লক্ষ ধানের শিষ একযোগে হাসে
এই বাংলায় যেনো ভোরের কুয়াশা
হঠাৎ উধাও হয়! একযোগে হাসে
লক্ষ ধানের শিষ! দশ লাখ শিষ!
এখানে হাজারো ধান, স্বর্ণ ধান, প্রাণ!
কৃষকের ঘামে ভিজে হঠাৎ আলোয়
জানায় আগমনের শুভ বার্তা তা'র,
দুলিয়ে পতাকা-মাথা। স্বর্ণাভ ধান
দুধের পুষ্টিতে আজ পরিপুষ্ট, তেজী;
সূর্যের সৌর সুধা শুষে নিয়ে ওরা
দাঁড়ায় আকাশমুখী, বিজয় বিভাসে
গর্বিত শির তুলে। কী মহান গান
উচ্চারিত হয় আজ ধানের ভাষায়
কৃষক প্রাণের আশা! এই বাংলায়,
এমন মহান ফল ফসলের চাষ
হয়ে যায় সিদ্ধকাম! এই বাংলায়
দেবকন্যা দুধসর সুবর্ণযশোয়া
শাপাহার মাল্শিরা সূর্যউজল
অঞ্জনা কৃষচূড়া রাঁধুনিপাগল
কালিজিরা কাজলিয়া চাঁপা মৌভাঁজ
ধানের সুবর্ণ শিষ, কনক অঞ্জলি
নিজেকে উজার করে কিষাণের কোলে।
এমন মধুর আহা! মউ মউ সুধা
ভিজায় ওষ্ঠ অধর কুসুম কোরকে;
নম্র, মৃদুলস্পর্শ, নিটোল কোমল
ঢেলে দেয় অবিরল সুবিমল রস!
হাতিদন্ত রাজভোগ পরীজল মুগী
খিরশা বিঁধিপাকড়ি জশোয়া গাঁজিয়া
শ্যামরাজ শংকরমুখী ধ্রুবরাজ
বারুণি দুধকলম বাঁশপাতারিয়া-
আহা! কী পরশ তার! কেমন পেলব!
ওদের শিষের সাথে পক্ক পাতারা
হামাগুড়ি দিয়ে ধরে কিষাণের কটি,
আদুরে কোলের শিশু। সরগ সন্তান
যাচে স্নেহ স্নেহাতুর পিতার জমিনে
দুই বাহু দুই পার্শ্বে বিস্তৃত পাখা।
বংশি আশ্বিনামধু মাই মালশিরা
পাকড়ি জনক রাই গজালগাড়িয়াÍ
আহা! কী ব্যঞ্জনাময় কবিতার খাতা,
নক্শিকাঁথার মাঠ বাংলা আমার!
কৃষকের ঘামে বিকীরিত আলোরাশি
ছটা হয়ে ছোটে দিকে দিকে; মৃদু হাসে।
আলোর বিভাস ছোটে বিজয়ের গানে
বাংলার মাঠ জুড়ে, এ কোন ভাষায়!
অবিনাশী প্রত্যয়ের ধ্বনি ভেসে আসে
ধনধান্য সুরভিত সুবর্ণ আভায়।
এ কোন দারুণ সুখ, ত্যাগৈশ্বর্য সুখ!
আনন্দ পরম লগ্ন অশ্রুময় সুখ!
ধনধান্যে পুণ্যপ্রাণ অর্জনের সুখ!
স্বাধীন চিত্তের কান্নাবিজড়িত সুখ!
