২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুননু রাইনের কবিতা

জুননু রাইন

Published : 30 Dec 2013, 02:53 PM

Updated : 03 Oct 2022, 11:25 AM

তোকে দেখি না কতোদিন
তোকে দেখি না কতোদিন…
তোর নাম বারান্দার সামনের ডালিম গাছের
ডালে বসে উড়ে যাওয়া দোয়েল পাখি…
তোর নাম শেষ বিকেলের অশ্রুর মতো
ঝড়ে পড়া শান্তির হাসি
তুই ছুটে বেড়াতিস আমাদের শৈশবের
ধুলোমাখা পায়ের ছন্দে তাল মিলিয়ে
… খেলতিস ফুটবল ক্রিকেট।

তোকে দেখিনা কতোদিন…
তুইতো শিশির ফোঁটা; সমুদ্র পেটে নিয়ে চেয়ে থাকতিস।
না, সকাল-বিকেল চারাগাছে পানি দিতিস
না, তুই ছিলি চারাগাছ শীতের সবজি-স্বজন।
না না না ! তুই ঘুড়ি উড়াতিস আকাশে
অথবা ছিলি সুতাভর্তি নাটাইয়ের চালক…
কিংবা তোরই নাম ঘুড়ি উড়ানো সেদিনের বিকেলবেলা।

…. আমি ঠিকঠিক তোর নাম করতে পারছি না
তখন যদি ভাষা জানতাম, দাঁড়ি কমায় তোকে ধরে রাখতাম কোনো নামে।

শীত আমার খুব লাগে

শীত আমার ভালো লাগে, শীত আমার খারাপ লাগে…
এর কোনোটা যদি আমি নাও মানি, তবু অস্বীকার করতে পারব না-
একমাত্র শীতই আমার খুব কাছে আসে
আমি শীতের যতো কাছাকাছি যেতে পারি
পৃথিবীর কোনো অনুভুতির কাছে ততটা যেতে পারি না

শীত গভীর অন্ধকারের নীরব-নিভৃতচিত্তে আমাকে বরণ করে
আমার সমগ্রতাকে একত্রিত করে আমাকে মৃত্যুর মতো সর্বশক্তিমান করে তোলে

শীত
শীত আমার খুব …লাগে।

Image
najib.gif


আমরা যাচ্ছি

আমরা যাচ্ছি, যাচ্ছি কোথাও
ছায়ার সঙ্গে ,ছায়াকে সঙ্গী করে
ছায়ায় মুড়িয়ে…
সবকিছু করে পর
যাচ্ছি আমরা….
যাচ্ছি আমি আমার ইচ্ছে-অনিচ্ছে
জীবিত-মৃত স্বপ্ন
চেতনার ধুলোমাখা সব রং
সবকিছু ফেলে সবকিছু করে পর
যাচ্ছি একটা বাড়ির খোঁজে
যেখানে জীবনের ঘর…

জীবনকে ছুঁটতে দেখছি
যেরকম জীবনও দেখছে আমাকে
আমাদের চোখা-চোখি হলে
সূর্য জ্যোৎস্না ছড়ায়
উত্তাল সমুদ্র পাশ ফিরে শুয়ে থাকে
নদীর পিঠ ঘেষে
নদী সাঁতরায় জীবনের চোখে
আমাদের চোখা-চোখি হলে…।

আমরা ছুঁটছি সবকিছু ফেলে সবকিছু করে পর
একটা বাড়ির খোঁজে যেখানে জীবনের ঘর

আমি এমনই

আমি এমনই…
আমি আমার ছায়ার পেছনে হাঁটি
হাঁটতে হাঁটতে জীবনের পায়ে পায়ে
দেখি বিস্ময়ে বিস্মিত আমাকে
আমাকে দেখি স্পষ্ট মৃত্যুর প্রতিবেশী
দেখি নদীর পাড়ভাঙা রাতের
স্যাঁতস্যাঁতে জোছনার শীতল তুষারে
ঢেকে দেয়া অপমৃত্যুর ক্লান্তি…
অভিমানের ভারে জীবনের গভীরে
ডুবে যাওয়া কোমল পাথর

আমি এমনই…
আমি আমার ছায়ার পেছনে হাঁটি।

ভালোবাসা

ভালোবাসা ছাড়া কি আছে পাবার ?
ভালোবাসা ছাড়া কিছু নেই হারাবার

খুশবু

তুমি ব্যস্ত রাস্তার মতো কথা বলো, কথাগুলোয় ঘন ঘন হর্ণ আর বেল বাজিয়ে
তখন আমার মাথার ওপর ডাস্টবিনের ময়লা ঝরে ঝরে পড়তে থাকে
তুমি কথা বলতে থাকো আর ময়লাগুলো পড়তেই থাকে…
পড়তে পড়তে আমাদের স্বপ্ন-শহর পরিষ্কার হতে থাকলে আমি পরিচ্ছন্ন হয়ে উঠি
তোমার চোখের ঘন ঘন হলুদ বাতির বিরক্তিগুলো ঝরতে ঝরতে শেষ হয়ে যায়,
তোমার ঠোঁট থেকে অহেতুক হর্ণের ক্ষ্যাপা মোঘল তলোয়ার ফুরিয়ে যায়,
আমি তোমাকে আদর করতে করতে বুঝতে পারি-
তুমি ব্যস্ত রাস্তার মতো কথা না বললে আমি ডাস্টবিনে মুখ থুবড়ে থাকতুম…

জন্মের কথকতা

কাল আবার আমার জন্ম হবে
জন্মের নতুন সমিকরণের জন্মের সাথে
তখন;
স্তনের গোলাকার পৃথিবীতে মুখ রেখে
ডুবে যাবো আমি আমার জন্মজলে

কাল আবার আমার জন্ম হবে…

Image
Flag Counter