গুচ্ছ কবিতা
কথা হয়
একটা মুখের সঙ্গে সারারাত কথা হয়
সারাদিন, সারাসন্ধা তাঁর অপেক্ষায়
হোমাগ্নি জ্বালিয়ে বসে থাকি
অন্ধ আকাশের নিচে…
সারাদিন গোলচাকার সঙ্গে গড়িয়ে চলি –
অসংখ্য সাদা-কালো দৃশ্য, চিৎকার, পাগলামি, গন্ধ
পারাপার করে
যখন ফিরে আসি নিঃস্তব্ধ সাজঘরে
তখন থেকেই সে ডাকতে শুরু করে,
মহত্বের দৃশ্যগুলি খুলে তাঁর মুখোমুখি বসি
হোমাগ্নি জ্বলে, ধীরে ধীরে রাত বড় হয়
আর আমি
আত্মাহুতির জন্য প্রস্তুত হতে থাকি…
শব্দ
বিচিত্র শব্দের ভেতর বসে থাকি,
ঘড়ঘড়, কড়কড়, ঝনঝন, ভনভন—
এই সব শব্দের কতকি ঘুরে বেড়ায়—
কার্টুন মানুষ থেকে শুরু করে কিউবিক মেঘ,
কিছুই বাদ যায় না…
ঐ সব শব্দের ভেতর চোখ বুঁজে বিশ্বব্রহ্মা- ঘুরে আসি
চাঁদের অনুদান নিয়ে ঢুকে পড়ি শ্মাশানের অনুশাসনে
সবুজ মগজ দিয়ে শুষে নিই
কঠিন যুগের আর্কাইভ…
শব্দের ভেতর চুপচাপ বসে কখনো
রাখাল বালকের অভিনয় করি
কখনোবা সন্ত্রাসবাদী, হাইজ্যাকার!
আর প্রতি টা ক্ষেত্রেই যখন সফল হাততালি কুড়াই,
ঠিক তখনই শব্দগুলি সব থেমে যায়,
শিশিরভেজা অচেনা অক্ষর সব চোখের সামনে ভেসে উঠে,
খাপ খুলে আমি কলম বার করি…
খেলা
একটা খেলা শেষ হলে
আবার নতুন করে খেলতে বসি,
নামাজ পড়ি, নির্মল ধুনুচি লাচি-
খেলতে খেলতে মুক্তির নেশায়
পুজো করি, অশ্রু অর্ঘ্য দিই…
খেলা এক অনি:শেষ গল্প,
বারো আনা ছল তাঁর চার আনা কল্প-
নি:ষিদ্ধ উত্তাপ দিয়ে
প্রতিমা বানাই তাকে,
পান্না দিয়ে, মায়া দিয়ে, আরতি বন্ধনে
বেঁধে রাখি বুকের ভেতর …
শৈশবের ঘ্রাণ দিয়ে শুদ্ধ করি তাকে,
সাত রঙে সাজিয়ে অভিবাদন জানাই-
গড় করে বলি, "একদিন শুধু সত্য হও,
একদিন শান্তি দান করো"…
ফ্রি -কিক্
ভোর হতেই সাইরেনের মতো
চারপাশে ছড়িয়ে পড়ছে কালো কালো মাথা-
পাখি ডাকছে, ট্রামের ঘন্টি বাজছে,
গাছের পাতায় তখনও ঘুমিয়ে আছে ক্লান্ত শিশির,
তার মধ্যেই, দ্রুত ভাঁড়ে চুমুক মেরে
ছড়িয়ে পড়ছে, হাতুড়ি-কোদাল-খুনকি হাতে
যে যার মতো…
যত বন্ধ, এক এক করে খুলে যাচ্ছে
যত খোলা, এক এক করে বন্ধ হচ্ছে
রাতের দুর্গন্ধ মুখ থেকে মুছে
ঢুকে পড়ছে নির্মল বাতাস,
আলোর শরীরে বেজে উঠছে আহির –ভৈরবি…
এই তো সময়, নতুন মুখরায় সেজে উঠছে প্ল্যাটফর্ম
অগুনতি উনোন পেরিয়ে ছুটে আসছে
দাহ্য হয়ে ওঠা স্কেচ-
এবার সবাই দরজা খুলে বাহির খোলও,
মখমলে সবুজের ওপর জীবন বসিয়ে
মারো ফ্রি-কিক্ …
আমার খবর
আমার সব খবর হাতেরা জানে,
যে হাতগুলিতে ধরা থাকে পে-পেন্সিল হুইশেল, কাঁচি-
ইচ্ছেমতো যারা আমাকে নিয়ে
'ব্রেকিউ নিউজ' তৈরি করে,
ইচ্ছেমতো কাঁচি চালিয়ে ফেলে রাখে
ওয়েস্ট পেপার বক্সে…
আমার গায়ে সবুজ জামা চাপালে
ওরা হৈ হৈ করে ওঠে, ক্যামেরা তাক করে,
কালো জামা পড়লে হলুদ পাখি খোঁজে,
প্রতিটা রোমকুপে
লেজার রশ্মি ছড়িয়ে দেয়…
এসব দেখতে দেখতে আমার রেটিনায়
বেজে ওঠে বিউগিল, করোটিতে ঢাক-
আমি তখন কলম খুঁজে নিজেকে লিখতে বসি,
বিলম্বিত লয়ে ভেসে ওঠে ছবি, অন্ধমেঘের,
ছিন্নবিচ্ছিন্ন, হুহু ঘুমের…
যদি
পূর্বকে পূর্ব, উত্তরকে উত্তর না মনে করে
যদি পা বাড়াও ভ্রমণ পথে
তাহলে একদিন খুঁজে পাবে ঠোঁট খোলা রাস্তা,
সেই রাস্তা দিয়ে এগোলে আরো অনেক…
যদি কলহকে কলহ,
বৈরাগ্যকে বৈরাগ্য না মনে করে
জীবনের হাত ধরে হাঁটতে থাকো, তাহলে
একদিন অনুভব করতে পারবে
প্রতিটা ধূলিকণায় জড়িয়ে আছে
অদ্ভূত সোনালী আলো,
যা ছুঁতে পারলে আরো অনেক…
সিনেমা
চোখের ভেতর অক্ষরবৃত্তের সিনেমা তৈরি হয়
সিনেমায় ম্যাজিক ওড়াউড়ি করে,
পৃথিবীর রঙ প্রতি মুহূর্তে বদলে বদলে নতুন…
'লঙ-শটে' পাহাড়-নদী
'জুম-শটে' খিদে ভরা গ্রাম দেখে
দাঁড়ে বসে গান গায় আবেগপাখি,
মনফকিরা আপনমনে বাজিয়ে চলে একতারা…
সিনেমা দেখতে দেখতে নায়কের মতো আমি তখন
তরতরিয়ে পাহাড়চূড়ায়, নাচি-গাই,
শেষদৃশ্যে ভিলেনের দলকে বিস্ফোরণে উড়িয়ে দিয়ে
নিশ্চিন্তে থাকি…
মধ্যরাতে হঠাত ঘুম ভেঙে যায়, যখন
অক্ষরবৃত্ত থেকে ভিমরুলের দল রে-রে করে এসে
ঘিরে ধরে আমার চেতন-বৃত্তকে…
গল্পগুলি
তোমারদের গল্পগুলি থেকে এখনও
প্রপাতের শব্দ মুছে যায়নি বলে
ওদের তুলে এনে শুশ্রুষা দিই
কবিতার পাতায়-
অপেক্ষার চোখগুলি জ্বল জ্বল করে চেয়ে থাকে,
শোকযাত্রার মিছিল থেকে ওদের
আগলে রাখি প্রাণপণ,
অতলে ছিটকে যাওয়ার ভয়ে ওঁরা
আঁকড়ে থাকে আমার স্মৃতি ও
তেনার দরজা-জানালা…
তোমরা প্রতিদিন আমার চারপাশে ঘুরে যাও
অথচ, গল্পগুলির কাছে কিছুতেই পৌঁছতে পারো না,
পৌঁছতে চাও না-
গল্পগুলিও হয়ত আর তোমাদের চায় না,
আমার কবিতার গর্ভগৃহে ওঁরা শুরু
নিশ্চিন্তে বেঁচে থাকতে চায়…
উদ্ধার করো
ক্ষমতালোভীরা ক্রমশ ঘিরে ধরছে আমাকে-
পলান্নভুক, পুরস্কার লোলুপরা ঠেলে সরিয়ে দিতে চাইছে
বি.পি.এল.-এর লাইন থেকে,
ভিতরে জ্বলতে থাকা ধিকি ধিকি আগুন
নিভিয়ে দিতে চাইছে 'ফু' দিয়ে-
ঠাণ্ডা জল ঢেলে দিচ্ছে
খুঁদকুড়ো ফোটানো উনোনের ওপর,
জন্মদিনগুলি মুছে, সেখানে বসিয়ে দিচ্ছে
উৎকর্ষের বিজ্ঞাপন, মল…
স্তব্ধতার ঘরটুকু নিয়ে আমি এখন ঘুরে বেড়াচ্ছি
এমাথা-ওমাথা,
প্রখর রোদে পুড়ে যাচ্ছি, বৃষ্টিতে ভেসে যাচ্ছি
হাইড্রেন দিয়ে-
আমাকে উদ্ধার করো পৃথিবী,
আমি যেন দু-এক টুকরো 'মায়া' নিয়ে যেতে পারি,
হাতখুলে দেখাতে পারি
আমার অক্ষর-প্রতিমার নাম…
আশ্রয়ঘর
সামান্য আশ্রয়ের জন্য
দরজায় দরজায় ভিখারীর মতো ঘুরি,
প্রাণ খুলে ডাকি–
বন্ধ দরজা খুলে বেরিয়ে আসে না কেউ…
অধীত বিদ্যার বিনিময়ে কোনও উপার্জন করতে শিখিনি
নাটক শিখে মঞ্চে দেখানোর মতো অভিনয়,
হৃদয় খুলে শুধু গান গাইতে শিখেছি, প্রাণখোলা গান-
আর গাইতে গাইতে
একজীবনের ভালোবাসাকে খুঁজে পেতে চেয়েছি,
আমার শ্রেষ্ঠ ভালোবাসা, প্রেম,
একদিন যে, কোন এক বন্ধ দরজা দেখিযে বলবে-
"ওই আমার আশ্রয়ঘর, আজ থেকে এই ঘর তোমারও,
সারাজীবনের জন্য…"
