কবি তো বহতা নদী
(নজরুলকে মনে রেখে)
চেতনায় ফিরে আসে বারবার কোনো কোনো অনির্বাণ বোধ
ফিরে আসে পৃথিবীর অনিবার্য সূর্য আর জ্যোৎস্নাসহ রোদ।
শাশ্বত সূর্যের মতো, শাশ্বত চন্দ্রের মতো অম্লান নজরুল
শতাব্দী পেরিয়ে যায় মানবিকতার শিল্পে এ সেঞ্চুরি ফুল।
যেহেতু দারিদ্র্য সত্য, ক্ষুধা সত্য, প্রেম সত্য, সত্য যদি ক্রোধ
তাহলে কী করে ভুলি অমন কবিকে আর তাঁর মূল্যবোধ!
যেহেতু সত্যের মৃত্যু নেই কোনো দেশকালে আর কোনোদিন
তাই তো মৃত্যুঞ্জয়ী কবির সত্যের কাছে চিরদিন ঋণ।
এখনও শৃঙ্খলমুক্তি ঘটেনি, সভ্যতা আজও গোঙায় নিভৃতে
'বিদ্রোহী' এখনও সত্য লাঞ্ছনার বঞ্চনার গ্লানি মুছে নিতে
দ্রোহ ও প্রেমের সত্যে যেন কবি জেগে থাকা অম্লান সবুজ এক বন
শ্যামলে জীবন জাগে, স্বপু আনে আকাক্সক্ষার তীব্র আলোড়ন।
কবিতো দেখান পথ– মানুষই সবার উর্ধ্বে– এই অহঙ্কার
ব্রাত্যজন বঙ্গদেশে সেই মন্ত্রে দ্রোহী হয়ে জাগে বারংবার।
শোনায় 'ভাঙার গান' 'বিদ্রোহী' হুঙ্কারে জাগে মানুষের ক্রোধ
শৃঙ্খল ছেঁড়ার দৃপ্ত সাহস হৃদয়ে আনে অন্যতর মাঙ্গলিক বোধ।
এ রকম বোধে বাঁচে সত্যের সাধক কবি হৃদয়ে হৃদয়ে
কবি তো বহতা নদী– চিরদিন সত্যস্রোতে চলেছেন বয়ে।
