২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কফিন ও তিনটি দাঁড়কাক

কামালউদ্দিন নীলু কামালউদ্দিন নীলু

Published : 15 Nov 2021, 06:26 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM


(বব মার্লির 'মিস্টার ব্রাউন ইজ আ ক্লাউন হু রাইডস টু টাউন ইন আ কফিন'-এর ছায়া অবলম্বনে)

রাষ্ট্রের আকাশে এখন কফিন,
কফিন ছুটে বেড়াচ্ছে-
শহর থেকে শহরে-
গ্রাম থেকে গ্রামে।
শোনা গেল কফিনের ভেতরে
কে জানি কে বসে;
হয়তো কৌটিল্যর বিদূষক,
নয়তো কবিদের নর্মসখা,
অথবা ধরা যাক,
সে এক শাসকেরই ভাঁড়,
রাজনীতির মঞ্চে এখন সে-
রঙ্গ, ভঙ্গ, বিরঙ্গ,
তামাশা- তামাশা- তামাশা
সার্কাস- সার্কাস- সার্কাস,
চলছে, চলছে, চলছে…
সব ফস্টি, নস্টি, ফাটকি নাটুয়া,
চষে বেড়াচ্ছে আকাশ, সেই কফিন!
দেখা গেল,
কফিনের উপর বসে তিনটি দাঁড়কাক,
দুটো কিন্তু অনবরত হাসছে:
মানুষেরা ছুটছে,
ভীত মানুষের দল-
শহরে, শহরে,
গ্রাম থেকে গ্রামে,
পাড়ায়, মহল্লায়, টং ঘরে,
হাবলু মাস্টারের চায়ের দোকানে।
প্রচণ্ড হট্টগোল চলছে,
গারদের শব্দে দোকানপাট,
গাড়ি-ঘোড়া-বাড়া,
সব বন্ধ।
চলছে, চলছে, চলবে, চলছে-
মৈথুন, রসন-
কাম, কলা, কেলি-
এখন রাজনীতিকদের-
রমণ-ক্ষমতা রতিশক্তি।
দিন শেষে সিফিলিস, গনোরিয়া, এইডস-
এইসব মিলেমিশে
ভজকট রাজনীতির গণতন্ত্র।
রাজনীতি আটকে এখন
দ্বি-যৌনতার ট্রাফিক জ্যামে।
হঠাৎ শোনা গেল-
কফিনটা আদালত ভবনের সিঁড়ি বেয়ে
উঠছে, উঠছে, উঠছে…
আতঙ্ক ছড়িয়ে পড়ছে,
জজ, ব্যারিস্টার, প্রসিকিউটর, উকিলেরা সব
রথের রশিতে ঝুলছে-
আদালত মুলতবি।
কফিন আদালত ছেড়ে
উড়াল দিলো আকাশে।
ভাসতে ভাসতে পৌঁছে গেল সেইখানে,
যেখানে হাজার মৃতরা-
সারি সারি শুয়ে
পোস্টমর্টেমের অপেক্ষায়।
অস্ত্র নিয়ে হাজার-
ডোম, চামার, সার্জন,
খোলা হলো কফিন
দেখা গেল শরীরটা নাই
শুধুই বেঁচে একটি মুষ্ক।
একটি দাঁড়কাক চিৎকার দিয়ে কয়,
এটা কার মুষ্ক?
উত্তর নাই, নাই উত্তর!
অবশেষে সিদ্ধান্ত-
কফিনের স্থান হোক
কৃষ্ণগহ্বর।