২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একটি সে তর্জনী

সোহেল হাসান গালিব সোহেল হাসান গালিব

Published : 16 Dec 2021, 06:43 AM

Updated : 03 Oct 2022, 11:26 AM


তর্জা কাঁপিয়ে একটি সে তর্জনী
হঠাৎ যখন ভিড়ে উদ্যত হয়—
মুঠোর মধ্যে নাচে সব অর্জনই,
ভীরু এই জাতি চকিতে অকুতোভয়।

ছুটেছিল কর্কট ক্রান্তিতে একা,
ছিল না নিজেরই কাছে নিজ-পরিচয়।
ভাষার অধিক পেয়েছে ভাগ্যলেখা,
ভূমিকে ছাপিয়ে ভূমার অভ্যুদয়।

যেখানেই আজ দাবিয়ে রাখার খেলা,
প্রেত-উল্লাসে চাপা মানুষের স্বর—
সেখানেই উত্তাল সমুদ্রবেলা,
শঙ্খ-হাওয়ায় ফুঁসে ওঠে মুজিবর।

শতাব্দী চিরে, দেখি এইখানে ধীরে
বয়ে যায় নদী, ছুঁয়ে ছুঁয়ে প্রান্তর—
কালো রাত্রিকে ধোয়া ভোরের শিশিরে
পা ভিজিয়ে চলি, আমরা কালান্তর।