয় করবো একদিন।
