২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমি যখন এ কবিতাটি লিখছি

আসাদ মান্নান

Published : 23 Jan 2021, 12:45 PM

Updated : 03 Oct 2022, 11:24 AM

পৃথিবীর প্রায় সব দেশে আজ সৈনিকেরা মাঠে
সর্বক্ষণ তারা মানুষকে মারতে নয়,বাঁচাতেই
তৎপর রয়েছে খুব; অনিশ্চিত ভোরের আশায়
গন্তব্যের ঠিক নেই তবু রাত কাটে ইস্টিশানে;
অপেক্ষার শেষ বাঁশি বাজলে যদি বা ট্রেনটা আসে!
স্বস্তি আর শান্তি এই দু'যমজ সহোদরা কবে
ঘোড়ার গাড়িতে চড়ে বের হবে নগরভ্রমণে–
যুবতী মিলিত হবে যুবকের গহন সান্নিধ্যে?
এ কেমন অস্ত্রহীন যুদ্ধে নামে সাহসী সৈনিক!
এমন যুদ্ধের জন্য সৈনিক তো প্রস্তুত ছিল না
কোনোদিন!তবে কেন তাকে নিয়ে এত টানাটানি?
অজস্র মানুষ মরছে দেশে দেশে—টিকার বাঁশিতে
কেউ তো জানে না, হায়! কবে শেষ হবে
অদৃশ্য শত্রুর নামে শুরু এই ভয়ঙ্কর খেলা!

২.

আমি এই কবিতা যখন লিখছি তখন আমার
শরীরে বসত করে মৃত্যুপ্রেমী বহুরুপী রোগ;
জন্ম থেকে জীবনের এক পিঠে আলো, অন্য পিঠে
অন্ধকার যে আমি বহন করি তার রক্তে ক্রমে
অক্সিজেন কমে আসছে; বাজারে এখন চড়া দামে
বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিণ্ডার–
জলে থাকা এই গ্যাসে বাঁচতে পারে প্রাণের জীবাণু
মানুষ নিজের রক্তে দেখতে পায় অন্যের জীবন!
রক্তজবা হাতে নিয়ে যে মেয়েটি পাশের বাড়ির
বারান্দায় ছিল সে নাকি অনেক আগে মরে গেছে!
কেন যে মনের কষ্টে দিবানিশি নগরসড়কে
লকডাউন ভেঙে ভেঙে নেমে আসে নতুন ভিক্ষুক?
কিন্তু ভিক্ষা দেয় গরিবেরে পথে-ঘাটে ইস্টিশনে
এমন দরদী যারা, তারা সকলেই গৃহবন্দি।

৩.

ঈশ্বরের পাত্র জানি করুণার দানে পূর্ণ থাকে;
আস্তিকেরা দেখে তাঁর অপার অসীম ক্ষমতার
রহস্যের জাল কেটে পৃথিবীকে নিরাপত্তা দেবে
এমন বুজুর্গ পীর-ফকিরের আস্তানায় সব
মোমবাতি নিভে গেছে; এবং ঈশ্বরে আস্থা নিয়ে
যে নাস্তিক পাঠ করে অলৌকিক পুস্তকের বাণী
সেও দেখি সাপের লেজের মতো সোজা হয়ে আজ
হঠাৎ সরল পথে বাড়ি ফিরতে চায়, বাড়ি যায়…
ক্ষমতা নামের মধু বিক্রি করে সংসার চালায়
যে মানুষ সেও দেখি কী সহজে মানব সেবায়
জীবনের সর্ব শেষ পূঁজি হাতে বাজারে উঠেছে;
খাদ্য ছাড়া ঘুরতে থাকে ভিক্ষাহীন ভিক্ষুকের পাশে
মনিবের বাড়ি থেকে খেদিয়ে বিদায় করা
কুকুর-কুকুরী; দেখে মুমূর্ষ রোগির শেষ যাত্রা।

৪.

হ্যাঁ,যখন আমি এই কবিতাটি লিখছি তখন
তেমন একটা ঘটনাবহুল কোন কাজ নেই
পুলিশের নিয়মিত ডিউটি-খাতায়; মাঝে মাঝে
দুই একজন বিখ্যাত মানুষ মরলে বাড়তি কিছু
ঝামেলা পোহাতে হয় নিম্নপদে কর্মে আছে যারা
শুধু তাদেরকেই—উপরে থাকেন যারা নিরাপদে
তারা বেশ ডিউটি গাছের মূলে দৈনন্দিন জল
দেন প্রশাসন যন্ত্রটাকে সক্রিয় রাখার জন্য।

পুলিশের ব্যস্ত হাতে যে-বন্দুক আছে, তাতে দেখি
গুলির বদলে ভরা মানুষের প্রতি স্বার্থহীন
একটা অব্যর্থ ভালোবাসা; খুবই সুন্দর – ভালো,
মানুষ সাহস পাচ্ছে নিরাপদে থাকার আশ্বাসে–
মানুষ মানুষ থেকে দূরে থাকে;দূরে থাকতে হয়!
নিরুপায়ে দোর বন্ধ থাকতে হয় যে যার বাড়িতে।

৫.

যখন এ কবিতাটি আমি লিখছি তখন বাইরে
এম্বুলেন্স থেকে থেকে চারিদিকে আতঙ্ক ছড়ায়
অঘোষিত ইমার্জেন্সি বাস-ট্রেন-বিমানবন্দরে;
আকাশ ঘুমিয়ে আছে–তার রঙ ছড়িয়ে পড়েছে
সদ্য বিবাহিত সব যুবকের মিলন শয্যায়—
প্রস্পর থেকে দূরে নিদ্রাহীন দূরত্বে ঘুমায়।
প্রথম মিলন ছাড়া নববধূ একাকী কাঁৎরায়—
এমন বসন্ত কালে কী দুঃসহ যুগল যাতনা!
শরীরে শরীর ছাড়া হৃদয়ের মৌলিক আগুন
ক্রমশ বরফ হয়ে শিখাহীন উত্তাপ ছড়ায়;
চুম্বনকাতর ঠোঁটে করোনার জীবাণু মরে না!
ফুল ফুটে ঝরে যায় নিরুদ্দেশ প্রেমিক-প্রেমিকা;
মাঝে মাঝে ধর্ষণের আলামত আদালতে ওঠে:
ক্ষণিকের ঝড়ে নড়ে মানুবতা– মানুষ নড়ে না।

৬.

যখন এ কবিতাটি আমি লিখছি,তখন দিনেই
মানুষ যেখানে যায় সেখানেই ভূতের পোশাকে
অদ্ভূত আঁধার নামে – ঘরবন্দি পাড়ার মেয়েটি,
যে-মেয়ে মেহেদী রাতে আশা বুকে বাসা বাঁধতে চায়—
প্রাণের পুরুষ তার প্রাণহীন নদীতে সাঁতরায় :
এ কেমন দুঃর্বিরহে ডুকরে কাঁদে তামাম পৃথিবী!
কবির বুকের নিচে পাখিহীন গোপন আকাশ
বাতাসের হাত ধরে উড়তে থাকে বুকের নিঃশ্বাসে।
এই যে স্বপ্নের মতো উড়ে এসে একটা অচেনা
হাওরের পাখি সারাক্ষণ বুকে বসে আছে, আমি
তাকে খুব ভালোবাসি…খুব; সেও নাকি ভালোবাসে;
সমুদ্রের গান শুনে দক্ষিণের হাওয়ার উত্তাপে
সবুজ পাখির চোখে নিদ্রাহীন ঝড়ের আভাষ:
আরাধ্য প্রেমিক নাকি করোনায় নিখোঁজ রয়েছে।

৭.

যখন এ কবিতাটি আমি লিখছি পৃথিবীতে
ভয়কে জয়ের জন্য দেশে দেশে কত রূপে কত
প্রণোদনা ঘোষিত হয়েছে; সবার উপরে আছে
জীবনের সব ঝুঁকি তুচ্ছ করে হাজার হাজার
দক্ষ বা অদক্ষ যা-ই থাক ডাক্তার-সেবিকা নার্স
অগুণতি স্বাস্থ্যকর্মী প্রশাসক সহযোগীগণ
দিন ও রাতকে এক করে মৃত্যুকে শাসিয়ে ওরা
এদিকে ও দিকে নিরুপায় রোগীর পেছনে ছুটছে
ভয় কিংবা আতঙ্কের বাঘটাকে কিছুটা মানিয়ে পোষ
নাওয়া-খাওয়া বাদ দিয়ে ত্যাগ করে সঙ্গমের ক্ষুধা
স্বজনের চাওয়া পাওয়া কী নির্মম নির্বাসনে দিয়ে
রাতদিন অবিরাম ছুটছে তো ছুটছেই — হাতে গ্ল্যাবস,
মুখে শাদা-নীল মাস্ক অনিশ্চিত পিপিই পরনে:
ফলাফল জেনেও সবাই অস্ত্রহীন লড়ে যাচ্ছে ।

৮.

এমন অদৃশ্য আর খুব দ্রুতবেগে ধাবমান
ভ্রাম্যমাণ উন্মাদিনী মহামারী গেরিলার সাথে
যুদ্ধ করতে নেমে আজ কী রকম অসহায়
সমগ্র মানবকূল, পৃথিবীর সব মহাদেশ!
আমরা তো কোন ছাড়!–ইতিমধ্যে হিমশিম খাচ্ছে
শক্তিধর দেশগুলো – দেখা যাচ্ছে মোড়ল বাহিনী
কাবু হয়ে ধরাশায়ী, চোখে মুখে পরাজয়-ভীতি:
কেউ কি এমন আছে যার হাতে উজ্জ্বল উদ্ধার!
মানব অস্তিত্ব জুড়ে নিরঙ্কুশ আধিপত্য নিয়ে
এ কেমন মৃত্যুরাজ গিলে খাচ্ছে মানুষের আয়ু?
আলাউদ্দিনের যাদুর চেরাগ হতে যদি সেই
দৈত্যটাকে পাওয়া যেত তবে আরোগ্য স্নানের জলে
হয়তো কোনও অভিজ্ঞ হাকিম তার কেরামতি দিয়ে
জীবনকে পুরনো স্বরে কোলাহলে ভরিয়ে দিতেন।

৯.

এই কবিতাটি লিখতে গিয়ে আমি যখন চিন্তিত,
ভীষণ চিন্তিত মনে ভাবতে থাকি আগামীর কথা
তখন আমার সামনে আতঙ্কের কালো দৈত্যগুলো
প্রাগৌতিহাসিক স্তব্ধতার জামা পরে কী বিকট
অট্টহাসি দিতে দিতে জোরে উল্লাসে কাঁপাতে থাকে
বিশ্বাসের অট্টালিকা,নিঃশ্বাসের দরোজা জানালা।
বাইরে বেরোতে গেলে মন বলে মুখে অস্ত্র নাও—
সঙ্গী-সাথী ত্যাগ করে নিরাপদ দূরতেই থাকো।
ফুলের বাগান থেকে তথন নিমেষে খসে পড়ে
সুন্দরের পাপড়িগুলো, গোলাপের সমূহ নির্যাস;
বসন্তে কোকিল তার মধুর কণ্ঠের স্বর খোঁজে
গোরস্তানে অথবা নির্জন গির্জায় প্রার্থনারত
শাদা পাদ্রি সাহেবের পরিত্যক্ত প্রত্যাশার মতো
খুব একা উড়তে থাকা প্রতিবাদী কাকের বাসায়।

১০

এই কবিতাটি লিখতে বসে আমি যখন খুঁজছি পাঠক–
মুশকিল হলো, এখন পাঠক বলে কেউ নেই;
পৃথিবীতে কবিতার পাঠকের এমন আকাল!
কবিতাকে বুকে নিয়ে চাঁদনী রাতে একটা যুবক
তীব্রতম চুম্বনের টানে এক উলঙ্গ সুন্দরী
নারীর স্তনের গন্ধে শাদা বুকের উপত্যকায়
পড়ে থাকতে একদা অস্থির ছিল সেও আজ দেখি
দেহের ক্ষুধার সঙ্গে মিশিয়েছে রক্তের পিপাসা।
মেঘের আড়ালে ঢেকে পূর্ণিমাকে গুটিয়ে নিয়েছে
হালভাঙা নৌকোর পালের মতো নদীর কিনারে—
তার হাতে দেখছিনা নতুন কোনো কবিতার বই,
রবীন্দ্রনাথের গানে যে মেয়েটি সর্বদা ব্যাকুল;
সেও দেখি নিজেকে কেমন করে লুকিয়ে রেখেছে
রতিহীন অন্ধকারে – দূরে কাঁদে আলোর কুসুম।

১১.

রমনার রঁদেভূতে নিরিবিলি ধূসর বিকেলে
কবিতার চিত্রকল্পে চায়ের টেবিলে ঝড় তুলে
মেথর পট্টিতে কিংবা রেলের বস্তিতে পড়ে থাকা
সে-তরুণ এখন কোথায়– কার ঘরে শুয়ে শুয়ে
স্বপ্ন দেখে কবিতাকে ভালোবেসে অপার বিস্ময়ে?
যে-মানুষ বয়সের কাঁটা খুলে পাখির ডানায়
নিজেকে উড়াতে গিয়ে পড়ে যায় অনিদ্রার খাদে
সে-মানুষ রক্তাক্ত হৃদয় হাতে কবরে ঘুমাবে।
এ কবিতা আমি যখন লিখছি তখন কোথাও
কেউ কি এমন আছে পৃথিবীকে ভরসা দিতে পারে?
কেউ কি এমন আছে যে আমাকে হাত ধরে নেবে
সমুদ্রের জেগে থাকা কল্লোলিত ঢেউয়ের গম্বুজে?
কেউ কি কোথাও আছে যে বাগানে হাঁটতে গিয়ে হাতে
তুলে নেবে হলুদের গন্ধমাখা রঙধনু নদী?

১২.

যতদূর চোখ যায় ততদূরে চক্ষু খুলে দেখি :
গোলাপ ছেড়েছে বাড়ি মানুষের কবর বানাতে–
আহা!কবে শেষ হবে বেপরোয়া এ করোনা ঋতু-
গুপ্ত এই ঘাতকের মানব বিনাশী অভিযান
কে পারে থামাতে আজ– বন্ধ হবে আদৌ কি কখনো?
আমি যখন এ কবিতাটি লিখতে বসি অন্ধকারে
তখন পৃথিবী জুড়ে ঘরে ঘরে মৃত্যুর উৎসবে
প্রশ্ন শুধু জন্ম নেয় যার কোনো উত্তর মেলে না।
আমরা অবাক হয়ে দেখি পৃথিবীর বহু দেশে
মানুষ মারার জন্য নানাবিধ অস্ত্রের মজুদ,
আনবিক অস্ত্রসহ প্রাণঘাতী কত ভীতিকর
সভ্যতাবিনাশী বহু অস্ত্রের পাহাড় উঁচু হচ্ছে–
মানুষ বাড়াচ্ছে তার ক্ষমতার নগ্ন পরিসীমা,
করোনা বিনাশী অস্ত্র তবু কেন বানাতে পারেনি?

১৩.

আছে নাকি আরও কত সব এমন জীবাণু অস্ত্র–
তার সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে কত শত শত
বোমারু বিমান আর দূরপাল্লার মিসাইল রকেট।
অস্ত্রের বিরুদ্ধে কত ভয়ংকর অস্ত্র, মারনাস্ত্র :
গুলির বিরুদ্ধে গুলি; ছিন্নভিন্ন মানুষের খুলি;
বিষের বিরুদ্ধে বিষ, সাবমেরিন আর রণতরী
মানুষ বানালো দেশে দেশে– মানবিক সভ্যতাকে
হত্যা করে জঙ্গলের হিংস্রতাকে মুকুট পরাতে।
অস্ত্র বলি কিংবা বলি মারণাস্ত্র করোনার কাছে
সব অস্ত্র পরাজিত; জীবনের এমন করুণ
পরিণতি একদিন হবে এই সব অস্ত্রবাজ
সভ্যতার মূলশত্রু নরপতি হাবিল-কাবিল
কেউ তো ভাবেনি, আজ কেন এত আহাজারি!