সাদাত সায়েমের পাঁচটি কবিতা
স্মৃতির চৌকাঠ
পুকুর বুজে গেছে কবে!
তবু বাস থামলে হেল্পার হাঁক দিয়ে বলে:
পুকুরপাড়! পুকুরপাড়!
যুদ্ধ থেমে গেছে কবে!
তবু থুত্থুড়ে লোকটা কথা বললে মনে হয়
যুদ্ধের দামামা বাজে
নদী মুছে গেছে কবে!
তবু পাখিদের চোখে
গলুইয়ের স্বপ্ন জেগে থাকে
পথ শহর ছেড়ে যাচ্ছে
একটা পথ শহর থেকে বেরিয়ে সোজা
হেঁটে যাচ্ছে মাথা নিচু করে; বুকে তার
লেগে আছে ছেঁড়া খাম, ছোট্ট লাল মোজা
দৈনিকের বিবর্ণ ফ্রন্ট পেইজ, গণিকার
শাড়ীর বিপন্ন পাড়, জন্মনিরোধক
খাপ– ন্যাতানো সাপের মতো
কোথায় সে যাবে? নগরের দীর্ঘশ্বাস যতো
গায়ে তার লেগে আছে; সন্ত্রস্ত মানুষের মতো
সে হেঁটে যাচ্ছে– দূরে সবকিছু ছেড়েছুড়ে।
যানজট
বিজয় সরণির জ্যামে আটকে গেলে, সাইকেল নিয়ে সোজা বেরিয়ে পড়ি পাড়া-গাঁ'র নির্জনতায়, জীবনানন্দকে খুঁজতে; পরক্ষণেই আবার দশম শ্রেণির রানুর সামনে, আমি তখন ক্লাস এইট, হাঁটুতে কাঁপন নিয়ে বলি: আপু, ভালো আছেন? যেন পড়শির কুশলাদি জানতে চাওয়া মস্ত অপরাধ। লাবনী পয়েন্টে সমুদ্র-স্নান করি, সাথে সাঁতরে বেড়ায় উচ্ছল দয়িতা। নিমেষেই আবার ডাঙায়, জোৎস্না-মাখা-কুয়াশার ভেতর হাঁটি আমি রাজাধিরাজ, আত্মায় জ্বলে গনগনে আগুন, বন্ধুকে বলি কত যে কথা! শেষ শীতে দেখি একরাশ কাদাখোঁচা পাখি, বিলের ধারে খুঁজে চলেছে যেন পৃথিবীর হৃদয়। এইসব দেখেশুনে শ্রান্ত আমি বাসে ফিরি, একচুলও নড়েনি নগরের রথ, বাইরে রোদ নির্দয়।
ভরা-কটাল চোখ
১
বহুদিন পর আবার
দেখা হলো আমার সাথে আমার
দেখি হেঁটে যাচ্ছি
ছিন্নমূল– চারপাশে জনতার ঢল
তবুও কী ভীষণ একাকী!
২
জলের সিঁড়ি নেমে গেছে বহুদূর
অতলে পড়ে আছে স্মৃতির পুতুল
বিগ ব্যাংগের দিকে ফিরছে সময়
আর পুতুল ফিরে পাচ্ছে তার
ভরা-কটাল চোখ!
৩
তথাপি কলম ধরলেই হয় রক্তপাত
শোনা যায় চিৎকার মর্মান্তিক হাহাকার
খুলে যায় হেডেসের মুত্যুপুরীর সবক'টি দুয়ার
ও মাইয়ু, মা, মাগো,
ও বাজান, বাবা, বাবাগো!
মেঘমল্লার
একটি চড়ুই ব্যালকনি ছেড়ে
উড়ে গেল দূরে
শহরে দুদ্দাড় বর্ষা নামল
একটি মেয়ে হাওয়ায় ভাসিয়ে দিল
কিছু হারানো সুর– মেঘমেদুর
আমাদের উঠান জুড়ে নূপুরধ্বনি উঠল
আর আমি–
সাপ-লুডু খেলা জমে উঠলে দেখি
পাড়াময় চড়ুয়ের নাচ, মেয়েটার উড়াল
