নওশাদ জামিলের গুচ্ছ কবিতা
সবুজ রক্ত
চুপচাপ শুয়ে আছি পাহাড়-টিলায়। চারদিকে
সহজ সবুজ ঘন চা বাগান, মৃদু আলোড়ন।
কোথা থেকে এল ঢেউ? ধনুকের মতো বাঁকা হয়ে
খিল খিল করে হাসে। বলে, 'বাবু মেরা সাথ যাবে'?
হাসি শুধু হাসি নয়, বাতাসে ছড়িয়ে পড়ে মদ
কটুগন্ধ। তিতাস্বাদ। তারাপুর পাহাড়চুড়ায়
কে তবে আমাকে ডাকে? মাটিতে লুটানো এলোচুল
বাগানে ছড়ানো শাড়ি। হাতে হাত রাখি, মুখে মুখ।
এ যেন সবুজ রক্ত, যোনিদ্বার থেকে গলে গলে
জ্বালিয়ে রেখেছে লাল মশাল, নিস্তব্ধ চরাচর।
বলি 'চল ঘরে যাই'। হঠাৎ সে জোরে টান মেরে
আমাকে বলল হেসে: 'বাবু এ-বাগান মোর ঘর'।
এত হাসি, এত সুখ? সামান্য গিলেই নাচে চাঁদ
আমি নাচি, সে-ও নাচে, কাঁপে পাহাড়ের কালোসাপ।
পাগল প্রলাপ
দীর্ঘ বিস্মৃতির দিন এসেছে এখন। মস্তিষ্কের
কোষে কোষে অসার জড়তা। সবুজের জট যেন
মাথার ভিতর ঢুকে গেছে সাবলীল। তবে কেন
এসেছি এখানে? কিছু কী ছিল আমার? আমাদের?
শূন্যহাতে, ভিক্ষার ঝুলিতে ঝরে পড়ে টুপটাপ
কবিতার বিষণ্ন প্রহর। আমি ধরতে পারি না
ছুঁইতে পারি না বলে ছুঁয়ে দিই নিরুদ্দেশ মেঘ
মুখমণ্ডলের রেখা। তুমি বলো: পাগল প্রলাপ।
স্মৃতি থেকে বিচূর্ণ মুখের দিকে হেঁটে যেতে যেতে
মনে পড়ে শালপাতা, শান্ত নদী। মধ্যবয়সের
কাছে কেন যাব? তুমি তো চেয়েছ শৈশবের রোদ
চেয়েছ কুড়িয়ে আনা শালিখের ছানা, মাটিঘর।
কিভাবে বানাব ঘর? কাঠ নেই, মাটি নেই বলে
বালির ওপরে আঁকি ঘর, আঁকি তোমার অধর।
নগ্ন পদচ্ছাপ
এক বিদায়ের থেকে অন্যকোনো বিদায়ের দিন
যত দীর্ঘ হয় ততদিন ঘুরে আসি
ততদিন দেখি কিছু নগ্ন পদচ্ছাপ
মাঝখানে অধিকারহীন–উড়ে উড়ে চলে যায়
মুহূর্তের ধাক্কা
দেখি একভ্রুণ থেকে জেগে ওঠে আরেক পৃথিবী
এই রাত্রি এই সুড়ঙ্গের কানাগলি
আবার কী অবলীন হবে?
সিঁড়িমুখ ধরে হেঁটে যেতে যেতে শুনি
ঝিমধরা পাগলের হাসি
যেন আচ্ছন্নতা। আলো নেই, ছায়া নেই
নিশ্বাসের মতো পড়ে আছি এই গ্রহে, মায়াজালে
মাঝখানে কিছুদিন ঘুরে আসি–মাটিতে, পাথরে
ঘুরে আসি অশ্রুতে, হাসিতে।
বোনের মতন মুখ
বাবুই পাখির মতো ঝুলে আছি তালগাছে
মনে হয়, আমি আর এই দুনিয়ায় নেই
মাথার ওপর ঝাঁ ঝাঁ রোদ
নিচে শ্যাওলা ভরা পথ
হুঁশ করে ওঠে, ঠুশ করে
নেমে যাচ্ছি বাড়ির উঠোনকোণে
হলুদ মাখানো ঝিঙে ফুলের মতন একট্ওু ভার নেই
হেলছি, দুলছি
ফিনফিনে আঁধার কোটর থেকে শুধুই ভাসিয়ে দিচ্ছি মিহি শ্বাস
জ্বর নয়, অন্য কিছু ঘিরে আছে নেশার মতন
দুপুরের ঘুঘু অযথাই শুরু করেছে বেদম ওড়াউড়ি
বুড়ি ছাই-রঙা মুরগিটা কক কক করে
উড়ে গিয়ে পড়ল পেয়ারা গাছটার ডালে
চিচিঙে ফুলের মতো সাদা ডিম ফেটে বেরিয়েছে ছানা
আমায় একটি ছানা দেবে বলে
চেয়ে আছে পাতার আভায় ঢেকে যাচ্ছে লাজমুখ
বললাম, বিছানা পেতে দে
মাথাটা টাটাচ্ছে, চোখ ঝিলকি দিচ্ছে ক্ষণে ক্ষণে
বিছানা পেতে দে, মরে যাচ্ছি এই বলে শুয়ে পড়লাম ভূত অন্ধকারে
সিলিং ফ্যানটা গড় গড় শব্দে ভরে দিচ্ছে ঘরময় সুখ
ভীষণ কাঁপছি, কাথা নয়
পশম-তুলার পেটে শুয়ে আছি গুটিশুটি মেরে
একটু পানি দে, মরে যাচ্ছি বলে
চেয়ে আছি মায়ের মতন মুখ তুলে কেউ একজন শিয়রে দাঁড়িয়ে
একটু পানি দে, মরে যাচ্ছি বলে চ্যাঁচাতে চ্যাঁচাতে
চেয়ে আছি বোনের মতন মুখে তুলে কেউ একজন শিয়রে দাঁড়িয়ে
আমি তার হাত থেকে গ্লাস কেড়ে নিয়ে
বললাম, তোমার শরীরে ভূত ভূত গন্ধ কেন?
