তুমি রবে নীরবে হৃদয়ে মম
সূর্যের আলো অদৃশ্য হয়ে রাত নামে,
পুনরায় জেগে ওঠে মধ্যরাতের রোদে।
গাছে গাছে রুপালি রংধনুর ধূপছায়া আবীর।
নিশীথ সূর্যের ছায়া ধরে
হাঁটছি উত্তর সাগরের খাঁড়ি বেয়ে-
আপনি, আমি এবং অন্য আরো কয়েকজন।
মনে আছে,
চলতে চলতেই আপনি গেয়ে উঠলেন-
'গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবনখানি
তখন তারে চিনি আমি, তখন তারে জানি'।
আমিও সংগামী হয়ে গুনগুনিয়ে গেয়ে উঠলাম-
'রূপের রেখা রসের ধারায় আপন সীমা কোথায় হারায়'।
আজ মনে পড়ছে, আপনি হেসে উঠে বললেন-
ঠিক আছে আপনি জিতেছেন,
বিনিময়ে শোনাবো আরো গান।
তবে এখন নয় পরে,
আগে ফিরে যাই!
কতো বছর হয়ে গেল
আমারও ফেরা হলো না,
আপনার গানও শোনা হলো না!
লোকমুখে শুনলাম আপনি বাড়িটা শূন্য করে
নতুন জায়গায় চিরস্থায়ী হয়েছেন।
রবি-বাবুর সাথে কথা হলো,
উনি বললেন-
ওখানে নাকি শব্দের অর্থগুলোর
কোনো পাহারাদার নাই!
নাই বইপত্র পড়বার ঝামেলা।
তাই ভাষা জানবার প্রয়োজন পড়ে না,
নীরবতাই ওখানকার ভাষা।
আজ খবর পেলাম-
আপনি না থাকায় বাড়িটা এখন শূন্য,
বাড়িটা আসলে শূন্য হয়ে গেছে,
সেই সাথে উঠানটাও এখন শূন্য।
পুরো বাড়িটা শূন্য হয়ে গেছে,
আজ সকাল থেকেই বাড়িটা শূন্য।
শোবার ঘরটা যেহেতু শূন্য,
জানালার খড়খড়ি খোলার প্রয়োজন পড়ে না!
শূন্য উঠানটা বেহাগ রাগে গেয়ে চলেছে-
'মম দুঃখবেদন
মম সফল স্বপন
মম দুঃখবেদন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম'।
