২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার মাসুদ: শীতে ভালোবাসা, আশা

সরকার মাসুদ সরকার মাসুদ

Published : 10 Dec 2021, 10:39 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM


চিত্রকর্ম: মনিরুল ইসলাম
শীতে ভালোবাসা, আশা

পর্যটনপ্রিয় মন চিরকাল শীত চায়
কোট বা জ্যাকেট পরে ঘুরে বেড়াবে তাই
ফুলবাবু শীত চায়
আলুখেত দিন রাত শীত চায় !

আমি চাই কুয়াশার দেয়ালের ভেতর
প্রিয়তমার বিহ্বল আলিঙ্গন
আশা , আমিও শীত চাই ।

এক প্রেমের শহীদ বিস্তীর্ণ আলুখেতের মাঝখানে ঠোঁটে বিষের গন্ধ নিয়ে পড়ে আছে
এক অশুভ দৃশ্যের অপরাধবোধের ভেতর
হচ্ছে নির্বিকার সূর্যোদয় !
ফাটলধরা একটা ব্রিজ হেলে পড়েছে
সর্বনাশের দিকে , আর কুয়াশা
থামিয়ে দিয়েছে বরগুনাগামী লঞ্চ —-
অনিশ্চয়তায় ভুগছে যাত্রীরা ।

আর সব জায়গায় আমি স্বচ্ছতা ভালোবাসি
দুটো জিনিস ছাড়া— কবিতা ও শীতের সকাল
কবিতা হবে না যদি তাকে পুরোপুরি
বুঝে ফেল তুমি
প্রেমদৃশ্যে ভিন্ন মাত্রা পেতে কুয়াশার সাপোর্ট লাগে
শিশিরের আয়নায় প্রিয়তমার হাসিমুখ
স্হির হয়ে থাক । চিরদিন
শীতের জোছনা পড়ুক তার গাঢ় অনুরাগে ।

অতল বসন্তে

অতল বসন্তে ডুবে গেছে ছোট পাখিদের
কথাবার্তা । আর একটা ছোট্ট মুনিয়াও
আমার চোখে পড়ছে না।
কেন , কিসের অস্পষ্ট আশায় এখানে এসে
বসে আছি দৃশ্যবিহ্বল !
আমার সামনে ঘন সবুজের ভেতর থেকে ভেসে আসছে শুধু দেয়াল ঘড়ির শব্দ
আর কোনো শব্দ নেই
ইশারা নেই
আর কোনো সহজবোধ্য ভালোবাসা নেই
অতল বসন্তে ডুবে গেছে প্রাণের শেষ আকুতি !

তার আগে

পরিযায়ী পাখির ছবি , শীতের দৃশ্যকল্প—-
লাল-নীল ফিতাবাঁধা মেয়েদের খেলাধুলা
নেচে-কুঁদে চলা অসভ্যতার বিজয়মিছিল
আর ঝড়ে ভাঙা বিদ্যুতের খুটি
জানালার ফ্রেম থেকে তুলে নিয়ে
মাথায় রেখেছি;
এরপর জানালাসংলগ্ন ইজি চেয়ার সরাবো
তার আগে যেতে চাই ভুলতা বাজার
ওখানে স্বপ্নধবল এক উঁচু মিনার পাবো !

জানি না দুঃখের শাখা- প্রশাখা
কীভাবে ঢুকে গেছে দেউলের মাথার ভেতর
কীভাবে উজাড় গ্রাম উঠে এলো কমলাপুর !
রেলবস্তির নরকে জেগে থাকা কংকাল
রক্ত-মাংস চায় !
সে দৃশ্য বিলীন বাংলা মদের ঠেক-এ
তাই সমুদ্রের গর্জন সৈকতের ফেনার মর্মে
রেখে এসে আমি জানালার কাছ থেকে
চেয়ার সরাবো ।
তার আগে বসন্তের প্রাণের টানে
জংলি ফুল ফুটে থাকা রাস্তা দিয়ে যাবো
কতোবার !
ওহো ! ওখানে নদীর ওপর ব্রিজ হচ্ছে
মহাসমারোহে;
পাকানো দড়ির মতো ঘোলা পানি ঘোলা স্রোত
কালো পাতার মত ডিঙি দুলছে শেষ দৃশ্যে
মেঘ ফুঁড়ে উঠে যাচ্ছে ওই – যে মিনার !

ভ্রমণদর্শন

মনে পড়ে একদিন সূর্যের নিস্তেজ আলো
অস্বাস্থ্যকর বনপাড়া
গাছের আঁধার আর সুন্দর এলোমেলো টিলা
পার হয়ে দিশাহারা
দু'জোড়া তৃষ্ণার্ত চোখ , একটি ক্যামেরা
আনন্দের ছায়াছবি তুলে ভেতরে তাকালো আত্মবেদনার দিকে!
ভাবি আর দেখি
দেখি আর ভাবি , কীভাবে প্রেমিক মনে
স্মৃতিবিকালের রোদ হয়ে আসে ফিকে !

এইসব ঝিল

বনভূমির কিনারে কিনারে এইসব ঝিল
দিনের বেলা ধারণ করে আকাশের রঙ
রাতের বেলা ধরে রাখে বিপন্ন পৃথিবীর
দীর্ঘশ্বাস…..। এই ঝিলগুলো কিন্তু
দম বন্ধ হয়ে মরেনি এখনও , তার কারণ
তাদের বুকে ফুটে থাকা হাজার তারাফুল
তার কারণ মুলমুলে হাওয়ায়
জীবননৌকার অনিঃশেষ দোলা…..

দিনের ঝিলমিল আলো যখন ক্ষয়ে আসে
ভেজা গর্ত থেকে চাঁদ উঠে আসে গাছের মাথায়
এইসব ঝিল সত্যি অপরূপ ছবি হয়
নৈঃশব্দ আর আলোছায়া আর এক শান্তির অনুভব জীবনব্যথার উপশম হয়
খ্যাতি- প্রতিপত্তি খমতার লোভ সে সময়
ফেটে যাওয়া ফোঁড়ার পুঁজের মতো
গলে পড়ে অন্ধকারে
জটিল শেকড়-বাকড়ে , স্তব্ধ ঝিলের কিনারে !

সবুজ সংকেত

ভাবি সেইসব পাখির হাসি শুনতে পাবো কি
যারা বসন্তের গহ্বরে হারিয়ে গেছে
আর ফিরে আসবে না কোনও দিন !
কেন শুধু গভীর গভীরতর সবুজের দিকে যাই
আরও বেশি যেতে চাই পাখিদের দিকে
অরণ্যের সবুজ সংকেত আমাকে যা-ই বলুক
জংগলের চাবি খুঁজে পাবো কি জীবনে ?

অপ্রেমের কবিতা

মানুষের বিপদের দিন কাকাতুয়া গান গায়
একটাই পাখি ছিল সে মেঘের আড়ালে থাকে
আমাকে অবসরে উদাস-অচেনা করে রাখে
নদীতীরে ছবি দেখি ঝরাপাতার আয়নায় ।

শুনে তুমি হেসো না ; সম্পর্কের মাঝখানে
জটিল গর্তেনীল মাছি থাকে সে ভেতরে তাকাল
ওইপারে ডিঙি কার জন্য বাঁধা কেউ জানে ?
কুয়াশার ভোরে সব কিছু ভেজা সব কিছু ভালো

আশার দু' চোখ ভাত শালিকের টানা- টানা চোখ
কবে পুড়ে গেছে আমার প্রিয় পাখিটার মন !
আমি আজও লিখি সেই ভাবাতুর শোক
সমুদ্র শান্ত হয় , ভেঙে পড়ে রাতের ঝাউবন ।