অনুভব আহমেদের আততায়ী খুচরোগুলো
চিত্রকর্ম: গিয়র্গিও দি চিরিকো
১
তোমার সমুখে নগ্ন হয়ে ভাবি, এ আড়াল কি করে ভাঙি
২
আমাকে খুলে নিয়ে যাও এ শরীর থেকে
এ শরীর বড় ক্লান্তিকর
৩
এতো মাধুর্য নিয়ে তুমি কেন ফুটে থাকতে চাও আমার কবরে?
৪
সে বেদনার মথিত হাওয়া, পাতা হয়ে দুলি
৫
নিজের মৃত্যুটাকেও স্থগিত করে রাখি
যেনো ডেকে তোমাকে ফিরে যেতে না হয় না পেয়ে
৬
মৃতদেহ টপকে টপকে অন্য গ্রামে চলে যাচ্ছে গ্রামের নিয়তি
৭
বহুবছর পর হয়তো মনে পড়বে -এ বছর হেমন্তে তোমার ছিলাম
৮
রাতের নির্জনতা ভেঙে পড়ে ভাতের থালার উপর
একটা ক্ষুধার্ত মুখ চাঁদের উপমার মতো পুরোনো হতে থাকে
পুরোনো হতে থাকে
৯
মেয়ে তুমি আর কবে বুঝবে-
ঢেউয়ের উপর পা রেখে সমুদ্র পার করা যায়না, ডুবে যাওয়া যায়
১০
ভাসানের লয়ে মথিত জলেরাও তোমার কথা বলে
১১
আর আমাদের মধ্যে হানা দেয় পাড়হীন প্রেম
১২
ধরো একা,গভীর রাত,নাহয় আমি তোমার পানির গ্লাস এগিয়ে দেবার ডাক
১৩
ধরো ম্যাপল লিফ, যেমন কুড়িয়ে নিতে,
তেমনই, নাহয় আমাকে কুড়াতে
১৪
বুকের খাদে কেবলই অঝোর তোমার ঝরার ক্ষত
১৫
আমি তো আশ্বিন,দুপুর ভাঙা ঢেউ
পাতা ঝরার স্বরে আড়াল হওয়া কেউ
১৬
বিকেলটা এলোমেলো পায়ে সন্ধ্যার দিকে, আমার পথ মুড়িয়ে দিচ্ছে বিভোর মালহারে
১৭
তোমাকে রেখে যাবো কবিতায়-
অলস দুপুর শেষে, বহুযুগ পরে
কোনও অষ্টাদশী প্রেমিকার ঠোঁটে
১৮
হয়তো দুপুর, হয়তো স্মৃতি, জলের ধারে কাঁপছো তুমি
১৯
মরে গেলে এমন চাঁদের তলায় মাটি দিও
একটা করে কাঠগোলাপ বিছিয়ে দিও
২০
চাঁদটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে
২১
হাত ধরো,এসো বসে থাকি মুখোমুখি অনন্ত পরিধির দিকে
২২
তোমাকে ডাকলেই দিগন্তে আকাশ উছলে ঢেউ
দূরের পুরুষ তুমিতো খুব কাছের কেউ
২৩
আমি তোমার মধ্যে মুখ থুবড়ে পড়ে থেকেছি
সহসাঘোরে অন্ধকারে ডুকরে কেঁদেছি
২৪
বুকের কাছে একটু জায়গা দাও নিজেকে জড়িয়ে ধরি
২৫
তুমিও তো তার মতোই প্রিয় যার সংগে দেখা হয়না আর
২৬
অথচ মরে যেতেও মানুষকে অনেকগুলো বছর বাঁচতে হয়
চোখ
অরণ্যে অই উড়ছে যে পাখি,সেই ডানার শব্দে ফেটে যায় ডালিম।বনে উড়ুক্কু মাছের চোখে ঘনায় রক্তাভ শিহরণ।
একজোড়া নগ্ন চোখ পা চলে গেছে ফেলে,করোটির ভেতর স্মৃতির উইপোকা, শব্দকে ভাংতি করে বোধের আচকান টান মারে দৃশ্যেরা, আদি নিভৃত বেদনা।
চোখ এক নরম নদী, যেখানে সাঁতার কাটতে আসে বিভৎস দৃশ্যেরা।
মুখ
তীব্রতার বনাঞ্চলে সারাদিন পাতাদের ঝরা। তুমুল ক্ষয় জুড়ে প্রপঞ্চ, অন্তরমোহ কার? ভাবি,অয়োময় ভেঙে কেটে যাবে খরা, উদ্যানে হাসা বকুলের মুখ তোমার।
কাছেই দাঁড়িয়ে ঝাপসা হয়ে গেছি। দেখি আগুন তোমার মুখ, নাচছে আঁকাবাঁকা দাউদাউ আমার পোড়ার প্রতিকৃতি।
বুক
এই তঞ্চক পথ হারিয়ে ফেলেছে সীমানা। আবেগসর্বস্ব গাছগুলো উঁচু, জঙ্গল হয়ে দাঁড়িয়ে, ঘর বাড়ি নেই কোনও।
ডানার আওয়াজে সারাদিন রোরুদ্যমান ওড়ার আর্তনাদ, ফুটে আছে ডুমকি রঙের ফুল। এখানে মনে পড়লে তুমি কোথাকার কোন শিলাস্তৃত ভূমি, ফুল ফোটেনা আর।
আমি ভালো আছি। শুধু পথ খুঁজতে গেলে মনে পড়ে –
তোমার পুরোনো বাড়ির উঠোনে বুক ভেঙে পড়ে আছে আমার হৃদয়।
ভার
হাওয়ার ভারে কেবলই নুয়ে পড়ে নিঃশ্বাস-
বিবিধ প্রার্থনায় গেছে ভেসে আরোগ্যালয়, ক্লান্ত মাহুতেরা জপেছে কেবল দিন। কোথাও ফসল সোনালী হলে, বিষ ঢেলেছে কীট! সারারাত খুটখাট বোনা শেষে, আমিও তোমার জন্য- আমার অপেক্ষাকে করেছি সামিল। ঝরেছো ভাঁজ জুড়ে, অয়োময় পাতায় পাতায়।
তবু মৌন সেসব কথা, যা বলতে এইসব খলবল।
যার হাত ধরে রোজ চলে যাও সে কী আমার চেয়েও বেশী বাসতে জানে ভালো?
ভাবছি সারাদিন হাওয়াকল ঘুরছে কোথায়?
ছিন্নভিন্ন পাখায় তারও কী রক্তের দাগ?
স্বপ্নের ঘোড়া ও আলজেব্রার ট্যাঙ্গো
মৃত্যুকে অতো উঁচু স্বরে হেসো না বরং আঁচ কমিয়ে নিজেকে ধীর করে রাখো আরও কিছুক্ষণ
তুমি হেসোনা, তুমি হাসলে
আমার সারারাত ঘুম আসেনা
তোমার কন্ঠস্বরে ডুবিয়ে দিয়ে শরীর
মাতাল পোস্টাপিস দাঁড়িয়ে থাকে পোর্ডিয়ামে
বহুদিন পর ফিরতে কেমন লাগে জানা নেই আর-
স্বপ্নের আলজেব্রা থেকে ঘোড়াগুলো বেরিয়ে
সালসার সাথে ট্যাঙ্গো মিশিয়ে নাচতে থাকে
তাদের নাচের মুদ্রায় সঙ্গমের শিহরণ
মাথাকে দুভাগ করে কাটতে থাকে
তারা তারোকোভস্কির সিনেমা হয়ে বিব্রত বিরক্ত করতে থাকে মাথা
দূরে নিয়ে যেতে যেতে ফিরিয়ে দেয় আচমকা
তুমি হেসোনা অতো মৃত্যুকে, তোমাকে ভালোবাসেনা সে
তোমার হাসির শব্দে থার্মোমিটার পারদে নামে জ্বর
ক্ষুধার্ত জলের রেখায়
আকাশ ভেঙে পড়লেও মানুষের মাটি থাকে
ঘুমিয়ে পড়তে চাইবার তেষ্টা থাকে
অস্ত যাওয়া মানুষের আকশ কেমন হয়?
খুলে দেখি মাংস মেদ হাড়
তফাৎ নেই কোনও-
মানুষের অন্দরে সারাদিন
বরষার নদী ফেঁপে ওঠে
ক্ষুধার্ত জলের রেখাগুলো-
প্রবেশ থামিয়ে একবার ফিরে তাকায়
মুহূর্তের-
ভাঙা ভাঙা রেকর্ডে
আকাশ ভেঙে পড়লেও মাটি থাকে
মানুষের থাকেনা কিছু
