২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাগত ১৪২০

সৈয়দ শামসুল হক

Published : 13 Apr 2013, 10:21 PM

Updated : 03 Oct 2022, 11:26 AM

সুখ আর দুঃখ — এই নিয়ে আমাদের জীবন। নকশীকাঁথায় রঙিন ফুল আজও ওঠে। পেছনের সবকিছু জঞ্জাল সরিয়ে, পতন সরিয়ে, সকল বিপর্যয় উপেক্ষা করে একেবারে নতুন হয়ে মানুষ ওঠে এই বৈশাখ যখন আসে। এবং আমি চাই, এই প্রেরণা, এই অনুভব যেন স্থায়ী হয়ে থাকে। এবারের নতুন বছর একটি নতুন মাত্রা নিয়ে এসেছে। এবং সেই মাত্রা হচ্ছে যে আমাদের এই দেশ যে সংকট এবং বিপর্যয়ের ভেতর দিয়ে যাচ্ছে তা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা আমাদের জীবনকে স্বপ্নের সেই প্রতিশ্রুতিপালন করে নতুন করে গড়ে তুলতে চাই। সোনার বাংলাকে সত্যিকার অর্থে সোনার বাংলা করে তুলতে চাই। এই অনুভবটি যেন স্থায়ী হয়। এই যে নকশী কাঁথার রঙিন ফুল, সুখ আর দুঃখের, যেন এই ফুল সত্যিকার হয়ে ওঠে আমাদের জীবনে, আমাদের কাজে, আমাদের চলনে, আমাদের আচরণে, আমাদের প্রেরণায়, আমাদের বিশ্বাসে, আমাদের প্রতিজ্ঞায়। যেন পারাণির মাঝি বাংলার নদীর বুকে তার নৌকাটিকে ঠিক গন্তব্যের দিকে বেয়ে নিয়ে চলে যায়। এই হচ্ছে আমার কামনা, এই হচ্ছে আমার প্রার্থনা। স্বাগত ১৪২০।

বাঙালির নকশিকাঁথায়

বৈশাখের সকালেই শিশু রোদ দারুণ সোনালি,
জংলায় আনাজ লতা, লাউ এক জালি,
উধাও আকাশে ঘুড়ি লাল নীল সবুজ হলুদ,
জ্বাল হচ্ছে কাউনের খুদ,
বালিকার লাল নীল চুড়ির বায়না,
বধুটির কাঠের আয়না,
বৈখাশী মেলায় যাবে আজ ওরা নতুন বছরে–
হলুদ মাজন রাঙা পিনন কাপড়ে
ছিন্নতা সেলাই করে, আমগাছে মাতা পাখি নীড়ে,
মাঠের আলিতে পথ মানুষের ভিড়ে,
এইসব নিয়ে আজও বাঙালির নকশিকাঁথায়
সুখ আর দুঃখ দুটি ফুল তোলে রঙিন সুতায়।
আমি চেয়ে দেখি অপলক
এত যে উত্থান আর এত যে পতন তবু লোক
হেঁটে যায় মেলা অভিমুখে।
উন্মুখ হৃদয় এক সবুজ ঘাসের শিষ রোদপোড়া বুকে
আজও তার মাথা তোলে মাতৃভুমি আমার বাঙলায়।
রোদ্দুরে প্লাবিত হয় নদী আর পারানির মাঝি নৌকা বায়।

Image
Flag Counter