২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামালউদ্দিন নীলু’র দশকুশি

কামালউদ্দিন নীলু কামালউদ্দিন নীলু

Published : 27 Mar 2021, 07:50 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM


দশকুশি
অসংখ্য, অগণিত স্মৃতিসৌধ,
সহস্র সহস্র স্তম্ভ আর
লক্ষ লক্ষ শহীদের মৃত্যুযন্ত্রণা!
দানবের সাথে মানবের লড়াই,
চলছে, চলছে, চলবে, চলছে…
বিউগল বাজছে,
সূর্য ডুবছে,
দিন হারাচ্ছে। দিন হারাচ্ছে।

হাজার-লক্ষ-কোটি তারা
ঝরে ঝরে পড়ছে…
ভূমি, সমুদ্র, পাহাড়-অরণ্য,
একাকার। একাকার।

যোদ্ধারা জেগে জেগে উঠছে,
দানবের বিনাশ বেশুমার নিমেষে
গহ্বর ভরে ভরে রাখতে।
যোদ্ধাদের সমাধিতে,
মিশমিশে, চটচটে,
রক্তবর্ণ জবা
পেখম উল্লসিত মেলছে।
ছিল সেতো এক দুঃস্বপ্ন!
আমি জেগে উঠেছি
মৃত যোদ্ধারা ছাড়া
কেউ ছিল না আমার পাশে!
লড়াই করছিলাম একা
দানবের সাথে,
ক্লান্তি নেমে আসছে তীব্র
আমার সকল অনুভবে।
বাড়ছে হৃদয়ের স্পন্দন
আনন্দের রং আর সমূহ প্রতিশ্রুতি
সঙ্গে নিয়ে।

কীভাবে সাহসী হবো,
কীভাবে ভালোবাসবো,
তোমাকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে!

সকল দ্বিধা দূরে ছুঁড়ে দিয়ে বলছি,
প্রিয়তমা স্বদেশ, ভয় পেয়ো না,
তোমাকে ভালোবাসি আমি
হাজার হাজার বছর ধরে।
তোমাকে ভালোবাসবো আমি
সহস্র সহস্র বছর আরো,
এই হোক আমার এ গানের সমাপ্তি।

তারপর, যাই, খোঁজ নিই
পঞ্চাশ বছর আগে ছুঁড়ে ফেলা
সেই অমিতশক্তি রাইফেলটির।