এক-একটি লাশ
(সাভার বিপর্যয়ে নিহতদের স্মরণে)
বোধহীনতার বোধ নিয়ে
লিখতে বসি, মধ্যরাত,
ঘামসিক্ত কম্পমান হাত;
ওরা কারো পিতা কারো কন্যা কারো মাতা
সন্তান-সন্ততি আত্মজন
শুয়ে আছে পাশাপাশি
অশালীন দুর্গন্ধে মথিত
গতকালও প্রাণে-প্রাণে
গানে-গানে ভুলেছিল দুঃখশোক
তবে তার প্রয়োজন নেই
নিথর নিস্তব্ধ মাংসপিণ্ড
ধড়হীন চক্ষুহীন মস্তকবিচ্ছিন্ন
শুধুমাত্র আকাশে-হাওয়ায়
অস্তিত্বে বিলীন
কর্পূরের ভাপ, ডেটলের শ্বাস,
যন্ত্রণার অধিক যন্ত্রণা
মন্ত্রণায় বিভ্রান্ত মন্ত্রণা
ফেলে গেছে ক্ষেতে ও খামারে
শবের পাহাড়
অভিযোগ, অভিমান
বিদ্রুপ, বিদ্রোহ
নিতান্তই অর্থহীন
কালের প্রলাপ
শুধু সত্য এই মৃত্যু ধ্বংসযজ্ঞ
নরকের চেয়ে নারকীয়
লোভ-লালসার যূপকাষ্ঠে
অন্ধ বলিদান;
বাংলাদেশ আজ এক-একটি লাশ।
২৮ এপ্রিল ২০১৩
