ন্যানো কবিতাগুচ্ছ
১.
সুখ অসুখ দুই সহোদর।
২.
মানব, তাই মানি নিজের নিয়ম।
৩.
প্রকৃত প্রেম প্রকৃতপক্ষে অপ্রকৃতিস্থ।
৪.
দৃষ্টি মিলনাত্মক, সৃষ্টি বিয়োগাত্মক।
৫.
মাউসে ডাবল ক্লিক, দুইগালে চুমো।
৬.
ঝর্ণার জল বহমান অশ্রুতে অনুভবে।
৭.
জন্ম ও মৃত্যু বাক্যের উদ্দেশ্য বিধেয়।
৮.
অভিবাসী চাঁদ, অন্য আকাশে উদিত।
৯.
চাঁদ ডুবে গেলে চন্দ্রমল্লিকা তন্দ্রাহত।
১০.
শুরুই হলো না, অথচ শেষ হয়ে গেলো!
১১.
ফুলের সুবাস এক নান্দনিক উৎপীড়ন।
১২.
একটি মানুষ, অনেক জন্ম অনেক মৃত্যু।
১৩.
মুদ্রণযন্ত্র তুমি, আমাকে ছাপো চার রঙে।
১৪.
লজ্জাবতী লজ্জায় নয়, পাতা গুটায় ভয়ে।
১৫.
ভাব অভাবে আছে, তাকে সাহায্য করো।
১৬.
টাকার পাখা আছে, উড়ে উড়ে নরকে যায়।
১৭.
শূন্যের খোসা বড়ো শক্ত, সহজে ভাঙে না।
১৮.
ছবি শিল্পীকে আঁকে, ভাস্কর্য ভাস্কর বানায়।
১৯.
পুষ্পঘায়ে নৈশব্দ সরব, বজ্রাঘাতে শব্দ স্তব্ধ।
২০.
মৃত্যুকাতর পাথর আতরের তারল্য প্রত্যাশী।
২১.
বুকে এতো তুষারপাত, তবু আগুন নেভে না।
২২.
মধ্যরাতে টক-শো, রাত কান বন্ধ করে আছে।
২৩.
দেহআত্মার টেলিকনফারেন্স, ছাড়াছাড়ি বিষয়ে।
২৪.
চাঁদ এক দুধেল গাভী, মানুষের দুগ্ধপায়ী চোখে।
২৫.
দর্শনে মহাপ্রাণতা যোগ হলে পৌরুষের বদনাম হয়।
২৬.
অন্ধকার হাত-পা ছুঁড়ে বলে, আমি আলোকিত হবো।
২৭.
ক্লান্তির কোনো স্ফূলিঙ্গ নেই, তাই ঘুম তাকে জড়িয়ে ধরে।
২৮.
পরস্পরকে জানার অভিপ্রায়ে দুটি শব্দ নৈশব্দে মিশে যায়।
২৯.
দুঃখ জিরাফের লম্বা গ্রীবা, হেলে পড়া বিকেলের দীর্ঘতর ছায়া।
৩০.
মেরুর পাহাড় উষ্ণতা চায়, বরফের জামাকাপড়ে শীত যায় না।
