২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ কবিতা

আফসান চৌধুরী আফসান চৌধুরী

Published : 05 Aug 2012, 10:00 PM

Updated : 03 Oct 2022, 11:26 AM

রামধনু বিষয়ক

[১]
আত্মনির্বাসন প্রিয় দণ্ডে আমি মাথা পেতে রই,
নিষিদ্ধ এ অবকাশে নিজের সাথেই ফের মিলিত হই।

[২]
কে যে বন্ধু, চেনা বড় দায়
করুণার, দয়ার ভাণ্ডার হৃদয় সবার;
কেউ কেউ দলছুট, যেন ছাতা,
বজ্র-বিদ্যুৎ আটকায়।

[৩]
করুণা নয়, দাক্ষিণ্যও বাতুলতা।
আমার যা আছে, হে কারবারী
আছে অধিকই, আমি জানি।
চাও যদি, কিছুটা দিতেও পারি।

[৪]
চেয়েছি নির্মেঘ আলাপচারিতা
আদান-প্রদান, ভাব বিনিময়
এই ভেবে হে প্রজ্ঞাপারমিতা,
মানুষ-ই মানুষের বন্ধু হয়।

[৫]
চলে আসা নিয়তি আমার
মাঝেপথ উথাল-পাতাল
কেন যে এই আসা যাওয়া!
স্বপ্নযানে জেগে থাকে দুর্ঘটনা॥

সম্পর্ক এক পরিযায়ী পাখি, যেন-বা
উড়াল-ঝড়ই তার ভাষা
অচেতন খেলা শেষে শুধু আমাদের
খেয়াঘাটে দ্বীপ-জ্বলা রাখা।

[৬]
দক্ষিণ দুয়ার খুলে এলে
আমি উত্তরের পাষাণ যখন;
তবুও ভেবেছি প্রেম!
আসলে ভান-সর্বস্ব তুমি,
আহরণ করো কেবল-ই
চন্দন অরণ্যের ফাল্গুণী হেম।

[৭]
যাবতীয় দলিল নিয়ে তুমি কি ধনী?
আমি তোমার চেয়ে ঐশ্বর্যময় বলে
বেড়ালের মতো এলে, কুচক্রী পায়ে, নির্জনে;
যা কিছু নিলে ছলে বলে কৌশলে
লোভাতুর হয়ে …
হায়, তুমিতো আরও বেশী ভিখিরীই হলে!

আমার তো জ্যোৎনার সাম্রাজ্য
হারানোর ভয় নেই কিছু, সুকৌশলে
চাঁদের চরকায় সুতো বিন্যাস করি
নি-সুতো মানুষের লজ্জা ঢাকবো বলে।

[৮]
যেতে চেয়েছিলে মনে মনে
যাও- সুজন সুন্দর
কেউ কারো নয় এই সত্য
তবু মায়া! মহৎ মায়া!!
এই সবই জেনেছি
অকাল বোধনে।
কিছু উৎসব হয়েছে।
কমলে, গান্ধারের…

একদিন এসেছিলে
সে ছুটির নিমন্ত্রণে

পাখিসঙ্গ

সে এক উড়াল পাখি, রাত্রি ডেকে আনে
ঘুম নামে সপ্তডিঙা মধুকর চোখে;
এই পূর্ণিমায় জ্যোৎনারা বলেছে যাবে
বেপথু নদীর সাথে দিব্য পিকনিকে।

তুমি যদি যাও, তবেই তো নৌকো বানাই,
কাগজের ডিঙি আজ ছোট হয়ে যাবে।
স্বপ্নগুলি অকস্মাৎ বড় হয়ে ডেকেছে বিপদ
মুখরা করেছে রেখে বাকপ্রতিমাকে।

সুপান্থপথের ধারে মহাবাহুরও বাড়ি
আর বুড়ি ঝুড়িনামা মায়াগাছ সারি সারি।

সে এক উড়াল পাখি, লিখে গেছে চিঠি,
চলো পড়ি; দেবে কি ইচ্ছের সাথে আড়ি?
সন্ধ্যার কুহক বুক খুললেই দ্যাখো
চরণের আদ্যাক্ষর, প্রিয় হাতছানি।

পৃথিবীর অনাদি প্রেমিক
আজো ফিরে ফিরে আসে,
ঝরাপাতাদের বিমুগ্ধ সঙ্গিনী হয়ে
সুদূর-অদূর থেকে তার পাশে, ঘাসে।

ফিরে আসে পাতা আর অলোকের পাখি।
বৃষ্টি আর বসন্তের তুলি হাতে
পটুয়া পাখিরা আঁকে অরূপের রাখী।

হে আমার চৈত্রদিন

অলকানন্দায় আমার বাবুইপাখির ঘর
সেই ছেড়ে পরকীয়া প্রেমে রঙিন পৃথিবীতে
মায়া-বীজ রুয়ে যাই।
শব্দহীন অন্ধকারে ঘুমিয়েছে
আলোর প্রতিভা,
হে আমার চৈত্রদিন, এসো
হু হু হাওয়ার ঝড়ে
গোধূলি ঘ্রাণ উড়ুক;

মন খারাপগুলো উড়ে যাক,
স্মৃতিহীন বিগত জন্মের ধূলো উড়ে যাক।
ভুল অভিজ্ঞান খুঁজতে নয়, এ জন্মে
খুঁজে নিতে চাই মেধাবী হৃদয়ের মন্ত্র
বিকলাঙ্গ জীবন ছেড়ে নিজেকেই শোনাতে চাই
মানবীন্ত্র, রাধা-বাঁশি
গার্হস্থ্যে অরূপ মুক্তি।

এসো, হে আমার চৈত্রদিন
তুমি স্বপ্নসম্ভবা, আমার ভবিষৎ,
নদীর শিয়রে জীবনের জয়গান
শূন্যতার প্রাকৃত বাচন
সহজের অমল অঙ্গীকার
আলোর নাচন।

ঢেউ তুলি মধ্যদরিয়ায়
কে কাকে কি বোঝায়!
আমি জানি পরকীয়ার অনন্ত আহ্লাদেই
আনন্দ আহ্বানে বিপুল নিমন্ত্রণে
এইসব চৈত্রী আয়োজন . . .
ঐ শোন, চৈতালী মেঘে
শোনা যাচ্ছে বৃষ্টির মহিম অভিবাদন।

ছায়া শিবিরের দিকে

তোমাকে মিথ্যে বলতে গিয়ে
আমি সত্যের নাগপাশে বন্দী কেবল
তোমার কাছে আমার শাস্তি ফুরায় না
এক অনন্ত সময়ের দিকে তাকিয়ে আছে-

যখন আমার কাজ ফুরোবে তখন
আমাকে লিখতে হবে চিঠি
ঘাসের সবুজ থেকে রঙ নিয়ে
নীলকণ্ঠ পাখিটির সুর নিয়ে
আলোর কালি দিয়ে লিখবো
তোমাকে, হে আমার উদাসী প্রণয়।

নাগর-দোলায় চড়েছি কখন জানি না-
মেলার প্রবল ঐকতান শুনি-
বহুবর্ণ ভিড়, শ্বাসকষ্ট, পায়ে পায়ে চলা
এক সময় নাগরদোলায় উঠি
উঁচু থেকে বুক শূন্য করে নামার মুহূর্তে
পশ্চিম আকাশে রঙে
তোমাকে দেখেছি- আলোর হরিণ।
শূন্য থেকে নামতে নামতে
দেখি চিতার পাশে যেমন একটি চুপ-নদী,
তেমনি কবরের পাশে ফুটে আছে দুধ-কামিনী।
বিষণ্ন সত্যরা ফুল, সাপ, নদীতে ছড়িয়ে গেলে
তোমাকে পেলাম যখন বিকেল,
তখন আগামী কথাগুলো মিথ্যে মনে হলো।
মনে হলো ছাই, মনে হলো গর্হিত . . .

সর্পজটের বিবশ বিবর থেকে আমার,
তোমার দিকে এই সন্তরণ
সত্য বলার অদৃশ্য যুদ্ধে ক্লান্ত যখন
তখন ছায়া শিবিরের দিকে পা
যুদ্ধ পোষাক খুলে রেখেছি মহুয়া অরণ্যে

এসো সত্যে, আভরণহীন
এসো, হৃদয় খামার বাড়ি, ভয়হীন

সতর্ক খেলা

আপন ও দূর– এ খেলা তুমি-ই ভালো বোঝ,
রাধাপ্রিয়। তাই দেখি ঘন ঘন-ই সম্বোধন বদলে যায়
'আপনি' হয় 'তুমি', 'তুমি' কখনো 'আপনি'!
এ কি বিপদ সামলানোর, সতর্ক লেখা!
মনে হয় এ পথ ভুল। হ্যাঁ, ভুল-ই বলছি
প্রেমে বিশ্বাস রেখেই।
'তুমি' যে, সে যদি না হাঁটে তোমার সঙ্গে
সন্তরণে অপারঙ্গম-ই হয়
'উদাসী-সঙ্গমে' যাই ঘৃণাই থাকে
তোমাকে যদি সতক্য-চতুর ভাবে
ব্যক্তি তুমি না-ফেরার প্রতিশ্রুতি দিয়ে
একদিন ফিরে যেতে-ই পারো
বিচ্ছেদের পাল খুলে যে কোনও
সমুদ্র পেরিয়ে বন্দরমুখী হতে পারো
অথবা ইচ্ছাধীন অন্য গমন।

সেই 'তুমি' কি 'আপনি' সম্বোধনে
আবার ফিরতে পারে?
আশা কম রাধাপ্রিয়।
তুমি নারীপ্রিয় পুরুষ, হৃদয়ধর্ম কম বোঝ!

দুঃখ পেও না, এ সত্য উপলব্ধি।
'আপনি' কে ঝটিতে 'তুমি' করো না
তাকে আসতে দাও সহজ অভ্যাসে।
কথা-বাণ তোমার আছে-ই জানি
তবু বলি– যথেষ্ঠ নয়।

খেলার আগে আর একটু ভেবে নাও।

পরাণ পাঠ

পরবাসে যখন বিষাদ
চারপাশে তবু জেগে থাকে
হরিয়াল
আর বাতাসের গান
আর উদাস নদীর টান

বুঝি
এ হৃদয় গহনে
তুমি-ই আমার স্তর,
তুমি-ই আজান।
চারপাশে দেখি
দায়হীন প্রেম, ঝরায় বিষাদ হেম
তখন নতজানু, নিজেরই কাছে,

'তুমি আমার এই বিশ্বাসে'।

Image
free counters