২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাক হার্শম্যান: অন্তহীন গন্ডির নিগূঢ় আখ্যান

নূর-ই-ফাতিমা মোশাররফ জাহান

Published : 24 Aug 2021, 02:28 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM


একদিন ১৯ বছর বয়সী এক তরুণ আর্নেস্ট হেমিংওয়ের কাছ থেকে একটি চিঠি পায়। চিঠিতে হেমিংওয়ে তাকে লিখেছেন, "আমি তোমাকে সাহায্য করতে পারবো না, বাছা। ১৯ বছর বয়সে আমি নিজে যেমন লিখতাম, তার চেয়েও ভালো লেখো তুমি। কিন্তু ব্যাপার হলো যে, তুমি আমার মতো করেই লেখো। এটা কোনো পাপ নয়। তবে এভাবে লিখে তুমি এগোতে পারবে না।" এই চিঠিই পরবর্তীতে "তরুণ লেখকের প্রতি চিঠি" শিরোনামে বিশ^ব্যাপি আলোড়ন তোলে। তখনো কি ছেলেটি জানতো যে জীবন তার জন্য আরো কত চমকপ্রদ অভিজ্ঞতার ঝুলি নিয়ে অপেক্ষা করছে? এই ছেলেটিই একদিন হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর রাজকবি জ্যাক হার্শম্যান।

কবি, প্রাবন্ধিক ও অনুবাদক জ্যাক হার্শম্যানের জন্ম ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। ইংরেজি ও রুশ ভাষায় লিখেছেন অসংখ্য কবিতা। মানবতা আর মানবিকতাকে স্থান দিয়েছেন সবার উপরে। রাজনৈতিক ও মানবিক মতাদর্শের কারণে বহু বিচিত্র পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। এমনকি যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির বিরুদ্ধাচারণ করার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার কাজও হারিয়েছেন এক সময়। নিজে ইহুদি হয়েও লিখেছেন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সপক্ষে।

জ্যাক হার্শম্যান ২০২১ সালের ২২ আগস্ট যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে মৃত্যুবরণ করেন। হার্শম্যানের লেখা অসংখ্য দীর্ঘ কবিতার মধ্যে অন্যতম "দি এন্ডলেস থ্রেশহোল্ড আর্কেইন" ১৯৮৮ সালে প্রকাশিত হয় "আমেরিকান পোয়েট্রি রিভিউ" নামের সাময়িকীতে। পরবর্তীতে মার্কিন প্রকাশনা প্রতিষ্ঠান কার্বস্টোন প্রেস থেকে ১৯৯২ সালে প্রকাশিত তাঁর "এন্ডলেস থ্রেশহোল্ড" শিরোনামের বইয়ে স্থান পায় এই কবিতাটি।

মূল: জ্যাক হার্শম্যান
অনুবাদঃ নূর-ই-ফাতিমা মোশাররফ জাহান

ভয় হয়:
পাছে
কবিতা জড়ায়
নিয়মের জালে,
পাছে
শব্দের অন্তঃসার
বদলে যায়
প্রচারের স্বার্থে
প্রকাশের কসরতে,
পাছে
শুধু টিকে থাকি
গতি বা
প্রগতিহীন হয়ে,
পাছে
সৃজনশৈলীও হয়
আর পাঁচটা
পেশার মতোই,
পাছে
ভবিষ্যতে অনূভুতি
হারায় অস্তিত্ব
কারণ আগামীর ভিতে
বাস্তব ব্রাত্য
আর অনূভুতি –
সে তো শেখানো বুলি,
পাছে
ঘুরপাক খাই
নিজেরই বাঁধা
নতুন কোন গর্তে-
গোষ্ঠীর গর্ভে
স্ফুলিঙ্গ হয়ে,
পাছে
বাস্তবের মাঝে আর
মায়াজাল নেই,
পাছে
হুজুগের
আনকোরা জোয়ারে
ভাসে সবই,
পাছে
ফেরার আর
পথ নেই-
ফেলে আসা
ভালবাসার কাছে,
গোষ্ঠীর বুকের
বাঁ পাশে
অথবা
শব্দ খেলার
রক্ষণভাগে,
পাছে
সামনে ঠাওরাতে গিয়ে
দিশেহারা হই,
কোনকিছু আছে জেনেও
তাকে পুরোটা ছিঁড়ে খুঁড়ে
দেখার জেদ,
তাকে হাতের মুঠোয়
পোরার নেশা, ভয়ে –
যদি সে আমাদেরই
শেষ করে দেয়,
যদিও জানি
সে দুর্নিবার
কারণ আমাদের
চোখ খুলেছে
অবশেষে
নতুন আলোর
ঝলকানিতে
মলিনতা ধুয়ে মুছে
মুক্ত করেছে
তার পরলোকের
দিশারি হতে,
তার অন্তঃস্থলের
বায়না মেটানোর
প্রতিপালক হতে।

এই অভিনবত্বের মাঝে,
এই মোক্ষম চালের মাঝে,
কোথাও সোনা বা
ইউরেনিয়ামের চেয়ে
দামী কিছু সৃষ্টির
অপরসায়নের
আভাস পেলেই
যেন পাতালের
মাতৃহীন জারজ
হই সবাই,
অভিনব অনাথ
খনিশ্রমিকেরা
খনন করেছে
রূপান্তরের
প্রয়োজন,
এদের জন্ম
প্রত্যেক
নিপীড়িত,
ক্ষুধার্ত,
নিঃশেষিতের
ভেতরে,
এরা বন্দী
কৃতদাসের
পরিশ্রমের পিঞ্জরে
বা হতাশার
আটপৌরে খাঁচায়,
এসব ক্ষুধার্তের
সামনে আছে শুধু
হাতের তালুু –

দেখো,
এই অন্ধকার
গর্তের কোথাও
অথবা
অন্য যেখানেই
খুঁজতে হোক না কেন,
শুধুমাত্র নিজেদের
আত্মকেন্দ্রিক
বুদ্ধিবৃত্তিক
গা টুকু
বাঁচাতে নয়,
নিজেদের
চামড়ার
গহিন থেকে
খুঁজে নিতে হবে
হাতুড়ির আন্দোলনে,
পাথুরে ফলার আঘাতে
খুঁড়ে তুলতে হবে
শিরা উপশিরা,
রাস্তা সাফ
করতে হবে
আটকে পড়া
মানুষের জন্য-
চারপাশে
ছুটে চলা সব
ভাঙা মনের
বিক্ষিপ্ত টুকরোর
জঞ্জাল না ঘেঁটেই।
আমাদের ভেতরের
বজ্রের অভিবাদন
সেইসব নিঃস্বের
গতিশীলতার গহীনে
সুপ্ত বজ্রের প্রতি
যাদের কাছে
এই শেকল-ভাঙা
তুফানের
অনুভব ছাড়া
আর কিছুই নেই।
আরো গভীরে চলো!
বাকিটা মৃত্যুর জীবন
আর মৃত্যুর গন্ডি,
দেনার ঘড়ি
টিকটিক বাজে
প্রতি মুহূর্তে
মৃত্যুঘন্টার মতো।
বাকিটা বজ্রহীন ত্রাস,
নতজানু কবিতা,
মিনমিনে মেকি
ভাবনাগুলো
পাছার চর্বিওয়ালা
আসবাবের
মখমলি গদি
হওয়ার জন্য
মরে যাচ্ছে,
যে বেহুদা সুর,
বেহুদা পতাকা
ওড়ায়, সেলাম ঠোকে
বেহুদা তারকায়,
এ যে
আসলে এক
বেহুদা ত্যানা।

এতকাল তো
এমনই ছিলাম,
এবার নির্ভয়ে
এগিয়ে চলো
গভীরতা আর
ব্যাপ্তি ছড়িয়ে!

নিজেদের
পথকে এক
অন্তহীন গন্ডিতে
বেঁধেই তো
ফেলেছি
আমরা।

এবার
হাজির হও
উত্তরণের
পথে!